শিবগঞ্জে গরু চুরিতে ব্যবহৃত পিকআপসহ সরঞ্জাম জব্দ

শিবগঞ্জে গরু চুরিতে ব্যবহৃত পিকআপসহ সরঞ্জাম জব্দ  শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের কালুপুর পাইকড়তলা এলাকার রাসেল ইসলাম নামে এক খামারীর খামার থেকে গত ৭ ফেব্রুয়ারী ১৬ লক্ষ টাকা মূল্যের ৫টি গরু চুরির মামলায় একটি আন্ত:জেলা গরু চোর চক্রের মুলহোতা সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ হয়েছে চুরিতে ব্যবহৃত একটি পিকআপ, ২টি কাটারসহ বিভিন্ন সরজ্ঞাম। পুলিশ জানায়, গত ৩ ও ৪ এপ্রিল রাজশাহী ও বগুড়া র‌্যাবের সহায়তায় রাজশাহী, বগুড়া ও গাইবান্ধা এলাকায় টানা অভিযান চালিয়ে ওই ৫ আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন চক্রের হোতা, বগুড়ার শিবগঞ্জের আলাদিপুর গ্রামের বুলু মন্ডলের ছেলে ও ১৬ মামলার আসামী জসিম উদ্দিন জুয়েল ওরফে  মালু, সোনাতলার কুশারঘোপ দক্ষিণপাড়া বলুয়াহাট এলাকার আব্দুল জলিল মোল্লার ছেলে ও ১৩ মামলার আসামী তারাজুল ইসলাম, ৬ মামলার আসামী শিবগঞ্জের জাহাঙ্গীরবাদ নোয়াপাড়া গ্রামের  সজল মন্ডল, ৬ মামলার আসামী একই উপজেলার জীবনপুর দক্ষিণপাড়ার নাজমুল হোসেনের ছেলে ওমর সানি ওরফে সজিব এবং গাইবান্ধা গোবিন্দগঞ্জের ফুলপুকুরিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শরিফুল। আজ দুপুরে থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, চুরির ঘটনায় গত ৩ মার্চ মামলা হলে পুলিশ অভিযান ও তদন্ত শুরু করে। গরুগুলো কসাইয়ের কাছে বিক্রি করে দেয়ায় উদ্ধার করা যায়নি। মামলার তদন্ত চলছে। মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক ডিকে তনয় কুমার বলেন, স্বীকারোক্তিমুলক জবানবন্দীর জন্য আজ সন্ধ্যায় আসামীদের আদালতে নেয়া হয়।

৩ উপজেলায় একযোগে শুরু হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি

৩ উপজেলায় একযোগে শুরু হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জে সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় শুরু হয়েছে হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি। গতকাল রবিবার সকাল ৯টায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান, হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদসহ অন্যরা। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত প্রায় তিন সপ্তাহব্যাপী টানা এই টিকা দেয়া হবে। এ জন্য জেলা হাসপাতাল ও  জেলার দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি স্থায়ী  ও এই ৩ উপজেলায় ৩৬টি অস্থায়ী কেন্দ্র খোলা হয়েছে। জেলার অন্য শিশুদের পর্যায়ক্রমে এ টিকার আওতায় আনা হবে।  দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলা প্রথম পর্যায়ে টিকার আওতায় এসেছে। চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন জানান, সরকার সারা দেশে ৩০টি উপজেলায় বিশেষ এ টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও ভোলাহাট রয়েছে। আজ উদ্বোধনী দিনে সদর উপজেলার বালিয়াডাঙ্গা, গোবরাতলা, ঝিলিম, চরঅনুপনগর ও আলাতুলি ইউনিয়নে, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর, মনাকষা, বিনোদপুর, পাঁকা ও উজিরপুর এবং ভোলাহাট উপজেলায় ভোলাহাট ও গোহালাবাড়ি ইউনিয়নে টিকা দেয়া হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের এই তিনটি উপজেলায় ১ লাখ ৬৭ হাজার ২৮৭ জন শিশুকে টিকা দেওয়া হবে। তিনি আরো জানান, এর মধ্যে সদর উপজেলার ১৪ ইউনিয়নে ৫৬ হাজার ৩১৮ জনকে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ১৬ হাজার ২০৮ জনকে, শিবগঞ্জ উপজেলায় ৭৩ হাজার ৭৭ হাজার জনকে ও ভোলাহাট উপজেলায় ১২ হাজার ৬৮৪ জনকে টিকার আওতায় আনা হয়েছে। অন্যদিকে নাচোল ও গোমস্তাপুর উপজেলার পূর্বে বাদ পড়া শিশুদের শনাক্ত করে টিকা দেয়া হবে। এদিকে টিকাদান কর্মসূচির উদ্বোধনের পর জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার এবং সরকারের স্বাস্থ্যবিভাগসহ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আরো কোনো শিশু যেন হাম রোগে আক্রান্ত না হয়। আপনারা খেয়াল রাখবেন কোনোভাবে যেন প্যানিক না ছড়ায়।

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় বন্য শুকরের হামলায় ৬ জন আহত

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় বন্য শুকরের হামলায় ৬ জন আহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় বন্য শুকরের আক্রমণে এক নারীসহ ৬ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয় গ্রামবাসী একটি বন্য শুকরকে পিটিয়ে হত্যা করে। ধারণা করা হচ্ছে, আহতদের ওপর হামলাকারী শুকরটিই এটি। শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে সাতরশিয়া বিল (কুমিরাদহ বিল) সংলগ্ন একটি আমবাগানে এ ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, কাঁটাতারের বেড়াবিহীন সীমান্ত পেরিয়ে ভারতের জঙ্গল থেকে আসা একটি দলছুট শুকর গ্রামে ঢুকে পড়ে এবং হামলা চালায়। আহতদের মধ্যে রয়েছেন শ্যামপুর ইউনিয়নের বড়হাদিনগর গ্রামের চামড়া ব্যবসায়ী নাসির উদ্দিন, একই ইউনিয়নের হুদমা বাবুপুর গ্রামের এক গৃহবধূ, মনাকষা ইউনিয়নের কামাত গ্রামের কৃষক জনি, ডালিম ও মুলি এবং খোন্দা গ্রামের কৃষক খাইরুল। আহতদের মধ্যে অন্তত দুজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত প্রায় দুই বছর ধরে ভারতের দিক থেকে বন্য শুকরের দল রাতের আঁধারে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের জমিতে ঢুকে ফসলের ক্ষতি করে এবং ভোরের আগে ফিরে যায়। তবে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনের বেলাতেই শুকরের আক্রমণে ৬ জন আহত হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমীন জানান, আহতের ঘটনা প্রশাসন ও বিজিবিকে জানানো হয়েছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিরাও সীমান্ত এলাকায় বন্য শুকরের উপদ্রব বৃদ্ধি এবং সাম্প্রতিক হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ বলেন, বিষয়টি জানার পরপরই বিজিবি ও জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, বিষয়টি নজরদারিতে রাখা হবে এবং প্রয়োজন হলে বিএসএফের সঙ্গে আলোচনা করা হবে। অন্যদিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এ বিষয়ে গ্রামবাসী চাইলে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। সীমান্তবর্তী দূর্লভপুর, মনাকষা ও বিনোদপুর ইউনিয়নে বন্য শুকরের উপদ্রব ক্রমেই বাড়ছে, যা স্থানীয়দের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর মিয়াপাড়া গ্রামের বীর ম্ুিক্তযোদ্ধা আব্দুল খালেক (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গতকাল সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল সাড়ে ১০টায় গ্রামের গোরস্থান পূর্ঙ্গাণে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তৌফিক আজিজ, র্শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

শিবগঞ্জে কৃষকদের মাঝে পাট, মুগ, তিল বীজ ও রাসায়নিক সার বিতরণ

শিবগঞ্জে কৃষকদের মাঝে পাট, মুগ, তিল বীজ ও রাসায়নিক সার বিতরণ শিবগঞ্জে ৬৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিসের সামনে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। এ সময় তিনি বলেন, সরকার জনকল্যাণে আন্তরিক, তাদের প্রত্যাশা পূরণে আমরা দায়িত্ব পালন করছি। দেশের আবহাওয়া ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কৃষিপণ্য রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। ফলে প্রণোদনাগুলো সঠিকভাবে ব্যবহারের আহবান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল আজাদীসহ অন্যান্যরা। এর মধ্যে ৩৫০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি ও ১৭০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি ৫ কেজি এমওপি এবং ১৫০ কৃষককের প্রত্যেককে এক কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেয়া হয়। ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় পাট, গ্রীষ্মকালীন মুগ ও তিল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 শিবগঞ্জ সীমান্তে ফসল নষ্ট করছে ভারতীয় বন্য শুকরের পাল, জমি পাহারা দিতে গিয়ে আহত হচ্ছেন কৃষকরাও

শিবগঞ্জ সীমান্তে ফসল নষ্ট করছে ভারতীয় বন্য শুকরের পাল, জমি পাহারা দিতে গিয়ে আহত হচ্ছেন কৃষকরাও শিবগঞ্জ উপজেলায় কাঁটাতারের বেড়াবিহীন পদ্মা নদীর তীরবর্তী সীমান্তে বাংলাদেশী জমির ফসল ভারত থেকে আসা বন্য শুকরের পাল নষ্ট করছে বলে খবর পাওয়া গেছে। অনেক সময় শুকরের পাল সীমান্তের কৃষকদের আক্রমণ করে আহত করছে বলেও অভিযোগ করেছে সীমান্ত সূত্রগুলো। শুকরের পাল সন্ধ্যার পর অন্ধকার ঘনিয়ে আসলে বাংলাদেশে ঢুকে আবার ভোর হবার আগেই ফিরে যায় ওপারে ভারতের জঙ্গলে। এ অবস্থায় কৃষকরা রাত জেগে জমি পাহারা দিচ্ছেন। শুকর তাড়াতে সাহায্য নিচ্ছেন আলো ও বাদ্যযন্ত্রের উচ্চমাত্রার শব্দের। এছাড়াও বিভিন্ন উপায় বেছে নেয়া হচ্ছে শুকর তাড়াতে। সীমান্তের জনপ্রতিনিধি,কৃষি বিভাগ ও বিজিবি ভারতীয় শুকর সমস্যার কথা নিশ্চিত করেছে। মনাকষা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য সমির আলী বলেন, বহু আগে থেকেই শুকরের সমস্যা ছিল। তবে গত ৩/৪ বছর যাবত সীমান্তের তারাপুর,মন্ডলপাড়া, শিংনগর,পন্ডিতপাড়া সহ ৮ ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার সীমান্তের জমিতে এ সমস্যা আবার দেখা যাচ্ছে। শুকরের পালের আক্রমণে আহত হয়েছেন বেশ কয়েকজন কৃষক। তাঁদের ককেজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালেও চিকিৎসা নিতে হয়েছে সম্প্রতি। দুবছর যাবত সমস্যাটা বেশি বেড়েছে। জমিতে এখন রয়েছে ভুট্টা,কলা, ধান ইত্যাদি ফসল। অনেক কৃষক তো ভয়ে ভুট্টা আবাদই ছেড়ে দিয়েছেন। সরিষার সময় সরিষা নষ্ট করেছে শুকরের পাল। প্রায় সারা বছরই তারা ফসলের ক্ষতি করে। ফসল যত না খায় তার চেয়ে বেশি নষ্ট করে। ধানক্ষেতে গড়াগড়ি করে ধানের ক্ষতি করে। বাংলাদেশী কৃষকদের হাতে মারাও পড়েছে বিশালদেহী কিছু শুকর। সাঁওতাল শিকারীরাও কিছু শুকর মেরেছে। তবে অত্যাচার চলছে। শিংনগর, মাসুদপুর বিওপি এলাকায় এ সমস্যা বেশী। বিনোদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমীন বলেন, ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিশ্বনাথপুর, বাখর আলী, নজিবটোলা, মালোপাড়া, ক্যাপড়াটোলা এলাকায় শুকরের অত্যাচারে অতিষ্ঠ কৃষক। গত দেড় বছরে অত্যাচার বেড়েছে। কাঁটাতারবিহীন পুরো সীমান্তজুড়েই রয়েছে ফসলি জমি। ফলে সীমান্তের সকল কৃষকই আক্রান্ত। এ সমস্যা নিয়ে বিজিবি,কৃষি বিভাগ সহ সংশ্লিস্টদের সাথে কথা বলেও কোন সমাধান পাওয়া যায়নি। দূর্লভপুর ইউনিয়নের ৮ ন্ং ওয়ার্ডের গ্রাম পুলিশ শাহিদ কাদির বলেন, তাঁর ওয়ার্ডে পদ্মার চরাঞ্চলের গাইপাড়া,চর হাসানপুর, খাকসাপাড়া এলাকায় এ অত্যাচার চলছে। এখন ৩০/৩৫টি পর্যন্ত শুকরের পাল চীনা’র (এক প্রকার দানা শষ্য) ক্ষেতে ঢুকে পড়ে নষ্ট করছে এই ফসল। অন্য ফসলও ক্ষতিগ্রস্থ হচ্ছে। আহত হচ্ছেন কৃষকরা। শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, কৃষি বিভাগ সমস্যা সম্পর্কে অবহিত। মাঠ কর্মকর্তারা ফসল পরিদর্শণে এ সমস্যার প্রমাণ পেয়েছেন। কৃষকদের জমি বেড়া দিয়ে ঘিরে রাখা ও পাহারা দেবার পরামর্শ দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের সূযোগ হলে প্রণোদনার আওতায় আনা হবে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। দূর্লভপুর,মনাকষা ও বিনোদপুর এই তিন ইউনিয়নের সীমান্তে এ সমস্যা রয়েছে বলে জানান তিনি। সংশ্লিস্ট চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বিজিবি বিষয়টি সম্পর্কে অবহিত। অনেক সময় টহল দলের সামনে পড়ে শুকরের পাল। তখন তাদের তাড়িয়ে দেয়া হয়। শুধু কাঁটাতারের বেড়া নেই এমন সীমান্তে এ সমস্যা। আবার যে সব কৃষক জমি বেড়া দিয়ে চাষ করেন তাদের এ সমস্যা নেই। বিষয়টি বিএসএফকেও অবহিত করা হয়েছে। কিন্তু বন্যপ্রাণীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সকলের জন্যই কঠিন। ৭১ বিএসএফ এর শোভাপুর ক্যাম্প এলাকায় জঙ্গল রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ৫৯বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া কৃষকদের এ ব্যাপারে বিওপিতে যোগাযোগের পরামর্শ নেন। কৃষকদের সাঁওতালদের সাহায্য নেয়ার কথাও বলেন। তিনি বলেন, তাঁর আওতাধীন শিবগঞ্জ সীমান্তে এ সমস্যার ব্যাপারে বিস্তারিত খোঁজ নেয়া হবে। জেলার ভোলাহাট সীমান্তেও এ সমস্যা রয়েছে বলেও জানান তিনি।

শিবগঞ্জে ট্রাক-ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতির সভা

শিবগঞ্জে ট্রাক-ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতির সভা শিবগঞ্জে জেলা ট্রাক-ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতির উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শিবগঞ্জ পৌরসভার চৌধুরীপাড়া এলাকায় সংগঠনের উপজেলা কার্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানের সভাপতিত্বে বক্তব্য দেন, সভাপতিগোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও সড়ক সম্পাদক আনারুল ইসলামসহ অন্যরা। এ সময় আরো উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক সৈয়বুর রহমান, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য নিয়ামত খাঁন ও দুরুল আমিনসহ অন্যরা। বক্তারা লেন, পরিবহন সেক্টরে যানবাহনগুলোর মধ্যে ট্রাক ও ট্যাংকলরী গুরুত্বপূর্ণ বাহন। মালামাল সারাদেশে পৌঁছে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এসব পরিবহন। আর এসব পরিবহনের শ্রমিকদের কল্যাণেই গঠিত এই সংগঠন। মালিক ও নেতারা আপনারা ঐক্যবদ্ধ থাকলে সবার কল্যাণ হবে। নিজেদের কল্যানে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। এছাড়া ট্রাক- ট্যাংকলরী ও কাভার্ডভ্যান চলাচলে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ এবং নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন বক্তারা।  

শিবগঞ্জে ৯ কেজি গান পাউডার ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার

শিবগঞ্জে ৯ কেজি গান পাউডার ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের অভিযানে ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার সদৃশ গুড়া পদার্থ ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। আজ সকালে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে গতকাল রাত ১১টার দিকে ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোথানীপাড়া গ্রামে ৪ নং বেড়িবাঁধ এলাকার একটি আমবাগানে অভিযান চালানো হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় দুটি ব্যাগে ২ কেজি ৭০০ গ্রাম ও ৩ কেজি কালো রং এর, পৌনে ৩ কেজি সাদা রং এর এবং ৭০০ গ্রাম ধুসর রং এর গান পাউডার সদৃশ গুড়া পদার্থ, একটি প্লাষ্টিকের বাজার করা ব্যাগের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো ১ কেজি ২০০ গ্রাম কাচের টুকরা, ৪০০ গ্রাম লোহার পেরেক, একটি পলিথিন ব্যাগে রাখা ৩০টি জর্দার কৌটা, ১০টি লাল রং এর স্কচটেপ এবং ১৫টি গ্যাস লাইটার জব্দ হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

টানা ১০ দিন বন্ধের পর চালু হয়েছে সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম

টানা ১০ দিন বন্ধের পর চালু হয়েছে সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন ছুটি শেষে দেশের দ্বিতীয় বৃহত্তম শিবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম পুণরায় শুরু হয়েছে। আজ সকাল থেকে আমদানি-রপ্তানি, লোড-আনলোড, পণ্য পরিবহন, কাষ্টমস এবং সিএন্ডএফ বিষয়ক কার্যক্রম শুরু হয়। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান। তিনি জানান, ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। বিকেল ৪টা পর্যন্ত দুই শতাধিক আমদানি পণ্যবাহী ট্রাক ভারতের মহদিপুর স্থলবন্দর হতে সোনামসজিদে প্রবেশ করলেও বাংলাদেশ থেকে রপ্তানি হয় নি কোন পণ্য। বন্দর সূত্র জানায়, ১০ দিনের বন্ধের মধ্যে গতকাল সাপ্তাহিক ছুটি সহ সকল সরকারি ছুটি অন্তর্ভূক্ত ছিল। তবে এই বন্ধের মধ্যে ঈদের দিনসহ প্রতিদিনই পাসপোর্টধারী যাত্রীদের সোনামসজিদ ইমিগ্রেশন পথে বাংলাদেশ ও ভারত গমানাগমন স্বাভাবিক ছিল। বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান এবং সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এসাসিয়েশন অফিস সচিব একরামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেন, ঘোষণা অনুযায়ী বন্দর গত ১৮ মার্চ থেকে বন্ধ হলেও গত ১৭ মার্চ খালি ট্রাক নিজ নিজ দেশে ফেরত যায় এবং পণ্য লোড-আনলোডের কাজ চলে। তবে টানা ১০ দিন বন্ধের মধ্যে বন্দরের কিছু আভ্যন্তরণীণ কার্যক্রম সীমিত পরিসরে চালু ছিল। পানামা অপারেশন ম্যানেজার আরও বলেন, বন্ধের পূর্বে শেষ গত ১৬ মার্চ ৩৬৮ ট্রাক পণ্য ভারত হতে আমদানি ও বাংলাদেশ হতে ১৬ ট্রাক পন্য ভারতে রপ্তানি হয়। আমদানিকৃত পন্যের মধ্যে ৩০১টি ট্রাকেই ছিল পাথর। এছাড়া ৬৭ ট্রাক ভুট্টা বা মেইজ (পশুখাদ্য), চায়না ক্লে (সিরামিকস কাঁচামাল), মসুর ডাল, ছোলা,শুকনা মরিচ সহ বিভিন্ন পণ্য আমদানি হয়। অপরদিকে ১৬ মার্চ ভারতে যে ১৬ ট্রাক পন্য রপ্তানি হয় তার মধ্যে ছিল পাটজাত পণ্য, প্লাষ্টিক সামগ্রী ইত্যাদি।

জেলা প্রশাসনের নতুন নির্দেশনা: শিবগঞ্জে বৈধ কাগজ ছাড়া মিলছে না জ্বালানি তেল

জেলা প্রশাসনের নতুন নির্দেশনা: শিবগঞ্জে বৈধ কাগজ ছাড়া মিলছে না জ্বালানি তেল শিবগঞ্জে জেলা প্রশাসনের নতুন নির্দেশনায় বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না। আজ দুপুরে উপজেলার কানসাটে মেসার্স সুমন ফিলিং স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। তিনি জানান, পুলিশ সদস্যদের সহযোগিতায় প্রতিটি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট যাচাই করে তেল সরবরাহ করা হয়। যাদের বৈধ কাগজপত্র নেই, তাদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। এদিকে তেল নিতে আসা কয়েকজন গ্রাহক প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, এ ধরনের কার্যক্রম সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং অবৈধ যানবাহন চলাচল কমবে। নির্বাহী মাজিস্ট্রেট তৌফিক আজিজ জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় সকল পেট্রোল পাম্পে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে। সকল পাম্প মালিককে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।