গোমস্তাপুরে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ

গোমস্তাপুরে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ গোমস্তাপুরে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে উপজেলার চারটি ইউনিয়নে ১০৯ দরিদ্র আদিবাসী মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়েছে। আজ দুপুরে পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সাইকেলগুলো বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইকেলগুলো বিতরণ করেন। পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাবসহ ইউপি সদস্য, প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য পার্বতীপুর ইউনিয়নের ৩৭ জন, রাধানগর ইউনিয়নে ৩৫ জন, রহনপুর ইউনিয়নের ২৬ জন, গোমস্তাপুর ইউনিয়নের ১১ শিক্ষার্থীমোট ১০৯ জন দরিদ্র আদিবাসী মেধাবী শিক্ষার্থী মধ্যে এই সাইকেল বিতরণ করা হয়।

গোমস্তাপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনসহ শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

গোমস্তাপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনসহ শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ গোমস্তাপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরির্শন, থানা পরিদর্শন, কৃষি প্রণোদনা বিতরণসহ ক্ষুদ্র নৃ -গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এসব পরিদর্শন ও বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। আজ সকালে প্রথমে তিনি গোমস্তাপুর থানা পরিদর্শন করে এলজিইডির বাস্তবায়িত গোমস্তাপুর মোড় হতে ফকিরপাড়া গালর্স স্কুল পর্যন্ত রাস্তার উন্নয়ন প্রকল্পের কাজ দেখেন। এরপর তিনি উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে তুলা প্রণোদনার বীজ, রাসায়নিক সার ও বালাইনাশক তুলে দেন। এছাড়া জেলা প্রশাসক রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ মাঠে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় উপজেলার ৩০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ করেন। পরে উপজেলা প্রশাসন আয়োজিত আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষাবৃত্তি কার্যক্রম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২০ জন শিক্ষার্থীকে ছয় হাজার টাকা করে উপবৃত্তি এবং কলেজ পর্যায়ে ১০০ জন শিক্ষার্থীকে সাড়ে নয় হাজার টাকা অর্থ তুলে দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় গোমস্তাপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ওইসব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন (আলিম), পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা।

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় মো. ইব্রাহিম (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের মৃত মারফত আলী সরদারের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ ও স্থানীয় সূত্র জানান, বুধবার বেলা পৌনে ১১টার দিকে সোনাইচন্ডী হাটে নিয়ে যাওয়ার জন্য ইব্রাহিম তার বাড়ি সংলগ্ন রাস্তার নিচে স্টিয়ারিং গাড়িতে গরু তুলে গাড়িটি রাস্তায় নেয়ার সময় উল্টে যায়। এসময় ইব্রাহিম গাছের সাথে চাপা পড়ে যান। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বেলা পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

বিয়ের পিঁড়িতে বসা হলো না প্রয়াস কর্মী জসিমের

বিয়ের পিঁড়িতে বসা হলো না প্রয়াস কর্মী জসিমের আগামীকাল শুক্রবার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল জসিম উদ্দিনের। চোখে-মুখেও ছিল দাম্পত্য জীবন শুরুর স্বপ্ন। কিন্তু তার সে স্বপ্ন নিমিষেই মিশে গেল। আজ বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেলের সাথে সংঘর্ষে প্রাণ হারান জসিম উদ্দিন। জসিম গোমস্তাপুর উপজেলার বেগমনগর গ্রামের সফিকুল ইসলামের ছেলে। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-৬২ মহাদেবপুরের মহিষবাথানে চাকুরি করতেন। স্থানীয় ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন জানান, জসিম উদ্দিন মোটরসাইকেলে করে যাওয়ার সময় দেবীপুর মোড়ে পৌঁছালে গ্রামের মধ্যে থেকে উঠে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনরা ঘটনাস্থল থেকেই তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। বিষয়টি নিয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি। জসিম উদ্দিন ২০২৩ সালের ৯ জানুয়ারি প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিতে যোগদান করেন। তিনি প্রয়াসের ইউনিট-৬২ (মহিষবাথান), মহাদেবপুর, নওগাঁ অফিসে প্রশিক্ষণার্থী জুনিয়র অফিসার পদে কর্মরত ছিলেন। তার এই অকাল মৃত্যুতে দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, কান্নার আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোটা এলাকা। এদিকে জসিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. হাসিব হোসেন। গতকাল বৃহস্পতিবার এক শোক বার্তায় তিনি বলেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-৬২ (মহিষবাথান) অফিসের প্রশিক্ষণার্থী জুনিয়র অফিসার জসিম উদ্দিনের মৃত্যুতে প্রয়াস পরিবারের সকলে মর্মাহত ও গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি। আজ রাত ৯টায় স্থানীয় গোরস্থানে জসিম উদ্দিনের জানাজার নামাজ শেষে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় প্রয়াসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

গোমস্তাপুরে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

গোমস্তাপুরে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি গোমস্তাপুরে গ্রামীণব্যাংকের দুটি শাখা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। আজ সকালে ওই দুটি শাখায় উপকারভোগী সদস্যদের মধ্যে গাছের চারাগুলো বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন গ্রামীণব্যাংকের গোমস্তাপুর এরিয়া ম্যানেজার মোহাম্মদ মুশফিকুর রহমান, গোমস্তাপুর শাখা ব্যবস্থাপক আজমল হোসেন, চৌডালা শাখার ব্যবস্থাপক আবুল কাইয়ূমসহ বিভিন্ন শাখার ঋন উপকারভোগীরা। উল্লেখ্য, সারাদেশ ব্যাপি গ্রামীণ ব্যাংক এই কর্মসূচি পালন করে যাচ্ছে। এরমধ্যে রাজশাহী জোনের গোমস্তাপুর এরিয়ার ১১টি শাখার সদস্যের মধ্যে ১ লাখ ৯৪ হাজার ২০০জনকে চারা বিতরণ করা হবে হবে তারা জানান।

গোমস্তাপুরে ফেনসিডিলসহ নীলফমারারীর যুবক আটক

গোমস্তাপুরে ফেনসিডিলসহ নীলফমারারীর যুবক আটক   গোমস্তাপুরে সড়কে চেকপোষ্ট বসিয়ে একটি অটোরিক্সাযোগে পাচারকালে ৩০৫ বোতল ফেনসিডিলসহ নীলফমারীর যুবককে আটক করেছে র‌্যাব। সে ডোমার থানার সুধুর আড্ডা আন্ধারের মোড় এলাকার মৃত মোকসেদের ছেলে শাহীন। গতকাল রাতে চৌডালা ই্উনিয়নের শুক্রবাড়ী গরিয়া বাজার এলাকায় জেলার শিবগঞ্জের কানসাট থেকে গোমস্তাপুরগামী  সড়কের উপর অভিযানটি চালানো হয়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহীন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ  সকলের চোখ ফাঁকি দিয়ে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহে জড়িত। গোয়েন্দা খবরের ভিত্তিতে র‌্যাব গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা হয়েছে বলে জানায় র‌্যাব।

গোমস্তাপুরে কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি  প্রণোদনা বিতরণ

গোমস্তাপুরে কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি  প্রণোদনা বিতরণ গোমস্তাপুরে চলতি ২০২৩-২৪ অর্থবছরে ৩১ হাজার ৮৬০ জন তালিকাভুক্ত কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি  প্রণোদনা বিতরন। গ্রাম,পাড়া-মহল্লা থেকে এসে নিজ দায়িত্বে এই প্রণোদনা নিয়ে  গেছেন তারা। এর মধ্যে উপজেলা কৃষি বিভাগের তত্বাবধানে নারী কৃষকদেরও তালিকা অনুযায়ী সুষ্ঠুভাবে সার-বীজ বিতরণ করা হয়। এদিকে প্রণোদনার ফসল করে অনেক কৃষক লাভবান হয়েছেন। সরকারি এই প্রণোদনা পেয়ে তারা উচ্ছ্সিত হয়েছেন। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছেন, চলতি অর্থবছরে তালিকাভূক্ত কৃষকদের মধ্যে আউস ধানের প্রণোদনা পেয়েছেন ৬ হাজার ৫০০ জন, আমন ধানের ১৬০০ জন। প্রণোদনা হিসেবে তাদেরকে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০  কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও বোরো মৌসুমে ৫ হাজার জনকে ২ কেজি করে হাইব্রিড ও ৬ হাজার ১০০ জনকে ৫ কেজি করে উফসী জাতের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার পেয়েছেন। সরিষা প্রণোদনা পেয়েছেন ৬ হাজার ৯৫০ জন, গম ৩ হাজার জন, ভুট্টা ৯০০ জন, মাসকালাই ১ হাজার ২০০ জন, খেসারী ২০০ জন, মসুর ১৫০ জন, মুগ ১১০ জন ও শীতকালীন পেঁয়াজ ১৫০ জনকে প্রণোদনা দেওয়া হয়েছে। দোষীমনি কাঁঠাল গ্রামের কৃষক আবুল কালাম বলেন লিজসহ ৪ বিঘা জমিতে আউস ধান চাষাবাদ করেছেন। এর মধ্যে তিনি ১ বিঘার জন্য প্রনোদনা হিসেবে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার পেয়েছেন। ওই বীজ বপন করে ভালো চারা তৈরি হয়েছে। রোপনকৃত চারা জমিকে ভাল  হয়েছে। ফসল উৎপাদন ভাল হবে বলে তিনি ধারণা করছেন । এভাবে সরকার বিনামূল্যে বীজ ও সার দিলে কৃষকরা উপকৃত হবে। বাইরুল,সালাম,এমদাদুল, রবিউল ইসলামসহ অনেক কৃষক জানান, তারাও বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেয়েছেন। বীজগুলো মান ভাল। বাইরের বীজ কিনলে অনেকসময় ভাল হয়না। আমরা নিজ খরচে উপজেলা কৃষি অফিস থেকে এই প্রণোদনা নিয়ে এসেছি। ৫ জনের গ্রুপ করে আমাদের বীজ ও দুই রকমের সার দিয়েছে। তাজকেরা নামে এক নারী কৃষক জানান, তিনি মেয়ে হিসেবে বিনামূল্যে বীজ ও সার পেয়ে বেশ খুশি। তিনি কখন ভাবিনি এগুলো পাব। তার বিলে ও বরিন্দে জমি রয়েছে। যার জমি রয়েছে তারা সবাই পাবে এটা তার প্রত্যাশা। ফখরুদ্দিন নামে এক কৃষক বলেন, কৃষি অফিস থেকে এক বিঘা জমির জন্য সরিষার বীজ ও সার পেয়েছেন। সার কিনতে হয়নি। ভাল উৎপাদন হয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারা তাকে কখন কি করতে হবে সেটার পরামর্শ দিয়েছিলেন। আমন প্রণোদনা নিতে আসা বৃদ্ধ নুরুল ইসলাম বলেন, বিনামূল্যে বীজ ও সার পেয়ে আনন্দ মনে হয়েছে। কিন্তু এই বয়সে কৃষি অফিসে এসে নিতে কষ্ট হচ্ছে। তবে কষ্ট হলেও প্রকৃত কৃষকরাই পাচ্ছেন। যেকেউ নিতে পারছেন না। সরকার আমাদের মত কৃষকদের প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করছেন।  গোমস্তাপুর ইউনিয়নের ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ আল  ফুয়াদ জানান, কৃষি প্রণোদনা পেয়ে কৃষকরা উপকৃত হচ্ছেন। এসব বীজ পেয়ে কৃষকরা মাঠে চাষাবাদ করছেন। ভাল ফলনে তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে।  গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা  তানভীর আহমেদ সরকার বলেন,  উপজেলার ৩১ হাজার ৮৬০জন কে চলতি অর্থবছরে বিভিন্ন ধরণের বীজ ও সার পেয়েছেন। বিনামূল্যে এসব পাওয়ার কৃষকরা উপকৃত হয়েছেন। উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হচ্ছে ধান, গম, সরিষাসহ বিভিন্ন ধরণের ফসল। এতে করে বিভিন্ন ফসলের চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে। তিনি  আর ও জানান সঠিক সময়ে সঠিক  সঠিক কৃষককে  কৃষি বান্ধব সরকারের প্রণোদনা  তুলে দিতে বদ্ধপরিকর  উপজেলা প্রশাসন  ও কৃষি বিভাগ প্রণোদনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে প্রণোদনা  কমিটির সভাপতি  ও উপজেলা নির্বাহী অফিসার  নিশাত আনজুম অনন্যা বলেন মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ যাচাই বাছাইপূর্বক প্রকৃত কৃষকদের তালিকা প্রণয়ন করে এবং কমিটির সর্বসম্মতিতে অনুমোদনপূর্বক প্রকৃত কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা  বিতরণ করা হয়। এক্ষেত্রে, সরকারের  কৃষি বিভাগের বরাদ্দসমূহ নীতিমালার আলোকে  সুষ্ঠুভাবে  কৃষকদের মাঝে বন্টন করা হয় ।      

র‌্যাবের পৃথক অভিযানে সাড়ে ৫ হাজার ইয়াবা ও পৌঁনে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৭

র‌্যাবের পৃথক অভিযানে সাড়ে ৫ হাজার ইয়াবা ও পৌঁনে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৭  গোমস্তাপুরে র‌্যাবের পৃথক দুটি অভিযানে ৫ হাজার ৫ শত পিস ইয়াবা ও ৬৫০ গ্রাম গাঁজাসহ ৭ কারবারি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- জয়পুরহাটের পাঁচবিবি থানার রেলকলোনি এলাকার কবির তালুকদারের ছেলে শামিম তালুকদার এবং গোমস্তাপুরের শহিদুল, আলাউদ্দিন, শিহাব, ফয়সাল, কাওসার ও রনি। আজ চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের পৃথক দুই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকেলে রহনপুর ইউনিয়নের তেতুলতলা গ্রামে ৫,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয় শামিম। এর আগে রহনপুর পৌর নুনগোলা এলাকায় থেকে ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হয় গোমস্তাপুরের ৬ জন। উভয় ঘটনায় গোমস্তাপুর থানায় পৃথক মামলা হয়েছে।

চাঁপাইনবাবঞ্জে পৃথক হত্যা ও অস্ত্র মামলায় ২ জনের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে দুটি পৃথক হত্যা ও অস্ত্র মামলায় নাসিম আলী ও জাহিরুল ইসলাম নামে দুজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে হত্যা মামলায় নাসিমকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয় আদালত। অপরদিকে অস্ত্র মামলায় জাহিরুলকে পৃথক অপর এক ধারায় আরও ৭ বছর কারাদন্ডের আদেশ দেয় আদালত। আদেশে উল্লেখ করা হয় জাহিরুলকে যাবজ্জীবন দন্ড ভোগের পর ৭ বছর দন্ড ভোগ করতে হবে। আজ চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ হিসেবে হত্যা মামলার ও সিনিয়র ষ্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক হিসেবে অস্ত্র মামলার রায় ঘোষণা করেন মোহা: আদীব আলী। এ সময় উভয় আসামী অনুপস্থিত(পলাতক) ছিলেন। হত্যা মামলায় দন্ডিত নাসিম জেলার শিবগঞ্জ উপজেলার তর্তিপুর আলীডাঙ্গা গ্রামের মো. সেসরুলের ছেলে। হত্যার শিকার রংমিস্ত্রী জিয়াউর রহমান টকিন তর্তিপুরের মানিরুল ইসলামের ছেলে। অস্ত্র মামলায় দন্ডিত জাহিরুল জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের সাদিকুল ইসলাম কুলুর ছেলে। রাষ্টপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম হত্যা মামলার ব্যাপারে বলেন, ২০১৭ সালের ৮ সেপ্টেম্বর রাতে মোবাইল কেড়ে নেবার জন্য বাড়ির নিকটে টকিনকে লঠি দিয়ে পিটিয়ে হত্যা করে নাসিম ও তার এক কিশোর সহযোগি। এ ঘটনায় পরদিন শিবগঞ্জ থানায় অজ্ঞাতনামাদের আসামী করে মামলা করেন টকিনের পিতা মানিরুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক আবু আবদুল্লাহ জাহিদ ২০১৭ সালের ৩১ অক্টোবর ওই দুজনকে অভিযুক্ত করে আদালতে র্চার্জশীট দাখিল করেন। ১৮ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত রবিবার নাসিমকে দোষি সাব্যস্ত করে সাজা প্রদান করেন। মামলার কিশোর আসামীর বিচার শিশু আদালতে চলছে। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. শফিক এনায়েতুল্লাহ। অস্ত্র মামলার ব্যাপারে পিপি বলেন, ২০২২ সালের ৩১ মে রাতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে ২টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ গোমস্তাপুরের বোয়ালিয়া ইউনিয়নের সড়গ্রাম বালিকা বিদ্যালয় এলাকা থেকে জাহিরুল গ্রেপ্তার হয়। এ ঘটনায় পরদিন গোমস্তাপুর থানায় র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক আকরামুল হক জাহিরুলকে একমাত্র আসামী করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস ২০২২ সালের ৩০ জুন বিক্রির উদ্দেশ্যে বেআইনি অস্ত্র হেফাজতে রাখায় একমাত্র জাহিরুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৯ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানী শেষে আদালত জাহিরুলকে দোষি সাব্যস্ত করে সাজা দেন । আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড. রেজাউল আহসান রহিম।

রহনপুর পৌরসভার নিম্নআয় এলাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রহনপুর পৌরসভার নিম্নআয় এলাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রহনপুর পৌরসভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প-আইইউজিআইপি’র নিম্নআয় এলাকা উন্নয়ন কমিটি লিনিক গঠন ও সদস্যদের দায়িত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রহনপুর পৌরসভার কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। গভর্নেন্স ইম্প্রুভমেন্ট আ্যন্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট জিআইসিডি কনসালটেন্সির সহযোগীতায় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন। প্রধান অতিথি ছিলেন আইইউজিআইপি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ফুলকাম বাদশাহ্। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন এলজিইডি ভবনের ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ কাজী লিয়াকত আলী, আঞ্চলিক সমন্বয়কারী (সিএম) আব্দুল মজিদ, জুনিয়র জিডিপিএ বিশেষজ্ঞ এনএন নাসরীন। দিনব্যাপি কর্মশালায় মেয়র, পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, কাউন্সিলর, পৌরকর্মচারী ও লিনিক সদস্য উপস্থিত ছিলেন। প্রশিক্ষনে মোট ৪২ জন অংশ গ্রহণ করেন। কর্মশালায় নগর পরিচালনা এবং অবকাঠামো উন্নয়ন প্রকল্প-আইইউজিআইপি উদ্দেশ্য ও কার্যক্রম, নিম্নআয় এলাকা উন্নয়ন কার্যক্রমে, কমিউনিটি মবিলাইজেশনে পদক্ষেপ, পরিবারের বৈশিষ্ট্য জনগোষ্ঠীর সঙ্গে পরিচিতি, দলগঠন, উন্নয়ন কমিটি ও দায়িত্ব, নির্বাচন পরিচালনা পদ্ধতি, কমিউনিটি কর্ম-পরিকল্পনা প্রণয়ন, অবকাঠামো উন্নয়ন, উপপ্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নে বিভিন্ন ধাপ, লিনিক কমিটির গঠনের প্রয়োজনীয়তাসহ আর্থ সামাজিক ও দক্ষতা উন্নয়ন বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়।