গোমস্তাপুরে প্রতি*বন্ধী যুবকের আত্ম*হ*ত্যা

গোমস্তাপুরে প্রতি*বন্ধী যুবকের আত্ম*হ*ত্যা গোমস্তাপুরে সাগর নামে এক বাক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোরে উপজেলার রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম এলাকার নিজ বাড়ি সংলগ্ন একটি আমগাছে গলায় ফাঁস দিয়ে এই ঘটনা ঘটে। মৃত সাগর ওই গ্রামের বাসিন্দা আফতাবের ছেলে। স্থানীয়রা জানান, আজ ভোর ৫ টার দিকে সাগর পরিবারের অগোচরে নিজ বাড়ি সংলগ্ন আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তার ভাই আকাশসহ অন্যরা দেখতে পান। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দীন ।
বাবুডাইং ও চড়ইল বিলকে অভয়াশ্রম ঘোষণার দাবিতে পরিবেশ উপদেষ্টাকে স্মারকলিপি

বাবুডাইং ও চড়ইল বিলকে অভয়াশ্রম ঘোষণার দাবিতে পরিবেশ উপদেষ্টাকে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জ সদর ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং বনভূমি ও গোমস্তাপুর উপজেলার চড়ইল বিলকে অভয়াশ্রম ঘোষণার দাবিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে সেভ দ্য নেচার। গত সোমবার সন্ধ্যায় রাজশাহী বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হাতে স্মারকলিটি তুলে দেয়া হয়। স্মারকলিপিতে বলা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে সদর ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবস্থিত ‘বাবুডাইং বনভূমি’ ভূপ্রকৃতিগত কারণে সম্পর্ণ ভিন্ন ধরনের এলাকা। এখানে রয়েছে ছোট-বড় বেশ কিছু টিলা ও একটি খাড়ি (প্রাকৃতিক জলাধার)। এছাড়া বেশ কয়েকটি পুকুরও রয়েছে। এই এলাকাটি জীববৈচিত্র্যের আধার। বাবুডাইংয়ে ১২০ বছর পর ‘ব্রাউন ক্রেক’ পাখি দেখা গেছে ২০২০ সালের শুরুর দিকে। বর্তমানেও এই এলাকায় অবস্থান করছে। এখন পর্যন্ত এ পাখি বাংলাদেশের আর কোথাও দেখা যায়নি। এছাড়া দুই প্রজাতির নাটাবটের, দুই প্রজাতির রাতচরা পাখি, বুনো খরগোশ, বনবিড়াল, শিয়ালসহ নানা প্রজাতির বন্যপাণী ও পাখি রয়েছে। বিরল প্রজাতির পাখির ছবি তুলতে পাখি গবেষকরা প্রায়শই আসেন এখানে। পাখি ও প্রাণীর জন্য খাড়ি হলো পানির প্রধান উৎস। জমির মালিকরা ফসলে বিষ প্রয়োগের পর বিষের প্যাকেট ওই খাড়িতে ফেলে। ওই প্যাকেটে থাকা বিষ খাড়ির পানিতে মিশে বিষাক্ত হতে পারে। তাছাড়া খাড়িতে রয়েছে কচ্ছপসহ নানান মেরুদ-ী ও অমেরুদ-ী প্রাণী, তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। বাবুডাইংয়ের উদ্ভিদ জগৎ ধ্বংসের আরো একটি বড় কারণ পালের গরু চরানো। প্রতিদিন শত শত গরু চরে এখানে। গরু চরানোর কারণে সেখানে নতুন কোনো উদ্ভিদ জন্মাতে পারে না। ২০১৮ সালে জেলা প্রশাসন এবং আমরা সেভ দ্য নেচার, চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়। কিন্তু গরু চরানোর কারণে একটা গাছও রক্ষা করা সম্ভব হয়নি। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় বাঙ্গাবাড়ী ইউনিয়নের চড়ইল বিলেও দেশের খ্যাতনামা পাখি গবেষকরা আসেন। এই বিলটি জীববৈচিত্র্যের আধার। প্রতি বছর শীত মৌসুমে এখানে আসে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। সেখানেও নানান কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর ও রাজশাহী গোদাগাড়ী উপজেলার বাবুডাইং বনভূমি এবং গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের চড়ইল বিলকে অবিলম্বে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে ওই এলাকা দুটোর জীববৈচিত্র্য রক্ষা করার দাবি জানানো হয় স্মারকিলিপিতে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেনÑ চাঁপাইনবাবগঞ্জ সেভ দ্য নেচার’র প্রধান সমন্বয়ক সাংবাদিক রবিউল হাসান ডলার ও সমন্বয়ক তৌহিদুল ইসলাম।
গোমস্তাপুরে মুক্তিযুদ্ধকালে ৩৫ জন নিহতের স্মরণে হরিনাম যজ্ঞানুষ্ঠান

গোমস্তাপুরে মুক্তিযুদ্ধকালে ৩৫ জন নিহতের স্মরণে হরিনাম যজ্ঞানুষ্ঠান ১৯৭১ সালের ২০ এপ্রিল পাকহানাদার বাহিনীর হাতে হিন্দু সম্প্রদায়ের ৩৫ জন নিহতের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। নিহতদের আত্মার শান্তি কামনায় গোমস্তাপুর কামারপাড়া শ্রী শ্রী দুর্গা স্মৃতি মন্দির কমিটি সোমবার এই অনুষ্ঠানের আয়োজন করে। পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক অবসরপ্রাপ্ত শিক্ষক সুকুমার রঞ্জন দাসের সহধর্মিণী সৌদামিনী দাস এই যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করেন। পরে একই স্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটি সভাপতি কমল চক্রবর্তী। কমিটির সাধারণ সম্পাদক বাবু অশোক কুমার দাসের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- কৃষি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাস, নাচোল কলেজের প্রভাষক ড. অজিত কুমার দাস, বিশিষ্ট সমাজসেবক মঙ্গল দত্ত, সমাজসেবক রাজকুমার মন্ডল। পরে মুক্তিযুদ্ধ চলাকালীন নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। উল্লেখ্য, হরিনাম যজ্ঞানুষ্ঠানে ৫টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- ঢাকা তাঁতিবাজারের প্রীতম ম-ল, বগুড়ার প্রণতি দেবী, নওগাঁর প্রদীপ চক্রবর্তী, নওগাঁর সজীব দাস ও নওগাঁর নাম কীর্তন।
গোমস্তাপুরে বজ্রপাতে নিহত কৃষককে আর্থিক সহায়তা প্রদান

গোমস্তাপুরে বজ্রপাতে নিহত কৃষককে আর্থিক সহায়তা প্রদান গোমস্তাপুরে বজ্রপাতে শাহাবুদ্দিন ওরফে ওজকার নামে এক কৃষক নিহত হয়েছে। গতকাল রাত ৮ টার দিকে ঝড়বৃষ্টি হওয়ার সময় সন্তেষপুর গ্রাম সংলগ্ন বিলের খোলারট্যাক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন উপজেলার আলিনগর ইউনিয়নের কামাত সন্তেষপুর গ্রামের বাসিন্দা তাজামুল হকের ছেলে। ওই সময় তিনি পাওয়ার টিলারে করে ধান নিয়ে এলাকায় ফিরছিল। এদিকে আজ সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি নিহতের স্ত্রীর হাতে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন। এ সময় বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
গোমস্তাপুরে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কাটা-মাড়াইয়ের উদ্বোধন

গোমস্তাপুরে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কাটা-মাড়াইয়ের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সমলয় পদ্ধতিতে চাষাবাদকৃত জমির বোরো ধান কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কাটা-মাড়াইয়ের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর ব্লকের রাইহো গ্রামের একটি ক্ষেতে এই ধান কাটার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এ উপলক্ষে একই স্থানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী। অন্য অতিথিদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, কৃষক ইমরুল কায়েশ বক্তৃতা করেন। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আকতার লাবনী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলামসহ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও অন্য কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন, উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর ব্লকের রাইহো গ্রাম এলাকায় ৫৫ জন কৃষককে নিয়ে ৫০ একর জমিতে প্রথমবারের মতো সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদ করা হয়েছে। ওই জমিতে প্রদর্শনী হিসেবে উচ্চ ফলনশীল জাত ব্রি ধান-৮৮ রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে রোপণ করা হয়েছিল। এখন কম্বাইন হারভেস্টারের মাধ্যমে তা কাটা-মাড়াই শুরু হলো। তিনি আশা করছেন, এবার বাম্পার ফলন হবে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য আম, আমের পাশাপাশি ধানের উৎপাদন ভালো হয়। ভালো উৎপাদনের ফলে দেশের অন্যান্য এলাকায় চাহিদা মিটিয়ে থাকে এই অঞ্চলের ধান। আমরা দেখলাম, কীভাবে যান্ত্রিক পদ্ধতিতে ধান কর্তন করা হয়। এর আগে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপণ করা হয়েছিল। এগুলো আসলেই প্রদর্শনী। আপনাদের দেখানো ও জানানো। আপনাদের উদ্বুদ্ধ করানো হলো এই কর্মসূচির মাধ্যমে। তিনি বলেন, যদি আগের পদ্ধতিতে শ্রমিককে টাকা দিয়ে ধান কাটতেন, তাহলে একদিনে কতটুকু ধান কর্তন করতে পারতেন। এই পার্থক্যটা কতটুকু, চোখের সামনে দেখতে পাচ্ছেন। কৃষি কর্মকর্তা বলে গেছেন, ২ থেকে ৩ বিঘা জমি কর্তন করতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে। এতে আপনারা উৎসাহী হন। সময়, শ্রমিক কম লাগছে। আমরা যদি সমলয় পদ্ধতি ব্যবহার করতে পারি, তাহলে সবুজ বিপ্লব বাস্তবায়ন ঘটানো সম্ভব। এর আগে জেলা প্রশাসক গোমস্তাপুর ইউনিয়নে ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট (জৈব সার তৈরি) ও রহনপুর ইউনিয়নের বংপুরে পলিনেট হাউস পরিদর্শন এবং পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পুষ্টি বাগানের উদ্বোধন করেন।
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ মিস্ত্রি নিহত

গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ মিস্ত্রি নিহত গোমস্তাপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম নামে এক ওয়েল্ডিং মিস্ত্রি নিহত হয়েছে। আজ বেলা সাড়ে এগারোটার দিকে পার্বতীপুর ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণ গ্রামের একটি আমবাগানে নির্মাণাধীন ঘরে কাজ করার সময় এই ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম রহনপুর পৌর এলাকার রহমতপাড়া গ্রামের মৃত হাসেন উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, শরিফুল ইসলাম ওই গ্রামের একটি লীজ নেওয়া আমবাগানের ভিতরে নির্মাণাধীন ঘরে বিদ্যুতের কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে বিদ্যুত লাইনের পিলারে হাত লেগে বিদ্যুতস্পৃষ্ট হন। পরে তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।
রাজশাহী-ঢাকা রুটে চলা ৪টি আন্ত:নগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন

রাজশাহী-ঢাকা রুটে চলা ৪টি আন্ত:নগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী চারটি আন্ত:নগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালানো সহ ৮ দফা দাবিতে মানববন্ধন ও স্মারককলিপি প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ সুশাসনের জন্য নাগরিক-সুজন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধনের আয়োজন করে। শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনি-পেশার প্রতিনিধি এবং সাধারণ মানুষ কর্মসূচীতে যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করেন। ঘন্টারও বেশি সময়ের মানববন্ধনে আয়োজকরা আগামী ৭ দিনের মধ্যে কর্তৃপক্ষ দাবি পূরণের আশ^াস না দিলে আগামী ১৪ মে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশনে ‘বনলতা’ ট্রেন অবরোধের কর্মসূচী দেন। মানববন্ধনে বক্তব্য দেন জেলা সুজন সভাপতি আসলাম কবীর, সম্পাদক মনোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতি সভাপতি মোহাম্মদ ইসাহাক, জেলা চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ,শাহ নেয়ামতুল্লাহ কলেজ অধ্যক্ষ কামরুজ্জামান, জেলা হাসপাতালের চিকিৎসক ইসমাইল হোসেন ও মাহফুজ রায়হান,জেলা বৈষম্যবিরোদী ছাত্র আন্দোলন আহব্বায়ক আব্দুর রাহিম,নাগরিক কমিটি যুগ্ম আহব্বায়ক আবু হেনা বাবলু, প্রবীন হিতৈষী সংঘের আফসার আলী,মর্ডান মাকেট কমিটি সভাপতি গোলাম মোস্তফা,জেলা কলেজ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ সম্পাদক বাবুল আখতার,জেলা পুজা উদযাপন কমিটি সভাপতি ডাবলু কুমার ঘোষ,জেলা চা দোকান মালিক সমিতি সভাপতি কামরুজ্জমান মুক্তা,সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা মোখলেসুর রহমান,জেলা যুবদলের সাবেক সম্পাদক আব্দুর রহমান সহ অনেকে। বক্তরা বলেন, রাজশাহী-ঢাকা রুটে ৫টি আন্ত:নগর ট্রেন চললেও শুধু ‘বনলতা’ রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলে। অথচ বিভিন্ন মহল দীর্ঘদিন থেকে সকল ট্রেনই চাঁপাইনবাবগঞ্জ থেকে চালাানোর দাবিতে আন্দোলন করছে। অথচ দাবিটি পূরণ না হওয়ায় ২৫ লক্ষাধিক জনসংখ্যার জেলাবাসীকে বিভিন্ন দূর্ভোগ পোহাতে হচ্ছে। আম সহ বিভিন্ন দিকে সমৃদ্ধ ও সম্ভাবনার জেলাবাসী নিরাপদ আধুনিক যোগাযোগ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। মানবন্ধন শেষে জেলা প্রসাসকের মাধ্যমে রেল উপদেষ্টা ও সচিব এবং সড়ক উপদেষ্টা ও সচিবকে স্¥রকলিপি দেয়া হয়। ৮দফার অন্য দাবিগুলো হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত নতুন ডবল লাইন নির্মাণ, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্ম আধুনিকায়ন, জেলার রহনপুর রেলওয়ে শুল্ক ষ্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর ঘোষণা,সকল আন্ত:নগর ট্রেনের জন্য রহনপুর পর্যন্ত কানেকটিং ট্রেন চালু, সদর উপজেলার আমনুরা বাইপাস ষ্টেশনে যাত্রাবিরতি রাখা, আমনুরাকে আধুনিক জংশনে রুপান্তর এবং ঢাকা থেকে নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সদর হয়ে জেলার সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত মহাসড়ককে ৬ লেনে উন্নত করা।
যমজ তিন সন্তান দেখতে গেলেন গোমস্তাপুর ইউএনও

যমজ তিন সন্তান দেখতে গেলেন গোমস্তাপুর ইউএনও চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাঞ্চনতলা গ্রামের সুমা খাতুন গত ১৬ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনটি ফুটফুটে যমজ সন্তানের জন্ম দেন। তিন সন্তানের মধ্যে দুই মেয়ে আমেনা, মোমেনা ও ছেলে মোমিন। বাবা মামুন আলী দিনমজুর। যার প্রতিটি দিন কাটে কষ্টে। মা সুমা খাতুন একজন গৃহিণী। অভাব-অনটনের মাঝে যমজ তিনটি সন্তানের জন্ম নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছিল মামুন-আসমা দম্পতির। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যাকে জানানো হলে তিনি গত রবিবার দুপুর ২টার দিকে দরিদ্র পরিবারের সেই ছোট্ট ঘরে বাচ্চাগুলোকে দেখার জন্য ছুটে যান। সেখানে গিয়ে তিনি কোলে তুলে নেন একে একে তিন নবজাতককে। আদর করেন মায়ের মতো। বাচ্চাগুলোকে দেখভাল করার জন্য ওই দম্পতিকে বেশ কিছু কোটার দুধ, ফিডার, বাচ্চাদের পোশাক ও তোয়ালে দিয়ে আসেন। একজন সরকারি কর্মকর্তার এমন মানবিক ও মাতৃসুলভ আচরণ দেখে এলাকার জনসাধারণের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা জানান, মানবিক কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যমজ শিশুগুলোকে সহযোগিতা করা হয়েছে। বাবা দিনমজুর। অর্থনৈতিক অনটনের কারণে আগামীতে এ সহযোগিতা অব্যাহত থাকবে। বাচ্চাগুলোকে দেখভাল করার জন্য স্থানীয় স্বাস্থ্যকর্মীকে খোঁজখবর নেয়ার কথা বলা হয়েছে।
গোমস্তাপুর-নাচোলে ঝড় ও শিলাবৃষ্টি আম-বোরো ধান ও সবজির ক্ষতি

গোমস্তাপুর-নাচোলে ঝড় ও শিলাবৃষ্টি আম-বোরো ধান ও সবজির ক্ষতি গোমস্তাপুর ও নাচোল উপজেলায় গত বৃহস্পতিবার দুপুরে ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাও পড়েছে। এতে কোনো কোনো এলাকায় আম, বোরো ধান ও সবজির কিছুটা ক্ষতি হয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিও হয়। এতে জেলার ৪৫ হাজার ৬৮০ হেক্টর বোরো ধানের মধ্যে ১৭৫ হেক্টর আক্রান্ত হয়। তবে সবমিলিয়ে ১৮ হেক্টর জমির ধান নষ্ট হবে বলে কৃষি অফিস জানিয়েছে। কৃষি অফিস আরো জানায়, আমবাগান আক্রান্ত হয়েছে ৭৬ হেক্টর। তবে সবমিলিয়ে ৭ থেকে ৮ হেক্টর বাগানের আম নষ্ট হতে পারে। এছাড়া সবজি নষ্ট হয়েছে ২০ হেক্টর জমির। এদিকে আমাদের গোমস্তাপুর প্রতিনিধি আল মামুন বিশ্বাস জানিয়েছেন, গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকায় শিলাবৃষ্টিতে বোরো ধান, আমসহ বিভিন্ন সবজির ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। এতে ওই এলাকার পাকা ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়। ১৫ থেকে ২০ মিনিটের শিলাবৃষ্টিতে চাষিদের স্বপ্ন মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হয়। স্থানীয় কৃষকরা জানান, শিলার আঘাতে ধান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকা ধানের শিষ থেকে ধান ঝরে পড়ে গেছে মাঠজুড়ে। এছাড়া আম ও লিচু গাছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পার্বতীপুর ইউনিয়নের মিজানুর রহমান নামে এক কৃষক জানান, দুপুরের পর থেকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়। প্রথম দিকে হালকা বাতাস শুরু হয়; কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হয় ব্যাপক ঝড়। এর সাথে শিলাবৃষ্টি। এতে আমাদের গাছপালাসহ ফসলাদির ব্যাপক ক্ষতি হয়েছে। একই ইউনিয়নের ফিরোজ নামের এক কৃষক জানান, অনেকের পাকা ধান কাটা শেষ হয়ে গেছে। আবার অনেকের পাকা ধান এখনো কাটা হয়নি। আমারও কিছু ধান কাটা বাকি রয়েছে আজ (গত বৃহস্পতিবার) হঠাৎ শিলাবৃষ্টির কারণে ধান ঝরে কাদা ও পানিযুক্ত জমিতে পড়ে গেছে। এতে আমার অনেক ক্ষতি হয়ে গেছে। সোহেল হোসেন নামে আরেক কৃষক জানান, তার দুই বিঘা জমিতে কিছুদিন আগে বিভিন্ন ধরনের সবজি চাষ করে বিক্রি শুরু করেছিলেন। এই শিলাবৃষ্টিতে তার সবজি নষ্ট হয়ে গেছে। আমচাষি ফয়সাল কবির জানান, তার বাগানে শতাধিক গাছের আম ঝরে গেছে। এছাড়া বৃষ্টির কারণে বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে। কিছু গাছপালা উপড়ে পড়েছে। এ বিষয়ে উপজেলার কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন, মাত্র কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ খুব বেশি হবে না। চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াশিন আলী এই তথ্য নিশ্চিত করে বলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলায় বৃহস্পতিবার গড় বৃষ্টি হয়েছে প্রায় ২০ মিলিমিটার। এর মধ্যে সদর উপজেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪৫ মিলিমিটার। এছাড়া শিবগঞ্জে ১০ মিলিমিটার, গোমস্তাপুরে ৫ মিলিমিটার, নাচোলে ৩৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে ভোলাহাটে কোনো বৃষ্টি হয়নি। তিনি জানান, বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিতে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর, নাচোল উপজেলার কসবা, নাচোল ও নেজামপুর ইউনিয়নের পাকা বোরো ধান, আম ও সবজির কিছুটা ক্ষতি হয়েছে। আক্রান্ত্র এলাকায় কিছু আমে দাগ ধরতে পারে। তবে সবমিলিয়ে এই বৃষ্টি আমের জন্য আশীর্বাদ বয়ে এনেছে। কারণ এই বৃষ্টির ফলে আমের আকার ও ওজন দ্রুত বৃদ্ধি পাবে।
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এতে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। মাসিক সভায় আইনশৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের ওপর আলোকপাত করা হয়।