চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বজ্রপাত হলে তারা মারা যান। সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন জানান, সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমারক গ্রামে বজ্রপাতে কমলা রানী (৫০) নামে এক নারী মারা গেছেন। মারা যাওয়া কমলা রানী ওই গ্রামের পরশ রায় পটলের স্ত্রী। গোবরাতলা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য মো. রাফেজ বলেন- বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এসময় নিজ বাড়িতে থাকা অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই কমলা রানীর মৃত্যু হয়। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বৃহস্পতিবার বিকেলে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নাচোল সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঝলঝলিয়া গ্রামের ওসমান আলী (৩০) ও গোমস্তাপুর উপজেলার শ্যামপুর এলাকার জিনারপুর গ্রামের মোহাম্মদ উজ্জ্বল (৫০)। স্থানীয়রা জানান, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কামারজগদইল দিঘীপাড়া গ্রামের পাশে কৃষিজমিতে ৬ জন কৃষক কাজ করছিলেন। বিকাল ৫টার দিকে বজ্রপাতে গুরুতর আক্রান্ত হন গোমস্তাপুর উপজেলার শ্যামপুর এলাকার জিনারপুর গ্রামের মন্তাজ আলীর ছেলে মোহাম্মদ উজ্জ্বল। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উজ্জলকে মৃত ঘোষণা করেন। অন্য ৫ কৃষক সুস্থ আছেন। অন্যদিকে উপজেলার ঝলঝলিয়া গ্রামে কৃষিজমিতে কাজ করার সময় ব্রজপাত হলে মৃত্যু হয় ওসমান আলীর। মৃত ওসমান ঝলঝলিয়া গ্রামের মাওলানা মোহা. আখেরের ছোট ছেলে। নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাত হলে পৃথক দুটি স্থানে দুজন কৃষকের মৃত্যুর খবর পেয়েছে পুলিশ। দুজনের মরদেহ স্থানীয়রা তাদের বাড়িতে নিয়ে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা সম্পন্ন করতে পুলিশ কর্মকর্তাদের মৃত্যু ব্যক্তিদের বাড়িতে পাঠানো হয়েছে।
দাদু ভাই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান লাহাপাড়া ফুটবল দল

দাদু ভাই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান লাহাপাড়া ফুটবল দল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১২নং ওয়ার্ডের চরমোহনপুর মধ্যপাড়ায় দাদু ভাই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয়েছে লাহাপাড়া ফুটবল দল। এতে রানার্স আপ হয়েছে জিরো পয়েন্ট ফুটবল দল। আজ বিকেলে চরমোহনপুর মধ্যপাড়া ফুটবল মাঠে খেলায় নিদিষ্ট সময়ে কোন গোল করতে না পারায় খেলা ট্রাইবেকারে ৫-৪ গোলে লাহাপাড়া ফুটবল দল জিরো পয়েন্ট ফুটবল দলকে হারায়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন, স্থানীয় কাউন্সিলর ইব্রাহিম, বিশিষ্ট ব্যবসায়ী , সমাজ সেবক ঠিকাদার সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল, ব্যবসায়ী নাজমুল হানানসহ অন্যন্যরা। শুরুর আগে ফাইনাল খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ঠিকাদার সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল।
চাঁপাইনবাবঞ্জে বাল্যবিবাহ নিরোধ কর্মশালা

চাঁপাইনবাবঞ্জে বাল্যবিবাহ নিরোধ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ নিরোধ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ইউএনএফপিএ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন একসিলারেটিং একশন টু এন্ড চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ ফেজ-২ প্রকল্পের আওতায় সদর উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা আয়োজন করে। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ ও বাল্যবিবাহ নিরোধ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক নুরুল হাফিজ, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, ইউএনএফপিএ প্রোগ্রাম এনালিষ্ট আবু নাসের ও প্রকল্প পরিচালক জান্নাতুল ফেরদৌস। বক্তরা বাল্যবিয়ের কুফল ও এটি নিরোধের কার্যকর উপায়গুলো নিয়ে আলোচনা করেন।
চাঁপাইনবাবগঞ্জে বিশ^ জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ‘অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি ল্যাবে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিেেসবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার রাকিবুল ইসলাম। মুল প্রবন্ধ উপস্থপান করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তরা দিবসের তাৎপর্য, জনসংখ্যা পরিস্থিতি, জন্ম নিবন্ধনের গুরুত্ব এবং মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা করেন। সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
র্যাবের অভিযানে পরিত্যক্ত ৯ কেজি গাঁজা উদ্ধার

র্যাবের অভিযানে পরিত্যক্ত ৯ কেজি গাঁজা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঝিলিম ইউনিয়নের পাওয়েল ইসলামপুর নামক স্থানে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরাগামী সড়কের পাশ থেকে ওই গাঁজা উদ্ধার হয়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ গাঁজা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ সাপেক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা করা হয়েছে।
শিবগঞ্জে পদ্মার চরে সাপের কামড়ে এক গৃহবধুর মৃত্যু

শিবগঞ্জে পদ্মার চরে সাপের কামড়ে এক গৃহবধুর মৃত্যু শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পদ্মার চরাঞ্চল নিশিপাড়া গ্রামে বিষাক্ত সাপের কামড়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। মৃত জেসমিন ৩ শিশু সন্তানের মা এবং তিনি ওই গ্রামের রাজমিস্ত্রী সায়েম আলীর স্ত্রী। পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে মাটির বাড়ির বারান্দায় একটি ইঁদুরের গর্ত মাটি দিয়ে বন্ধ করার সময় ওই গর্তে থাকা গোখরা প্রজাতির সাপ গর্ত থেকে বেরিয়ে এসে জেসমিনের ডানপায়ের বুড়ো আঙ্গুলে কামড় দেয়। এসময় বাড়িতে থাকা তাঁর স্বামীসহ পরিবারের সদস্য ও প্রতিবেশিরা তাঁকে দ্রুত হাসপাতলে নিয়ে যাবার জন্য নিকটবর্তী নদীর ঘাটে নৌকায় তুলে নিয়ে যাবার সময় পথিমধ্যে জেসমিন মারা যায়। ঘটনার পর পরিবারের সদস্য ও প্রতিবেশিরা সাপটি গর্ত খুড়ে বের করে আহত করে আটকে রাখে এবং পরে সাপটির মৃত্যু হয়। শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ঘটনাটি তদন্ত করা হয়েছে। বিষাক্ত সাপের কামড়ে ওই গৃহবধুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে তা রাসেলস ভাইপার নয়। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।
যুবক-যুবতীদের কর্মক্ষম করে গড়ে তুলছে যুব উন্নয়ন অধিদপ্তর

যুবক-যুবতীদের কর্মক্ষম করে গড়ে তুলছে যুব উন্নয়ন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জে বেকার যুবক-যুবতীদের গবাদিপশু, হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ, প্রাথমিক চিকিৎসা ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স, বেসিক কম্পিউটার অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, পোশাক তৈরি, যানবাহন চালনায় বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করে গড়ে তুলছে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। তারই ধারাবাহিতকতায় আরো ১৮০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। বুধবার সকালে তাদের মধ্যে সনদপত্র ও ভাতা হিসেবে ১৪ লাখ ১১ হাজার ১০০ টাকা বিতরণ করা হয়। এছাড়া নতুন অর্থবছরে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন মেয়াদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন এই ভাতা ও সনদ বিতরণ এবং নতুনদের প্রশিক্ষণের উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন। সূচনা বক্তব্য দেন- জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান। আব্দুল মান্নান জানান, ইলেকট্রিকাল অ্যান্ড হাউজ ওয়ারিংয়ে প্রশিক্ষণ নেয়া ৩০ জনকে ৩ লাখ ৪৬ হাজার ৯০০ টাকা, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিংয়ে ৩০ জনকে ৩ লাখ ৪৭ হাজার ১০০ টাকা, পোশাক তৈরিতে ২৫ জনকে ১ লাখ ৩৯ হাজার টাকা, মৎস্য চাষে ২৫ জনকে ৪৬ হাজার ৮০০ টাকা, যানবাহন চালানায় ৪০ জনকে ১ লাখ ৮৪ হাজার টাকা, ইলেকট্রনিকসে ৩০ জনকে ৩ লাখ ৪৭ হাজার ৩০০ টাকা ভাতা হিসেবে প্রদান করা হয়।
সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় মো. ইব্রাহিম (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের মৃত মারফত আলী সরদারের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ ও স্থানীয় সূত্র জানান, বুধবার বেলা পৌনে ১১টার দিকে সোনাইচন্ডী হাটে নিয়ে যাওয়ার জন্য ইব্রাহিম তার বাড়ি সংলগ্ন রাস্তার নিচে স্টিয়ারিং গাড়িতে গরু তুলে গাড়িটি রাস্তায় নেয়ার সময় উল্টে যায়। এসময় ইব্রাহিম গাছের সাথে চাপা পড়ে যান। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বেলা পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
নৈতিকতা ও বিপথগামিতা রোধে যুবদের ভূমিকা শীর্ষক আলোচনা

নৈতিকতা ও বিপথগামিতা রোধে যুবদের ভূমিকা শীর্ষক আলোচনা চাঁপাইনবাবগঞ্জে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী কর্মকাণ্ডে নৈতিকতার অবক্ষয় এবং বিপথগামিতা রোধকল্পে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক এক আলোচনা অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তর যুবভবনে এই অনুষ্ঠানের আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য দেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন। সূচনা বক্তব্য দেন- জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান। বক্তারা বলেন- নৈতিকতার অবক্ষয় ও বিপথগামিতা রোধে যুবসমাজের বিরাট ভূমিকা রয়েছে। মাদক, সন্ত্রাস দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তাই মাদক থেকে দূরে থাকতে হবে, যুবসমাজকে বিপথগামিতার হাত থেকে রক্ষা করতে হবে। এ কাজে যুবদেরই এগিয়ে আসতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ শহরে ৪টি সড়ক ও ২টি ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ শহরে ৪টি সড়ক ও ২টি ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় ৪টি সড়ক ও ২টি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এবং রিকভারি প্রজেক্টের ৮ম প্যাকেজের আওতায় এসব কাজ উদ্বোধন করেন পৌর মেয়র মোখলেসুর রহমান। এসব কাজের চুক্তিমূল্য প্রায় ২ কোটি ২১ লক্ষ টাকা ও স্কীম মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা। শহরের মাঝপাড়া এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সালেহ উদ্দিন, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল, পৌর কাউন্সিলর কারিমা বানু,পৌর নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, টাউনপ্লানার ইমরান হোসেন সহ গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।