সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সংবাদ সম্মেলন

সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সংবাদ সম্মেলন পেঁয়াজ সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানিতে আইপি বা ইমপোর্ট পারমিট নীতি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারকরা। আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক বলেন, সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সীমিত পরিমাণে আইপি দিচ্ছে। কখনো ৫০ টন, আবার কখনো ৩০ টন। অথচ ভারত থেকে প্রতিটি ট্রাকে সাধারণত ২৫ থেকে ৩০ টন পেঁয়াজ আসে। ফলে ৩০ টনের আইপি দিলে এলসি, শুল্ক, সিঅ্যান্ডএফসহ অন্যান্য খরচ বেড়ে যাবে। এর প্রভাব সরাসরি বাজারে পড়বে এবং দাম অস্থিতিশীল হয়ে উঠবে। তিনি আরো বলেন, আগের মতো উন্মুক্তভাবে আইপি দেওয়া হলে আমদানিকারকরা সুবিধা পাবেন। তাদের সময় ও খরচ সাশ্রয় হবে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে। আর সরবরাহ বেশি থাকলে দামও নিয়ন্ত্রণে থাকবে। আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দের দাবি, সীমিত আইপি বরাদ্দ অব্যাহত থাকলে বাজারে সরবরাহ ব্যাহত হবে, ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। তাই পেঁয়াজ সরবরাহ স্বাভাবিক রাখতে বর্তমান আইপি নীতি পুনর্বিবেচনা করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দায় পানি কমলেও বাড়ছে পুনর্ভবায়

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দায় পানি কমলেও বাড়ছে পুনর্ভবায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা ও মহানন্দা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। পদ্মায় কমেছে ৯ সেন্টিমিটার আর মহানন্দায় কমেছে ১ সেন্টিমিটার । তবে পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি পেয়েছে ৫ সেন্টিমিটার। এদিকে পদ্মায় পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। তা ছাড়া স্বাস্থ্য ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। বন্যার পানিতে চরাঞ্চলের প্রায় ২ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়ে পড়ে। শিবগঞ্জ ও সদর উপজেলার চরাঞ্চলে পানিবন্দি হয় হাজার হাজার পরিবার। চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পাঠদান বন্ধ হয়ে যায়। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েন গ্রামবাসী। এখনো মানবেতর জীবনযাপন করছেন চরাঞ্চলের মানুষ। অধিকাংশ টিউবওয়েল পানিতে তলিয়ে যাওয়ায় খাবার পানির সংকট দেখা দিয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঁকা পয়েন্টে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২১.৭২ মিটার; যা শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার কমে সমতল দাঁড়িয়েছে ২১.৬৩ মিটার। অন্যদিকে গত শুক্রবার সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৯.৭৯ মিটার; যা ২৪ ঘণ্টায় ১ সেন্টিমিটার কমে শনিবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৯.৭৮ মিটার। অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে গত শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২০.০১ মিটার; যা  শনিবার সকাল ৯টা পর্যন্ত ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ২০.০৬ মিটার। পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫, মহানন্দার ২০.৫৫ ও পুনর্ভবার ২১.৫৫ মিটার।

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন আয়োজনে জন্মাষ্টমী পালিত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন আয়োজনে জন্মাষ্টমী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলায় লীলাপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলাশহরের শিবতলা চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দির চত্বরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীলিপ কুমার রায়, চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দিরের সভাপতি বাসুদেব নন্দী, ইসকন প্রচার কেন্দ্রের সাধারণ সম্পাদক নরোত্তম দাস। অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের ওপর বক্তব্য দেন রাজশাহী সরকারি সিটি কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক জয়কুমার দাস। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক নারু গোপাল পাল। পরে দুপুর ১২টায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে শোভাযাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ। এসময় মন্দির থেকে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রাটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন মন্দিরের ভক্তবৃন্দ নানান বাদ্যযন্ত্র সহকারে অংশ নেন। অনেকের হাতেই শোভা পাচ্ছিল শ্রীকৃষ্ণের প্রতিকৃতি। কেউ কেউ আবার এসেছিলেন রাধা-কৃষ্ণের বেশে। তবে শিশু-কিশোররা শ্রীকৃষ্ণ ও রাধার সাজে শোভাযাত্রায় অংশ নিলে দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। শেষে বিভিন্ন সাজে সজ্জিত শ্রেষ্ঠদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় শোভাযাত্রাটি শিবগঞ্জ শ্রী শ্রী রক্ষা কালী মন্দির থেকে শুরু হয়ে রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়। আলোচনায় অংশগ্রহণ করেন— শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজাহার আলী, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম, জন্মাষ্টমী উদ্যাপন কমিটির আহ্বায়ক শ্রী গৌর কৃষ্ণ পাল, যুগ্ম আহ্বায়ক সুশান্ত সাহা রাজু ও সদস্য সচিব আশীষ কুমার বাড়ালা। এ সময় যুগ্ম সদস্য সচিব সঞ্জয় কুমার দাস, ডা. তড়িৎ কুমার সাহা, বিদ্যুৎ পালসহ শিবগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। নাচোল: নাচোল উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।। আজ সকালে নাচোল বাজার কেন্দ্রীয় মন্দিরে শুভজন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে দিবসটি উপলক্ষে পথ শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজিবির অভিযানে মোটর সাইকেল ও ফেনসিডিল জব্দ, আটক ১

বিজিবির অভিযানে মোটর সাইকেল ও ফেনসিডিল জব্দ, আটক ১ চাঁপাইনবাবগঞ্জে গতকাল শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে পাঁচটি মোটর সাইকেল ও ফেনসিডিলসহ একজনকে আটক করেছে ৫৩ বিজিবি। আটক হওয়া যুবক জেলার সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজিদ আহম্মেদ টুটুল (৩০)। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, শুক্রবার বিকেলে সাড়ে ৪টায় বাখেরআলী বিওপির টহলদল আলীমনগর ঘাট হতে ৭ কিলোমিটার পূর্ব দিকে ৪নং বেড়িবাঁধ এলাকায় টহল পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আম বাগানের মধ্যে মাদক সেবন করা হচ্ছে। ঘটনাস্থলে বিজিবির টহলদল উপস্থিতি হলে ৫টি মোটরসাইকেলের আরোহীরা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। তবে তাদের ১ জনকে সাজিদ আহম্মেদ টুটুল আটক করতে সক্ষম হয়। তার কাছ থেকে ১৫২ বোতল ভারতীয় ফেনসিডিল ও আটককৃত ব্যক্তির সহযোগিদের ফেলে যাওয়া ৫টি মোটরসাইকেল এবং ভারতীয় রুপি, বাংলাদেশী নগদ ৪৫ হাজার ৩৩০ টাকা, ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে পালিয়ে যাওয়া ব্যক্তিরা এলাকার লোকজনকে সাথে নিয়ে বিজিবির টহল দলের ওপর মব সৃষ্টি করার চেষ্টা করে। এপ্রেক্ষিতে বিওপি হতে কোম্পানী কমান্ডারের নেতৃত্বে অতিরিক্ত টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামাল, ফেনসিডিল ও মোটরসাইকেলসহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এসেছে ১০০ টন পেঁয়াজ

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এসেছে ১০০ টন পেঁয়াজ শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৮ মাস পরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গতকাল বিকেলে ভারত থেকে চারটি গাড়িতে ১০০ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে। বিষয়টি নিশ্চিত করে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিডেটের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর গতকাল ভারত থেকে ১০০ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে চারটি গাড়ি বাংলাদেশের সোনামসজিদ স্থল বন্দরে প্রবেশ করে। তিনি বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবারো সোনামসজিদ স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়বে আর বাজাও নিয়ন্ত্রণে থাকবে। তিনি বলেন-আজ এবং আগামীকাল সাপ্তাহিক ছুটির কারণে আমদানি বন্ধ রয়েছে। তবে রবিবার থেকে আবারও শুরু হবে। এদিকে সোনামসজিদ স্থলবন্দর উদ্ভিব সংগো নিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, গত ৩১ মার্চ থেকে ভারত থেকে আমদানি বন্ধ থাকার পর গতকাল ৪ গাড়িতে মোট ১০০ মেট্রিক টন পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করেছে। ১৩ জন ব্যবসায়ির মোট ৪৭০ মেট্টিক টন পেঁয়াজ আমদানি হবে। ব্যবসায়িরা জানান, গত ৫ মাস আগে ভারত সরকার বাংলাদেশের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। ফলে গত ৫ মাস বন্ধ থাকে পেঁয়াজ আমদানি। তবে আবার পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় পেঁয়াজের দাম কিছুটা কমে আসবে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নিউ মার্কেট মুদিবাজারের আব্দুর রহমান বাবু জানান, আজ প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭৫ টাকায়।

চাঁপাইনবাবগঞ্জে কমেছে পদ্মায়, বৃদ্ধি অব্যাহত মহানন্দা ও পুনর্ভবায় 

চাঁপাইনবাবগঞ্জে কমেছে পদ্মায়, বৃদ্ধি অব্যাহত মহানন্দা ও পুনর্ভবায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা নদীর পানি গত ২৪ ঘণ্টায় এক সেন্টিমিটার কমলেও মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আজ সকাল ৯টায় পদ্মা নদীর পানি পাঁকা পয়েন্টে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে পদ্মায় পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলের প্রায় ২ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়ে পড়েছে। শিবগঞ্জ ও সদর উপজেলার চরাঞ্চলে পানিবন্দি হয়েছেন হাজার হাজার পরিবার। চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পাঠদান বন্ধ হয়ে গেছে। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন গ্রামবাসী। এ অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন চরাঞ্চলের মানুষ। অধিকাংশ টিউবওয়েল পানিতে তলিয়ে যাওয়ায় খাবার পানির সংকট দেখা দিয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঁকা পয়েন্টে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২১.৭৩ মিটার; যা আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ সেন্টিমিটার কমে সমতল দাঁড়িয়েছে ২১.৭২ মিটার। অন্যদিকে গত বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৯.৭৭ মিটার; যা ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৯.৭৯ মিটার। এনদীর পানি বেড়েছে ২ সেন্টিমিটার। অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে গত বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৯.৯৪ মিটার; যা শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ২০.০১ মিটার। পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫, মহানন্দার ২০.৫৫ ও পুনর্ভবার ২১.৫৫ মিটার।

মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার

মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি টিয়া মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার টিয়া মিয়া সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়ার মৃত বাবলুর রহমানের ছেলে। গতকাল রাতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জের একটি দল মহরাজপুর মেলার মোড় এলাকা হতে তাকে গ্রেপ্তার করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, ধৃত টিয়া মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর ৯(ক) ধারায় মামলা হয়। মামলা হওয়ার পর তিনি নিজেকে আত্মগোপন করে পলাতক থাকেন। পরবর্তীতে আদালত তাকে দোষী সাব্যস্ত করে সশ্রম কারাদ- প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে টিয়া মিয়াকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয় বলে র‌্যাব জানায়।

মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুনের মৃত্যু; গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে শোকের ছায়া

মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুনের মৃত্যু; গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে শোকের ছায়া গত ২১ জুলাই উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় দগ্ধ হয়ে ২৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়া সিনিয়র শিক্ষিকা মাহফুজা খাতুন মারা গেছেন – ইন্না লিল্øাহি অইন্না ইলাহি রাজিউন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার ন্যাশনাল ইনিষ্টিটিউট অফ বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে পরিবার সূত্রে নিশ্চিত হওয়া গেছে। মৃত্যুকালে তিনি একমাত্র মেয়ে নওশিন, মা, ১ ভাই ও ৩ বোনসহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। তাঁর পিতা শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দামুদিয়াড় গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে বাংলাদেশ বিমান বাহিনীর অব. ওয়ারেন্ট অফিসার মৃত মহসিন আলী। মাহফুজার মৃত্যু সংবাদ গ্রামের বাড়িতে এসে পৌঁছুলে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। গ্রামে রয়েছে মাহফুজার ২ চাচা, ৩ ফুপু সহ বহু নিকটাত্মীয়। শিবগঞ্জে বসবাসকারী মাহফুজার চাচা পুলিশের অব.উপ-পরিদর্শক(এসআই) আলাউদ্দিন আলী বলেন, মাহফুজার পিতা বিমান বাহিনী থেকে অবসরের পর ২০১৩ সালের দিকে মারা যান। তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন পরিবারটির সাথে গ্রামের স্বজনদের যোগাযোগ ভাল ছিল। তবে তিনি মারা যাবার পরও তাঁর সন্তানেরা গ্রামে যোগাযোগ রাখতেন। তিন বছর পূর্বে মাহফুজা শেষবার গ্রামে আসে। মাফুজার নানার বাড়িও দাদার বাড়ির পাশের গ্রাম বাবুপুরে। সেখানে তাঁর মামা,খালা সহ স্বজনরা রয়েছে। মাহফুজার চাচা আরও বলেন, মাহফুজার দূর্ঘটনার পর গ্রামের স্বজনরা নিয়মিত তাঁর অবস্থার খোঁজ রাখতেন। মাহফুজার পিতা ঢাকার বাউনিয়া এলাকায় একটি বাড়ি নির্মাণ করেন। তবে মাহফুজা একমাত্র সন্তান ¯œাতক উত্তীর্ণ মেয়ে ওশিনকে নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন। মাহফুজার বড় বোন মাকসুদা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, মাইলস্টোনে নিহত শিক্ষক মাহরীন চৌধুরী ও মাসুকা বেগমের সাথে একই কক্ষে শিশুদের রক্ষা করতে গিয়ে ৩৫-৪০ শতাংশ দগ্ধ হন। প্রথমে তাঁকে সিএমএইচ ও পরে বার্ন ইনিষ্টিটিউটে নেয়া হয়। আশা ছিল সে হয়ত বেঁচে যাবে। কিন্তু বাঁচল না।তাঁকে ঢাকায় দাফনের সিদ্ধান্ত হয়েছে। মাহফুজার ছোন বোন ইতি খাতুন বলেন, শিশুদের জীবন বাঁচাতেই অন্য ২ শিক্ষকের মত দগ্ধ হয় মাহফুজা। সে ঢাকা জজকোর্টে আইনজীবী হিসাবেও তালিকাভূক্ত ছিল। সূযোগ পেলেই আদালতেও কাজ করত।

বন্যায় ১৯০০ হেক্টর জমির ফসল নিমজ্জিত; গবাদিপশু নিয়ে বিপাকে মানুষ আতঙ্ক বাড়ছে চরাঞ্চলে

বন্যায় ১৯০০ হেক্টর জমির ফসল নিমজ্জিত; গবাদিপশু নিয়ে বিপাকে মানুষ আতঙ্ক বাড়ছে চরাঞ্চলে চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পদ্মা নদীর পানি এরই মধ্যে সতর্ক লেভেলে পৌঁছেছে। গতকাল বিকেল ৩টায় পদ্মা নদীর পানি পাঁকা পয়েন্টে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পদ্মায় পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলের ১ হাজার ৮৮২ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়ে পড়েছে। শিবগঞ্জ ও সদর উপজেলার চরাঞ্চলে পানিবন্দি হয়েছেন হাজার হাজার পরিবার। চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পাঠদান বন্ধ হয়ে গেছে। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন গ্রামবাসী। এ অবস্থায় আগামীতে পানি বৃদ্ধির কারণে আতঙ্ক বাড়ছে চরাঞ্চলে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পদ্মা পাড়ের প্রায় ১৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়াও চরাঞ্চলের নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ায় ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী জানান, সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলের ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। অন্যদিকে জেলা শিক্ষা অফিসার আবদুল মতিন জানিয়েছেন, বন্যার কারণে শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলের ৯টি স্কুলে পাঠদান বন্ধ রাখা হয়েছে। চরাঞ্চলের কৃষকরা বলেন, প্রতিদিন পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে ভয়াবহ হারে। এতে করে নিম্নাঞ্চলের কৃষকের আবাদিজমি পানিতে নিমজ্জিত হচ্ছে। ফলে আউশ, রোপা আমন, কলা, সবজিসহ বিভিন্ন ফসলের জমি ডুবে গেছে। তবে কৃষি বিভাগ বলছে— নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের পানি দ্রুত নেমে গেলে ফসলের ক্ষতির আশঙ্কা থাকবে না। শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া বলেন, পদ্মার পানি বৃদ্ধির কারণে শিবগঞ্জ উপজেলায় ৪ হাজার ৯২৬ কৃষকের রোপা আউশ ১২৭২ হেক্টর, ৫২ হেক্টর সবজি, ১৩ হেক্টর হলুদ ও ৫ হেক্টর কলা ক্ষেত নিমজ্জিত হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল হক মাহমুদ জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বন্যার পানিতে ১৩৫ হেক্টর সম্পূর্ণ, ৪০৫ হেক্টর আংশিক আক্রান্ত হয়েছে। তিনি জানান, ৩ হাজার ১৫ জন কৃষকের ৫০৪ হেক্টর ধান, সবজিসহ বিভিন্ন ফসলের জমি ডুবে গেছে। তবে আক্রান্ত ফসলের মাঠ থেকে পানি দ্রুত নেমে গেলে ফসলের ক্ষতির আশঙ্কা থাকবে না বলেও জানান এই দুই কৃষি কর্মকর্তা। চাঁপাইনবাবগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব জানান, উজানের ঢলে সপ্তাহ ধরে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে ৩ সেন্টিমিটার, মহানন্দায় বেড়েছে ৭ সেন্টিমিটার ও পুনর্ভবায় পানি বেড়েছে ১০ সেন্টিমিটার। বর্তমানে পদ্মা বিপৎসীমার ২৮ সেন্টিমিটার, মহানন্দা ৮৩ সেন্টিমিটার এবং পুনর্ভবা নদীর পানি বিপৎসীমার ১.৬৯ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঁকা পয়েন্টে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২১.৭০ মিটার; যা গতকাল সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২১.৭৩ মিটার। অন্যদিকে গত মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৯.৬৫ মিটার; যা ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে গতকাল সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৯.৭২ মিটার। অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে গত মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৯.৭৬ মিটার; যা গতকাল সকাল ৯টা পর্যন্ত বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৯.৮৬ মিটার। পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫, মহানন্দার ২০.৫৫ ও পুনর্ভবার ২১.৫৫ মিটার।

পানি স্থির পদ্মায়, বেড়েছে মহানন্দা ও পুনর্ভবায়

পানি স্থির পদ্মায়, বেড়েছে মহানন্দা ও পুনর্ভবায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থির থাকলেও মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পদ্মা নদীর পানি এরই মধ্যে সতর্ক লেভেলে পৌঁছেছে। আজ সকাল ৯টায় পদ্মা নদীর পানি পাঁকা পয়েন্টে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পদ্মায় পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলের প্রায় ২ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়ে পড়েছে। শিবগঞ্জ ও সদর উপজেলার চরাঞ্চলে পানিবন্দি হয়েছেন হাজার হাজার পরিবার। চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পাঠদান বন্ধ হয়ে গেছে। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন গ্রামবাসী। এ অবস্থায় আগামীতে পানি বৃদ্ধির কারণে আতঙ্ক বাড়ছে চরাঞ্চলে। চাঁপাইনবাবগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব জানান, উজানের ঢলে সপ্তাহ ধরে মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি পেলেও গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বাড়েনি। মহানন্দায় বেড়েছে ৫ সেন্টিমিটার ও পুনর্ভবায় পানি বেড়েছে ৮ সেন্টিমিটার। আজ চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঁকা পয়েন্টে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২১.৭৩ মিটার; যা গতকাল সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১.৭৩ মিটারই রয়েছে। অর্থাৎ পদ্মার পানি স্থির রয়েছে। অন্যদিকে গতকাল সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৯.৭২ মিটার; যা ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে আজ সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৯.৭৭ মিটার। অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে গতকাল সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৯.৮৬ মিটার; যা বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৯.৯৪ মিটার। পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫, মহানন্দার ২০.৫৫ ও পুনর্ভবার ২১.৫৫ মিটার।