শিবগঞ্জে লাইসেন্স বিহীন ২ টি মটরসাইকেলকে ৯০০ টাকা জরিমানা

শিবগঞ্জে লাইসেন্স বিহীন ২ টি মটরসাইকেলকে ৯০০ টাকা জরিমানা শিবগঞ্জে লাইসেন্স বিহীন, রেজিস্ট্রেশন বিহীন এবং হেলমেট বিহীন মোটরসাইকেল চালনার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিনার – ভূমি মোঃ তৌফিক আজিজ। এসময় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী লাইসেন্স ও রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ৪ ধারা ভঙ্গের দায়ে ৬৬ ধারায় ২ জনকে মোট ৬০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে একই আইনের ১৬ ধারা ভঙ্গের দায়ে ৭২ ধারায় একজনকে ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।  

ককটেল বিস্ফোরণের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ থানায় মামলা

ককটেল বিস্ফোরণের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ থানায় মামলা চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানীহাটী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কুথানীপাড়া ও শিবগঞ্জ ঘোড়াপাখিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুথানীপাড়া গ্রামের স্থানীয় দুই গ্রুপের সালিশ চলাকালীন ককটেল বিস্ফোরণের ঘটনায় ২টি মামলা দায়ের হয়েছে। গতকাল সদর ও শিবগঞ্জ থানায় বিস্ফোরক আইনের একাধিক ধারায় পৃথক মামলা দুটি দায়ের করেন দু’পক্ষের স্থানীয় দুই ব্যাক্তি। তবে এসব মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি। সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, শুধু সদর থানা এলাকার ঘটনার জন্য সদর থানায় বিস্ফোরক আইনে মামলায় এজাহারনামীয় আসামী করা হয়েছে ২১ জনকে। অজ্ঞাতনামা আসামী রয়েছেন আরও কয়েকজন। অপরদিকে মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, মূল ঘটনাস্থল শিবগঞ্জ থানা এলাকার ঘটনার জন্য সাবেক ২৫ জনকে এজাহারনামীয় সহ অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামী করে মামলা করা হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের মীমাংসার সালিশের সময় গত ২৪ মার্চ সকাল সাড়ে ৯টার দিক থেকে দুপুর প্রায় ১২টা পর্যন্ত সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ছাড়াও খড়ের গাদায় আগুন, বাড়িঘরে হামলা ও লুটপাটের মত ঘটনাও ঘটে। আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিস। ককটেলের আঘাতে গুরুতর আহত স্থানীয় এক বৃদ্ধকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রানীহাটী ইউপি চেয়ারম্যান রহমত আলীর নেতৃত্বে সালিশটি শুরু হবার পরপরই দু’পক্ষের বাকবিতন্ডা শুরু হয় এবং প্রথমে ৪/৫ টি ও পরে মূহুর্মুহু ককটেলের বিস্ফোরণ ঘটান হয়। এসময় রানীহাটী ও প্রতিপক্ষ গোড়াপাখিয়া এলাকার লোকজন পরস্পরের প্রতি ককটেল ছুঁড়ে মারে। এ সময় এলাকায় ব্যপক আতংকের সৃষ্টি হয়। পরে বিপুল সংখ্যক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার কোন রাজনৈতিক সংশ্লিস্টতা পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা ও পুলিশ কর্তৃপক্ষ।

শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। আজ সকালে শিবগঞ্জ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য কেরামত আলী। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির। এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্যরা। বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের গর্ব ও অহংকার। তাদের এই ত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। সেই চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর ও দেশপ্রেমে উদ্বুদ্ধ এক আবহ। শেষে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা

শিবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের অর্থদন্ড

শিবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের অর্থদন্ড শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীর তীর হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত শাজহান নামে এক ব্যাক্তিকে ৬০ হাজার টাকা অর্থদন্ড করেছে। অভিযানে চক্রের পলাতক অজ্ঞাতনামা ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এছাড়া মাটি বহনকারী একটি ট্রাক্টরের ব্যাটারী জব্দ করে ট্রাক্টরটি অচল করে দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শুক্রবার(২০ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর প্রায় ১টা পর্যন্ত পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি ঘাট এলাকায় গোপন খবরের ভিতিত্তে পুলিশ ও আনসার নিয়ে অভিযান চালান শিবগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তৌফিক আজিজ। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের অভিযোগে ২০২৩ সালের বালুমহাল ও মাটি ব্যবস্তাপনা(সংশোধন) আইনের ৪(ছ) ধারা ভঙ্গের দায়ে ১৫ ধারায় মো. শাহজাহানকে ৬০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়। পরে চক্রের পলাতক দুই সদস্যের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়। জব্দ হয় বালু পরিবহনে ব্যবহৃত ট্রাক্টরের ব্যাটারী। ইউএনও তৌফিক আজিজ বলেন, ঈদের বন্ধেও বালু ও মাটি খেকোদের বিরদ্ধে অভিযান চলামান থাকবে।

চাঁপাইনবাবগঞ্জের দুটি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন

চাঁপাইনবাবগঞ্জের দুটি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন চাঁপাইনবাবেেগঞ্জর সদর ও শিবগঞ্জ উপজেলার দুটি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের একদিন পূর্বেই ঈদ উদযাপিত হয়েছে। স্থানীয়, জেলা ইসলামিক ফাউন্ডেশন এবং পুলিশ সূত্রে জানা গেছে, আগামীকাল সকালে সদরে দেবিনগর ইউনিয়নের মোমিনটোলা এবং শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের রাধানগর ছিয়াত্তরবিঘি গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। উভয় স্থানে মাইকসহ মহিলাদের জন্য পর্দা টাঙ্গিয়ে পৃথক আয়োজন করা হয়। আশপাশের বিভিন্ন গ্রামের একই ধর্মীয় মতবাদের লোকজন এই দুই ঈদ জামাতে অংশ নেন। জেলা ইফা উপ-পরিচালক(ডিডি) গোলাম মোস্তফা বলেন, সদরের দেবিনগর মোনিটোলা গ্রামে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আমবাগানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা আবুল কালম আজাদ। নামাজে প্রায় ১৩০ জন মুসল্লী অংশ নেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ন কবির বলেন, শিবগঞ্জের বিনোদপুর রাধানগরের ছিয়াত্তরবিঘি গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আমবাগানে সকাল পৌনে ৯টার দিকে ঈদের নামাজে প্রায় দেড়শ মুসল্লী অংশ নেন। মাওলানা ইউসুফ আলীর ইমামতিতে শান্তিপূর্ণভাবে নামাজ অনুষ্ঠিত হয় বলেও জানান ওসি।

শিবগঞ্জে ভিজিএফের চাল না পাওয়ায় চেয়ারম্যান অবরুদ্ধ

চাল না পেয়ে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধঅবশেষে ঈদের ভিজিএফের চাল পাচ্ছেন সেই ১০০ কার্ডধারী অবশেষে ঈদের বিশেষ ভিজিএফের চাল পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের সেই ১০০ কার্ডধারী। চাল না পেয়ে বিক্ষুব্ধ হয়ে তারা গত মঙ্গলবার (১৭ মার্চ) ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফকে তাঁর কার্যালয়ে অন্তত ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এ নিয়ে ব্যাপক সমালোচনা হলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিক আজিজের হস্তক্ষেপে ওই কার্ডধারীদের বৃহস্পতিবার (১৯ মার্চ) চাল দেওয়ার ব্যবস্থা করেছে ইউপি কর্তৃপক্ষ। ইউএনও জানান, কী কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। কার্ডধারীদের চাল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, ওই ইউনিয়নে ৫ হাজার ২৪৩ জনকে কার্ড দেওয়া হয়, যাদের প্রত্যেকের ১০ কেজি করে চাল পাওয়ার কথা। কিন্তু নির্ধারিত সূচি অনুযায়ী ১৪ থেকে ১৬ মার্চ তিন দিন বিতরণ শেষে ১৭ মার্চ ওই কার্ডধারীরা এলে চাল দিতে না পারায় জটিলতা সৃষ্টি হয়। এ ব্যাপারে চেয়ারম্যান আব্দুল লতিফের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। প্যানেল চেয়ারম্যান রাজ্জাক আলী বলেন, বস্তায় চাল কম ছিল। না হলে নির্ধারিত সময়ের পরে এলেও চাল দেওয়া হতো। একপর্যায়ে যারা চাল পাননি, তাদের নগদ অর্থ দেওয়ার কথাও ভাবা হয়। তবে এরই মধ্যে দুপুর ১২টা থেকে বিকাল প্রায় ৩টা পর্যন্ত চেয়ারম্যান অবরুদ্ধ থাকেন। চালের সমাধান করে দেওয়ার জন্য কার্ডধারীরা চাপ দেন। এ সময় চেয়ারম্যান মোবাইল ফোনও ব্যবহার করতে পারেননি। ইউপি সদস্য ইলিয়াস উদ্দিন বলেন, প্রতিটি ৩০ কেজির বস্তায় খাদ্য গুদাম থেকে ইউপি গুদামে চাল আনা হয়। কিন্তু চাল ওজন করে বুঝে নেওয়া হয়নি। এ থেকেই সমস্যার সৃষ্টি হয়ে ওই হট্টগোল বাধে। ইউপি প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মতিন বলেন, সমস্যা সমাধান হয়েছে। বৃহস্পতিবার বঞ্চিত কার্ডধারীরা চাল পাবেন।

শিবগঞ্জে টভটির সাথে অটোরিক্সার সংঘর্ষে শিশু নিহত, আহত ৬

শিবগঞ্জে টভটির সাথে অটোরিক্সার সংঘর্ষে শিশু নিহত, আহত ৬ শিবগঞ্জ উপজেলায় একটি খড়িবাহি ভটভটির সাথে একটি যাত্রীবাহী অটোরিক্সার সংঘর্ষে জুনায়েদ নামে ২ বছরের এক শিশু নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন জুনায়েদের বাবা সাকিরুল ও মা ইয়াসমিন বেগমসহ অটোরিক্সার শিশু, নারীসহ আরও ৬ আরোহি। আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাকিরুল শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ দুপুর দেড়টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজার এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে দূর্ঘটনাটি ঘটে। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ভটভটিটি জব্দ কললেও চালক পালিয়ে যান। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ুন কবির বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।

চাঁপাইনবাবগঞ্জে খেজুর বিতরণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে খেজুর বিতরণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার মাহফিল পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে খেজুর বিতরণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে গোমস্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌদি আরব সরকারের পাঠানো উপহার খেজুর উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা।অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইছাহাক আলি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। এ সময় জনপ্রতিনিধি, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানাসহ মোট ৪৫টি প্রতিষ্ঠানে ১৬০ প্যাকেট খেজুর বিতরণ করা হয়। এদিকে শিবগঞ্জ উপজেলায় আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. কেরামত আলী, যিনি অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবগঞ্জ পৌরসভার আমির আবু বকর সিদ্দিক, সহকারী সেক্রেটারি অধ্যাপক দুরুল হোদা, নায়েবে আমির আজিজ মাহমুদ ও সেক্রেটারি আব্দুর রউফ। ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহণ করেন। অন্যদিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলায় অবস্থিত সরকার অটো রাইস মিলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র মতিউর রহমান খান, তারিক আহমদ, মিলের স্বত্বাধিকারী মুসলেহ উদ্দিন শিপলু সরকার, মেসার্স মামুন অটো রাইস মিলের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা জাকির খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।ইফতার মাহফিলে মরহুম সফিকুল আলম পিন্টু সরকারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ঈদ উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি

ঈদ উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। জানা গেছে, আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। পরে ২৮ মার্চ থেকে বন্দরের কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে চালু হবে। সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান এবং পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরে আগে থেকে থাকা পণ্যবাহী ট্রাকগুলোতে লোড-আনলোড, পরিবহনসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে। অন্যদিকে স্থলবন্দর ইমিগ্রেশন কর্মকর্তা এসআই জামিরুল ইসলাম বলেন, ছুটির সময়েও সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত স্বাভাবিকভাবে চলবে।

শিবগঞ্জে একজনকে সেলাইমেশিন ও ১৯৯ জনকে খাদ্যসামগ্রী দিল সুহৃদ সমাবেশ

শিবগঞ্জে একজনকে সেলাইমেশিন ও ১৯৯ জনকে খাদ্যসামগ্রী দিল সুহৃদ সমাবেশ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অসচ্ছল একজনকে সেলাইমেশিন ও ১৯৯ জনকে খাদ্যসামগ্রী দিয়েছে দৈনিক সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ। শনিবার দুপুরে শিবগঞ্জ পৌরসভার প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ে সুহৃদ সমাবেশ শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঈদুল ফিতরকে সামনে রেখে এই উপহার বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিবন্ধী, দৃষ্টিহীন এবং দরিদ্র অসহায় ১৯৯ জনের মধ্যে ঈদ উপহার হিসেবে চাল, আটা, লাচ্চা সেমাই, দুধসহ ৮ পদের খাদ্যসামগ্রী এবং একজন অসহায় নারীকে স্বাবলম্বী হবার জন্য একটি সেলাইমেশিন দেয়া হয়। সুহৃদ সমাবেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির প্রধান সমন্বয়ক এ কে এস রোকনের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ মো. ইউসুফ আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুর রউফসহ অন্যরা উপস্থিত ছিলেন। বরাবরের মতো আগামীতেও এ ধরনের উদ্যোগ চালু রাখার প্রত্যয় ব্যক্ত করেন এ কে এস রোকন। উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ সমকাল ও সুহৃদ সদস্যদের ধন্যবাদ জানিয়ে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে আরো বেশি বেশি দাঁড়ানোর অনুরোধ জানান। এ সময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবরকম সহযোগিতা করারও আশ্বাস দেন।