চাঁপাইনবাবগঞ্জে গুলশান গ্রুপের ঈদ গেট টুগেদার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নাইটস অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে গুলশান গ্রুপের ঈদ গেট টুগেদার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নাইটস অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে গুলশান গ্রুপের আয়োজনে ঈদ গেট টুগেদার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নাইটস অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে নবাবগঞ্জ টাউন ক্লাবে গুলশান ক্লাবের সভাপতি মোঃ তাজিবুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন গুলশান গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান ননী। আমিনুল হক আবির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গ্রুপের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী রায়হানুল ইসলাম লুনা, জুলকারনাইন, ব্যাংকার আব্দুল হামিদ, কাউসার, রিংকু, কামরুল ইসলাম জুয়েল, রইস উদ্দিন প্রমূখ গুলশান গ্রুপের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন উপদেষ্টা শ্রী সুভাষদা মোঃ সেলিম মোহাম্মদ জামাল আব্দুল নাসের শ্রমিক নেতা আনারুল ইসলাম আনার বাবু জঙ্গি রাজশাহীর বন্ধু শহীদ পলাশ তারেক মাহবুব। আলোচনা সভা শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি এবং র্যাবের পৃথক অভিযানে; মোটরসাইকেলে পাচারকালে ২৪১ বোতল ফেনসিডিলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি এবং র্যাবের পৃথক অভিযানে; মোটরসাইকেলে পাচারকালে ২৪১ বোতল ফেনসিডিলসহ আটক ১ শিবগঞ্জ উপজেলা সীমান্তে এবং গোমস্তাপুর উপজেলায় বিজিবি এবং র্যাবের ২টি পৃথক অভিযানে ২৪১ বোতল ফেনসিডিলসহ এক বাক্তি আটক এবং ২টি মোটরসাইকেল জব্দ হয়েছে। শিবগঞ্জে বিজিবি’র অভিযানে অভিনব কায়দায় মোটরসাইকেলে লুকিয়ে পাচারকালে ১৪১ বোতল ফেনসিডিল জব্দ হয়। ঈদ উপলক্ষে মাদক পাচার সম্ভবনার গোয়েন্দা তথ্যে অভিযানটি চালানো হয়। এদিকে গোমস্তাপুরে র্যাবের অভিযানে মাসুদ রানা নামে এক ব্যাক্তি মোটরসাইকেলে পাচারকালে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক হয়েছেন। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের মঞ্জুর রহমানের ছেলে। চাঁপাইনবাবগঞ্জে ৫৯বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিরয়িা বলেন, আজ সকাল সোয়া ১১টার দিকে বিনোদপুর ইউনিয়নের টাপ্পুর গ্রামে পাকা সড়কের উপর কিরণগঞ্জ সীমান্ত ফাঁড়ির একটি টহলদল যানবাহন তল্লাশী শুরু করে। মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮০/১ এস হতে বাংলাদেশের প্রায় ১ কিলোমিটার ভেতরে ওই গ্রামে তল্লাশী চলাকালে একটি মোটরসাইকেল আরোহি দুই ব্যাক্তি তল্লাশীর মুখে একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ওই মোটরসাইকেলের তেলের ট্যাংকের মধ্যে থেকে ও সীট কভারের নীচ থেকে ১৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এদিকে, র্যাব-৫ ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে গোমস্তাপুরের চর উদয়ননগর টোলঘর এলাকার সড়কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। অভিযানে মোটরসাইকেলে পাচারকালে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক হন মাসুদ রানা। এসব ঘটনায় শিবগঞ্জ এবং গোমস্তাপুর থানায় পৃথক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
করোনা ভাইরাস : সোনামসজিদ ইমিগ্রেশনে মেডিকেল টিমের কাজ শুরু

করোনা ভাইরাস : সোনামসজিদ ইমিগ্রেশনে মেডিকেল টিমের কাজ শুরু প্রতিবেশী দেশ ভারতে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির সঙ্গে বাংলাদেশের সীমান্তের স্থল ও নৌবন্দরগুলোর পাশাপাশি সবকটি বিমানবন্দরে স্ক্রিনিং বা স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে। জনসমাগমে সকলকে মাস্ক পরার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর সোনামসজিদের ইমিগ্রেশনে এক সদস্যের মেডিকেল টিম বসানো হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারত থেকে আসা ভ্রমণকারীদের শরীরের জ্বর পরীক্ষা করছে মেডিকেল টিম। জ্বর শনাক্ত হলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. শাহাব উদ্দিন বলেন— ঈদের পর থেকে সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশনে মেডিকেল টিম কাজ শুরু করেছে। ভারত থেকে আসা ভ্রমণকারীদের শরীরে জ্বর থাকছে কিনা, করোনার কোনো লক্ষণ বোঝা যাচ্ছে কিনা তা পরীক্ষা করছেন। তিনি বলেন— করোনা পরীক্ষার কীটের জন্য বলা হয়েছে, পেলেই পরীক্ষা শুরু হবে। এদিকে কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত ৬ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়।’
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ভাসমান এক ব্যাক্তির মর*দেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ভাসমান এক ব্যাক্তির মর*দেহ উদ্ধার চাঁপাইনবাবঞ্জ শহর ঘেঁষা মহানন্দা নদী থেকে মনিমুল হক নামে এক ব্যাক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের রাজারামপুর মিস্ত্রীপাড়া মহল্লার মৃত মকবুল হোসেনের ছেলে। পূর্বে তিনি বিদেশে লোক পাঠানোর (আদম ব্যাপারী) কাজ করতেন। পরিবার, পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে বাড়ি থেকে এক কিলোমিটারেরও বেশি দূরে শহরের নামো-রাজারামপুর এলাকায় তাঁর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত হিসেবে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। বিকালে স্বজনরা তাকে শনাক্ত করে। এর আগে পুলিশ ব্যূরো অব ইনভেষ্টিগেশন-পিবিআই এর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ থেকে আলামত সংগ্রহ করে। মরদেহের বাম বগলের নীচে ও বাম বাহুর চামড়া ছিলা ছিল। এছাড়া দেহে বাহ্যিক কোন আঘাতের চিহ্ন নাই। সদর থানার অফিসসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, মনিমুলের মৃত্যুর কারণ নিশ্চিত নয়। ময়নাতদন্ত প্রতিবদেন পেলেই তার মৃত্যুর কারণ জানা যাবে। পরিবারের বরাতে ওসি আরও বলেন, প্রদিনি সকালে বাড়ির নিকট ঘাটে তাঁর গোসল করতে যাওয়া অভ্যাস ছিল। রাতে তিনি বাড়িতে ছিলেন; হতে পারে সকালে গোসলে নেমে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। তার উচ্চ রক্তচাপের সমস্যাও ছিল।
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যূৎ স্পৃষ্টে আবু রায়হান নামে একজন ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি মহারাজপুর ইউনিয়নের মাসানিয়াপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে। পরিবার, পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর সোয়া ২টার দিকে নিজ বাড়িতে একটি ড্রিল মেশিনে কাজ করছিলেন রায়হান। এসময় তিনি অসতর্কতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে যান ও চিৎকার দেন। ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে বিকেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় দুইজন নিহত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় দুইজন নিহত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বাশেদ আলী বিশু (৬০) নামের একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৫-৬ জন। অন্যদিকে জেলার শিবগঞ্জ উপজেলার কামালপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে মাসুদ রানা (৩৮) নামের একজন নিহত হয়েছেন। নিহত বিশু গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবইল গ্রামের আবুল হোসেনের ছেলে। আর নিহত মাসুদ শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি রইস উদ্দিন জানান, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে পার্বতীপুরের সুবইল গ্রামের ঈদগাহ মাঠে শিশুরা ক্রিকেট খেলছিল। মাঠে থাকা ছোট ছোট গাছে থাকা আমের ক্ষতি হবার আশঙ্কায় ক্রিকেট খেলতে নিষেধ করা হলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষ লাঠি সোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাশেদ নিহত হন এবং আহত হন অন্তত ৫ থেকে ৬ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি রইস উদ্দিন। অন্যদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, রবিবার রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামে পারিবারিক জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে মাসুদ রানার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে মাসুদ রানা নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি আরো বলেন-এজাহার পেয়েছি মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গোমস্তাপুরে ইসলামী সাধারন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গোমস্তাপুরে ইসলামী সাধারন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোমস্তাপুরে ইসলামী সাধারন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বিকেলে বাঙ্গাবাড়ি ইউনিয়নের শ্যামপুরে এসএস টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাঠে এই পুরস্কার বিতরণ করা হয়। ফি-সাবিলিল্লাহ উন্মুক্ত পাঠাগার আয়োজিত বার্ষিক কুইজ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন রহনপুর পুর্নভবা মহানন্দা আইডিয়াল কলেজের প্রভাষক ড. মিজানুর রহমান। প্রধান অতিথি’র বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন পাঠাগারের সেক্রেটারি প্রভাষক হাফিজুর রহমান মুর্শেদ। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পাঠাগারের প্রধান উপদেষ্টা সাইদুর রহমান মাষ্টার, বাঙ্গাবাড়ি ইউএস কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, পাঠাগারের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এনামুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
নামাজ ও পশু কুরবানির মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আজহা উদযাপন

নামাজ ও পশু কুরবানির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আজহা উদযাপন শনিবার (৭ জুন) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জেও এর ব্যতিক্রম হয় নি। ঈদগাহগুলোয় দুই রাকাত ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। বাড়ি ফিরে মহান আল্লাহ’র সন্তষ্টির জন্য পশু কুরবানী করেন। ত্যাগের মহিমায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও উদ্যাপিত হয় ঈদুল আজহা। ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবার ঈদগাহের সংখ্যাছিল ৫৪৮টি। তার মধ্যে সদর উপজেলায় ১৮৩টি, শিবগঞ্জ উপজেলায় ১৫৯টি, নাচোল উপজেলায় ৬১টি, গোমস্তাপুর উপজেলায় ১১৬টি এবং ভোলাহাট উপজেলায় ২৯টি। এছাড়াও মডেল মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। এদিকে ঈদকে সামনে রেখে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন- জেলাবাসীর সহযোগিতায় আর আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। কোথাও কোনো অপ্রীডিতকর ঘটনার খবর পাওয়া যায় নি। এদিকে আবহাওয়াও ছিল অনুকুলে। নামাজ আদায় বা পশু কুরবানী করতে কোনো ভোগান্তি পোহাতে হয় নি। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আর উৎসব মুখর পরিবেশে ঈদু আজহা উদযাপিত হয়েছে। অন্যদিকে ঈদুল আজহা উপলক্ষে টানা দশ দিনের ছুটি ভোগ করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
চাঁপাইনবাবগঞ্জে সৌদি আরবের সাথে মিল রেখে দু’টি গ্রামে ঈদ-উল-আজহা উদযাপন,পশু কোরবানি

চাঁপাইনবাবগঞ্জে সৌদি আরবের সাথে মিল রেখে দু’টি গ্রামে ঈদ-উল-আজহা উদযাপন,পশু কোরবানি শিবগঞ্জ ও সদর উপজেলার দুটি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে একদিন পূর্বেই পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন করা হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তরবিঘি এবং সদরের দেবীনগর গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, সকাল সাড়ে সাতটায় ছিয়াত্তরবিঘি গ্রামের একটি নির্মানাধীন মসজিদে ঈদের নামাজে দেড় শতাধিক নারী,পুরুষ এবং শিশু অংশ নেন। নারীদের জন্য পৃথক ব্যবস্থা ছিল। নামাজে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী। পরে তাঁরা পশু কোরবানী করেন। নামাজে জেলার সদর, গোমস্তাপুর এবং নাচোল উপজেলা থেকে আসা মুসল্লীরার অংশ নেন। সদর থানার ওসি মতিউর রহমান বলেন, দেবীনগর গ্রামে সকালে অনুষ্ঠিত নামাজে প্রায় একশতজন নারী-পুরুষ অংশ নেন। আশপাশের গ্রামের মুসল্লীরাও এতে অংশ নেন। তিনি বলেন, কয়েক বছর থেকেই এ গ্রামে একদিন আগেই ঈদ পালন হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে অটোরিক্সার সংঘর্ষে অটোরিক্সা চালক ও শিশুসহ নিহত ২,আহত ৫

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে অটোরিক্সার সংঘর্ষে অটোরিক্সা চালক ও শিশুসহ নিহত ২,আহত ৫ গোমস্তাপুর উপজেলায় একটি ট্রাকের সাথে একটি যাত্রীবোঝাই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার চালক এবং এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের বেনিচক গ্রামের আহসান হাবিবের ছেলে ও অটোরিক্সার চালক জাহিদ হাসান এবং বোয়ালিয়া ইউনিয়নের ঘাটনগর গ্রামের মিঠুন আলীর ছেলে হাসান আলী। এ ঘটনায় আহত আরও ৫জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে চৌডালা ইউনিয়নের গড়িয়াবাজার এলাকায় শিবগঞ্জের কানসাট বাজার থেকে গোমস্তাপুরের দিকে আসা একটি অটোরিক্সার সাথে বিপরীতে শিবগঞ্জমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ৭ জন আহত হয়। তাঁদের নিকটস্থ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দুপুর ১২টার দিকে চিকিৎসক শিশু হাসানকে মৃত ঘোষণা করেন। বিকাল ৫টার দিকে তার পরিচয় নিশ্চিত হয়। অপরদিকে রাজশাহীতে চিকিৎসাধীন অটোচালক জাহিদ হাসান চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে মারা যান। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, পুলিশ ট্রাক আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে। তিনি আরও বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।