চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডায়রিয়ায় আক্রান্ত আরো ১০২ জন

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডায়রিয়ায় আক্রান্ত আরো ১০২ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন ভর্তি হয়েছেন। আজ সিভিল সার্জন অফিসের ডায়রিয়া বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। পূর্বে রোগী ভর্তি ছিলেন ৮৬ জন। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ৭৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে এই হাসপাতালে ৭৬ জন রোগী ভর্তি আছেন।
জুগিডাইং-এ স্টার সানডে উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জুগিডাইং-এ স্টার সানডে উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্টার সানডে উপলক্ষে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার জুগিডাইং এলাকায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় স্থানীয় খ্রিস্টান সম্প্রদায় পরিচালিত সানডে স্কুলের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুখলেসুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমনুরা মিশনের লুথারেন চার্চের রেভারেন্ড রাজেন সরেন এবং সমাজসেবক কামরুজ্জামান মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানডে স্কুলের শিক্ষক সিপানিয়েল হেমরম। আলোচনা সভায় বক্তারা স্টার সানডের তাৎপর্য তুলে ধরেন এবং শিশু-কিশোরদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
গোমস্তাপুর নিখোঁজ শিশুর মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার

গোমস্তাপুর নিখোঁজ শিশুর মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার গোমস্তাপুরে নিখোঁজ শরিফা খাতুন নামে ৬ বছরের এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকালে উপজেলার আলিনগর ইউনিয়নের বিজলি পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শরিফা একই উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের যোগিবাড়ি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। গত শুক্রবার থেকে সে নিখোঁজ ছিল। এঘটনায় পুলিশ গোমস্তাপুর থানার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামের ইব্রাহিমের ছেলে ও ভিকটিমের দুলাভাই অন্তরকে আটক করেছে। এর আগে গতকাল গোমস্তাপুর থানায় সাধারণ ডায়েরী করেন নিহত শিশুর দাদা আব্দুল করিম। তিনি জানান, গত শুক্রবার শরিফা তার দুলাভাইকে সঙ্গে নিয়ে তার জামাই রুবেলের বাড়িতে দাওয়াত খেতে যায়। দুপুরের পর তার নাতনীকে নির্মমভাবে হত্যা করে ধানক্ষেতে ফেলে যায়। পরে তার সন্ধান না পেয়ে অনেক খুঁজাখুঁজি করা হয়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডাইরির সূত্র ধরে জিজ্ঞাসাবাদের জন্য ভিকটিমের দুলাভাই অন্তরকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী আলিনগর ইউনিয়নের বিজলি পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানান।
ভোলাহাটে বন্দি থাকা পরিবারকে উন্মুক্ত করেছে উপজেলা প্রশাসন

ভোলাহাটে বন্দি থাকা পরিবারকে উন্মুক্ত করেছে উপজেলা প্রশাসন ভোলাহাট উপজেলার ঝাউবনা গ্রামের একটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করায় উন্মুক্ত করেছে উপজেলা প্রশাসন। আজ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ জানতে পারেন উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের ঝাউবনা গ্রামের মৃত আব্দুল জলির শেখের কৃষক গোলাম মোস্তফা অন্তঃসত্ত্বা মেয়ে ও শিশুসহ ৫ জন সদস্য নিয়ে বসবাস করে সরকারি রাস্তা ব্যবহার করে আসছেন পূর্ব পুরুষের আমল থেকে। কিন্তু সম্প্রতি পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী জমির আলীগং গত ৩১ মার্চ উসকানিমূলক কথাবার্তা বলেন এবং রাস্তা দিয়ে চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় গোলাম মোস্তফা ভোলাহাট থানায় প্রতিকার চেয়ে ১ এপ্রিল অভিযোগ করেন। অভিযোগের পরদিন ২ এপ্রিল প্রতিপক্ষ টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। ফলে পরিবারের সদস্যরা স্বাভাবিক চলাচল থেকে বঞ্চিত হয়ে কার্যত গৃহবন্দি হয়ে পড়েন। বিষয়টি অবগত হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ তাৎক্ষণিক সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদকে আজ দুপুরে সরজমিনে উপস্থিত হয়ে বেড়া তুলে বন্দি পরিবারের চলাচলের জন্য সরকারি রাস্তাটি অবমুক্ত করেন। এঘটনায় ভুক্তভোগী পরিবারের গোলাম মোস্তফা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমার মত একটি গরিব ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি খুব খুশী হয়েছি। তিনি বলেন, আল্লাহর তরফ থেকে একজন ভালো মানুষ পাঠিয়ে আমাকে মুক্ত করেছেন। তিনি রাস্তাটি অবমুক্ত হওয়ায় আবেগপ্রবণ হয়ে পড়েন।
শিবগঞ্জে গরু চুরিতে ব্যবহৃত পিকআপসহ সরঞ্জাম জব্দ

শিবগঞ্জে গরু চুরিতে ব্যবহৃত পিকআপসহ সরঞ্জাম জব্দ শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের কালুপুর পাইকড়তলা এলাকার রাসেল ইসলাম নামে এক খামারীর খামার থেকে গত ৭ ফেব্রুয়ারী ১৬ লক্ষ টাকা মূল্যের ৫টি গরু চুরির মামলায় একটি আন্ত:জেলা গরু চোর চক্রের মুলহোতা সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ হয়েছে চুরিতে ব্যবহৃত একটি পিকআপ, ২টি কাটারসহ বিভিন্ন সরজ্ঞাম। পুলিশ জানায়, গত ৩ ও ৪ এপ্রিল রাজশাহী ও বগুড়া র্যাবের সহায়তায় রাজশাহী, বগুড়া ও গাইবান্ধা এলাকায় টানা অভিযান চালিয়ে ওই ৫ আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন চক্রের হোতা, বগুড়ার শিবগঞ্জের আলাদিপুর গ্রামের বুলু মন্ডলের ছেলে ও ১৬ মামলার আসামী জসিম উদ্দিন জুয়েল ওরফে মালু, সোনাতলার কুশারঘোপ দক্ষিণপাড়া বলুয়াহাট এলাকার আব্দুল জলিল মোল্লার ছেলে ও ১৩ মামলার আসামী তারাজুল ইসলাম, ৬ মামলার আসামী শিবগঞ্জের জাহাঙ্গীরবাদ নোয়াপাড়া গ্রামের সজল মন্ডল, ৬ মামলার আসামী একই উপজেলার জীবনপুর দক্ষিণপাড়ার নাজমুল হোসেনের ছেলে ওমর সানি ওরফে সজিব এবং গাইবান্ধা গোবিন্দগঞ্জের ফুলপুকুরিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শরিফুল। আজ দুপুরে থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, চুরির ঘটনায় গত ৩ মার্চ মামলা হলে পুলিশ অভিযান ও তদন্ত শুরু করে। গরুগুলো কসাইয়ের কাছে বিক্রি করে দেয়ায় উদ্ধার করা যায়নি। মামলার তদন্ত চলছে। মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক ডিকে তনয় কুমার বলেন, স্বীকারোক্তিমুলক জবানবন্দীর জন্য আজ সন্ধ্যায় আসামীদের আদালতে নেয়া হয়।
আমনুরায় যীশু খ্রীষ্টের পূণরুত্থান দিবস পালিত

আমনুরায় যীশু খ্রীষ্টের পূণরুত্থান দিবস পালিত খ্রিস্টান ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইস্টার সানডে বা খ্রীষ্টের পূণরুত্থান দিবস। আজকের দিনে যীশু খ্রীষ্ট ক্রুশে মৃত্যুবরণ করে ৩ দিনের মাথায় মৃতদের মধ্যে হতে জীবিত হন এবং স্বর্গারোহণ করেন। দিবসটি উপলক্ষে আজ সকাল ৭ টায় এক আড়ম্বর ও ধর্মীয় ভাবগম্ভীর্যপূর্ণভাবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা লুথারেন মিশন গির্জায় বাংলাদেশ নর্দান ইভানজেলিক্যাল লুথারেন চার্চ (বিএনইএলসি) ও আমনুরা লুথারেন মিশন এর সহায়তায় এই গির্জা অনুষ্ঠিত হয়। ইস্টার সানডে উপাসনা গির্জাটি পরিচালনা করেন বিএনইএলসি রাজশাহী সার্কেল পাস্টর রেভারেন্ড রাজেন সরেন ও মন্ডলী পাস্টর সনাতন সরেন এবং সহযোগিতা করেন আমনুরা মিশন লুথারেন চার্চ এর পালক ডেভিড ধনাই হেমব্রম। এই ইস্টার সানডে গির্জায় আমনুরা লুথারেন মিশন, মির্জাপুর,জলাহার, ঝিনাইখোর, বড়বন, চান্দলাই গ্রামসহ অন্যান্য জায়গা হতে প্রায় ৪শ খ্রিষ্টভক্তগণ অংশগ্রহণ করেন। ইস্টার সানডে গির্জা শেষে সকল খ্রীষ্টভক্ত আনন্দ কীর্তন করেন। আমনুরা লুথারেন মিশন গির্জা ও কবরস্থান উন্নয়ন কমিটির সদস্য ও উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম এর তথ্য ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম জানান আমনুরা লাুথারেন মিশনটি চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী প্রাচীন খ্রীষ্টীয় প্রতিষ্ঠান। এখান থেকে খ্রীষ্টান ধর্মালম্বীরা প্রতি রবিবার সহ অন্যান্য দিনে উপাসনা করে থাকি। আজকের এই গির্জায় পৃথিবীর সকল মানুষের কল্যানসহ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং পরিত্রাণের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। আমনুরা মিশন যুব সংঘের সভাপতি জিহেস্কেল মুরমু বলেন আমরা খুবই আনন্দিত সুন্দরভাবে আজকের এই পূণরুত্থান দিন ধর্মীয় গম্ভীর্যপূর্ণভাবে পালন করতে পেরে। ইস্টার সানডে গির্জা উপাসনাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সার্বিক সহযোগিতা করে আমনুরা লুথারেন মিশন গির্জা ও কবরস্থান উন্নয়ন কমিটি ও আমনুরা মিশন যুব সংঘ।
৩ উপজেলায় একযোগে শুরু হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি

৩ উপজেলায় একযোগে শুরু হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জে সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় শুরু হয়েছে হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি। গতকাল রবিবার সকাল ৯টায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান, হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদসহ অন্যরা। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত প্রায় তিন সপ্তাহব্যাপী টানা এই টিকা দেয়া হবে। এ জন্য জেলা হাসপাতাল ও জেলার দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি স্থায়ী ও এই ৩ উপজেলায় ৩৬টি অস্থায়ী কেন্দ্র খোলা হয়েছে। জেলার অন্য শিশুদের পর্যায়ক্রমে এ টিকার আওতায় আনা হবে। দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলা প্রথম পর্যায়ে টিকার আওতায় এসেছে। চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন জানান, সরকার সারা দেশে ৩০টি উপজেলায় বিশেষ এ টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও ভোলাহাট রয়েছে। আজ উদ্বোধনী দিনে সদর উপজেলার বালিয়াডাঙ্গা, গোবরাতলা, ঝিলিম, চরঅনুপনগর ও আলাতুলি ইউনিয়নে, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর, মনাকষা, বিনোদপুর, পাঁকা ও উজিরপুর এবং ভোলাহাট উপজেলায় ভোলাহাট ও গোহালাবাড়ি ইউনিয়নে টিকা দেয়া হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের এই তিনটি উপজেলায় ১ লাখ ৬৭ হাজার ২৮৭ জন শিশুকে টিকা দেওয়া হবে। তিনি আরো জানান, এর মধ্যে সদর উপজেলার ১৪ ইউনিয়নে ৫৬ হাজার ৩১৮ জনকে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ১৬ হাজার ২০৮ জনকে, শিবগঞ্জ উপজেলায় ৭৩ হাজার ৭৭ হাজার জনকে ও ভোলাহাট উপজেলায় ১২ হাজার ৬৮৪ জনকে টিকার আওতায় আনা হয়েছে। অন্যদিকে নাচোল ও গোমস্তাপুর উপজেলার পূর্বে বাদ পড়া শিশুদের শনাক্ত করে টিকা দেয়া হবে। এদিকে টিকাদান কর্মসূচির উদ্বোধনের পর জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার এবং সরকারের স্বাস্থ্যবিভাগসহ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আরো কোনো শিশু যেন হাম রোগে আক্রান্ত না হয়। আপনারা খেয়াল রাখবেন কোনোভাবে যেন প্যানিক না ছড়ায়।
গোমস্তাপুরে হাম প্রাদুর্ভাবে জনসচেতনতামূলক অবহিতকরণ সভা

গোমস্তাপুরে হাম প্রাদুর্ভাবে জনসচেতনতামূলক অবহিতকরণ সভা গোমস্তাপুরে হাম রোগের প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে জনসচেতনতামূলক অবহিতকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা রুমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ,কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান (সোহরাব),চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। বক্তারা বলেন সারাদেশে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় উপজেলায় প্রতিটি ঘরে রোগ প্রতিরোধে সচেতনা বার্তা পৌছে দিতে হবে। সচেতনা হওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ে শিশুদের টিকা দিতে হবে। আক্রান্তদের দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেওয়ার আহবান জানানো হয়। ৯ মাস থেকে ১৫ মাস পর্যন্ত হামের ২ ডোজ টিকা নিলে শিশু ঝুকিমুক্ত, নিরাপদ ও সুস্থ থাকা সম্ভব বলে তারা জানান।
সদর উপজেলায় প্রণোদনার বীজ ও সার বিতরণ

সদর উপজেলায় প্রণোদনার বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ৩১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে তিন ধরনের বীজ ও রাসায়সিক সার বিতরণ করা হয়েছে। সরকারের ২০২৫—২৬ অর্থবছরে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পাট, মুগ ও গ্রীষ্মকালীন তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে ১৫০ জন কৃষককে ১ কেজি করে পাট বীজ, ৫ কেজি করে এমওপি, ৫ কেজি করে ডিএপি, ৯০ জন কৃষককে ১ কেজি করে তিল বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমপি, ৭০ জন কৃষককে ৫ কেজি করে মুগ বীজ, ৫ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমপি সার বিনামূল্যে প্রদান করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, সদর উপজেলা কৃষি অফিসার সুনাইনবিন জামান, উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার আব্দুল আলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনূর আলম, উপজেলা প্রকৌশলী আজাহার আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল হক মাহমুদসহ অন্যরা।
গোমস্তাপুরে অবৈধ তেল মজুদ: স্টিয়ারিং গাড়ির চালককে জরিমানা

গোমস্তাপুরে অবৈধ তেল মজুদ: স্টিয়ারিং গাড়ির চালককে জরিমানা গোমস্তাপুরে অবৈধভাবে ডিজেল তেল মজুদ রাখার অপরাধে এক স্টিয়ারিং গাড়ির চালককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত চালক দুরুল, ভোলাহাট উপজেলার বারইপাড়া এলাকার আয়েশউদ্দিনের ছেলে। জানা গেছে, রহনপুরের মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশনে তেল নিতে এসে চালকের গাড়িতে বোতল ও জারকিনে করে ডিজেল তেল মজুদ রাখা অবস্থায় দেখতে পান স্টেশন কর্তৃপক্ষ। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে চালককে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা প্রায় ১০ লিটার ডিজেল তেল জব্দ করা হয়। সরকারি নির্দেশ অমান্য করে তেল মজুদ রাখার অপরাধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে সালমা রুমা জানান, চালকের আর্থিক অবস্থা বিবেচনায় জব্দকৃত তেল বাজেয়াপ্ত না করে তা গাড়ির ট্যাঙ্কে ঢেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাকে সতর্ক করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।