জেলা  শহরে ডিএনসি’র অভিযান ফেনসিডিলসহ আটক ২

জেলা  শহরে ডিএনসি’র অভিযান ফেনসিডিলসহ আটক ২ চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৮৮ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী মধ্যপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সাইম ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে শাহীন আলম আজম। গতকাল রাতে জেলা শহরের কালীতলা এলাকায় ডিএনসির চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করে। জেলা ডিএনসি’র সহকারী পরিচালক শরীফ উদ্দিন জানান- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জেলা কার্যালয়ের ক-সার্কেলের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের কালীতলা এলাকায় অভিযান চালায়। সেখানে যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকাশার পেছন সিটে বসা সাইমকেকে ৪০ বোতল ও শাহীন আলম আজমকে ৪৮বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আজ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বালিয়াডাঙ্গায় শিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণ

বালিয়াডাঙ্গায় শিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লাবেলতলা গ্রামে ‘ঈদ উপহার’ হিসেবে ১৮ জন শিশুকে নতুন পোশাক দেয়া হয়েছে। আজ প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে এসব পোশাক বিতরণে আর্থিক সহযোগিতা করেন ঢাকায় বসবাসকারী চাঁপাইনবাবগঞ্জের মেয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞ আঞ্জুমান আরা। পোশাক বিতরণের সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি ফারাহ উলফাৎ অর্পিতা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক আলী উজ্জামান নূর, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ফাবিহা ফারজানা, বন্ধু রামিজ আহমেদ অন্তরসহ আরো অনেকে। উপহার সামগ্রী বিতরণে সহায়তা করেন গ্রামের নেতৃস্থানীয় নারী আয়েসা বেগম, শিখা বেগম ও সুফিয়া বেগম।

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দাবিতে মানববন্ধন মউশিক কল্যাণ পরিষদের

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দাবিতে মানববন্ধন মউশিক কল্যাণ পরিষদের চাঁপাইনবাবগঞ্জে ঈদুল ফিতরের আগে বকেয়া বেতন ও বোনাস পরিশোধসহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের সংগঠন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ, জেলা শাখা। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। এসময় বক্তব্য দেন- মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ জেলা শাখার সভাপতি মাওলানা মো. ওয়ালিদ হাসান, সাধারণ সম্পাদক মাওলানা মো. এলাম উদ্দীন, মসজিদভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মো. সাবের আলী, শিক্ষক মো. হযরত বেলাল, মাওলানা মো. আলমগীর হোসেন, মাওলানা মো. বেলাল উদ্দীন, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মো. মুক্তার আলী। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মো. আব্দুল হামিদ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। অন্যদাবিগুলো হচ্ছে- নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) মাহে রমজানের মধ্যে পাস করতে হবে। শিক্ষকদের গ্রেডভুক্ত করে চাকরি রাজস্ব খাতে নিয়ে স্থায়ীকরণ করতে হবে। কোনোভাবে আউটসোর্সিং পদ্ধতিতে নেয়া যাবে না। শিক্ষক / শিক্ষিকাগণের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান করতে হবে। শিক্ষক / শিক্ষিকাগণ অসুস্থ, অবসর অথবা মৃত্যুবরণ করলে শিক্ষক তহবিল গঠন করে এককালীন অর্থ প্রদান করতে হবে।

ছুটি শুরু হওয়ার আগেই চাঁপাইনবাবগঞ্জে ঘরে ফেরা মানুষের ঢল

ছুটি শুরু হওয়ার আগেই চাঁপাইনবাবগঞ্জে ঘরে ফেরা মানুষের ঢল এবারের ঈদুল ফিতরে লম্বা ছুটি পাচ্ছেন অনেকেই। তবে সেই ছুটি শুরু হওয়ার আগেই নাড়ির টানে দেশের বিভিন্ন স্থান থেকে চাঁপাইনবাবগঞ্জে ঈদ করতে ঘরে ফিরতে শুরু করেছেন অনেকেই। এদের মধ্যে শ্রমজীবী মানুষের সংখ্যায় বেশি। তাই ব্যস্ত হয়ে পড়েছে জেলাশহরের বিশ্বরোড মোড় এলাকা। শনিবার রাতে ঢাকা চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী কোচগুলো যানজটের কবলে পড়ে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে একসঙ্গে ঢুকে পড়ায় বিশ^রোড মোড়ে যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশের তৎপরতায় দ্রুতই যানজট মুক্ত করা হয়। ছবিটি বিশ্বরোড মোড় এলাকা থেকে তোলা

গরিব নারীদের মধ্যে জাগো নারী বহ্নিশিখার ঈদ উপহার বিতরণ

  গরিব নারীদের মধ্যে জাগো নারী বহ্নিশিখার ঈদ উপহার বিতরণ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লবেলাতলা গ্রামের গরিব নারীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ দুপুরে ঈদ উপহার হিসেবে শাড়ি ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলার নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা। সংগঠন সূত্রে জানা যায়, গ্রামের ৪০ জন নারীর মধ্যে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, সেমাই-চিনি ও মশলা। সংগঠনের সদস্যদের চাঁদা ও ঢাকায় বসবাসকারী চাঁপাইনবাবগঞ্জের মেয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞ আঞ্জুমান আরার আর্থিক সহায়তায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেনÍ সংগঠনে সভাপতি ফারুকা বেগম, সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন, সহ-সাধারণ সম্পাদক ছবিরাণী সাহা, কোষাধ্যক্ষ মনসুরা বেগম, সদস্য ডলিয়ারা বেগম, লিপি রায়, উপদেষ্টা শফিকুল আলম, আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা জহিরুল ইসলাম। উপহার সামগ্রী বিতরণে সহায়তা করেন গ্রামের নেতৃস্থানীয় নারী আয়েসা বেগম, শিখা বেগম ও সুফিয়া বেগম।  

চাঁপাইনবাবগঞ্জে শিশুদের মধ্যে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে শিশুদের মধ্যে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শিশুদের নতুন পোশাক ও দরিদ্র মানুষদের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেছে প্রথম আলো বন্ধুসভা। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে এ কর্মসূচি পালন করা হয়। বন্ধুসভার উপদেষ্টা ও সদস্যদের দেয়া চাঁদার টাকায় কেনা হয় এসব পোশাক ও খাদ্যসামগ্রী। ১৭ জনকে পোশাক ও ৪৫ জনকে খাদ্যসামগ্রী দেয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- খিল সেমাই, লাচ্চা সেমাই, বুন্দিয়া, সয়াবিন তেল, চিনি, গুঁড়া দুধ, নুডুলস ও পাপড়। এসময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন, আজিজুর রহমান, জহিরুল ইসলাম, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি ফারহা উলফাৎ রহমান ও আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক আলঈ জ্জামান নূর, প্রচার সম্পাদক নাজিফা আনজুম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ফাবিহা ফারজানা, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ওজিফা খাতুন, ম্যাগাজিন সম্পাদক নাহিদুল হক, প্রশিক্ষণ সম্পাদক উম্মে কুলসুম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাঈদ মাহমুদ, কার্যনির্বাহী সদস্য আহমেদ ওয়ালিদ, শাকিল হোসেন, বন্ধু রামিজ আহমেদ ও আসেফ উৎসসহ অন্যরা।  

নাচোলে প্রয়াসের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমাবেশ

নাচোলে প্রয়াসের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমাবেশ নাচোলে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। নাচোলে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নওগাঁ জোনের (গোমস্তাপুর, পোড়শা ও মহাদেবপুর অঞ্চল) মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রয়াসের ইউনিট-২২ নেজামপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় ক্ষুদ্রঋণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষে আয়োজিত সমাবেশে মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন মাঠকর্মী ও ম্যানেজারগণ এবং সকল সমস্যা কিভাবে সমাধান করা যাবে তার দিকনির্দেশনা প্রদান করা হয়। পরিচালক পঙ্কজ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। সমাবেশে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফিলিস্তিনে গণহত্যা ও গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ

ফিলিস্তিনে গণহত্যা ও গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ ফিলিস্তিনে নৃশংস গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানের ব্যানারে শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, আল বশরী সোহান, আসাদুল আলী, মামুন, মুকুল, শাহাদাৎ হোসেন ও হাফেজ শামিম হোসাইন। বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মাসে ফিলিস্তিনে নৃশংসভাবে গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে মুসলমানদের গণহত্যা করছে ইজরায়েল। এই গণহত্যা ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সারা বাংলাদেশের সকল ব্যবসায়ী থেকে ক্রেতা পর্যন্ত সকলকে ইজরায়েলের সকল পণ্য বর্জন করার আহ্বান জানান বক্তারা। ফিলিস্তিনে ও গাজায় মুসলমানদের হামলা ও গণহত্যা বন্ধ করার জন্য জাতিসংঘের নিকট পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। ফিলিস্তিনে হত্যা ও গাজায় হামলা বন্ধ না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেওয়া হয় সমাবেশে। এদিকে, ফিলিস্তিনির গাজায় নারী ও শিশুদের উপর ইসরাইলের বর্বরোচিত বোমা হামলা, হত্যাযজ্ঞ ও বিশ্ব নেতাদের নিরবতার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ জুম্মার নামাজের পর রহনপুর পৌর এলাকার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে রহনপুর শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে তারা কলোনিমোড়ে প্রতিবাদ সমাবেশ করে। সেখানে বক্তব্য দেন রহনপুর পূর্ণভবা মহানন্দা আইডিয়াল কলেজের শিক্ষক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, মাওলানা শাহজালাল, তৌহিদ বিন মুফাজ্জল, রহনপুর স্টেশন বাজার জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন, রহনপুর পুরাতন বাজার জামে মসজিদের ইমাম মুফতি মনিরুজ্জামান, মন্ডল টাইলস মসজিদের ইমাম নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র হিজবুল্লাহসহ অন্যরা। বক্তারা বলেন জাতিসংঘকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ফিলিস্তিনি মুসলমানদের জন্য অর্থ সংগ্রহ করে সেখানে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং অবিলম্বে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সমস্ত মুসলিম বিশ্বকে এক হবার আহবান জানানো হয়। সমাবেশ শেষে গাজায় নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ অকারিগরি জনবলকে (ক্রাফট ইন্সট্রাক্টর) কারিগরি শিক্ষায় শিক্ষক (জনিয়র ইন্সট্রাক্টর) হিসেবে পদায়ন করা হচ্ছে দাবি করে এর প্রতিবাদে বিক্ষোভ করেছে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পলিটেকনিক ইনিষ্টিটিউটের শিক্ষার্থীরা। তারা অবিলম্বে ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগবিধি সংশোধনের দাবিও জানিয়েছেন। দাবি মানা না হলে মহাসড়ক অবরোধের মত বৃহত্তর কর্মসূচী পালনেরও ঘোষণা দেন শিক্ষার্থীরা। এসময় তারা বলেন, কারিগরি শিক্ষায় অকারিগরি জনবল নিয়োগ কারিগরি শিক্ষার্থীদের স্বার্থ পরিপন্থী। আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিক্ষোভ,মানববন্ধন ও অবস্থান কর্মসূচী চলাকালে এসব দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনিষ্টিটিউটের কম্পিউটার বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান, ইলেকট্রনিক বিভাগের আব্দুর রাহিম, রবিন আহমেদ, রেফ্রিজারেশন-এয়ার কন্ডিশনের রাসিকুল ইসলাম প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলতক আসামী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলতক আসামী গ্রেপ্তার শিবগঞ্জ উপজেলা থেকে বিশেষ ক্ষমতা আইনে দায়ের একটি মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো.কাজলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ । তিনি শিবগঞ্জের বাটাগ্রাম এলাকার সেরাজুল ইসসলামের ছেলে। আজ সকাল সাড়ে ১১টার দিকে দাইপুকুরিয়া ইউনিযনের মফিজ মোড় এলাকা থেকে কাজলকে আটক করে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন,২০১৪ সালে গোমস্তাপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(১)(বি) ধারায় দায়ের মামলায় ২০২৪ সালে ১০ বছরের কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড হয় কাজলের। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তারের পর বিকালে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।