চাঁপাইনবাগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

চাঁপাইনবাগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারে প্রতিপাদ্য ছিলো “দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে”। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জল কুমার ঘোষ। আলোচনা শেষে ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে নগদ টাকা ও সার্টিফিকেট প্রদান করা হয়। বিশেষ অতিথির বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. এ. কে. এম শাহাব উদ্দীন ও জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান। দুধের পুষ্টিগুণ নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন শিবগঞ্জ উপজেলার ভেটেরিনারী সার্জন ডা. আবু ফেরদৌস। এসময় অন্যানোর মধ্যে বক্তব্য দেন, নাচোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাওসার আলী, বরেন্দ্র কৃষি উদ্যোগের মুনজের আলম, ছাত্র প্রতিনিধি আব্দুর রহিম। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় দুগ্ধ দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রাণিসম্পদ দপ্তর।

প্লাষ্টিক দূষণ রোধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

প্লাষ্টিক দূষণ রোধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন বিশ্ব পরিবেশ উদযাপন উপলক্ষে প্লাষ্টিক দূষণ রোধসহ ১৪ দফা বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা সনাক-টিআইাবি প্রায় ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করে। প্লাষ্টিকের নানা ক্ষতিকর দিক তুলে ধরে এসময় বক্তব্য দেন সনাক সভাপতি এড. সাইফুল ইসলাম রেজা, সহ-সভাপতি আশরাফুল আম্বিয়া সাগর, সদস্য মজিবুর রহমান, এনামুল হক, কানাই চন্দ্র দাস, কুশল কুমার শীল, উন্নয়ন সংগঠন এসআইএল ইন্টারন্যাশনালের নিকোলাস মুরুমু, আশা’র শফিকুল ইসলাম, ডেমোক্রাসি ওয়াচের রেজাউল করিমসহ অন্যরা। দিবসটি উপলক্ষে প্লাষ্টিক দূষণরোধে টিআইবি’র সুনর্দিষ্ট ১৪ দফা দাবি উপস্থাপন করেন আরমানি খাতুন। টিআইবি এরিয়া ম্যানেজার শফিকুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে— ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে শনিবার জেলা প্রশাসন র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

চালের দাম কিছুটা কমেছে; বেড়েছে দেশী মুরগি

চালের দাম কিছুটা কমেছে; বেড়েছে দেশী মুরগি চাঁপাইনবাবগঞ্জে নতুন বোরো ধান ওঠার পর চালের দাম কিছুটা কমেছে। আজ জেলার নিউমার্কেট বাজার ঘুরে দেখা গেছে, আটাশ জাতের চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৫ টাকা। এছাড়া জিরাসাইল কিছুটা কমে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৫ টাকা। এদিকে দেশী মুরগি কিছুটা বেড়ে প্রতি কেজি ৫৭০ থেকে ৫৮০ টাকা, সোনালি মুরগি ২৮০ টাকা থেকে ২২০ টাকা, ব্রয়লার ১৫০ থেকে ১৬০ টাকা, লাল লেয়ার ২৭০ থেকে ২৮০ টাকা এবং সাদা লেয়ার ২২০ টাকা থেকে ২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, শাক-সবজি, মাছ-মাংস, ডাল, আটার দাম আগের মতোই রয়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন।

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ব্যক্তি জেলার গোমস্তাপুর উপজেলার বাবুপুর গ্রামের মৃত তহুরুল ইসলামের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আবদুল ওদুদ মামলার বরাত দিয়ে জানান, ঘটনার প্রায় ৬-৭ মাস আগে রুবেলের সঙ্গে বিয়ে হয় ভোলাহাট উপজেলার খালেআলমপুর গ্রামের মৃত তামিজ মাহালতের মেয়ে মরিয়মের। বিয়ের পর মরিয়ম স্বামী রুবেলকে নিয়ে তার শ্বশুরবাড়ি চলে যায়। চার দিন পর তারা পুনরায় মরিয়মের বাবার বাড়িতে ফিরে আসে। কিন্তু থাকার জায়গা সংকুলান না হওয়ায় তারা একটি ভাড়াবাড়িতে বসবাস শুরু করে। ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি যে কোনো সময় মরিয়ম ও তার স্বামী রুবেল ভাড়াবাড়ি হতে কাউকে কিছু না বলে চলে যায়। পরে ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি বিকেলে ভোলাহাটের খালেআলমপুর নিমগাছি এলাকার একটি ডোবায় কচুরিপানার মধ্য হতে মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। পিপি আরো জানান, এ ঘটনায় মরিয়মের মা আনজুরা খাতুন বাদী হয়ে মরিয়মের স্বামী মানিক আলী ওরফে রুবেলের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪-৫ জনের বিরুদ্ধে ভোলাহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ভোলাহাট থানার এসআই মো. বাবুল হোসেন তদন্ত শেষে ২০১৯ সালের ৩০ জুন মানিক আলী রুবেলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ভোলাহাটে কর্মমুখর সময় কাটালেন জেলা প্রশাসক

ভোলাহাটে কর্মমুখর সময় কাটালেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত দিন কাটিয়েছেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বৃহস্পতিবার তিনি উপজেলার পীরগাছি কমিউনিটি ক্লিনিক, ভোলাহাট থানা, তেলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা নির্বাহী অফিস, উপজেলা ভূমি অফিস, ভবানীপুরে মরুর ফসল সাম্মামের ক্ষেত, বজরাটেক শাহী জামে মসজিদের ঈদগাহের মাঠ ভরাটসহ মেহেরাব ও সীমানা প্রাচীর নির্মাণ কাজ পরিদর্শন করেন। এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে ঢেউটিন ও কৃষি উন্নয়ন প্রকল্পের হ্যান্ড স্প্রেয়ার মেশিন বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলীসহ অন্যরা। সাম্মাম ফসল পরিদর্শন শেষে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসারা মো. মনিরুজ্জামান। সূচনা বক্তব্য দেন— উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী।

ডিবির অভিযানে মাদক উদ্ধার গ্রেপ্তার ৩

ডিবির অভিযানে মাদক উদ্ধার গ্রেপ্তার ৩ চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশী মদ ও ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শাহিন আকন্দ জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ডিবির একটি দল বুধবার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সুন্দরপুর গ্রামে একটি বাঁশঝাড়ে অভিযান চালায়। অভিযানে উপজেলার নারায়ণপুর চিমটাপাড়ার মৃত শামসুল হকের ছেলে মো. জুয়েল রানা (৩২) ও দেবীপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. বশির আহমেদ (২৩)কে ১০ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার করে। অন্যদিকে এসআই মো. ফয়সাল হাসানের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল বুধবার নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বৈদ্ধপুর গ্রামে অভিযান চালায়। এই অভিযানে শিবগঞ্জ উপজেলার পিয়ালীমারি গ্রামের মৃত মাহিদুরের ছেলে মো. সুমন (২৮)কে ৫১ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।

রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলার একমাত্র কমিউনিটি রেডিও ‘রেডিও মহানন্দা’র ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক গোলাম ফারুক মিথুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন— রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, সদস্য মনোয়ারা খাতুন, নাসের উদ্দিন, রফিক হাসান বাবলু, কর্নেলিউস মূর্মূ, সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, প্রযোজক (অনুষ্ঠান ও খবর) নয়ন আলী, সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) উম্মে আয়েশা সিদ্দিকা। সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেডিও মহানন্দার ৭ দিনব্যাপী অনুষ্ঠানমালা, অনুষ্ঠানের মানবৃদ্ধিসহ রেডিওর আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়াও ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য গৌরী চন্দ সিতুর মৃত্যুতে ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে শোক প্রস্তাব গৃহীত হয়। গত ৩০ এপ্রিল তিনি ইহলোক ত্যাগ করেন।

শিবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

শিবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন— ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। এতে আরো উপস্থিত ছিলেন— শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আজিজুর রহমান সুইটসহ অন্যরা। এর আগে ফিতা কেটে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়।

চরমোহনপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চরমোহনপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে সজীব নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর দক্ষিণপাড়ায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া সজীব ওই মহল্লার মনিরুল ইসলামের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান জানান, সজীব বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা সজীবকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।