গোমস্তাপুরে খেলোয়াড় বাছাই ফুটবল ক্যাম্পের উদ্বোধন

গোমস্তাপুরে খেলোয়াড় বাছাই ফুটবল ক্যাম্পের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মেধাবী খেলোয়াড় বাছাই করতে ১৫ দিনব্যাপী ফুটবল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বোয়ালিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করেন বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম শ্যামল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ। ক্যাম্পের উদ্বোধনী খেলা পরিচালনা করেন জাতীয় ফুটবল দলের কোচ সাহাবুদ্দিন আহমেদ। এ সময় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন+ গোমস্তাপুর উপজেলা জামায়াতের আমির ইমামুল হুদা, বোয়ালিয়া ইউনিয়ন শাখা জামায়াতের আমির রাইশুল ইসলাম, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল ইসলাম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানাসহ অন্যরা। ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামল বলেন, বোয়ালিয়া ইউনিয়ন থেকে মেধাবী খেলোয়াড় বের করায় এই ফুটবল ক্যাম্পের উদ্দেশ্য। এই মেধাবী খেলোয়াড়রা বিকেএসপিসহ জাতীয় পর্যায়ে খেলতে পারে সেজন্য, এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

নাচোল উপজেলার সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নাচোল উপজেলার সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় জ্ঞান জ্যোতির আলোয় আলোকিত। আনন্দ উচ্ছ্বাস আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে উঠেছিল মুখরিত। ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৯ কৃতী শিক্ষার্থীর মধ্যে ৪ জন বোর্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা এবং শিক্ষা খাতে বিশেষ অবদান রাখায় দুজন শিক্ষককে সম্মাননা প্রদান করতে এক অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষার্থীদের অধ্যাবসায় এবং অভিভাবকদের সহযোগিতা— এই তিনের সমন্বয়ে আসা অভাবনীয় সাফল্যকে উদ্যাপন করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। রবিবার বিকেলে বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়া শিক্ষা খাতে বিশেষ অবদান রাখায় আইসিটি শিক্ষক নাজনীন খাতুন ও বিজ্ঞান বিভাগের খাদিজা খাতুনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। অপরদিকে সমাজসেবক আব্দুর রাজ্জাক দীর্ঘদিন থেকে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে উদ্বুদ্ধকরণের জন্য প্রতি বছর টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রথম তিনজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে থাকেন। তার এই ভালো কাজের জন্য তাকে স্বীকৃতি সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম সূচনা বক্তব্যে বলেন, এই শিক্ষার্থীরা শুধু বিদ্যালয়ের নয়, তারা আমাদের নাচোল ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গর্ব। তাদের এই অর্জন প্রমাণ করে যে, কঠোর পরিশ্রম ও সুনির্দিষ্ট লক্ষ্য থাকলে যে কোনো বাধাই পেরোনো সম্ভব। তিনি আরো বলেন, এই সাফল্য আগামী বছরের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— শিক্ষানুরাগী আব্দুল আওয়াল খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন— নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান ও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান। সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। কৃতী শিক্ষার্থীরা জানান, শিক্ষকদের নিয়মিত তদারকি ও বাড়তি যত্নের কারণেই তারা এই ফল অর্জন করতে পেরেছে। তারা বলেন, ভবিষ্যতেও আমরা যেন ভালো কিছু করে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে পারি, সেই প্রচেষ্টা থাকবে। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ডেঙ্গু : চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১৫ জন আক্রান্ত

ডেঙ্গু : চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১৫ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে আবারো বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৬ জন ও বহির্বিভাগে ৫ জন এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৭ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৯ জন পুরুষ ও ৭ জন মহিলাসহ ১৬ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন পুরুষ ও ২ জন মহিলাসহ ৬ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ৪ জন রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে রবিবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬১৮ জন।

জেলায় ডায়রিয়াতে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো ৬০ 

জেলায় ডায়রিয়াতে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো ৬০  চাঁপাইনবাবগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৩ জন রোগী। সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে আজ জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন, গোমস্তাপুরে ৮ জন, নাচোলে ২ জন ও ভোলাহাটে ৪ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৩ জন রোগী। তাদের মধ্যে জেলা হাসপাতাল থেকে ৪৪ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৬ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৭ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩ জন রোগী বাড়ি ফিরেছেন।

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালন করা হয়েছে। আজ জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের উদ্যোগে দিবসটি উদ্‌যাপন করা হয়। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শামশুন নাহার, চাঁপাইনবাবগঞ্জ জেলা অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ মমতাজ বেগম, মক্কা চক্ষু হাসপাতালের পরিচালক গোলাম ফারুক এবং ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোমেনা খাতুন। সভা সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া। বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইভাবে মরণোত্তর চক্ষুদান দৃষ্টিহীনদের চোখে আলো ফিরিয়ে দিতে পারে। তাই সমাজের সুস্থ ও সচেতন মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। পরে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পাভেলের মৃত্যুতে নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল

পাভেলের মৃত্যুতে নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জে মরহুম আজিজুর রহমান খাঁন পাভেলের মৃত্যুতে নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে মরহুমের বন্ধু ও শুভানুধ্যায়ীরা এই স্মরণসভার আয়োজন করে। সেন্টু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে সভায় মরহুম পাভেলের জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, পাঠানপাড়া সরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক, ব্যবসায়ী রাইহানুল ইসলাম ল্নুা, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেলসহ মরহুমের বন্ধুরা। সভা সঞ্চালনা করেন আসাদুজ্জামান পলাশ। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন, পৌরসভার সাবেক মেয়র মাওলানা মো.আব্দুল মতিন। প্রসঙ্গত, রাজশাহী সিটি হাট এলাকায় সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান খাঁন পাভেলসহ দুজন নিহত হন।

ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১১ জন আক্রান্ত

ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১১ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৬ জন ও বহির্বিভাগে ৩ জন এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২২ জন রোগী। একই সময়ে জেলা হাসপাতাল থেকে ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং অবস্থার অবনতি হওয়ায় ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সিভিল সার্জন অফিস ও জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে জেলা হাসপাতালে ৫৫জন, শিবগঞ্জে ৭ জন ও গোমস্তাপুরে ১১ জন আক্রান্ত হয়েছেন। অপরদিকে একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৫ জন রোগী।

পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন; পদ্মা নদীর ভাঙন রোধে গৃহীত প্রকল্প

পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন; পদ্মা নদীর ভাঙন রোধে গৃহীত প্রকল্প চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলায় পদ্মা নদীর ভাঙন রোধে একটি প্রকল্প গ্রহণ করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। ‘চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত পদ্মা নদীর উভয় তীরে নদী তীর সংরক্ষণ প্রকল্প (১ম পর্যায়)’ শীর্ষক এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭৫১.০২৯১ কোটি টাকা। পদ্মা নদীটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। পদ্মা নদীর প্রবেশমুখ হতে ফারাক্কা ব্যারেজের দূরত্ব মাত্র ১৮ কিলোমিটার। যার ফলে প্রতি বছর শত শত পরিবার তাদের ভিটামাটি, ফসলি জমি, বাজার, স্কুল-কলেজ, মাদ্রাসা, আমবাগানসহ সরকারি-বেসরকারি স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। পদ্মা নদীর মরফোলজিক্যাল পরিবর্তনের কারণে ও ফারাক্কা ব্যারেজের বিরূপ প্রভাবে গত দশ বছরে প্রায় ৩ কিলোমিটার নদীর ব্যাংক লাইন স্থানান্তরিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম. আহসান হাবীব জানান, বর্তমানে পদ্মা নদীর বামতীরে ১১.১৫ কিলোমিটার এবং ডান তীরে ১৪.২০ কিলোমিটার; মোট ২৫.৩৫ কিলোমিটার দৈর্ঘ্যে ব্যাপক নদী ভাঙন রয়েছে। তিনি আরো জানান, প্রকল্পটি বাস্তবায়নের লক্ষে ২০২৩ সালে আইডব্লিউএম ফিজিবিলিটি স্টাডি করেছে। আইডব্লিউএম’র সুপারিশের আলোকে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর, মনাকষা ও পাঁকা এলাকায় পদ্মা নদীর বাম তীরে ৫.৭৪০ কিলোমিটার স্থায়ী নদী তীর সংরক্ষণ কাজ, চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর ডান তীরে ৩.০৯ কিলোমিটার সর্তকতামূলক নদী তীর সংরক্ষণ কাজ এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আলাতুলি প্রকল্পে পদ্মা নদীর বাম তীরে ০.৫০০ কিলোমিটার নদী তীর পুর্নবাসন কাজ অন্তর্ভুক্ত করে প্রকল্প প্রস্তাব করা হয়। প্রস্তাবনাটি বর্তমানে পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পটির সম্ভাব্য মেয়াদকাল ধরা হয়েছে এ বছরের নভেম্বর হতে ২০২৯ সালের জুন পর্যন্ত। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৭৫১.০২৯১ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে ৯.৩৩ কিলোমিটার নদী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ-ভারত সীমান্ত অংশে পদ্মা নদীর উভয় তীরে বাংলাদেশের ভূখণ্ডে নদী ভাঙন রোধ হবে, সরকারি ও বেসরকারি সম্পদ রক্ষা পাবে। প্রসঙ্গত, গত শুক্রবার বিকেলে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষ্মীপুর, জাইটপাড়া, কানছিড়া ও দুর্লভপুর ইউনিয়নের ঝাইলপাড়া, আইয়ুব বিশ্বাসের ঘাট, ফিল্ডের বাজার পাঁকাঘাট, দোভাগী নামোজগন্নাথপুর এলাকার ভাঙন পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বির আহমদ। এসময় চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস. এম. আহসান হাবীব, পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সাইদুর রহমানসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

চাঁপাইনবাবগঞ্জে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড; দুর্ভোগে  নিচু এলাকার মানুষ স্মরণকালের ভয়াবহ বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জ। দুর্ভোগে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নিচু এলাকার মানুষ। শুক্রবার রাতভর বৃষ্টিতে ঘরে, দোকানে পানি ঢুকে পড়েছে। রাস্তায় পানি হাঁটু অবধি গড়িয়েছে। কোথাও কোমর ছুঁয়েছে। ভারী বৃষ্টিতে পুকুরের পানি উপচে পড়েছে। ভেসে গেছে পুকুরের মাছ, ক্ষতি হয়েছে ফসলের বিশেষ করে রোপা আমন ধানের, শিবগঞ্জের পুঁটিমারী বিলের সিংহভাগ ফসল নিমজ্জিত হয়েছে, রেললাইনে পানি উঠে পড়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এছাড়া সদর উপজেলার বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কের একটি অংশ মহানন্দায় দেবে গেছে। শিবগঞ্জে একটি সেতুর ক্ষতি হয়েছে। অন্য উপজেলাগুলোতেও ভারী বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতিসহ পুকুরের ক্ষতি হয়েছে। গত শুক্রবার রাতভর জেলায় গড় বৃষ্টি হয়েছে ১৯১ মিলিমিটার। শুধু সদর উপজেলাতেই বৃষ্টি হয়েছে ২৬০ মিলিমিটার। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০০৩ সাল থেকে একদিনে এত বৃষ্টি আগে কখনো রেকর্ড হয়নি। গত শুক্রবার রাত ৮টার দিক থেকে শুরু হয় বৃষ্টি। রাত যত বেড়েছে, বৃষ্টির পরিমাণও বেড়েছে। ভারী বৃষ্টিতে জেলাশহরের অনেক এলাকা জলমগ্ন হয়ে যায়। সকাল হতে হতে অনেকের বাড়ির ভেতরে পানি ঢুকে পড়ে। যেসব এলাকার পানি নিষ্কাশনে সমস্যা আছে সেসব এলাকার রাস্তায় পানি জমে জনসাধারণের চলাচলে বিঘ্ন সুষ্টি হয়। ভারী বৃষ্টিতে অনেকের পুকুরের মাছ ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। কিছু কিছু জমির ফসল নষ্ট হয়েছে। শনিবার সকালে দেখা যায়, জেলাশহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজের পেছনের বাসিন্দাদের অনেকের বাড়ির ভেতরে পানি ঢুকে পড়েছে। অক্ট্রয় মোড়ের সড়ক ও জনপথ বিভাগের শাপলা পুকুর উপচে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মহাসড়কে পানি উঠে পড়েছে। ডুবে গেছে অক্ট্রয় মোড়ের দোকানপাট। জেলা প্রশাসকের বাসভবন চত্বর ও পুলিশ সুপারের বাসভবনের রাস্তায় পানি জমে থাকতে দেখা গেছে। পানি জমে থাকতে দেখা গেছে কালেক্টরেট শিশু পার্কের রাস্তা ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বর পুরাটাই জলমগ্ন হয়ে পড়ে। পানি জমে থাকতে দেখা যায় জেলা জজের বাসভবন চত্বর, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় চত্বর, সিভিল সার্জন কার্যালয়ের সামনের রাস্তা, নিমতলা, বাতেন খাঁর মোড়, নিউ মার্কেটসহ বিভিন্ন রাস্তায় পানি জমে থাকতে খো যায়। ক্লাব সুপার মার্কেটের ভেতরে পানি ঢুকে পড়ে। তবে নিউ মার্কেট এলাকায় নতুন ড্রেন নির্মাণ করায় জলবদ্ধতা দ্রুত নিরসন হতে দেখা যায়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নগর পরিকল্পনাবিদ ইমরান হোসেন বলেন— মহান্দা সেতুর সংযোগ সড়ক শীর্ষক প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সড়কে বড় বড় ড্রেন নির্মাণ কার্যক্রম চলছে। মূল শহরের ভেতরে যেসব জায়গায় ড্রেন নির্মাণ করা হচ্ছে সেসব জায়গার কোথাও কোথাও জমি অধিগ্রহণ সমস্যা ও বৈদ্যুতিক পোল অপসারণ না হওয়ায় নতুন ড্রোনগুলোর নির্মাণ কাজ সম্পন্ন করা যাচ্ছে না। ফলে ড্রোনগুলো বন্ধ থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তবে সম্প্রতি নেসকো কর্তৃপক্ষ এলাকাগুলো পরিদর্শন করেছেন। পোলগুলো সরিয়ে নিলে এবং জমি অধিগ্রহণ সমস্যার সমাধান হয়ে গেলেই নতুন নির্মাণাধীন ড্রেনগুলোর নির্মাণ কাজ শেষ করা যাবে। তিনি জানান, এই প্রকল্পের মেয়াদ আগামী ২০২৬ সালের জুন মাস পর্যন্ত। আশা করা যায়, আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থাকবে না। এদিকে অতিবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের বড়পুকুরিয়া এলাকায় প্রায় এক কিলোমিটার রেললাইন পানিতে তলিয়ে যায়। রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। রাত থেকে সকাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে ট্রেন চলাচল বন্ধ থাকে। এর ফলে আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেস গতকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ২ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে ছেড়ে যায়। এছাড়াও ঈশ্বরদী থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জ অভিমুখী ৫ আপ রাজশাহী কমিউটার ট্রেন অতিরিক্ত পানির কারণে বড়পুকুরিয়া এলাকায় চার ঘণ্টা আটকা পড়ে। এর ফলে শত শত যাত্রী দুর্ভোগে পড়েন। রেললাইন থেকে পানি নামার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, সারারাত বৃষ্টিতে আমনুরা থেকে সদর উপজেলার বড়পুকুরিয়ায় প্রায় এক কিলোমিটার রেললাইন পানির নিচে তলিয়ে যায়। এর ফলে পুকুরিয়া এলাকায় ট্রেন চলাচল করতে পারছিল না। সেখানে ৫ আপ কমিউটার ট্রেনটি সারারাত আটকা ছিল। অপরদিকে বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে বিনোদনপ্রেমীদের জন্য নির্মিত বসার স্থানটি ভেঙে মহানন্দায় দেবে গেছে। অন্যদিকে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাগলা নদীর ওপর নির্মিত একটি সেতুর দুই ধার থেকে মাটি সরে যাওয়ায় হুমকির মুখে পড়েছে সেতুটি। এছাড়া এটি জনসাধারণের চলাচলের জন্য ঝুঁকিপূর্ণও হয়ে গেছে। এদিকে মাছচাষি অলি ও রবি জানান, সদর উপজেলার সাতনৈই এলাকায় অন্তত ৩০টি পুকুরের পানি উপচে সমস্ত মাছ ভেসে গেছে। এতে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনূর রহমান জানান— এখন পর্যন্ত কোথাও কোনো মাছ ভেসে যায়নি। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী জানান, শুক্রবার ভোর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় গড় বৃষ্টি হয়েছে ১৯১ মিলিমিটার। এর মধ্যে সদর উপজেলায় বৃষ্টি হয়েছে ২৬০ মিলিমিটার, শিবগঞ্জ উপজেলায় ১৭৫ মিলিমিটার, গোমস্তাপুর উপজেলায় ১৮০ মিলিমিটার, নাচোল উপজেলায় ১৭৫ মিলিমিটার ও ভোলাহাট উপজেরা বৃষ্টি হয়েছে ১৬৫ মিলিমিটার। ড. ইয়াছিন আরো জানান, ভারী বৃষ্টিতে জেলায় ৪ হাজার ৪৫৯ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ২ হাজার ২৩৫ হেক্টর রোপা আমন, ৩৭ হেক্টর আলু, ৯১৭ হেক্টর সরিষা, শাকসবজি ৩১৬ হেক্টর, ২৪৪ হেক্টর পেঁয়াজ, ২৫০ হেক্টর মাসকলাই, ৬৮ হেক্টর ভুট্টা, ১৩ হেক্টর স্ট্রবেরি, ৩৭৯ হেক্টর রসুন। চূড়ান্ত প্রতিবেদন তৈরির সময় মোট ক্ষতি ও কৃষকের সংখ্যা জানা যবে বলে তিনি জানান।

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপরাজারামপুর এলাকা থেকে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাররা হলেন নাচোল উপজেলার দেওপাড়া গ্রামের নুজরুল ইসলামের ছেলে জুয়েল রানা এবং দক্ষিণ সাকোপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে জসিম উদ্দিন। র‌্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে র‌্যাব-৫ এর একটি দল উপরাজারামপুর এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।