চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরও ১১ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরও ১১ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, শনাক্তদের মধ্যে জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৩ জন পুরুষ ও ২ জন মহিলা, বহির্বিভাগে ৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ, নাচোলে ১ জন পুরুষ এবং ভোলাহাটে ১ জন মহিলা রোগী রয়েছেন। বর্তমানে জেলায় ১৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে জেলা হাসপাতালে ৬ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১১ জন, শিবগঞ্জে ৩ জন, গোমস্তাপুরে ১ জন এবং ভোলাহাটে ২ জন রোগী চিকিৎসাধীন। একই সময়ে জেলা হাসপাতাল থেকে ৩ জন ও নাচোল থেকে ১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ২ হাজার ৫১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস

চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস ‘হাত ধোয়ার নায়ক হোন’— এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখানো ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি ল্যাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অন্যদিকে, নাচোলে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনের সভাপতিত্বে মিনি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ, ডা. আতিক মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে বিশেষ মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষে সদর উপজেলা পর্যায়ে বালক–বালিকাদের দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় জেলা স্টেডিয়াম (নতুন) সংলগ্ন সুইমিংপুলে প্রতিযোগিতার উদ্বোধন হয়। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের ২০২৫–২০২৬ অর্থবছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৭০ জন সাঁতারু অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাঁতার ফেডারেশনের কাউন্সিলর মো. খালেকুজ্জামান। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য, শিক্ষক ও ক্রীড়া সংগঠকেরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাঁপাইনবাবগঞ্জে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ই অক্টোবর, মঙ্গলবার সকালে শিশুমনি নিবাসের সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, এসআইএল ইন্টারন্যাশনাল ও সিসিডিবি, চাঁপাইনবাবগঞ্জ শাখার সহায়তায় জেলা সমাজসেবা কার্যালয় এই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোসা. উম্মে কুলসুম, সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জেমস বিশ্বাস, এসআইএল ইন্টারন্যাশনাল চাঁপাইনবাবগঞ্জ এর এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমুসহ অন্যরা। সভায় শিশু সুরক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে অলোচনা করেন অতিথিবৃন্দ।
রানীহাটিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষি প্রশিক্ষণ

রানীহাটিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষি প্রশিক্ষণ বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় খরা সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার রানীহাটিতে হর্টিকালচার সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ২০ জন সিসিএজি সদস্য। এসময় সিসিএজি সদস্যদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর প্রতিকারমূলক ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন ও খরা সহনশীল কৃষি কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা হয়। একইসাথে খরা সহিষ্ণু ফল ও ফসল নির্বাচন, বসতবাড়ির উঠানবাগান তৈরি, ভার্মিকম্পোস্ট প্রস্তুত এবং পানি সংরক্ষণ কৌশল নিয়ে হাতে-কলমে নির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক (পি.পি.) কৃষিবিদ আমির আব্দুল্লা মোঃ ওয়াহিদুজ্জামান ও সহকারী উপ-পরিচালক (হর্টিকালচার) কৃষিবিদ বুলবুল আহম্মেদ এবং প্রকল্পের কৃষিবিদ ফয়জুল হক। বরেন্দ্র অঞ্চলের বাস্তব জলবায়ুগত চ্যালেঞ্জ তুলে ধওে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ। প্রশিক্ষণের অন্যতম বিষয় ছিল পরিবেশবান্ধব কৃষি বিস্তারে জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহ দেওয়া। এই লক্ষ্যে ভার্মিকম্পোস্ট তৈরির উপায় ও উপকারিতা বিস্তারিতভাবে আলোচনা করা হয়। পাশাপাশি প্রয়াসের ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় চালু থাকা ঋণ কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন ইউনিট-১৬ এর শাখা ব্যবস্থাপক মোসলেমা খাতুন। কর্মশালায় সহযোগিতা করেন সিএমও সিভিল মোঃ রোকনুজ্জামান। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রীণ ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর সহযোগিতায় এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট- ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায়, এ প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
শিবগঞ্জে র্যাবের অভিযানে ৩৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক

শিবগঞ্জে র্যাবের অভিযানে ৩৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৩৫৫পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব-৫। আটক যুবক উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে জাহিদ। র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের গোপন খবরের ভিত্তিতে গতকাল রাতে জাহিদের বাড়িতে অভিযান চালিয়ে ৩৫৫ পিস ইয়াবাসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জাহিদকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
নাচোলে ইলা মিত্রের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত

নাচোলে ইলা মিত্রের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত নাচোলে তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ও কৃষক অধিকার আন্দোলনের পথিকৃৎ বিপ্লবী ইলা মিত্রের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলার নেজামপুর ইউনিয়নের রাওতাড়া গ্রামে অবস্থিত ‘ইলা মিত্র মঠ ও সংগ্রহশালা’ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে রানী ইলা মিত্র স্মৃতি সংসদ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া। বিশেষ অতিথি ছিলেন দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ। সভায় সভাপতিত্ব করেন রানী ইলা মিত্র স্মৃতি সংসদের সভাপতি বিধান সিং। সঞ্চালনা করেন সাংবাদিক মনিরুল ইসলাম। অন্যদের মধ্যে সাংবাদিক একেএম জিলানী ও আবুল হোসেনসহ আরো অনেকেই বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, রানী ইলা মিত্র ছিলেন কৃষক অধিকার ও নারীর মর্যাদার প্রতীক। তাঁর সংগ্রামী জীবন নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রেরণা জোগাবে। ইলা মিত্র কেবল তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন তা কিন্তু নয়Í তিনি ইতিহাসের এক সাহসী নারী, যিনি নিপীড়নের মুখেও সত্যের পক্ষে ছিলেন। তাঁর জীবন থেকে শেখার আছে অনেক কিছু। আলোচনা সভা শেষে শতাধিক মানুষের জন্য আয়োজন করা হয় কাঙালিভোজের। উল্লেখ্য, ১৯২৫ সালের ১৮ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন ইলা মিত্র। ১৯৪৫ সালে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরের জমিদার পরিবারের সন্তান রমেন্দ্রনাথ মিত্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৪৬ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত নাচোল অঞ্চলে চলা তেভাগা আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। এই আন্দোলনে নেতৃত্বের কারণে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং নির্মম নির্যাতনের শিকার হতে হয়। ২০০২ সালের ১৩ অক্টোবর কলকাতায় এই বিপ্লবী নারী মৃত্যুবরণ করেন।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১২ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১২ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ২ জন পুরুষ ও ৫ জন নারীসহ ৭ জন, হাসপাতালটির বহির্বিভাগে ৩ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন মহিলা রোগী শনাক্ত হন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১১ জন রোগী। এছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ৭ জন, শিবগঞ্জ ১ জন পুরুষ ও ১ জন নারীসহ ২ জন এবং গোমস্তাপুরে ১ জন নারী ও ১ জন পুরুষ রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।
গোামস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গোামস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, অগ্নি নির্বাপক মহড়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আজ সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শণ করে। পরে ‘সমন্বিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি কৃষ্ণ চন্দ্র, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল আলিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মাহাতাব উদ্দিন, শিক্ষক মাহবুবুল হকসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র উত্তর-পশ্চিম রিজিয়নের প্রেস ব্রিফিং

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র উত্তর-পশ্চিম রিজিয়নের প্রেস ব্রিফিং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আওতাধীন ১ হাজার ৬৬০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় চলতি বছরের প্রথম ৯ মাসে ৬০ কোটি টাকারও বেশী মূল্যের চোরাচালানী পন্য জব্দ করেছে বিজিবি। এসময় আটক হয়েছেন ৫০১ জন। চোরাচালান পন্যর মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য, অস্ত্র ও গুলি, গবাদিপশু সহ বিভিন্ন মালামাল। রিজিয়নের অধীনে ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়ন রয়েছে। আজ সকাল ১১টায় বিজিবি’র উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের পক্ষে রাজশাহী সেক্টরের আওতাধীন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফ্রিং-এসব তথ্য প্রকাশ করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। অধিনায়ক বলেন, চলতি বছরের পহেলা জানুয়ারী থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রিজিয়নের আওতাধীন সীমান্তে জব্দ মালামালের মধ্যে রয়েছে ৭১ হাজার ৩৪০ বোতল ফেনসিডিল, ৯.৭৭৩ কেজি হেরোইন,২.০৬১ কেজি কোকেন,১২ হাজার ১২৭ বোতল মদ, ২ হাজার ৯১ কেজি গাঁজা,২৪ হাজার ৪৪৮ পিস ইয়াবা, ৮৫ হাজার ১৩১ পিস নেশার ইনজেকশন সহ বিপুল পরিমান অনান্য সিরাপ,ট্যাবলেট। জব্দ অস্ত্রের মধ্যে রয়েছে ৬ রাইন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল, ৬টি এয়ারগান ও ৩৩ হাজার ১০০টি সিসাগুলি, ৭ কেজি গান পাওডার, ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রোল বোমা। জব্দ হয়েছে ১ হাজার ৪৫৭টি গরু ও ৬৬৪টি মহিষ। এছাড়াও জব্দ হয়েছে ৮২৩ কেজি ওজনের ১৪টি কষ্টি পাথরের মুর্তি,৬৮০ গ্রাম স্বর্ন, ১৮৫টি মোটরসাইকেল, ১ হাজার ২৪৫ পিস মোবাইল ফোন, পোষাক ও কাপড়. রৌপ্য, চা, চিনি, পটকা, কারেন্ট জাল ইত্যাদি। অধিনায়ক বলেন, রিজিওনের সক্ষমতা বৃদ্ধিতে নতুন ৬টি বিওপি নির্মিত হয়েছে। তিনি আরও বলেন, নিয়মিত দায়িত্বের পাশাপাশি চলতি বছরের দুর্গাপুজায় রিজিরিওনের আওতাধীন সীমান্তের ৮০৭টি মন্ডপের নিরাপত্তায় ১৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এছাড়াও বিজিবি নিয়মিত সীমান্তবাসীদের নিয়ে অবৈধ সীমান্ত পারাপার, জালনোট পাচার, মাদক চোরাচালান এবং নারী ও শিশু পাচার সম্পর্কে জনসচেতনতামূলক সভা করছে। ব্রিফ্রিংকালে ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর আসরারুর হক, সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।