চাঁপাইনবাবগঞ্জে ১৭০০ কোটি টাকার বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ পাউবো’র

চাঁপাইনবাবগঞ্জে ১৭০০ কোটি টাকার বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ পাউবো’র শিবগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকা রক্ষায় ১৭০০ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। আজ দুপুরে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দোভাগী, ঝাইলপাড়া গ্রামে পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এসব কথা জানিয়েছেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ। তিনি আরো বলেন-আপনারা দেখতেই পাচ্ছেন, পদ্মার নদীর ভাঙনের কারণে এই এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গত কয়েক বছর ধরে নদী ভাঙনের কারণে খুবই খারাপ অবস্থায় রয়েছে। পদ্মা নদীর অন্যান্য এলাকায় পাড় বেঁধে ফেলা হয়েছে। বাকি ২৫ কিলোমিটার এলাকায় ভাঙন প্রতিরোধে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। এমনকি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। আমরা আশাবাদী, সরকার অনুমোদন দিলেই দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা যাবে। ২৫ কিলোমিটার এলাকায় নদী রক্ষা বাঁধ নির্মাণ হলে পদ্মা নদীতে আর কোনো পাড় বাঁধায়ের কাজ থাকবে না এবং এতে ফসলী জমি ও বসতবাড়ি রক্ষা করা যাবে। বস্থায়ীভাবে বসতবাড়ি ও ফসলী জমি রক্ষার জন্য এই বড় প্রকল্পটি প্রয়োজন আছে এবং সরকারও এই অর্থের সংস্থান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অতিরিক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, প্রকল্পের আওতায় সদর ও শিবগঞ্জ উপজেলার ২৫ কিলোমিটার পদ্মা নদীর এলাকাজুড়ে বাঁধ নির্মাণ করা হবে। এরমধ্যে ৪ কিলোমিটার নদী ড্রেজিং কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রকল্পে। আশা করছি, আগামী বর্ষা মৌসুমের আগেই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে বাকি সকল ধাপ সম্পন্ন করতে পারব। প্রকল্পটি বাস্তবায়ন হলে এই এলাকার লোকজন স্থায়ীভাবে নদী ভাঙন থেকে রক্ষা পাবে। নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জের বিনোদন স্পটগুলো শিশুদের কলকালিতে মুখরিত

চাঁপাইনবাবগঞ্জের বিনোদন স্পটগুলো শিশুদের কলকালিতে মুখরিত চাঁপাইনবাবগঞ্জে ঈদুল ফিতরের দিন থেকেই বিনোদন স্পটগুলো সকল বয়সের মানুষের ভিড়ে মুখরিত থাকছে। দুপুর গড়ানোর পর থেকে ছোট্ট সোনামণিদের নিয়ে পরিবারের লোকেরা ভিড় করছেন। ঈদের ছুটিতে আসা পরিবার পরিজনদের সঙ্গে সময় কাটাতে বিনোদন স্পটগুলোতে আসছেন জেলার বাইরে থাকা মানুষ। চাঁপাইনবাবগঞ্জে জেলা শহরে শিশুদের বিনোদনের প্রধান আকর্ষণীয় স্থান কালেক্টরেট শিশু পার্ক ও জোসনারা শিশু পার্ক। বিকেল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকছে বিনোদন স্পটদুটি। এ ছাড়াও ‘শেখ হাসিনা সেতু’ ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু’, ‘বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্ক’, ‘সোনামসজিদ, তাহখানা, নাচোল স্বপ্নপল্লী, আতাহার নয়ানগরের বিনোদন পার্ক, বাবুডাইং, এগ্রো পার্কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় জমাচ্ছেন জেলাবাসী।

গোমস্তাপুরে মিলন মেলা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও রক্তের গ্রুপ নির্ণয়

গোমস্তাপুরে মিলন মেলা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও রক্তের গ্রুপ নির্ণয় ‘মানবসেবায় আমাদের বন্ধন অটুট থাকুক’ এই স্লোগানে গোমস্তাপুরে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর ঘোলাদিঘী গ্রামে দুবইল হাফেজিয়া মাদরাসায় এসব কর্মসূচির আয়োজন করে প্রভাতী রক্তদান সংগঠন। রক্তদাতাদের মিলনমেলা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব দেন, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজের অধ্যক্ষ মেসবাহুল আলম, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, অর্থপেডিক সার্জন ডা. নাজির হোসেন, প্রভাতী রক্তদান সংগঠনের উপদেষ্টা মাইনুল ইসলাম, চাড়ালডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম, সংগঠনটির সাধারণ সম্পাদক আল জুবায়েরসহ অন্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রভাতী রক্তদান সংগঠনের সভাপতি লুৎফর রহমান। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বার্ষিক মিলনমেলায় সহস্রাধিক রক্তদাতা অংশগ্রহণ করেন।

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুইদিন পর আকাশ নামে এক হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদের পাশের দরগা পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকাশ ঝিলিম ইউনিয়নের আমনুরা বালিকা পাড়ার মৃত আয়নাল হকের ছেলে। নিহতের ছোট ভাই আশিক জানান, গত ৩০ মার্চ রবিবার রাতে হোটেলের কাজ শেষে ঈদের বাজার নিয়ে বাড়ি আসবে বলে ফোনে পরিবারের সঙ্গে কথা হয়। এরপর আমার ভাই নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যানি। তিনি আরো জানান, আজ সকালে একজন এসে জানায় পুকুরে কি যেন ভাসছে। পরে দেখা যায় আমার ভাইয়ের মরদেহ। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম অ্যান্ড অপস্) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, ঝিলিম ইউনিয়ন পরিষদের পাশে দরগা পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত রিপোর্ট পেলেই বোঝা যাবে এঘটার আসল কারণ। এ ঘটনায় জিডি করা হয়েছে।

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক তরুণ

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক তরুণ নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সারোয়ার জাহান শাওন নামের এক তরুণের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তরুণ নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কলিহার গ্রামের জিয়াউর রহমানের ছেলে। আজ দুপুরে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, আজ দুপুরে দিকে নিজেদের বাড়ির আঙ্গিনায় খড়ের গাদায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। এসময় শাওন পুকুর থেকে মটরের সাহায্যে পানি দিতে গিয়ে বিদুৎ্যস্পৃষ্ট হয়। এসময় আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঈদুল ফিতরের খুশির এই দিনে মর্মান্তিক এই দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে। নিহতের পিতা জিয়াউর রহমান জানান, আজ রাত ৯টায় কলিহার পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে জানাজা শেষে তাকে ওই গ্রামে দাফন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে একব্যক্তি নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে একব্যক্তি নিহত চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে মনিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রবিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে এদর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জেলার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন ইসলামপুর গ্রামের ফোরসেদ আলীর ছেলে। চাঁপাইনবাবগঞ্জ রেল পুলিশের এসআই আশীষ সকার জানান রবিবার রাত আনুমানিক ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের পূর্ব দিকে ১নং প্লাটফর্ম এলাকায় ট্রেনে উঠতে বনলতা ট্রেনে উঠতে গিয়ে বা নামতে গিয়ে পড়ে যান মনিরুল ইসলাম। এসময় তিনি কাটা পড়ে ঘটনাসখলেই মারা যান।

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল ফিতর উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল ফিতর উদযাপন চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সদর উপজেলা মডেল মসজিদসহ জেলার ৫৮৫টি ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা। এর মধ্যে সদর উপজেলায় ১৮৩টি, শিবগঞ্জ উপজেলায় ১৬৩টি, নাচোল উপজেলায় ৬১টি, গোমস্তাপুর উপজেলায় ১৪৮টি এবং ভোলাহাট উপজেলায় ৩০টি ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সোয়া ৭টায় প্রথম ও সকাল ৮টায় দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয়। প্রথম জামায়াতে মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। পরে তিনি জেলা মডেল মসজিদেও বাসীর উদ্দেশ্যে শান্তির বাণী শোনার এবং মুসল্লিদের সয্গে কোলাকুলি করেন। সকাল পৌনে ৮টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংকৃতিক কেন্দ্রে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এখানে মহিলাদের জন্যও ব্যবস্থা করা হয়। সকাল সাড়ে ৭টায় শাহ নেয়ামতুল্লাহ কলেজ মাঠে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। নাচোলে ইলামিত্র সংগ্রহশালায় দর্শননার্থীদের মধ্যে সামান্য হট্টগোল ছাড়া গোটা জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন সজাগ।

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সংগঠনের ঈদ উপহার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সংগঠনের ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আসন্ন ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে ১ হাজার ৮০০ শাড়ি বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে শাড়িগুলো বিতরণ করা হয়। এর মধ্যে ধাইনগর, মনাকষাসহ কয়েকটি ইউনিয়নে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী নিজে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন। এ সময় তিনি বলেন- ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে ১ হাজার ৮০০ শাড়ি বিতরণ করা হলো। ইকর’অ-র ঈদ উপহার পেল ৫০ পরিবার চাঁপাইনবাবগঞ্জে ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বল্প আয়ের ৫০টি পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইকর’অ। শনিবার সকালে জেলাশহরের বিশ্বরোড মোড়ে এই ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- সংগঠনটির উপদেষ্টা ও সমাজসেবক ওমর ফারুক, সভাপতি ওবায়দুল হক, সহসভাপতি শাহিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক সোহেল রানা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য মাশরাফি, সংগঠনের সদস্য বাঁধন, হাসান আলীসহ অন্যরা। ঈদের উপহারের মধ্যে ছিল- আতপ চাল, লাচ্চা সেমাই, চিনি, সয়াবিন তেল, দুধ, পাপড়, নুডলসসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। সংগঠনটির সভাপতি ওবায়দুল হক ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন- স্বেচ্ছাসেবী সংগঠন ইকর’অ-র পক্ষে থেকে ৫০টি পরিবারকে ঈদ উপহার দেয়া হয়েছে। এটি সামান্য হলেও পরিবারগুলোকে ঈদ উদ্যাপনে সহায়তা করবে। ভবিষ্যতে বড় পরিসরে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শিবগঞ্জে “সেবা সংস্কৃতিতে আমরা” এর উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ “সেবা সংস্কৃতিতে আমরা” সেচ্ছাসেবি সংগঠনের উদ্যোগে শিবগঞ্জে গরিব মেহনতি মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ এবং ইফতার অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। সংগঠনের সভাপতি আবু মহারিপের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর জুয়েল, ৭১ টিভি ও সমকালের জেলা প্রতিনিধি একেএস রোকন, ডেইলি ট্রাইবুনাল জেলা প্রতিনিধি হারুন অর রশিদ, প্রভাষক নুরতাজ আলম সহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে মৃত্যু সাংবাদিক মেহেদির

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে মৃত্যু সাংবাদিক মেহেদির চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে মেহেদি হাসান সবুজ (২৭) নামে এক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা রেললাইনের হোসেনডাইং এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া সবুজ জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল গ্রামের মাহবুব ইসলাম বাবুর ছেলে। মেহেদি হাসান সবুজ দেশ বুলেটিন নামের একটি পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আমানত উল্লাহ ও নিহতের চাচাতো ভাই জসিম উদ্দিন জানান, রাজশাহৗ থেকে ছেড়ে আসা শাটল-১ ট্রেনটি শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হোসেনডাইং রেলক্রসিং অতিক্রম করছিল। এসময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনে সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন মেহেদি হাসান সবুজ। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সবুজকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জসিম উদ্দিন বলেনÑ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরই সবুজের মৃত্যু হয়। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই আশীষ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিবগঞ্জে ক্রিকেট ব্যাট নিয়ে সংঘর্ষে ২৫ জন আহত ককটেল বিস্ফোরণ

শিবগঞ্জে ক্রিকেট ব্যাট নিয়ে সংঘর্ষে ২৫ জন আহত ককটেল বিস্ফোরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ক্রিকেট ব্যাট হারিয়ে যাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে। একই সঙ্গে কয়েকটি দোকানপাটে ভাঙচুরের পর লুটপাটের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মনাকষা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি উপজেলার মনাকষা ইউনিয়নের নামোটোলা ও খড়িয়াল শেখটোলা গ্রামের যুবকদের মধ্যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই ম্যাচে নামোটোলা গ্রামের যুবকদের একটি ব্যাট হারিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ৯টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরে ঘটনাটি গ্রামের বাসিন্দাদের মধ্যে জানাজানি হলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামবাসী। সংঘর্ষ চলাকালে অন্তত ২০-২৫টি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে যায় পুলিশ। এ সময় পুলিশের গাড়িতেও হামলার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। এছাড়া মনাকষা বাজারের কয়েকটি দোকানে ভাঙচুরের পর লুটপাটের অভিযোগ ওঠে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, পুলিশ ও যৌথ বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।