চাঁপাইনবাবঞ্জে পদ্মা’র তীরবর্তী ধানের জমিতে ১৪টি রাসেলস ভাইপার সাপ মারল কৃষকরা

চাঁপাইনবাবঞ্জে পদ্মা’র তীরবর্তী ধানের জমিতে ১৪টি রাসেলস ভাইপার সাপ মারল কৃষকরা শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর তীরবর্তী পাঁকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গমেরচর জামাইপাড়া এলাকার নদীঘেঁষা একটি ধানক্ষেতে আজ, গতকাল ও গত সোমবার ৩ দিনে বড়, ছোট ও মাঝারি তিন আকৃতির ১৪টি চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মেরে নদীতে ভাসিয়ে ও মাটিতে পুঁতে ফেলেছে জমির মালিক ও স্থানীয়রা। স্থানীয় সূত্র জানায়, পদ্মাপাড়ের ওই এলাকায় বহুপূর্ব থেকেই রাসেলস ভাইপারের উপদ্রব রয়েছে। কয়েকটি দূর্ঘটনাও ঘটেছে অতীতে। কৃষকরাসহ স্থানীয় সকলেই সাপটির প্রজাতি ভাল করে চেনে ও জানে। ইন্টারনেটের কারণে এখন তারা ওই সাপ সহজেই শনাক্ত করতে পারে বলেও দাবি স্থানীয়দের। গত ৩দিনে সাপগুলি কেটে রাখা ধানের নীচে পাওয়ার পর লাঠি দিয়ে পিটিয়ে মারার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিস্ট ইউপি সদস্য মো.জালাল, গ্রাম পুলিশ জমশেদ আলী,২বিঘা ওই জমির মালিক কৃষক ইব্রাহীমের(৫৬) ছেলে সৈয়বুর(২৬) ও স্থানীয় বাসিন্দা শাহিন(২৮)। জানা গেছে, কেটে জমিতে ফেলে রাখা ধান গত সোমবার সকাল ১০টার দিকে আঁটি বাঁধতে গেলে ধানের নীতে সাপ দেখতে পান ইব্রাহীম ও তার ছেলেরা। তারা সোমবার ৬টি সাপ মারেন। এ সময় আশেপাশের বহু লোক জড়ো হয়ে যায়। ওইদিন পাশের জমির মালিক একরামুলে ছেলে টুটুল,মন্টুর ছেলে হবু, হুমায়ুন কবিরের ছেলে রুবেলরা আরও ৩টি সাপ মারেন। মঙ্গলবার দিনব্যাপী ইব্রাহীম ও তার ছেলেরা আরও ৩টি সাপ মারেন। বুধবার মারা পড়ে আরও ২টি সাপ।

গোমস্তাপুরে পূণর্ভবা নদীতে ডুবে শিশুর মৃত্যু

গোমস্তাপুরে পূণর্ভবা নদীতে ডুবে শিশুর মৃত্যু গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার হুজরাপুর বেগুনবাড়ি মহল্লার পাশে পূণর্ভবা নদীতে ডুবে আল আমিন নামে আড়াই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। সে ওই মহল্লার জালালের ছেলে। পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে মায়ের পিছু পিছু বাড়ির পেছনের নদীর ঘাটে যায় শিশুটি। পরে শিশুর মা কাজ শেষে বাড়ি ফিরলেও পিছে যাওয়া শিশুটির খোঁজ করতে ভুলে যায়। পরে শিশুটির খোঁজ শুরু করে দুপুর পৌনে ১২টার দিকে ঘাটের নিকট নদীতে শিশুটিকে মৃত ও ভাসমান অবস্থায় পাওয়া যায়। গোমস্তাপুর থানার রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্র উপ-পরিদর্শক(এসআই) সুজাউদ্দৌলা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শিবগঞ্জে ইট ভাটাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড, কার্যক্রম বন্ধের ঘোষণা

শিবগঞ্জে ইট ভাটাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড, কার্যক্রম বন্ধের ঘোষণা   শিবগঞ্জে একটি ইট ভাটাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লা দিয়াড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। তিনি জানান, বিকেলে কয়লা দিয়াড় এলাকায় ৫টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্মার্ট ব্রিকসের মালিক মামুনুর রশীদকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধিত) আইন, ২০১৯ এর ধারা ৪ লঙ্ঘনের অপরাধে ১৪ ধারায় ৩০ হাজার টাকা অর্থদন্ড ও পরবর্তী কার্যক্রম বন্ধ করার বিষয়ে সতর্ক করে দেয়া হয়। তিনি আরো জানান, এলাকার বিভিন্ন সচেতন নাগরিকদের অভিযোগের প্রেক্ষিতে অপর ইট ভাটাগুলোতে সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অভিযান পরিচালনায় পরিবেশ অধিদপ্তর ও শিবগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।

চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ

চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ চাঁপাইনবাবগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন  মোঃ আব্দুস সামাদ। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের  সংস্কার ও গবেষণা অনুবিভাগে কর্মরত ছিলেন। তিনি ২৪বিসিএস  ব্যাচের একজন সদস্য।  জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন- ১ শাখার উপসচিব মোঃ ইব্রাহিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।  একই প্রজ্ঞাপনে ৩৪ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যক্রম হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। এদিকে, দেশের আরো ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক প্রত্যাহার করা হয়েছে। সেইসঙ্গে নতুন করে প্রত্যাহার করা ডিসিদের জায়গায় ৩৪ জনকে পদায়নও করা হয়েছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সূত্র জানায়, ৩৪ জেলা থেকে ডিসি প্রত্যাহার করা হয়েছে এবং নতুন করে ৩৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়।  

ভোলাহাটে মহানন্দা নদীতে ডুবে যুবকের মৃত্যু

ভোলাহাটে মহানন্দা নদীতে ডুবে যুবকের মৃত্যু ভোলাহাট উপজেলায় মহানন্দা নদীতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতব্যক্তি ভোলাহাট সদর ইউনিয়নের যাদুনগর গ্রামের সেন্টু মিয়ার ছেলে মামুন। তিনি পেশায় রিক্সাচালক ছিলেন। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, আজ দুপুর ১টার দিকে বাড়ির অদূরে মহানন্দার ঘাটে গোসলে নেমে ডুবে যান মামুন। স্থানীয়রা তাকে পৌনে ২টার দিকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভোলাহাট থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল পাশা বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

গোমস্তাপুরে র‌্যাবের হাতে অস্ত্র মামলায় যাবজ্জীবন ও ৭ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

গোমস্তাপুরে র‌্যাবের হাতে অস্ত্র মামলায় যাবজ্জীবন ও ৭ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার গোমস্তাপুর উপজেলায় র‌্যাবের অভিযানে অস্ত্র মামলায় যাবজ্জীবন ও ৭ বছর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী জহিরুল ইসলাম গ্রেপ্তার হয়েছে। সে গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের সাদিকুল ইসলাম ওরফে কুলুর ছেলে। র‌্যাব জানায়, আজ ভোরে নিজ গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জহিরুল পেশাদার শীর্ষ অবৈধ অস্ত্র ব্যবসায়ী। ২০২২ সালের ১ জুন অস্ত্র বহনের সময় সে হাতেনাতে গ্রেপ্তার হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়। পরে ওই আসামী জামিনে মুক্ত হয়ে পলাতক থাকে। ২০২৪ সালের ৩০ জুন আদালত তাকে অস্ত্র মামলায় যাবজ্জীবন ও আরও ৭ বছর করাদন্ডে দন্ডিত করেন। গ্রেপ্তার জহিরুলকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে ২৩টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ২৩টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ২৩টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ৬ লক্ষ ৭০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের ২০২৩-২৪ অর্থবছরে অনুমোদনকৃত এসব চেক বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আক্তার ও বিভিন্ন মহিলা সমিতির প্রতিনিধিরা।

গোমস্তাপুরে বৃত্তিপাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

গোমস্তাপুরে বৃত্তিপাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গোমস্তাপুরে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির বৃত্তিপাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সকালে রহনপুরের একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই এসোসিয়েশনের সভাপতি জিন্নাউল আউয়াল। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী। সংগঠনের সাধারণ সম্পাদক সারওয়ার হাবিবের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নাজমুল হুদা খান রুবেল, রহনপুর শিল্প ও বণিক সমিতি সভাপতি মাসুদ রানা, মেসার্স মারুফ ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক আল মামুনসহ অন্যরা। এ সময় বিভিন্ন কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থীরা। আলোচনা শেষে গোমস্তাপুর উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্তসহ ১১২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জে এনজিও কর্মীকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে এনজিও কর্মীকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে খাতিজা খাতুন নামে একজন এনজিও কর্মীকে ধর্ষণ ও ধর্ষণ শেষে হত্যা এবং ওই নারীর ৪ বছর বয়সী চাচাতো বোন তাবাসুমকে হত্যা চেষ্টার দায়ে নারী ও শিশু নির্যাতণ দমন আইনে দায়ের একটি মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড, ১ লক্ষ টাকা করে অর্থদন্ড,অনাদায়ে ২ বছর কারাদন্ডসহ একই মামলার অন্য ধারায় দন্ডিত ৪ জনের বিভিন্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বিচারক আদেশে উল্লেখ করেছেন, সকল দন্ডিতের ক্ষেত্রে সকল দন্ড একত্রে কার্যকর হবে। এছাড়া মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর ৪ আসামীকে বেকসুর খালাস দেন আদালত। আজ বিকালে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতণ দমন ট্রাইবুনালের বিচারক নরেশ চন্দ্র সরকার দন্ডিতদের উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিতরা হলেন শিবগঞ্জ উপজেলার আখিরা গ্রামের আতাউর রহমানের ছেলে আব্দুল জলিল, একই গ্রামের মন্টুর ছেলে মোহাম্মদ আলী সাদ্দাম, আব্দুল মান্নানের ছেলে হেলাল আলী ও মৃত আইয়ুব আলীর ছেলে আওয়াল হোসেন। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং ষ্পেশাল পিপি এনামুল হক বলেন, দন্ডিত হেলালের সাথে মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক হয় খাতিজার। ২০১৮ সালের ৯ আগষ্ট দিবাগত রাতে দন্ডিত হেলাল ও তার সহযোগিরা হেলালের সাথে খাতিজার বিয়ের তারিখ ঠিক করার কথা বলে খাতিজা ও তার শিশু বোনকে আখিরা গ্রামের একটি আখক্ষেতে নিয়ে যায়। সেখানে একাধিকজন তাকে ধর্ষণ করে,একাধিকজন অপরাধ সংগঠনে সাহায্য করে ও পরে তাদের কেউ কেউ খাতিজাকে শ^াসরোধে ও আঘাতে হত্যা করে, কেউ কেউ বাধা না দিয়ে অপরাধ সংগঠিত হতে দেয় এবং অপরাধিরা শিশু তাবাসুমকেও হত্যার জন্য আছাড় মারে। তবে সে ভাগ্যক্রমে বেঁচে যায়। পরদিন সকালে আখক্ষেত থেকে খাতিজার মরদেহ ও তাবাসুম জীবিত উদ্ধার হয়। এ ঘটনায় ওইদিন শিবগঞ্জ থানায় অজ্ঞাতদের নামে মামলা করেন নিহতের পিতা ও শিবগঞ্জের লাওঘাটা গ্রামের আলাউদ্দিন। ২০২১ সালের ১৫ এপ্রিল পিবিআই,রাজশাহীর উপ-পরিদর্শক(এসআই) সাইদুর রহমান ৮ জনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। ২২ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ ৪ জনকে দোষি সাব্যস্ত করে সাজা ঘোষনা করেন। আসামীপক্ষে মামলা পরিচালননা করেন এড, মিজানুর রহমান ও অন্যরা।

চাঁপাইনবাবঞ্জে দেনাদারের পিটুনিতে পাওনাদরের মৃত্যু

চাঁপাইনবাবঞ্জে দেনাদারের পিটুনিতে পাওনাদরের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পাওনা আড়াই হাজার টাকা আদায়কে কেন্দ্র করে মারামারিতে পাওনাদার বাদল আলী নামে একজন রিক্সাচালক প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর বিশ^াসপাড়া গ্রামের মৃত মঞ্জুর আলীর ছেলে। পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জাানা গেছে, আজ দুপুরে ওই গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে দেনাদার একই গ্রামের আব্দুর রাকিবের ছেলে মইনুদ্দিন পলাতক রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ এসএম জাকারয়িা বলেন, মইনুদ্দিনের নিকট আড়াই হাজার টাকা পেতেন বাদল। দুপুরে সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে মইনুদ্দিনের বাড়ির নিকট দু’জনের মধ্যে বিবাদ ও মারামারি হয়। এতে মইনুদ্দিনের পিটুনিতে দেহের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন বাদল। তাঁর গলা ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পরপরই বাড়ি ফেরার পথে তাঁর মৃত্যু হয়। ওসি আরও জানান, পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান তিনি।