রহনপুরে নানা কর্মসূচীতে বড়দিন পালিত

রহনপুরে নানা কর্মসূচীতে বড়দিন পালিত গোমস্তাপুরে নানা কর্মসূচীতে বড়দিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে নিরাপত্তার ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে বড়দিন উদযাপিত হচ্ছে। তবে উপজেলার রহনপুর রাঙ্গামাটিয়া মিশনস্থ সেন্ট যোসেফ ক্যাথলিক চার্চে সবচেয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রার্থনা, খেলাধূলা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টানধর্মালম্বী এলাকায় সাজসজ্জায় মুখরিত ছিল। আদিবাসী নেতা লুইস টুডু বলেন, ২৪ ডিসেম্বর রাতে প্রার্থনা, ওইদিন দিবাগত রাত বারটা এক মিনিটে যীশুর জন্মের প্রার্থনা ও সকালে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। আজ দিনব্যাপি রহনপুর রাঙ্গামাটিয়া মাঠে খেলাধুলার আয়োজন করা হয়। রহনপুর মিশন এলাকার বাসিন্দা রঞ্জন হেমব্রম বলেন, বড় দিন উপলক্ষ্যে তাঁদের মধ্যে আনন্দের ফোয়ারা চলছে। হাতের ছোঁয়ায় রঙিন করে তুলে ঘরবাড়িগুলো। ছেলে-মেয়েদের নতুন পোশাক কিনে ঘুরে বেড়াচ্ছেন। তাঁরা বড়দিন পালনে উৎসাহিত। গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়োজিত রয়েছে। এবার উপজেলার ১১ টি স্থানে বড়দিন পালিত হচ্ছে। রহনপুর রাঙ্গামাটিয়া মিশনস্থ সেন্ট যোসেফ ক্যাথলিক চার্চের ফাদার সুমান্ত কস্তা বলেন, শান্তিপূর্ণ ভাবে উৎসবটি পালন করা হচ্ছে।
শীতবস্ত্র বিতরণ এরফান গ্রুপের

শীতবস্ত্র বিতরণ এরফান গ্রুপের দেশের জন্য মানুষের পাশে’— এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবারো অসহায়, দুস্থ ও দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জ পৌরভার ১ নম্বর ওয়ার্ডের কল্যাণপুর ফকল্যাণ্ড মোড়ে কম্বলগুলো বিতরণ করেন এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির সাবেক চেয়ারম্যান ও এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম। এসময় উপস্থিত ছিলেন— এরফান গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, সিনিয়র ব্যবস্থাপক মো. রেজাউল করিম, এরফান গ্রুপ জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মোমিন, ইমাম এমদাদুল হক, সমাজসেবক আব্দুস সামাদ লাট্টু মোড়লসহ অন্য কর্মকর্তাগণ। কম্বল বিতরণের আগে এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মাহবুব আলম জানান, দীর্ঘদিন থেকেই এরফান গ্রুপ চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় দরিদ্র, অসহায়, দুস্থ ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহায়তা, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ করে আসছিলেন আমার পিতা মরহুম এরফান আলী। আমি তার দেখানো পথে একইভাবে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এসব কাজ করে যাবো ইনশাআল্লাহ।
বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ নেশাজাতীয় সিরাপ

বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ নেশাজাতীয় সিরাপ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় আবারো নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি। বুধবার ভোর পৌনে ৫টার দিকে সীমান্ত পিলার ১৮৯/মেইন হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে দাইপুকুরিয়া ইউনিয়নের জামাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে এই সিরাপগুলো জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এই তথ্য জানিয়েছে। বিজিবি আরো জানায়, ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল জামাইপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ওই স্থান তল্লাশি করে ১০২ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ জব্দ করা হয়। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত কয়েক দিনে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭২২ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
নাচোল মাদক বিরোধী ক্রিকেট প্রতিযোগিতা

নাচোল মাদক বিরোধী ক্রিকেট প্রতিযোগিতা খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’— এই স্লোগানকে বুকে ধারণ করে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাদকবিরোধী খেলাধুলা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় বুধবার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় ‘মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’ আয়োজন করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নাচোল উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী সরদার। নাচোল রেলস্টেশন মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদিকুল ইসলাম, চন্দ্রসখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রহিমা খাতুন, চন্দ্রসখা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ইব্রাহিম গলিলুল্লাহ, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এনামুল হক। খেলা শেষে চ্যম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার ও মাদকবিরোধী মেডেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। উপস্থিত সকলেই মাদককে ‘না’ বলুন স্লোগানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন।
নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার নাচোল উপজেলায় স্বপন সরেন নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে নাচোল সদর ইউনিয়নের বেচেন্দ্রা গ্রামের সাগর সরেনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৪টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে স্বপন ফাঁস দেয়। পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো কারণে অভিমান করে স্বপন আত্মহত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি আসলাম আলী।
গোমস্তাপুরে ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

গোমস্তাপুরে ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু গোমস্তাপুরে ট্রাকে ধানের তুষের বস্তা লোড করার সময় ট্রাক থেকে পড়ে গিয়ে এত্তাব আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের ইমামনগর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে ট্রাক থেকে নামার সময় তিনি মাটিতে পড়ে আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
ভোলাহাটে পলু পালন প্রশিক্ষণ

ভোলাহাটে পলু পালন প্রশিক্ষণ ভোলাহাট উপজেলায় পলু পালন বিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ সকালে ভোলাহাট মিনি ফিলেচার কেন্দ্রে এই কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শফিকুল ইসলাম। রাজশাহী আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক তরিকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (সম্প্রসারণ) ও যুগ্ম সচিব ড. এম. এ. মান্নান, প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, টেকনিক্যাল সুপারভাইজার ওলিউর রহমান এবং প্রবীণ সাংবাদিক গোলাম কবিরসহ অন্যান্যরা। মাসব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ২৫ জন রেশম চাষি অংশ নিয়েছেন। উল্লেখ্য, ভোলাহাট জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয়ের বাস্তবায়নে “বাংলাদেশে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা–২য় পর্যায় (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের অর্থায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
কারাতে প্রতিযোগিতায় মাদককে ‘না’ বললেন প্রতিযোগীরা

কারাতে প্রতিযোগিতায় মাদককে ‘না’ বললেন প্রতিযোগীরা ‘খেলাধুলায় বাড়ে বল, ‘মাদক ছেড়ে খেলতে চল’, ‘মাদক নয় হোক জীবনের জয়’ এমন সব স্লোগানকে বুকে ধারণ করে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী কারাতে প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় এই প্রতিযোগিতার আয়োজন করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে মাদকবিরোধী কারাতে প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামূল হক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামূল হক নাহিদ। এসময় চাঁপাইনবাবগঞ্জ জুডো, কারাতে, বক্সিং অ্যাকাডেমির সদস্য ছাড়াও কারাতেপ্রেমী দর্শক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় উপস্থিত দর্শক ও কারাতেদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠান শেষে ছয়টি গ্রুপের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ১৮ জনকে মাদকবিরোধী মেডেল ও শিক্ষা উপকরণ পুরস্কার হিসেবে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। মাদকের বিরুদ্ধে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আহ্বান জানানো হয়।
শিবগঞ্জ সীমান্তে ২ বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৪ ম্যাগজিন সহ; ২৯ টি ভারতীয় চোরাই স্মার্টফোন জব্দ

শিবগঞ্জ সীমান্তে ২ বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৪ ম্যাগজিন সহ; ২৯ টি ভারতীয় চোরাই স্মার্টফোন জব্দ শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির দুই পৃথক অভিযানে ২টি বিদেশী পিস্তল,৫ রাউন্ড গুলি,৪টি ম্যাগজিন এবং ২৯টি চোরাই ভারতীয় স্মার্টফোন জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। আজ সকাল সাড়ে ৬টা এবং বেলা সাড়ে ১১টায় অভিযান দুটি পরিচালনা করা হয়। আজ বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সীমান্তে তৎপরতা বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সূত্রে সীমান্ত হতে ৯০০ গজ দেশের ভেতরে রাঘববাটি এলাকা দিয়ে সীমান্ত চোরচালানের মাধ্যমে অস্ত্রআসার সম্ভাবনার খবর জানা যায়। আজ বেলা সাড়ে ১১টায় সে অনুযায়ীরাঘববাটি এলাকায় অভিযান শুরু হয়। অভিযানকালে সন্দেহভাজন এক ব্যাক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে স্থান ত্যাগ করতে চাইলে বিজিবি তাকে আটকের চেষ্টা করে। এ অবস্থায় তিনি সাথের ব্যাগ ফেলে সীমান্তের দিকে দৌড়ে পালিয়ে যান। পরে টহলদল ব্যাগটি তল্লাশী করে ওইসব অস্ত্র, গুলি জব্দ করে। অধিনায়ক মুস্তাফিজ আরও বলেন,এর মাত্র এক সপ্তাহ আগে গত ১৫ ডিসেম্বর একই সীমান্তে একটি বিশেষ অভিযানে ৪টি বিদেশী পিস্তল, ২৪ রাউন্ড গুলি ও ৯টি ম্যাগজিন জব্দ করে বিজিবি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের ৫৯বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আজ সকাল সাড়ে ৬টায় গোপন খবরের ভিত্তিতে কিরনগঞ্জ বিওপির একটি টহলদল মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৭৮/২ এস হতে প্রায় ২ কিলোমিটার দেশের ভেতরে বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তরবিঘি গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন ২৯টি চোরাই ভারতীয় স্মার্টফোন জব্দ হয়। তবে এ সময় চোরচালানীরা ঘন কুয়াশার সূযোগে পালিয়ে যায়। জব্দ ফোনগুলো কাস্টমসে জমা করা হবে বলেও জানান অধিনায়ক কিবরিয়া।
পলশায় সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ প্রয়াসের

পলশায় সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ প্রয়াসের আজ বিকেলে জেলার সদর উপজেলার পলশা আলিম মাদ্রাসা হলরুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের বিজয়ী ছাত্র-ছাত্রী কৈশোর কর্মসূচির কিশোর-কিশোরী উন্নয়নে যুবসমাজ কার্যক্রমের যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন— পলশা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবু বক্কর, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আঞ্চলিক ব্যবস্থাপক মো. ইমরান আলী, ইউনিট-১ গোবরাতলার ম্যানেজার মোহন কুমার, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. তৌহিদুল ইসলাম, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. মজলুম ইসলাম, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মো. খলিল উদ্দিনসহ স্বাস্থ্য পরিদর্শক ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে উন্নয়নে যুবসমাজ কার্যক্রমের আওতায় ফুটবল খেলায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি ও ক্রেস্ট দেয়া হয়। এছাড়া শ্রেষ্ঠ প্রবীণ ৩ জন, শ্রেষ্ঠ সন্তান ৩ জন, যুব নারী ৩ জন, যুব পুরুষ ৩ জন, মেন্টর ১৪ জনকে সম্মাননা দেয়া হয়।