শিবগঞ্জে বাল্যবিয়ে-শিশুদের প্রতি সহিংসতা বন্ধে আলোচনা সভা

শিবগঞ্জে বাল্যবিয়ে-শিশুদের প্রতি সহিংসতা বন্ধে আলোচনা সভা শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প ও ডায়ালগ সেশন প্রোগ্রাম আয়োজিত কানসাট ইউনিয়ন পরিষদ চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেফাউল মূলকের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রজেক্ট ম্যানেজার উত্তম কুমার মন্ডল, স্থানীয় ওয়ার্ড সদস্য সাইদুর রহমান মিন্টু, কানসাট ইউনিয়ন এন্ড মাহেদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সজল, ইমাম আবদুস সামাদ ও নারী উদ্যোক্তা আমেনা রোজিসহ অন্যরা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। বক্তারা- শিশুদের প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে জনসাধারণ বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হলে প্রতিরোধ করা সম্ভব। এছাড়া বাল্যবিবাহের কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
৫২০ সীমান্তবাসীকে বিনামূল্যে চিকিৎসা দিল ৫৯ বিজিবি

৫২০ সীমান্তবাসীকে বিনামূল্যে চিকিৎসা দিল ৫৯ বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৫৯ ব্যাটালিয়ন রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৫২০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে। তেলকুপি কলমদর আলীম মাদ্রাসা মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিজিবির ৫৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এ সময় তিনি বলেন, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। বিজিবি মহপরিচালকের এই নির্দেশনায় আস্থা ও জনসেবার মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্তবর্তী সাধারণ জনগণের মধ্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে তেলকুপি বিওপি কমান্ডার ও অন্যান্য পদবির বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
শিবগঞ্জে নবজাতকের মৃতদেহ উদ্ধার

শিবগঞ্জে নবজাতকের মৃতদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে উপজেলার কালুপুর এলাকায় পাগলা নদীর বেইলি ব্রিজের নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন- কে বা কারা একজন নবজাতকের (সম্ভবত একদিনের) মৃতদেহ সাদা প্লাস্টিকের ব্যাগে পুরে কালুপুর পাগলা নদীর বেইলি ব্রিজের নিচে ফেলে রেখে যায়। আজ রবিবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে এবং পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। শিশুটি কন্যা শিশু। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হবে বলেও তিনি জানান।
শিবগঞ্জে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা

শিবগঞ্জে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা শিবগঞ্জে রায়হান আলী নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার গ্রামের মৃত রাজিবুল হকের ছেলে। আজ শনিবার দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল গভীর রাতে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জেরে গতকাল গভীর রাতে রায়হানের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে হত্যা করে দুর্বৃত্তরা। রায়হানের বোন ফজি বেগম জানান, চাচাতো ভাইদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধচলে আসছিল। এবিষয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবানাথ জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শিবগঞ্জে ট্রাফিকের ভূমিকায় শিক্ষার্থীরা

শিবগঞ্জে ট্রাফিকের ভূমিকায় শিক্ষার্থীরা, সড়কে নেই যানজট শিবগঞ্জে বিভিন্ন সড়কের শৃঙ্খলা ফেরাতে যানজট নিরসনের কাজ অব্যহত রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবগঞ্জ বাজার, মনাকষা মোড়, আশা মোড়, কানসাট গোপানগর মোড়, মিলিক মোড়, শ্যামপুর-খাসেরহাট সড়কসহ গুরুত্বপূর্ণ এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও স্কাউটসের সদস্যরা সড়কে দাঁড়িয়ে এ দায়িত্ব পালন করেন। পরে ট্রাফিক পুলিশের ভূমিকায় যান চলাচলে শৃঙ্খলার দায়িত্ব পালন করতে দেখা যায় শিক্ষার্থীদের। সড়কে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনে শিক্ষার্থীদের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাসহ যানবাহনের যাত্রী ও চালকরা। এছাড়া বিভিন্ন এলাকা পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
সোনামসজিদ সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ১জন আটক

সোনামসজিদ সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ১জন আটক শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ওমর ফারুক নামে এক জনকে আটক করেছে বিজিবি। আজ বিকেলে সোনামসজিদ সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে সোনামসজিদ সীমান্তের মেইন পিলার ১৮৬ এর নিকট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে আটক করে বিজিবি। এ সময় তার কাছ থেকে নগদ বাংলাদেশি ২৮ হাজার ৫’শ টাকা, একটি ডেবিট কার্ড ও একটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। প্রথমিক জিজ্ঞাসাবাদে আটক ওমর ফারুক বিজিবিকে জানায়, সে গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের ৯নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভারতে পালিয়ে আত্মগোপনে যেতে চেয়েছিলেন। পরে তাকে শিবগঞ্জ থানায় তাকে হস্তান্তর করে বিজিবি।
শিবগঞ্জে র্যাবের অভিযানে ৪২৫ বোতল ফেনসিডিলসহ আটক ১
শিবগঞ্জে র্যাবের অভিযানে ৪২৫ বোতল ফেনসিডিলসহ আটক ১ শিবগঞ্জ উপজেলায় বিশেষ কায়দায় আমের ঝুড়িতে পাচারকালে ৪২৫ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তি নাচোল উপজেলার বাজারপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে ইদ্রিস আলী। গতকাল রাতে কানসাট বাজার ব্রীজ এলাকায় পাকা সড়কের উপর অভিযান চালিয়ে ইদ্রিসকে হাতেনাতে আটক করা হয়। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে মাদকের একটি বড় চালান পাচারের গোয়েন্দা তথ্যে একটি ব্যাটারীচালিত রিক্সাভ্যানের গতিরোধ করে ভ্যানে থাকা আমের ঝুড়ি তল্লাশী করে ফেনসিডিল পাওয়া গেলে ইদ্রিসকে আটক করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।
শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল ও সর্বোত্তম ব্যবহার বিষয়ক মতবিনিময় এবং মৎস্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বাঁশবাড়িয়া বিলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার -ভূমি জুবায়ের হোসেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুনাইন বিন জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারসহ অন্যরা। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি ও মৎস্যচাষীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে মৎস্যচাষী ও মৎসজীবি পর্যায়ে মৎস্য বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শিবগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

শিবগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার শিবগঞ্জে মনিরুল ইসলাম মমিন নামে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ছোট চক ঘোড়াপাখিয়া গ্রামের কারিমুল হকের ছেলে। আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মোড় থেকেতাকে গ্রেপ্তার করা হয়। শিবগঞ্জ থানার এসআই জহুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সদর হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি মনিরুল ইসলাম মমিনকে গ্রেপ্তার করা হয়। সে শিবগঞ্জ থানার পাঁচটি মামলার পাঁচ বছরের পলাতক আসামি। এছাড়া আলাদা ভাবে তার বিরুদ্ধে অর্থদন্ড রয়েছে। দীর্ঘ ২০১৯ সাল থেকে পলাতক ছিলেন। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভিক্ষুক পুনর্বাসনে সদর উপজেলায় ছাগল প্রদান, শিবগঞ্জে ক্ষুদ্র ঋণ বিতরণ

ভিক্ষুক পুনর্বাসনে সদর উপজেলায় ছাগল প্রদান, শিবগঞ্জে ক্ষুদ্র ঋণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে আরো চারজনকে ছাগল প্রদান করেছে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়। সরকারের ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চারজনকে ৩টি করে ছাগল প্রদান করা হয়। আজ বিকেলে ছাগল বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন। বিতরণকালে জানানো হয়, ছাগলগুলো তারা বাড়িতে লালপালন করে ছাগলের সংখ্যা বৃদ্ধি করবে এবং তাতে তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। ফলে তাদেরকে আর ভিক্ষা করতে হবে না। শিবগঞ্জে পল্লী সমাজসেবা (আরএসএস) প্রকল্পের আওতায় ৯ জন সদস্যের মাঝে ২ লাখ টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কমলাকান্তপুর বিশ্বাসপাড়া এলাকায় সদস্যদের মাঝে এই ক্ষুদ্র ঋণ তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এ সময় তিনি বলেন, এ কার্যক্রমের মাধ্যমে পল্লী অঞ্চলে বসবাসরত ভূমিহীন, দারিদ্র্যসীমার নীচে বসবাসরত জনগোষ্ঠির মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি ও আয়বর্ধক কর্মসূচিতে তাদের সম্পৃক্ত করে দেশের সার্বিক উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। তাছাড়া সচেতনতামূলক উদ্বুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়ন, দরিদ্রতা বিমোচন ও জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি দরিদ্র জনগণকে সংগঠিত করে উন্নয়নের মূল ¯্রােতধারায় নিয়ে আসা হবে। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন ও যৌতুক বিরোধী সচেতনতা, মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সকলকে একযোগে কাজ কার আহবান জানান তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজকর্মী রাহাতুজ্জামান, আল মামুন ও পলাশ আলীসহ অন্যরা।