চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ২ জন পুরুষ ও বহির্বিভাগে ২ জন রোগী শনাক্ত হন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৮ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১১ জন, শিবগঞ্জে ৩ জন, গোমস্তাপুরে ২ জন এবং ভোলাহাটে ২ জন রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে। অন্যদিকে সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫২০ জন।
৬৮তম জোটা ও ২৯তম জোটির উদ্বোধন

৬৮তম জোটা ও ২৯তম জোটির উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে স্কাউটের ৬৮তম জোটা (Jamboree on the Air, JOTA) ও ২৯তম জোটি (Jamboree on the Internet, JOTI) উদ্বোধন করা হয়েছে। জেলা স্কাউটস ভবনের স্কাউটার গোলাম রশিদ মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ এই কর্মসূচির আয়োজন করে। এতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বিষয়ে ধারনা দেয়া হয়। আগামী ১৯ অক্টোবর পর্যন্ত পুরো বিশ্ব স্কাউটে এই ৬৮তম জোটা ও ২৯তম জোটি অনুষ্ঠিত হবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, জেলা কাবলিডার রাকিব উদ্দীন আহম্মেদ, সহকারী লিডার ট্রেনার কে এ এম মাহফুজুর রহমান, সদর উপজেলা সম্পাদক মাইনুল ইসলাম, স্কাউট লিডার শামিম আহমেদসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় নেতাদের ৩ দিনের কর্মশালা সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় নেতাদের ৩ দিনের কর্মশালা সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলার জন্য ধর্মীয় নেতাদের মতামত গ্রহণের মধ্যদিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার শেষ দিনে আজ আলোচক ছিলেন, সদর থানার এএসআই রক্সি খাতুন ও মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম। রামচন্দ্রপুরহাট জামে মসজিদের খতিব আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, এসএসবিসি প্রকল্পের সহয়তাকারী তোহরুল ইসলাম। ইউনিসেফ এর সহায়তায় স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেবিহার চেঞ্জ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ অফিস। কর্মশালায় অংশ নেন জেলার বিভিন্ন উপজেলার ইমাম, পুরোহিত, মাওলানা ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ। প্রশিক্ষণে “শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা এবং আইনগত সহায়তার কৌশল” বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস

চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু। সূচনা বক্তব্য দেন শিল্পকলা অ্যাকাডেমির জেলা কালচারাল অফিসার শাহাদাৎ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশরাফুল ইসলাম। বক্তারা লালন শাহ’র মানবতার ধর্ম সবখানে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে লালনের বিভিন্ন গান পরিবেশ করা হয়। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা অ্যাকাডেমি এই কর্মসূচির আয়োজন করে।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৩ জন পুরুষ ও ৩ জন মহিলাসহ ৬ জন, হাসপাতালটির বহির্বিভাগে ২ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন মহিলা রোগী শনাক্ত হন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৮ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ৫ জন ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন পুরুষ ও ৭ জন মহিলাসহ ১১ জন, শিবগঞ্জে ২ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ৩ জন, গোমস্তাপুরে ১ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ২ জন এবং ভোলাহাটে ১ জন পুরুষ ও ১ জন মহিলা রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে। অন্যদিকে সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫১৮ জন।
মহারাজপুরে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

মহারাজপুরে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মারা যাওয়া ব্যক্তি জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর বাবুর বাগান গ্রামের মৃত ঝডু রবিদাশের ছেলে সুচেন রবিদাশ। আজ সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহসড়কের মহারাজুপর মেলার মোড় থেকে মৃতদেটি উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, সুচেন রবিদাশ পেশায় মুচি ছিলেন এবং উচ্চ রক্তচাপজনিত অসুখে ভূগছিলেন। বুধবার দিবাগত গভীর রাতে ওষুধ কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে।
চাঁপাইনবাবগঞ্জে শেষ হয়েছে স্বাস্থ্য পরিদর্শকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে শেষ হয়েছে স্বাস্থ্য পরিদর্শকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কার্যক্রমের আওতায় স্বাস্থ্য পরিদর্শকদের দুই দিনব্যাপী স্বাস্থ্যসেবা ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ আজ শেষ হয়েছে। গতকাল এই প্রশিক্ষণ শুরু হয়। এই দুই দিন প্রশিক্ষণ দেন প্রয়াস হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুক্তাদির আহমেদ ও ডা. মো. রহমাতুল্লাহ। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সমৃদ্ধি কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এসময় উপস্থিত ছিলেন— প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক (প্রশিক্ষণ) আব্দুস সালাম, আঞ্চলিক ব্যবস্থাপক ইমরান আলী, ইউনিট-১ ব্যবস্থাপক ওজিউর রহমান, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী তৌহিদুল ইসলাম, সহকারী উপজেলা সমন্বয়কারী মজলুম ইসলাম, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা খলিল উদ্দিন।
চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার আজ দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। কর্মশালায় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদীন, ইমাম এখলেসুর রহমান এবং প্রকল্পের ফ্যাসিলিটেটর আব্দুর রহিম। ইউনিসেফ এর সহায়তায় স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেবিহার চেঞ্জ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ অফিস। কর্মশালায় অংশ নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ইমাম, পুরোহিত, মাওলানা ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ। প্রশিক্ষণে “শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলার কৌশল” বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। কর্মশালায় আলোচকরা বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষা শিশুদের চারিত্রিক গঠনে সহায়ক ভূমিকা পালন করে। তাই ধর্মীয় নেতাদের শিশুদের সুরক্ষা বিষয়ে সচেতন ও সক্রিয় হতে হবে। সমাজে ধর্মীয় নেতাদের প্রভাব অত্যন্ত গভীর। মানুষ তাদের কথা গুরুত্বসহকারে গ্রহণ করে। তাই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে, নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে এবং সামাজিকভাবে সহিংসতা প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকাই হতে পারে সবচেয়ে কার্যকর। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ধর্মীয় নেতারা তাদের অভিমত প্রকাশ করে বলেন, শিশুদের প্রতি সহিংসতা রোধে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তোলা জরুরি। মসজিদ, মন্দির বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান থেকে এ বিষয়ে বার্তা দেওয়া হলে সমাজে দ্রুত ইতিবাচক প্রভাব পড়বে। উল্লেখ্য, তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা আগামীকাল (১৭ অক্টোবর) শেষ হবে।
সুবিধাভোগীদের তথ্য অনলাইনে হালনাগাদের আহ্বান সদর উপজেলা সমাজসেবা অফিসারের

সুবিধাভোগীদের তথ্য অনলাইনে হালনাগাদের আহ্বান সদর উপজেলা সমাজসেবা অফিসারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে থাকা সুবিধাভোগীদের তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মে হালনাগাদ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের আওতায় সুবিধাভোগীদের তথ্য অনলাইনে রেজিস্ট্রেশন করে হালনাগাদ করার জন্য আহ্বান জানিয়েছেন সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। আজ সকালে সদর উপজেলার মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে তিনদিনব্যাপী শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “বর্তমান সরকার সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে প্রযুক্তি-নির্ভর কার্যক্রম চালু করেছে। সুবিধাভোগীদের তথ্য অনলাইনে হালনাগাদ করলে প্রকৃত ভোক্তারা সরকারি সহায়তা দ্রুত এবং নির্ভুলভাবে পেতে পারবেন।” তিনি আরও বলেন, “তথ্য হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, নিকটস্থ কম্পিউটার দোকান বা সরাসরি সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।” এসময় তিনি উপস্থিত ধর্মীয় নেতাদের অনুরোধ জানান, তারা যেন এই গুরুত্বপূর্ণ বার্তাটি নিজ নিজ এলাকার জনগণের মাঝে পৌঁছে দেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং ইউনিসেফ-এর যৌথ আয়োজনে আয়োজিত এই কর্মশালায় অংশ নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ইমাম, পুরোহিত, মাওলানা ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ। তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা আগামীকাল (১৭ অক্টোবর) শেষ হবে।
রানীহাটিতে খরা-সহনশীল কৃষিপ্রযুক্তি বিস্তারে কৃষক প্রশিক্ষণ

রানীহাটিতে খরা-সহনশীল কৃষিপ্রযুক্তি বিস্তারে কৃষক প্রশিক্ষণ খরা সহনশীল কৃষিপ্রযুক্তি বিস্তারের লক্ষে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সদর উপজেলার রামচন্দ্রপুর হর্টিকালচার সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ জহুরুল ইসলাম, রামচন্দ্রপুর হটিকালচার সেন্টারের নার্সারি তত্ত্বাবধায়ক খন্দকার মাহাতাব হোসেন ও প্রকল্পটির কৃষিবিদ ফয়জুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রকল্পের সমন্বয়কারী বকুল কুমার ঘোষ, ইউনিট-১০ এর শাখা ব্যবস্থাপক আরমান আলী, সিএমও সিভিল রোকনুজ্জামান সহ অন্যরা। ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় পিকেএসএফ ও জিসিএফ-এর সহযোগিতায় কর্মশালার আয়োজন কওে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রশিক্ষণে ২০ জন সিসিএজি কৃষক সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের অন্যতম বিষয় ছিল পরিবেশবান্ধব কৃষি বিস্তারে জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহ দেওয়া। এই লক্ষে ভার্মি কম্পোস্ট তৈরির উপায় ও উপকারিতা বিস্তারিতভাবে আলোচনা করা হয়। পাশাপাশি প্রয়াসের ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় চালু থাকা ঋণ কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন ইউনিট-১০ এর শাখা ব্যবস্থাপক মো. আরমান আলী। কর্মশালায় সহযোগিতা করেন সিএমও সিভিল মো. রোকনুজ্জামান। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের খরা পরিস্থিতিতে কৃষি অভিযোজন এবং নতুন প্রযুক্তিনির্ভর কৃষি পদ্ধতি গ্রহণে অনুপ্রাণিত করবে।