চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী দিবস পালন ‘প্রতিবন্ধিতা অন্তর্ভক্তিমূলক সমাজ গড়ি—সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’— এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সমাপনী বক্তব্য দেন— জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম। অন্যদের মধ্যে বক্তব্য দেন— সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলামসহ অন্যরা। সূচনা বক্তব্য দেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শরিয়তুল্লাহ। সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) ফিরোজ কবির। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জানান, রেলে ভ্রমণের ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য ২০ আসন বরাদ্দ আছে এবং হুইলচেয়ার নিয়ে ওঠার জন্য র্যাম্পও আছে। তবে এই সুবিধা আরো বাড়ানো দরকার। তিনি বলেন— প্রতিবন্ধীরা সমাজের বাইরের কেউ নয়, তারা সমাজেরই অংশ। তাই তাদেরকে অবহেলা করা ঠিক হবে না।
বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কেক কাটা, চলতি বছরের জানুয়ারি মাসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে উত্তেজনার সময় মাটির বাঙ্কারে অবস্থান নেয়া বিজিবির পেছনে কাস্তে হাতে নির্ভয়ে দাঁড়িয়ে থাকা স্থানীয় কৃষক বাবুল আলীকে পুরস্কৃত করা আর প্রীতিভোজের মধ্যদিয়ে উদযাপিত হলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার দুপুরে গোবরাতলায় ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ, বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, চাঁপাইনবাগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, দৈনিক গৌড় বাংলার সম্পাদক ও প্রকাশক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেনসহ জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনী, পুলিশ, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের পরে প্রীতিভোজে অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথিরা। ২০১৫ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে এই ব্যাটালিয়নের যাত্রা শুরু হয়।
গোমস্তাপুরে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গোমস্তাপুরে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গোমস্তাপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। আজ বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন শিহাব, সহকারী শিক্ষক রুহুল আমিন, সাদিকুল ইসলাম, নাজমী খাতুন, উম্মে আবেহা, হারুন অর রশিদ, বজলুর বারী, খাইরুল বারীসহ অন্যান্যরা। বক্তব্য শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। প্রসঙ্গত: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় প্রদত্ত প্রতিশ্রুতি সহকারি শিক্ষকদের তিনটি দাবি গ্রেড উন্নতিকরণ, শতভাগ পদোন্নতি ১০ ও ১৬ বছর পুর্তিতে উচ্চতর গ্রেড জটিলতা নিরসনে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি পালন করে সহকারী শিক্ষকরা।
ভোলাহাটে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
ভোলাহাটে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়ন বিএনপি শাখার আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। আজ বাদ যহর মুশরীভূজা হাফিজিয়া মাদ্রাসায় দলদলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মোতালেব মাষ্টার বেগম জিয়ার রোগমুক্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য ও দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু। বেগম জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চেয়ে বক্তব্য দেন, ভোলাহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সদস্য মোঃ আব্দুস সোবহান মাষ্টার, দলদলী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মোস্তাকিমসহ অন্যরা। এসময় বিশেষ দোয়া পরিচালনা করেন মাও আহমাদুল্লাহ।
শিবগঞ্জে গাঁজাসহ ১ জনকে আটক করেছে র্যাব

শিবগঞ্জে গাঁজাসহ ১ জনকে আটক করেছে র্যাব শিবগঞ্জ থানার ৩নং দাইপুকুরিয়া ইউপির ৫নং ওয়াডের্র বারিকবাজার থেকে সোনা মসজিদ গামী একটি পাকা রাস্তার উপর থেকে ১ কেজি ৯ গ্রাম অবৈধ গাঁজাসহ ১ জনকে আটক করেছে র্যাব-৫। আটক ব্যক্তি একই উপজেলার নলডুবি গ্রামের আবু সায়ীদের ছেলে ইমন। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ঐ এলাকায় রাস্তার উপরে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য একজন ব্যক্তি অবস্থান করছে। এসময় অভিযান চালিয়ে ইমনের হাতে থাকা কাপড়ের বাজার করার ব্যাগের ভিতর রক্ষিত নীল রংয়ের পলিথিনে মোড়ানো গাঁজাগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত আলামত এবং ইমনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
পরস্পরের সহযোগী হিসেবে কাজ করতে চাই : নবাগত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস

পরস্পরের সহযোগী হিসেবে কাজ করতে চাই : নবাগত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জের নবাগত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে তিনি এই মতবিনিময় করেন। পুলিশ সুপার বলেন, আপনারা জানেন, সদাশয় সরকার লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার পদে রদবদল করেছেন। এটা মূলত আগামী ফেব্রুয়ারিতে সম্ভাব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করা হয়েছে এবং আমাকে এই জেলায় পদায়ন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে এই নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও জবাবদিহিমূলক হয় সেই লক্ষগুলোকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা থাকবে। তিনি বেলন, এই চেষ্টার আলোকে আমরা এরই মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করেছি এবং ঝুকিপূর্ণ এলাকাগুলোতে আমাদের পুলিশি টহল জোরদার করা হবে। নির্বাচনী পরিস্থিতি যেন নির্বিঘ্ন থাকে, সেজন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা থাকবে। মাদক প্রসঙ্গে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের ৫টি থানার মধ্যে ৪টি সীমান্তবর্তী হওয়ার কারণে মাদকের প্রবণতা রয়েছে। তিনি বলেন, আপনারা এই জেলার মানুষ আর আমরা দূরদূরান্ত থেকে সেবা দিতে এখানে এসেছি। আমরা সর্বোচ্চ সেবা দিতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। আপনাদের তথ্য-উপাত্ত আমাদের কাজ করার ক্ষেত্রে অনেক সহযোগিতা করবে। আশা করব, সেই সহযোগিতা আপনারা আমাকে করবেন। পুলিশ সুপার বলেন, মাদক চোরাচালানের সঙ্গে যারা জড়িত তাদের তালিকা হয়তো আমাদের কাছে আছে, তারপরও আপনাদের মাধ্যমে তালিকাটা হালনাগাদ করব এবং এই মাদক চেরাচালান যেন জিরো টলারেন্সে রাখতে পারি, আমি সেই লক্ষে কাজ করব। গৌতম কুমার বিশ্বাস বলেন, আমি দেখেছি এখানে নারী নির্যাতন ও বাল্যবিয়ের প্রবণতা রয়েছে। এর পাশাপাশি সড়ক দুর্ঘটনাও এখানে আশঙ্কাজনক। এর কারণগুলো চিহ্নিত করা অত্যন্ত জরুরি। এইসব কারণ চিহ্নিত করে শুধু পুলিশ নয়, আপনারা এবং সমাজের সকল শ্রেণীর মানুষকে সাথে নিয়ে আমরা কাজ করব। একজন মানুষ একটি পরিবারের জন্য অনেক কিছু। গত পরশুদিন একজন শিক্ষক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। হয়তো তিনি সেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। শুধু শিক্ষকই নন, যে কোনো মানুষকেই আমরা সড়ক দুর্ঘটনায় হারাতে চাই না। কাজেই এই সড়ক দুর্ঘটনা যেন কমিয়ে আনা যায়, তার জন্য চালকদের যেমন সচেতন হতে হবে তেমনি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। এ জন্য চালকদের প্রশিক্ষণ দরকার। সকলকে ট্রাফিক আইন মেনে চলাচল করতে হবে। তাহলেই সড়ক দুর্ঘটনা অনেক কমিয়ে আনা সম্ভব হবে। এ কাজেও সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আপনারা আমাদের সহযোগিতা করবেন। ট্রাফিক ও যানজট বিষয়ে আমি সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ সুপার বলেন, পুলিশ ও সাংবাদিক আমরা উভয়ই যেহেতু সমাজের পরিবর্তনের জন্য কাজ করি, সমাজের ভালোর জন্য কাজ করি সেহেতু আমরা পরস্পরের সহযোগী হিসেবে কাজ করতে চাই। আপনারা আমাকে সঠিক তথ্য দিলে আমি তা বাস্তবায়ন করব। বক্তব্যের শুরুতে গৌতম কুমার বিশ্বাস বলেন, দেশের স্বার্থে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি এবং জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের আরোগ্য কামনা করি। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ ও অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাতসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবার পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

এবার পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি চাকরি বিধিমালা দ্রুত বাস্তবায়নের এক দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীরা। আজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা নিজ নিজ কর্মস্থল ছেড়ে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন। কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পরিবার পরিকল্পনা পরিদর্শক শহিদুল ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শিকা বিথিআরা খাতুন, পরিবার কল্যাণ পরিদর্শিকা হুসনে আরাসহ অন্যরা। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, তাদের পদের নিয়োগবিধি এখনো চূড়ান্ত না হওয়ায় দীর্ঘদিন চাকরিতে থেকেও তারা পদোন্নতি ও ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। এদিকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একদম মাঠপর্যায়ের কর্মীদের কর্মবিরতিতে প্রসূতি মায়ের সেবাসহ সকল সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
নতুন সদস্যদের বরণ করলো চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেস ক্লাব

নতুন সদস্যদের বরণ করলো চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেস ক্লাব চাঁপাইনবাবগঞ্জের সিটি ক্লাবের বাইরে থাকা, নতুন করে ৭ জন সদস্যকে ররণ করা হয়েছে। আজ সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের আলাউদ্দিন চাইনিজ রেস্টুরেন্টে ফুল দিয়ে তাদের বরণ করা হয়। নতুন ৭ জন সদস্য হলেন— দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম সোহান, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি এমএ অহাব, নাগরিক টেলিভিশনের ইয়াসির আরাফাত, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আবদুল বাশির, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি জাহিদ হাসান মাহমুদ মিম্পা, ও স্টার টিভির মাহমুদুল হাসান তুষার। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সিটি প্রেস ক্লাবের সভাপতি কামাল সুকরানার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মেহেদি হাসান প্রেস ক্লাবের বিভিন্ন বিষয়ে নবাগত সদস্যদের অবহিত করেন। সিটি প্রেস ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিতে করণীয়, চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার বা গোলটেবিল বৈঠকের আয়োজন, বিশেষ দিবসগুলোতে সংগঠনের শতভাগ উপস্থিতি নিশ্চিত, ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, দৈনিক চাঁপাই চিত্রের সম্পাদক মোঃ কামাল উদ্দিন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্তার হোসেনসহ অন্যান্যরা।
চাঁপাই গ্রামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ১৮ তম বার্ষিক সভা অনুষ্ঠিত

চাঁপাই গ্রামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ১৮ তম বার্ষিক সভা অনুষ্ঠিত চাঁপাই গ্রামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ১৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার চাঁপাই মহেষপুর সমিতির অফিস সংলগ্ন মাঠে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি জাকেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, জেলা সমবায় কর্মকর্তা মোখলেছুর রহমান, এলজিইডির চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী আজহারুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার আনিছুর রহমানসহ অন্যরা। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক তাসেম আলী। অনুষ্ঠানে বার্ষিক বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৩ জনকে পুরস্কার প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে ৯৮ বোতল মাদকসহ সিএনজি চালক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ৯৮ বোতল মাদকসহ সিএনজি চালক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে অভিনব কায়দায় সিএনজিতে ফেনসিডিল বহনের সময় ৯৮ বোতল অবৈধ মাদকসহ সিএনজি চালক তারিকুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে রেহাইচর আদর্শপাড়া স্টেডিয়াম সংলগ্ন কাঁচা রাস্তা থেকে তাকে আটক করা হয়। র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর টোল প্লাজা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে তারিকুলকে আটক করা হয়। সিএনজি থেকে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।