সোনামসজিদে সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির সভা

সোনামসজিদে সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও ট্রানজিট বাণিজ্য সহজ করতে সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী কাস্টমসের কমিশনার মুহা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন— রাজশাহী কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন, সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস স্টেশনের উপ-কমিশনার ওমর মবিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি বাবুল হাসনাত দুরুল ও সাধারণ সম্পাদক মো. আরিফ উদ্দিন ইতিসহ অন্যরা। সভায় সীমান্ত বাণিজ্য কার্যক্রম আরো গতিশীল ও সুশৃঙ্খল করা, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমের গতি বৃদ্ধি, রাজস্ব আদায় বাড়ানো, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভার আয়োজন করে সোনামসজিদ স্থল কাস্টমস শুল্ক স্টেশন।
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ শহরে বিদূৎস্পৃষ্ট হয়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছেন। তিনি শহরের শেয়ালা গাবতলা মহল্লার মোজাম্মেল হকের ছেলে মমিন হক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সোয়া ২টার দিকে শহরের লাখেরাজপাড়া মহল্লায় একটি চারতলা নির্মাণাধীন ভবনের ৪ তলার টপের উপরে নির্মিত বাঁশের মাচা থেকে কাজ করে নীচে নামার সময় অসাবধাণতাবশত: পাশ দিয়ে যাওয়া সঞ্চালন লাইনের স্পর্শে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে নীচে মাটিতে পড়ে যান। আহতাবস্থায় তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৩ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে ওরিয়েন্টেশন

বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে ওরিয়েন্টেশন চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় অংশীজনদের নিয়ে এক ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইউনিসেফের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুস সামার কলেজের অধ্যক্ষ তোহুরুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এএসআই রক্সি খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডল এবং মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের সুপারভাইজার আবু সউদ মো. আব্দুল অদুদসহ অন্যরা। ওরিয়েন্টেশনে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য ও সমাজকর্মী, যুব প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় আরো বলা হয়, চাঁপাইনবাবগঞ্জকে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতামুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে হলে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এ লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগ এবং সামাজিক উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চালকের মরদেহ উদ্ধার শিবগঞ্জ উপজেলা থেকে মাসুদ রানা নামে এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডিপুর ঘোষপাড়া গ্রামের রশিদুল হকের ছেলে। পুলিশ জানায়, গতকাল বিকেলে তৌহিদুল ইসলাম স্বদেশ নামে এক বন্ধু মোবাইল ফোনে খবর পেয়ে বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে শিবগঞ্জ পৌর এলাকার আমবাগান থেকে মাসুদকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁকে ওই স্থানে থাকা একটি মোটরসাইকেলে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাসুদের মুখমন্ডলসহ দেহে হালকা আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। তাঁর পরিবার পুলিশকে জানিয়েছে, সকাল ১০টায় বাড়ি থেকে বের হবার পর তিনি আর বাড়ি ফেরেন নি। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবদেন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে পরিকল্পনা সভা অনুষ্ঠিত বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে সহকারী কমিশনার ভূমি ইকরামুল হক নাহিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্ধনা সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল ওহাবসহ এসএসবিসি প্রকল্পের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, ইউনিয়ন চেয়ামান, ইমাম ও স্থ’ানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ। উক্ত পরিকল্পনার সভার মূল উদ্দেশ্য হলো সকল অংশীদারগণের সমন্বয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাকে বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা হিসাবে ঘোষনা করা। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং এসএসবিসি প্রকল্প এর উদ্যেগে শিশুর সার্বিক উন্নয়নের লক্ষে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে এই পরিকল্পনা সভার অনুষ্ঠিত হয়।
ঈদুল ফিতরসহ ২৫ ও ২৬ মার্চ পালনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

ঈদুল ফিতরসহ ২৫ ও ২৬ মার্চ পালনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা চাঁপাইনবাবগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় এবং ২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ঈদুল ফিতরের এবং পরে গণহত্যা দিবসের সভাসহ স্বাধীনতা দিবস উদ্যাপনে এই সভা অনুষ্ঠিত হয়। দুটি সভাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এবং সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। ঈদুল ফিতর উদ্যাপনের সভায় সিদ্ধান্ত হয়, এবার পুরাতন স্টেডিয়ামে সকাল সাড়ে ৭টায় ও সকাল ৮টায় ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। অন্যান্য ঈদগাহ কমিটি সুবিধামত সময় নির্ধারণ করে ঈদের নামাজ আদায়ে ব্যবস্থা গ্রহণ করবেন। ঈদগাহ মাঠগুলো এখন থেকেই পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। অন্যদিকে জাতীয় কর্মসূচির আলোকে ২৫ মার্চ গণহত্যা দিবসে রাত ১০টায় এক মিনিট প্রতীকী ব্ল্যাক আউট থাকবে বলে সিদ্ধান্ত হয়। এছাড়াও ২৬ মার্চ প্রত্যুষে পুরাতন স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ অন্যান্য কর্মসূচি পালন করা হবে। সভা দুটিতে আরো উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা, ফকিরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান, জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মুক্তার আলী, জেলা চেম্বারের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, বিএনপি নেতা নজরুল ইসলাম, ফকিরপাড়া ঈদগাহ কমিটির সহসম্পাদক তৌফিজুর রহমান পুতুলসহ সরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণ। যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালনের আহ্বান জানান সভাপতি উজ্জ্বল কুমার ঘোষ।
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত নেই

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত নেই চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আর কেউ ডেঙ্গু রোগী শনাক্ত হননি। তবে এর আগে গত রবিবার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের বহির্বিভাগে একজন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন শনাক্ত হন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের বহির্বিভাগে মোট শনাক্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১৮ জন। অন্যদিকে একই সময়ে আক্রান্ত হয়ে জেলায় ভর্তি রোগী হচ্ছে ১২ জন। বর্তমানে জেলা হাসপাতালের আন্তঃবিভাগে কোনো রোগী ভর্তি নেই। সোমবার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে ডেঙ্গুসহ সকল প্রকার মশার উপদ্রব থেকে রক্ষা পেতে নিজ নিজ আঙিনা, বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর পৌরসভার পক্ষ থেকে গুরুত্বারোপ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে শ্বাসতন্ত্রের সংক্রমণে হাসপাতালে ভর্তি ১২ জন

চাঁপাইনবাবগঞ্জে শ্বাসতন্ত্রের সংক্রমণে হাসপাতালে ভর্তি ১২ জন চাঁপাইনবাবগঞ্জে তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন রোগী। এই ১২ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ৭ জন নারী রোগী রয়েছেন। এর আগের দিন ভর্তি হয়েছিলেন ৪ জন রোগী। সোমবার জেলা হাসপাতালের তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে ঠাণ্ডা থেকে রক্ষা পেতে সাবধানতা অবলম্বনের জন্য জেলাবাসীকে পরামর্শ দেয়া হয়েছে।
ডায়রিয়া : চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৭৬ জন হাসপাতালে ভর্তি

ডায়রিয়া : চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৭৬ জন হাসপাতালে ভর্তি চাঁপাইনবাবগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ জন রোগী। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৫৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি হয়েছেন। সোমবার সিভিল সার্জন অফিসের ডায়রিয়া বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে জেলা হাসপাতালের প্রতিবেদনে জানানো হয়েছে, পূর্বে ডায়রিয়া রোগী ভর্তি ছিলেন ৫৩ জন এবং নতুন করে ৫৫ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ৫৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে জেলা হাসপাতালে ভর্তি আছেন ৫০ জন রোগী।

চাঁপাইনবাবঞ্জে ৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল নেশার ট্যাবলেট জব্দ, ঈদ উপলক্ষে সীমান্তে বিশেষ সতর্কতা শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ৩ হাজার ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টডল ট্যবলেট জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। এ ছাড়া জ্বালানি তেল পাচার রোধসহ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষেও সীমান্তে বিশেষ নজরদারি শুরু করেছে বিজিবি। বিজিবি জানায়, গত কাল দিবাগত রাত সোয়া ১২টার দিকে মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল দূর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি ঘাট এলাকায় অভিযান চালায়। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৪ লক্ষাধিক টাকা মূল্যের ৩,০৫০ পিস ট্যাপেন্টডল জব্দ হয়। আজ ৫৩বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বিগত ৩ মাসে ৫৩ বিজিবি আওতাধীন সীমান্তে একজন আসামীসহ ৩৮৯ বোতল মদ, ২৩২ বোতল ফেনসিডিল, ১ হাজার ৫৬৮ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় নেশার সিরাপ, ৭ হাজার ৫৫০ পিস ট্যাপেন্টডল ট্যবলেট,একটি ইঞ্জিনচালিত নৌকা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে। এসব মালামালের বাজার মূল্য ২২ লক্ষাধিক টাকা। অধিনায়ক মোস্তাফিজুর আরও বলেন, সীমান্তে নিয়মিত সার্বক্ষনিক দায়িত্বের পাশাপাশি আসন্ন ঈদ মৌসুমে ও জ্বালানি তেল চোরাচালন রোধে সীমান্তের স্থল ও নদীতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ অতিরিক্ত বিশেষ টহল ও চেকপোষ্ট পরিচালনা শুরু করেছে বিজিবি।