শিবগঞ্জে মোটরসাইকেলসহ আন্ত:জেলা চোরচক্রের সদস্য গ্রেপ্তার

শিবগঞ্জে মোটরসাইকেলসহ আন্ত:জেলা চোরচক্রের সদস্য গ্রেপ্তার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য রাহাত আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে তার দেয়া তথ্যে উদ্ধার করা হয়েছে ৮টি চোরাই মোটরসাইকেল। রাহাত শিবগঞ্জের দাদনচক আরাজীচৌকা গ্রামের শামিম উদ্দিনের ছেলে। গতকাল সকালে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুর আড়াইটার দিকে জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, গত ২৪ জুলাই সদর উপজেলার পুকুরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুস সাত্তার নামে এক ব্যাক্তির মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি ২৭ জুলাই সদর থানায় মামলা করেন। মামলার সূত্রে পুলিশ ওইদিন গোমস্তাপুর উপজেলার শুক্রবাড়ী এলাকায় মোটরসাইকেল চোর সন্দেহে জনতার হাতে আটক সোহেল রানা ও শিহাব আলী নামে ২ যুবককে গ্রেপ্তার করে। আদালতে ১৬৪ ধারায় দেয়া তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে দেয়া তথ্যে, পুলিশ রাহাতকে গ্রেপ্তার করে। রাহাতের দেয়া তথ্যে পুলিশ শিবগঞ্জের তারাপুর মোন্নাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর বাড়ি থেকে ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক(এসআই) হরেন্দ্রনাথ দেবদাশ জানান, রাহাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।  

শিবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামীকে মিরপুরে আটক

শিবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামীকে মিরপুরে আটক শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের রফিকুল হত্যা মামলার এজাহারনামীয় ৩নং আসামী পারুল হককে মিরপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতার পারুল হক শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর গ্রামের আহসান আলীর ছেলে। আজ র‌্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ১টার দিকে মিরপুর থানার কল্যাণ নতুন বাজার এলাকা হতে পারুল হককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য পারুল হক গত ১২ জুন শিবগঞ্জ থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার এজাহারনামীয় ৩নং আসামী। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

গোমস্তাপুরে পানি সম্পদ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

গোমস্তাপুরে পানি সম্পদ বিষয়ক অবহিতকরণ কর্মশালা গোমস্তাপুরে পানি আইন-২০১৩ ও পানি বিধিমালা-২০১৮ বিষয়ক অবহিতকরণ এবং উপজেলার সমীক্ষা প্রকল্পের ফলাফলের উপর শুনানী ও মতামত সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মহাপরিচালক লুতফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন ওয়ারপো পরিচালক (পরিকল্পনা) নুর আলম। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আলিনগর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।

ভোলাহাটে উপকারভোগীদের মাঝে ভিডব্লিউবি কার্ড বিতরণ

ভোলাহাটে উপকারভোগীদের মাঝে ভিডব্লিউবি কার্ড বিতরণ ভোলাহাট উপজেলায় ২০২৫-২০২৬ চক্রের ভিডব্লিউবি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে সদর ইউনিয়নের উপকারভোগী নারীদের মাঝে এই কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্ড বিতরণ করেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ভোলাহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজিজুল ইসলাম এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। ভিডব্লিউবি কার্ডধারীরা প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি করে চাল পাবেন। দারিদ্র্যসীমার নিচে থাকা নারীদের জন্য সরকার পরিচালিত এই কর্মসূচি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পর্যায়ক্রমে ভোলাহাট উপজেলার অন্যান্য ইউনিয়নের উপকারভোগীদের মাঝেও এই কার্ড বিতরণ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জে নতুন ডেঙ্গু রোগী ২৪ জন

চাঁপাইনবাবগঞ্জে নতুন ডেঙ্গু রোগী ২৪ জন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৪ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ১২ জন ও বহির্বিভাগে ১১ জন এবং নাচোলে ১ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ১৭ জন রোগী। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৯ জন নারী ও ৫ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৭ জনকে। এই ৭ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ১ জন শিশু রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৭৯ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮১ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।

বাবুডাইংয়ে কার্তিক টুডুর স্মরণসভা

বাবুডাইংয়ে কার্তিক টুডুর স্মরণসভা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি কার্তিক টুডুর স্মরণে রবিবার স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কার্তিক টুডুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। কমিটির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্মৃতিচারণ করে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, গ্রাম্য মোড়ল সাইদুর রহমান, রুমালি হাঁসদা, লগেন সাইচুরি, প্রয়াতের ছেলে বিশ্বনাথ টুডু, মেয়ে ও বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থী সাবিত্রী টুডু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক লুইশ মুর্মু, শিক্ষার্থী বৃষ্টি মুরমু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ। উল্লেখ্য, কার্তিক টুডু গত ১৯ জুলাই নিজ বাড়িতে মারা যান।

উন্নতি হয়নি ডায়রিয়া পরিস্থিতি: একদিনে আক্রান্ত আরও ৫৪ জন

উন্নতি হয়নি ডায়রিয়া পরিস্থিতি: একদিনে আক্রান্ত আরও ৫৪ জন চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। প্রতিদিনই আক্রান্তের খবর আসছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৬ জন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে রবিবার জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২৬ জন, শিবগঞ্জে ৭ জন, গোমস্তাপুরে ১০ জন, নাচোলে ৬ জন ও ভোলাহাটে ৫ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৬ জন রোগী। তাদের মধ্যে জেলা হাসপাতাল থেকে ৩৩ জন, শিবগঞ্জ থেকে ৮ জন, গোমস্তাপুর থেকে ৭ জন, নাচোল থেকে ৫ জন ও ভোলাহাট থেকে ৩ জন রয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭ জন রোগী।

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ডেঙ্গু সনাক্ত আরও ১৭ জন

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ডেঙ্গু সনাক্ত আরও ১৭ জন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ১৭ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ১১ জন ও বহির্বিভাগে ৬ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ১২ জন রোগী। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৫ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২০ জনকে। এই ২০ জনের মধ্যে ৪ জন পুরুষ, ১১ জন মহিলা ও ৫ জন শিশু রয়েছেন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় ২ জন পুরুষ রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৬৭ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭০ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে রবিবার এই তথ্য জানানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলাসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর্মকর্তারা। রবিবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সূচনা বক্তব্য দেন— পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশিদ। মশক নিধন সম্পর্কিত বিষয় তুলে ধরেন উচ্চমান সহকারী গোলাম ফারুক এবং বর্জ্যবিষয়ক তথ্য উপস্থান করেন কঞ্জা. সুপারভাইজার রজিবুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন— পৌর কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌরসভার কর নির্ধারক এনামুল হক এবং সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খাঁন। এসময় নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীব উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন শহর পরিকল্পনাবিদ ইমরান হোসেন। গোলাম ফারুক তার বক্তব্যে জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫, ১৩ ও ১৪নং ওয়ার্ডের মসজিদপাড়া, আরামবাগ, পিটিআই, রেহাইচর, আজাইপুর, পোল্লাডাঙ্গা এলাকাকে রেড জোন হিসেবে অনেক আগেই ঘোষণা করা হয়েছে। সীমিত লোকবল ও ফগার মেশিন দিয়ে সাধ্যমত মশক নিধনের চেষ্টা করা হচ্ছে। তবে বাড়ি বাড়ি গিয়ে মশক নিধন সম্ভব নয়। ডেঙ্গু বা মশার হাত থেকে বাঁচতে জনসাধারণকে সচেতন হতে হবে। নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পৌরসভার পক্ষ থেকে এরই মধ্যে মাইকিংসহ ১০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় সাংবাদিকরা বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

ডায়রিয়া : চাঁপাইনবাবগঞ্জে একদিনে আক্রান্ত আরো ৫৮ জন

ডায়রিয়া : চাঁপাইনবাবগঞ্জে একদিনে আক্রান্ত আরো ৫৮ জন চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। প্রতিদিনই আক্রান্তের খবর আসছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯০ জন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে শনিবার জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২৯ জন, শিবগঞ্জে ৮ জন, গোমস্তাপুরে ৮ জন, নাচোলে ৬ জন ও ভোলাহাটে ৭ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯০ জন রোগী। তাদের মধ্যে জেলা হাসপাতাল থেকে ৬১ জন, শিবগঞ্জ থেকে ৭ জন, গোমস্তাপুর থেকে ১২ জন, নাচোল থেকে ৬ জন ও ভোলাহাট থেকে ৪ জন রয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৪ জন রোগী।