গোমস্তাপুরে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক

গোমস্তাপুরে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক গোমস্তাপুওে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। আজ সকালে প্রথমে তিনি উপজেলা চত্বরে দেশীয় ফল মেলা, গার্ডেন টিলারের উদ্বোধন, কৃষকদের মধ্যে বিনামূল্য সবজি বীজ ও কৃষি উপকরণ এবং হত দরিদ্রের মধ্যে টেউটিন বিতরণ করেন। পরে তিনি উপজেলা সভাকক্ষে পার্টনার কংগ্রেস কর্মশালায় অংশ নেন। উপজেলা কৃষি বিভাগ আয়োজিত প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড ট্রান্সফরমেশনফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওয়াত দিনব্যাপী এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। কৃষির উৎপাদন বৃদ্ধি, উন্নত জাত সম্প্রসারণ, কৃষি পণ্যের সুষ্ঠু বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রান্তিক কৃষকদের মধ্যে তথ্য ও প্রযুক্তি ছড়িয়ে দেয়ার লক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. ইয়াছিন আলী। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক ও জেসমিন আক্তার লাবনীসহ জুনিয়র মনিটরিং অফিসার ড.জহুরুল ইসলাম। এছাড়া বিকেলে তিনি রহনপুর ও আলিনগর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন।  

গোমস্তাপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী দিবস পালিত

গোমস্তাপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী দিবস পালিত মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গোমস্তাপুরে শোভাযাত্রা, সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে আজ বিকেলে বিজিবি রহনপুর বিওপির আয়োজনে এসব পালন করা হয়। উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বিজিবি রহনপুর কোম্পানি কমান্ডার সুবেদার শেখ আব্দুল জাব্বার, বাঙ্গাবাড়ি বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল ওয়াদুদ, রামদাস বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার হায়দার আলী।

রামেক হাসপাতালে ডেঙ্গুতে মারা গেলেন গোমস্তাপুরের কবির

রামেক হাসপাতালে ডেঙ্গুতে মারা গেলেন গোমস্তাপুরের কবির ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুরের কবির হোসেন (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কবির হোসেন রোকনপুর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে। বুধবার রামেক হাসপাতালের ডেঙ্গু-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মৃত্যুর পূর্ব পর্যন্ত কবির হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, গত ১৯ জুন রামেক হাসপাতালে ভর্তি করা হয় কবির হোসেনকে। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবির হোসেন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চাঁপাইনবাবগঞ্জের আরেক রোগী ফেরদৌসী খাতুনের অবস্থাও ভালো নয়। তাকেও হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও হত্যা মামলায় পলাতক আসামী গ্রেপ্তার

মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও হত্যা মামলায় পলাতক আসামী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের দুই পৃথক অভিযানে একটি হত্যা মামলার এজাহারনামীয় ২ নং পলাতক আসামী এবং একটি মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীসহ দু’জন গ্রেপ্তার হয়েছে। গত ৯ জুন গোমস্তাপুর উপজেলার সুবইল গ্রামে বাশেদ আলী হত্যা মামলার আসামী একই গ্রামের এসলাম ওরফে ঝাটুর ছেলে মেসবাঊল হককে আজ ভোররাতে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, গতরাতে গ্রেপ্তার হয় মাদক মামলায় সাজাপ্রাপ্ত শিবগঞ্জ উপজেলার চাঁদশিকারী দর্জিপাড়া গ্রামের রাজ্জাক আলীর ছেলে বাবু। আজ দুপুরে র‌্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো পৃথক দুই প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানগুলো নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, শিশুদের ক্রিকেট খেলা নিয়ে সৃষ্ট গোলোযোগের সুযোগে পূর্ব শত্রুতার জেরে মাথায় শাবল দিয়ে আঘাত করে খুন করা হয় বাশেদ আলীকে। এঘটনায় নারীসহ আরও দুজন গুরুতর আহত হন। এ ব্যাপারে নিহতের মেয়ে গোমস্তাপুর থানায় মামলা করলে র‌্যাব বগুড়া সদরের কমলপুর ছঘরিয়া মারকালজুর উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা থেকে মেসবাউলকে গ্রেপ্তার করে। র‌্যাব আরও জানায়, শিবগঞ্জের মনাকষা এলাকা থেকে মাদক মামলায় ২ বছরের সশ্রম কারাদন্ড, ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী বাবু গ্রেপ্তার হয়। গ্রেপ্তারদের সংশ্লিস্ট থানায় হস্তান্তকরা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

গোমস্তাপুরে বিনামূল্য কৃষি উপকরণ বিতরণ

গোমস্তাপুরে বিনামূল্য কৃষি উপকরণ বিতরণ গোমস্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। উদ্বোধনী দিনে প্রত্যেক কৃষককে বিঘাপ্রতি ৫ কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি বিভাগ আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও সূচনা বক্তব্য দেন— উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন— উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলামসহ উপহারভোগী কৃষকরা। প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন, গ্রীষ্মকালীন পেঁয়াজ, ইয়ার ফ্লো মেশিন, তালা, নারিকেল, লেবু, পেঁয়াজ কন্দ, আম, নিম, কাঁঠাল, বেল, তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হবে। এর মধ্যে ৩ হাজার ২০ জনকে রোপা আমন (উফশী) ধানের বীজ ও রাসায়নিক সার; ৫৫০ জনকে গ্রীষ্মকালীন পেঁয়াজ, বালাইনাশক ও রাসায়নিক সার; ১৫০ জনকে উফশী জাতের শাকসবজি ও রাসায়নিক সার; ৯৫ জনকে লেবু ও জৈব সার; ১০ জনকে শীতকালীন পেঁয়াজ কন্দ, বালাইনাশক ও সংরক্ষন পাত্র; ৮৬ জনকে উন্নতজাতের আম; ২০ জনকে হাইব্রিড তুলা; ৮টি পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন; ৯০টি প্রতিষ্ঠানকে নারিকেলের চারা; কৃষক পরিবারের ১ হাজার ৪৫০ শিক্ষার্থীকে নিম, বেল, জাম ও কাঁঠাল চারাসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ৪৩০টি তালের চারা ও বেড়া সহায়তা করা হবে হলে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে।

গোমস্তাপুরে এক ফার্মেসীকে অর্থদন্ড

গোমস্তাপুরে এক ফার্মেসীকে অর্থদন্ড গোমস্তাপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে ২ হাজার টাকা অর্থদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ রহনপুর পৌরএলাকার কলেজ মোড়ে নুরনবীর ফার্মেসীতে অভিযান চালিয়ে তাকে এ অর্থদ- প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী এই অর্থদ- প্রদান করেন। এসময় ওই এলাকার অন্য ফার্মেসীগুলোতে সতর্কমূলক নির্দেশনা প্রদান করা হয়। আদালত সূত্রে জানা যায়, আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঔষুধ তত্তাবধায়কের অভিযানে রহনপুর পৌর এলাকার কলেজে মোড়ের ফার্মেসীগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী ঔষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর (খ) ধারায় ৪০ (ক) এবং ৪০ (খ) ধারায় সাবস্ত করে তাকে ২ হাজার টাকা অর্থদ- প্রদান করেন।

গোমস্তাপুরে হত্যা মামলায় দুই আসামী রাজশাহী ও সিরাজগঞ্জে গ্রেপ্তার

গোমস্তাপুরে হত্যা মামলায় দুই আসামী রাজশাহী ও সিরাজগঞ্জে গ্রেপ্তার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবইল গ্রামে আব্দুল বাসেদ আলী হত্যা মামলায় এজাহারনামীয় পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আটককৃতরা হলো- সুবইল গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আরজেদ আলী টুনু এবং একই গ্রামের খাইরুল ইসলামের ছেলে সিয়াম আলী। আজ সকালে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠনো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার পর র‌্যাব আসামী গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল বিকালে সিরাজগঞ্জের তাড়াশ থানার দবিরগঞ্জ বাজার হতে র‌্যাব-১২ এর সাথে যৌথ অভিযানে আরজেদ আলীকে এবং রাজশাহী মহানগরের মতিহার থানার তালাইমারী মোড় এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব। উল্লেখ্য, গত ৯ জুন শিশুদের ক্রিকেট খেলা নিয়ে সৃষ্ট গোলোযোগের সূযোগে পূর্ব শত্রুতার জেরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এসময় নিহতের নিকটাত্মীয় এক নারীসহ দু’জন গুরুতর আহত হন। এঘটনায় নিহতের মেয়ে গোমস্তাপুর থানায় মামলা করেন।

গোমন্তাপুরে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গোমন্তাপুরে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গোমস্তাপুরে দুর্নীতি বিরুদ্ধে তারণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা- বিষয়ে আয়োজিত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে বিতর্ক প্রতিযোগিতায় রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও আলিনগর স্কুল ও কলেজ এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়। শেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন আলিনগর স্কুল ও কলেজের দলনেতা নওশিন আতিয়া। দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম। পরে বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী প্রধান অতিথি থেকে বিজয়ী প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলী, প্রাথমিক শিক্ষা অফিসার মুসাহাক আলী, উপজেলা একাডেমী সুপার ভাইজার আসমা খাতুন। বিতর্ক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব ছিলেন রহনপুর পুনর্ভবা আইডিয়াল (পিএম) কলেজের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রী কলেজে সহকারী অধ্যাপক আব্দুর রাকিব, খড়কাডাঙ্গা দাখিল মাদ্রাসার প্রভাষক নুরুজ্জামান বাবু এবং অনুষ্ঠানে সঞ্চালনা ও মডারেটর দায়িত্বে ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সম্পাদক সারোয়ার জাহান সুমন।

গোমস্তাপুরে বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে নৌ সচিব

গোমস্তাপুরে বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে নৌ সচিব নাচোল উপজেলার কসবা ইউনিয়নের চন্দনায় অবস্থিত ভারত থেকে আমদানি করা আদানির বিদ্যুৎ গ্রহণ কেন্দ্র (সাব স্টেশন) পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও নেসকোর চেয়ারম্যান ইউসুফ আলী। আজ সকালে সফরের শুরুতে তিনি চন্দনায় ভারত থেকে আমদানি করা আদানির বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। পরে তিনি গোমস্তাপুরে নেসকোর কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তাকে স্বাগত জানান গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি, নেসকোর নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার রায়। তার সফর সঙ্গী হিসেবে বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গোমস্তাপুরে অসহায় নারীকে সেলাইমেশিন ও কাপড় বিতরণ

গোমস্তাপুরে অসহায় নারীকে সেলাইমেশিন ও কাপড় বিতরণ গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরএলাকার এক অসহায় নারীকে স্বাবলম্বী করতে পাশে দাড়িয়েছে মানবতার সেবাই রহনপুর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ বিকেলে স্টেশনপাড়াস্থ সংগঠনের কার্যালয়ে নাম প্রকাশে অনুচ্ছুক ওই নারীকে এগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম,সদস্য খায়রুল আনাম, আজম আলী, আইনাল হকসহ গণমাধ্যম কর্মীরা। সেলাইমেশিন পেয়ে ওই নারী জানান, তাকে স্বাবলম্বী করতে মানবতার সেবাই রহনপুর এগিয়ে এসেছে এজনই তাদের কৃতজ্ঞতা জানাই। সেলাইমেশিন ও কাপড় দিয়ে টাকা উপার্জন করে পরিবারের অবদান রাখতে সুযোগ পাব। সংগঠনের সদস্যরা জানান, দীর্ঘদিন থেকে তারা এই এলাকায় মানবসেবায় কাজ করে যাচ্ছেন। অসহায়, গরীব, হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের পরিবারসহ ভবঘুড়েদের মধ্যে প্রতিদিন খাবার বিতরণ করে চলেছে এই সংগঠনটি। গত সপ্তাহ রহনপুর পৌরসভার ট্রাফিকদের মধ্যে ছাতা বিতরণ করা হয়। মানুষের পাশে দাড়ানো এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনের সদস্যরা জানিয়েছেন।