শিবগঞ্জ কালিনগর গ্রাম থেকে মাদকসহ৭ জন মাদক কারবারী আটক

শিবগঞ্জ কালিনগর গ্রাম থেকে মাদকসহ৭ জন মাদক কারবারী আটক শিবগঞ্জ থানার কালিনগর গ্রাম থেকে ৫৯ পিচ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার মাদক চক্রের ৭ জন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলো মিজানুর রহমান, নাসির, বাবু, সিরাজুল ইসলাম, কাওছার, সাহালাল ইসলাম, এনাদুল। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে ১৩নং ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালিনগর গ্রামে কলা বাগানের ভিতর কিছু ব্যক্তি মাদক ক্রয় বিক্রয় করছে এমন সংবাদে ঐ এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়। আটককৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলে জানায় র্যাব।
শিবগঞ্জে গান পাউডার ও ককটেল তৈরির সামগ্রী উদ্ধার করেছে র্যাব

শিবগঞ্জে গান পাউডার ও ককটেল তৈরির সামগ্রী উদ্ধার করেছে র্যাব শিবগঞ্জ থানার জিলানী মোড় বাঁধের পাকা রাস্তার দক্ষিন পার্শ্বে আম বাগানের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ পরিত্যক্ত গান পাউডার ও ককটেল তৈরির সামগ্রী উদ্ধার করেছে র্যাব-৫। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, গতকাল রাতে র্যাব-৫ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, আম বাগানের ভিতর সন্দেহজনক অবস্থায় কিছু পলিথিনের ব্যাগ পড়ে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩টি সাদা রংয়ের পলিথিনের ভিতর সাদা, কালো ও লালচে রংয়ের ২ কেজি ১৫০ গ্রাম গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জাম ১টি সাদা পলিথিন ব্যাগের ভেতর কাঁচের গুড়া, ভাঙ্গা ব্লেড, লোহার তারকাটা, ৩টি লাল রংয়ের কসটেপ, ১৩টি জর্দার কৌটা উদ্ধার করা হয়েছে। সেই সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি এবং উল্লিখিত ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলেও জানায় র্যাব।
শিবগঞ্জে পানির পাইপ থেকে নেশাজাতীয় সিরাপ জব্দ

শিবগঞ্জে পানির পাইপ থেকে নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় কৃষকের পানি দেয়ার পাইপের ভেতর থেকে ১২৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি। গত শনিবার দিবাগত গভীর রাতে সিরাপগুলো জব্দ করা হয়। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাকারবারিরা বিজিবির চোখ ফাঁকি দিতে নতুন নতুন পন্থা অবলম্বন করছে। তারা এবার কৃষকের পানি দেয়ার পাইপের ভেতরে নেশাজাতীয় সিরাপ চোরাচালান করছিল। তবে তাদের সেই কাজ সফল হতে দেয়নি বিজিবি। আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮১/৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালানোর সময় দেখতে পায় কৃষকের পানি দেয়ার প্লাস্টিকের পাইপ সন্দেহজনক অবস্থায় পড়ে আছে। এসময় বিজিবি সদস্যরা পাইপটি বিওপিতে নিয়ে আসার পর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১২৩ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ উদ্ধার করে। এ বিষয়ে বিজিবির পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে। ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, চোরাকারবারিরা মাদক চোরাচালানে যতই পদ্ধতি অবলম্বন করুক; সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
শিবগঞ্জ সীমান্তে ১৩৯ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ

শিবগঞ্জ সীমান্তে ১৩৯ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক ৩টি অভিযানে ১৩৯ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ করেছে বিজিবি। এর মধ্যে রয়েছে ৫০ বোতল ফেনসিডিল ও ৮৯ বোতল চকোপ্লাস সিরাপ। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সোনামসজিদ এবং বিলভাতিয়া বিওপির ৩টি টহল দল অভিযানগুলো চালায়। তবে মেইন আন্তর্জাতিক সীমান্তের ২০ হতে আড়াইশ গজ বাংলাদেশের ভেতরে অভিযানকালে রাতের অন্ধকার ও কুয়াশার সূযোগে চোরচালানীরা পালিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এ নিয়ে গত ১ সপ্তাহে সীমান্তে ৭৭২ বোতল বিভিন্ন নেশাকারক সিরাপ জব্দ করেছে বিজিবি। এসকল ঘটনায় প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান অধিনায়ক কিবরিয়া।
বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ নেশাজাতীয় সিরাপ

বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ নেশাজাতীয় সিরাপ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় আবারো নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি। বুধবার ভোর পৌনে ৫টার দিকে সীমান্ত পিলার ১৮৯/মেইন হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে দাইপুকুরিয়া ইউনিয়নের জামাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে এই সিরাপগুলো জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এই তথ্য জানিয়েছে। বিজিবি আরো জানায়, ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল জামাইপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ওই স্থান তল্লাশি করে ১০২ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ জব্দ করা হয়। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত কয়েক দিনে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭২২ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
শিবগঞ্জ সীমান্তে ২ বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৪ ম্যাগজিন সহ; ২৯ টি ভারতীয় চোরাই স্মার্টফোন জব্দ

শিবগঞ্জ সীমান্তে ২ বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৪ ম্যাগজিন সহ; ২৯ টি ভারতীয় চোরাই স্মার্টফোন জব্দ শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির দুই পৃথক অভিযানে ২টি বিদেশী পিস্তল,৫ রাউন্ড গুলি,৪টি ম্যাগজিন এবং ২৯টি চোরাই ভারতীয় স্মার্টফোন জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। আজ সকাল সাড়ে ৬টা এবং বেলা সাড়ে ১১টায় অভিযান দুটি পরিচালনা করা হয়। আজ বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সীমান্তে তৎপরতা বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সূত্রে সীমান্ত হতে ৯০০ গজ দেশের ভেতরে রাঘববাটি এলাকা দিয়ে সীমান্ত চোরচালানের মাধ্যমে অস্ত্রআসার সম্ভাবনার খবর জানা যায়। আজ বেলা সাড়ে ১১টায় সে অনুযায়ীরাঘববাটি এলাকায় অভিযান শুরু হয়। অভিযানকালে সন্দেহভাজন এক ব্যাক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে স্থান ত্যাগ করতে চাইলে বিজিবি তাকে আটকের চেষ্টা করে। এ অবস্থায় তিনি সাথের ব্যাগ ফেলে সীমান্তের দিকে দৌড়ে পালিয়ে যান। পরে টহলদল ব্যাগটি তল্লাশী করে ওইসব অস্ত্র, গুলি জব্দ করে। অধিনায়ক মুস্তাফিজ আরও বলেন,এর মাত্র এক সপ্তাহ আগে গত ১৫ ডিসেম্বর একই সীমান্তে একটি বিশেষ অভিযানে ৪টি বিদেশী পিস্তল, ২৪ রাউন্ড গুলি ও ৯টি ম্যাগজিন জব্দ করে বিজিবি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের ৫৯বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আজ সকাল সাড়ে ৬টায় গোপন খবরের ভিত্তিতে কিরনগঞ্জ বিওপির একটি টহলদল মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৭৮/২ এস হতে প্রায় ২ কিলোমিটার দেশের ভেতরে বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তরবিঘি গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন ২৯টি চোরাই ভারতীয় স্মার্টফোন জব্দ হয়। তবে এ সময় চোরচালানীরা ঘন কুয়াশার সূযোগে পালিয়ে যায়। জব্দ ফোনগুলো কাস্টমসে জমা করা হবে বলেও জানান অধিনায়ক কিবরিয়া।
শিবগঞ্জ সীমান্তে নেশা-জাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ

শিবগঞ্জ সীমান্তে নেশা-জাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ শিবগঞ্জ সীমান্ত এলাকা হতে ৪ হাজার ৮০০ পিস নেশা-জাতীয় ট্যাবলেট ও ৫০ বোতল নেশা-জাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি। আজ বেলা সোয়া ১১টার দিকে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে এইসব জব্দ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন এই তথ্য জানিয়েছে। বিজিবি আরো জানায়, আজ সকালে শিবগঞ্জ উপজেলার চকপাড়া বিওপির একটি টহল দলের অভিযানে ৪ হাজার ৮০০ পিস নেশা-জাতীয় ট্যাবলেট ও ৫০ বোতল নেশা-জাতীয় সিরাপ জব্দ করা হয়। তবে চোরাকারবারীরা পালিয়ে যায়। প্রসঙ্গত, মহানন্দা ব্যাটালিয়ন গত কয়েক দিনে সীমান্তে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৬২০ বোতল নেশা-জাতীয় সিরাপ এবং ২২ হাজার ১৮০ পিস নেশা-জাতীয় ট্যাবলেট জব্দ করেছে। এ ব্যাপারে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
শরীফ ওসমান হাদির মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জে গায়েবানা জানাজা

শরীফ ওসমান হাদির মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জে গায়েবানা জানাজা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ‘ছাত্র জনতার মঞ্চ’-এর ব্যানারে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা আবুজার গিফারি। নামাজ শেষে শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গায়েবানা জানাজায় অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম ও মাওলানা আব্দুল মতিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। একইদিন বাদ আসর শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠেও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করেন মাওলানা ড. মো. কেরামত আলী। জানাজায় ছাত্র সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদি ন্যায়, আদর্শ ও স্বার্থহীন রাজনীতির যে দৃষ্টান্ত রেখে গেছেন তা তরুণ সমাজের জন্য অনুকরণীয়। তারা তার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়াও শনিবার মাগরিবের নামাজ শেষে গোমস্তাপুর উপজেলার রহনপুর আহমদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করেন মান্দার পরাণপুর কামিল মাদ্রাসার আরবি প্রভাষক ইমাম আব্দুল কাদের। জানাজায় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
শিবগঞ্জে কৃষকদের মাঝে গম বীজ, সার ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণ

শিবগঞ্জে কৃষকদের মাঝে গম বীজ, সার ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণ শিবগঞ্জ উপজেলায় রবি মৌসুম ২০২৫-২৬-এ গমের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বিকেলে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ ৭৫ জন কৃষকের হাতে গম বীজ, বিভিন্ন ধরনের রাসায়নিক সার ও বীজ সংরক্ষণ পাত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌস, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ২০ কেজি গম বীজ, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি, ১৮ কেজি এমওপি, ১৭ কেজি জিপসাম, ১ কেজি জিংক, ১ কেজি বোরণ, ৩টি বীজ সংরক্ষণ পাত্র এবং একটি করে সাইনবোর্ড প্রদান করা হয়। কর্মসূচির মাধ্যমে কৃষকদের আধুনিক ও পরিকল্পিতভাবে গম চাষে উদ্বুদ্ধ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান। তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের ফলে চলতি মৌসুমে শিবগঞ্জ উপজেলায় গমের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দিবাগত গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে এসব সিরাপ উদ্ধার করা হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি বিষয়টি নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক চোরাকারবারীরা বিজিবির নজর এড়াতে বিভিন্ন নতুন কৌশল অবলম্বন করছে। তবে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যদের নিয়মিত ও সতর্ক অভিযানের কারণে এসব অপতৎপরতা সফল হচ্ছে না। বিজ্ঞপ্তি অনুযায়ী, মহানন্দা ব্যাটালিয়নের অধীন সোনামসজিদ ও তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ৩০ থেকে ৫০ গজের মধ্যে প্লাস্টিকের বস্তায় মোড়কজাত অবস্থায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১৩৮ বোতল ভারতীয় চকোপ্লাস এবং ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ ডিএক্স সিরাপ জব্দ করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। অভিযানের সময় চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত কয়েক দিনে এই ব্যাটালিয়নের অভিযানে শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিভিন্ন ধরনের মোট ৩৮৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।