শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৫ হাজার পিস মাদকদ্রব্য জব্দ

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৫ হাজার পিস মাদকদ্রব্য জব্দ শিবগঞ্জ উপজেলা সীমান্তে ইয়াবা ও নেশাকারক ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। তবে এ অভিযানে কেউ আটক হয়নি। বিজিবি জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল শাহাবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের উনিশবিঘা নামক এলাকায় অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন ৫ হাজার ৫৪০ পিস ইয়াবা ও ট্যাপেন্টাডল নেশাকারক ট্যাবলেট জব্দ হয়। চাঁপাইনবাবগঞ্জের ৫৯বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরকারবারিরা পালিয়ে যায়। অভিযানে জব্দ মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৫ জন ও বহির্বিভাগে ৩ জন এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৩ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ১ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৭ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১২ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন পুরুষ এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ পুরুষ ও ২ জন মহিলাসহ ৪ জন রোগী ভর্তি রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সোমবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬৫৯ জন।
বিজিবি-বিএসএফের মানবিকতায় বোনের মরদেহ দেখার সুযোগ পেলেন ভাই

বিজিবি-বিএসএফের মানবিকতায় বোনের মরদেহ দেখার সুযোগ পেলেন ভাই বিজিবির মানবিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে শেষবারের মতো এক ভারতীয় বৃদ্ধা নাগরিকের মরদেহ দেখার সুযোগ পেলেন তার বাংলাদেশী স্বজনরা। গতকাল শনিবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ওই ভারতীয় নাগরিকের মরদেহ দেখানোর সুযোগ করে দেয়া হয়। ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ভারতের মালদা জেলার গোপালগঞ্জ থানার শ্মশানী-চকমাহিলপুরে বসবাসরত মৃত গাজলুর রহমানের স্ত্রী সেলিনা বেগম শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান। সেলিনা বেগমের মরদেহ শেষবারের মতো দেখার জন্য বিজিবির কাছে আবেদন জানিয়েছিলেন তার ভাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলা-বাগিচাপাড়ার মোসলেম উদ্দীনের ছেলে তোফাজ্জল হক। বিজিবি এর পরিপ্রেক্ষিতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে শনিবার বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক সীমারেখা সীমান্ত পিলার ১৮২/২-এস এর নিকট শূন্য লাইনে মরদেহ দেখার সুযোগ করে দেয়া হয়। গোলাম কিবরিয়া বলেন, সীমান্তে বিজিবি অত্যন্ত মানবিক ভূমিকা পালন করতে চায়। কারণ, মরদেহ স্বজনদের দেখানোসহ এ ধরনের কার্যক্রমকে মৌলিক কর্তব্য বলে মনে করি আমরা।
সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ, ফেনসিডিল জব্দ

সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ, ফেনসিডিল জব্দ শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির দুটি পৃথক অভিযানে ২৫ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল বিদেশী মদ জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি। আজ ভোররাতে ও গতকাল দিবাগত মধ্যরাতে অভিযানগুলো চালানো হয়। বিজিবি জানায়, আজ ভোররাত ৪টার দিকে শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল দাইপুকুরিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ২৫ বোতল ফেনসিডিল জব্দ হয়। এর আগে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের একটি আমবাগনে অভিযান চারায়। অভিযানে জব্দ করা হয় ২৫ বোতল মদ। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ মহানন্দা বিজিবি ব্যাটারিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, এসব মাদক শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
শিবগঞ্জ মনাকষা থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

শিবগঞ্জ মনাকষা থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক ১ শিবগঞ্জ উপজেলার ইউনিয়নের রানীনগর গ্রামের শাহাপাড়ার রাস্তার উপর থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে আটক করেছে র্যাব-৫। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ একই উপজেলার শ্যামপুর এলাকার এন্তাজ আলীর ছেলে মোবারক হোসেন রসদুলকে আটক করে। আটকককৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
শিবগঞ্জে ৩ দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

শিবগঞ্জে ৩ দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন ‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ এই প্রতিপাদ্যে- তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে দুপুরে শিবগঞ্জে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। এ সময় তিনি বলেন, নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসার ঘটানো, তাদের অনুপ্রেরণা জোগাতে এবং উদ্যোক্তা-ভোক্তার মাঝে সেতুবন্ধন গড়ে তুলতেই এ মেলার আয়োজন। পাশাপাশি সমাজের উন্নয়নের পথকে সুগম করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনের কোন বিকল্প নেই। নিরাপদ খাদ্য উৎপাদনের মধ্য দিয়ে নারীরাই পারে দেশ ও পরিবারকে এগিয়ে নিতে। কয়েকজন দর্শনার্থী বলেন, এ মেলায় আসতে পেরে অনেক ভালো লাগছে। এখান থেকে আমরা উদ্যোক্তা হয়ে ওঠার স্বপ্ন দেখছি। উদ্যোক্তা শামীমা বেগম বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই, তারা অনলাইন ব্যবসায় এগিয়েছে। অনলাইন ব্যবসায় ঝুঁকে পড়ছে নারীরা। এতে একদিকে যেমন তারা আত্মনির্ভরশীল হচ্ছেন অন্যদিকে সাবলম্বী হয়ে উঠছেন। পরিবারের কাজের ফাঁকে তারা নিজেদের মেধা দিয়ে ব্যবসাকে টিকিয়ে রেখেছেন। আরেক উদ্যোক্তা আমিনা রোজি উর্মি বলেন, আমি স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। কয়েক বছরে এখন আমার দ্বিগুণের ওপরে। আমাকে দেখে এখন অন্যরাও ঝুঁকে পড়েছেন এ ব্যবসায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌস ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারসহ অন্যরা। মেলায় ৫০টি স্টলে খাদ্য, বস্ত্র, নারীদের হাতের তৈরী বিভিন্ন পণ্য ও প্রসাধনী সামগ্রী স্থান পেয়েছে। মেলা সাধারণ মানুষের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত রয়েছে। মেলা চলবে ৬ নভেম্বর পর্যন্ত।
চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের ইন্তেকাল; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের ইন্তেকাল; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দূর্লভপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছেন – ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে,এক মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বিকেল সাড়ে ৪টায় দূর্লভপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে দূর্লভপুর কেন্দ্রীয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই লিটন সরকার, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী সহ বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনেই বিএনপির ধানের শীষ প্রতীকে লড়বেন সাবেকরা। সাবেকদের ওপরেই ভরসা রেখেছে দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনেই সাবেকদের ওপরই আস্থা রেখেছে দলটি। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও শিবগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে লড়বেন বিএনপির কার্যনির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহসম্পাদক ও এই আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও এই আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। তাদেরকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে বিএনপি। আর এর মধ্যদিয়ে সমস্ত জল্পনা কল্পনার শেষ হয়ে গেল। সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন; পদ্মা নদীর ভাঙন রোধে গৃহীত প্রকল্প

পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন; পদ্মা নদীর ভাঙন রোধে গৃহীত প্রকল্প চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলায় পদ্মা নদীর ভাঙন রোধে একটি প্রকল্প গ্রহণ করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। ‘চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত পদ্মা নদীর উভয় তীরে নদী তীর সংরক্ষণ প্রকল্প (১ম পর্যায়)’ শীর্ষক এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭৫১.০২৯১ কোটি টাকা। পদ্মা নদীটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। পদ্মা নদীর প্রবেশমুখ হতে ফারাক্কা ব্যারেজের দূরত্ব মাত্র ১৮ কিলোমিটার। যার ফলে প্রতি বছর শত শত পরিবার তাদের ভিটামাটি, ফসলি জমি, বাজার, স্কুল-কলেজ, মাদ্রাসা, আমবাগানসহ সরকারি-বেসরকারি স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। পদ্মা নদীর মরফোলজিক্যাল পরিবর্তনের কারণে ও ফারাক্কা ব্যারেজের বিরূপ প্রভাবে গত দশ বছরে প্রায় ৩ কিলোমিটার নদীর ব্যাংক লাইন স্থানান্তরিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম. আহসান হাবীব জানান, বর্তমানে পদ্মা নদীর বামতীরে ১১.১৫ কিলোমিটার এবং ডান তীরে ১৪.২০ কিলোমিটার; মোট ২৫.৩৫ কিলোমিটার দৈর্ঘ্যে ব্যাপক নদী ভাঙন রয়েছে। তিনি আরো জানান, প্রকল্পটি বাস্তবায়নের লক্ষে ২০২৩ সালে আইডব্লিউএম ফিজিবিলিটি স্টাডি করেছে। আইডব্লিউএম’র সুপারিশের আলোকে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর, মনাকষা ও পাঁকা এলাকায় পদ্মা নদীর বাম তীরে ৫.৭৪০ কিলোমিটার স্থায়ী নদী তীর সংরক্ষণ কাজ, চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর ডান তীরে ৩.০৯ কিলোমিটার সর্তকতামূলক নদী তীর সংরক্ষণ কাজ এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আলাতুলি প্রকল্পে পদ্মা নদীর বাম তীরে ০.৫০০ কিলোমিটার নদী তীর পুর্নবাসন কাজ অন্তর্ভুক্ত করে প্রকল্প প্রস্তাব করা হয়। প্রস্তাবনাটি বর্তমানে পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পটির সম্ভাব্য মেয়াদকাল ধরা হয়েছে এ বছরের নভেম্বর হতে ২০২৯ সালের জুন পর্যন্ত। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৭৫১.০২৯১ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে ৯.৩৩ কিলোমিটার নদী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ-ভারত সীমান্ত অংশে পদ্মা নদীর উভয় তীরে বাংলাদেশের ভূখণ্ডে নদী ভাঙন রোধ হবে, সরকারি ও বেসরকারি সম্পদ রক্ষা পাবে। প্রসঙ্গত, গত শুক্রবার বিকেলে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষ্মীপুর, জাইটপাড়া, কানছিড়া ও দুর্লভপুর ইউনিয়নের ঝাইলপাড়া, আইয়ুব বিশ্বাসের ঘাট, ফিল্ডের বাজার পাঁকাঘাট, দোভাগী নামোজগন্নাথপুর এলাকার ভাঙন পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বির আহমদ। এসময় চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস. এম. আহসান হাবীব, পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সাইদুর রহমানসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জ জেলায় “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৪তম জাতীয় সমবায় দিবস নানা আয়োজনে পালিত হয়েছে। জেলার গোমস্তাপুর, শিবগঞ্জ, রহনপুর, নাচোল ও ভোলাহাটে স্থানীয় সমবায় অফিসের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করা হয়। আজ সকাল ১০টায় গোমস্তাপুরে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। শিবগঞ্জে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসার মাহবুব আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা। এতে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। নাচোলেও সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীগণের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা সমবায় অফিসার আব্দুল মান্নান হোসেন আকন্দ সভাপতিত্ব করেন। এেিদক ভোলাহাটে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা সহকারী ভূমি কমিশনার, কৃষি কর্মকর্তা, থানা ও সমাজসেবা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।