গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জেলাপর্যায়ে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন মাসুদ। এসময় তিনি বলেন— গণভোটের ব্যাপারে প্রাপ্যতা বোঝানোর জন্য সরকারের মেসেজটা সকল মানুষের কাছে পৌঁছানোর জন্য এই আয়োজন। তিনি আরো বলেন, ইমামরা হচ্ছেন রাষ্ট্রের মডেল, রাষ্ট্রের বড় একটা অংশের মানুষের সৃজনশীল জায়গাতে আপনারা কাজ করতে পারেন। তিনি আরো বলেন, সরকারের যে স্লোগান— ‘দেশের চাবি আপনার হাতে’ এবং পরিবর্তনের জন্য হ্যাঁ, না হলে কিছুই পাবেন না— এই আকাঙ্ক্ষার বাস্তবায়নে আপনারা এই দায়িত্বটা পালন করবেন। জেলা প্রশাসক বলেন, প্রচারণার জায়গা থেকে সরকারের সকল বিভাগ কাজ করছে। আমরা বিশ্বাস করি, ইমামদের মাধ্যমে সকল স্তরের মানুষের কাছে এই বার্তা পৌঁছানো সম্ভব। তিনি আরো বলেন, আমরা জানি আগামী ১২ ফেব্রুয়ারি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। জেলা প্রশাসনসহ সকল দপ্তর একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও ঐতিহাসিক নির্বাচনের প্রেক্ষাপটের দ্বারপ্রান্তে রয়েছে। আমরা রাষ্ট্রের কাছে অঙ্গীকারবদ্ধ। আপনার ভোট আপনি দিবেন। তিনি আরো বলেন, আপনারা গণভোটের প্রচার করবেন, বিশেষ করে হ্যাঁ ভোটের। আমাদের সকলের ঐকমত্যের প্রয়োজনে হ্যাঁ ভোটের প্রয়োজন। হ্যাঁ, না— এর সিদ্ধান্ত মানুষের তবে আমাদেরকে এর বিষয়বস্তু সম্পর্কে বলতে হবে। শাহাদাত হোসেন আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। আপনারা সবাই জানেন, ফিৎনা-ফেসাদ কখনোই ইসলাম সমর্থন করে না। আমি চাইব, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার জন্য আপনারাই সামনের সারিতে থাকবেন। আমরা শান্তিপূর্ণ, ঐতিহাসিক এবং উৎসবমুখর নির্বাচন করতে যাচ্ছি। বিশেষ অতিথির বক্তব্য দেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) উজ্জল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, ইসলামিক ফাউন্ডেশনের ইসলামী বিশ্বকোষ বিভাগের পরিচালক মুহাম্মদ জাকির হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা। বিশেষ আলোচক ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মণ, আল-জামিয়াতুল ইসলামিয়া নিমগাছি দারুল উলুম জেসামিয়া ক্বওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুুবুর রহমান। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলেওয়াত করেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেস ইমাম মাওলানা মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মুখতার আলী। ইমাম সম্মেলনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন। সম্মেলনে সদর উপজেলার ২০০, শিবগঞ্জ উপজেলার ২০০, ভোলাহাট উপজেলার ১০০, গোমস্তাপুর উপজেলার ১৫০, নাচোল উপজেলার ১০০ জন ইমাম, খতিব ও মুয়াজ্জিন অংশগ্রহণ করেন।

শহরে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য নারীসহ আটক ৭

শহরে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য নারীসহ আটক ৭ চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রান্তিকপাড়া জিয়ানগর মহল্লায় পৌরসভার সরবরাহকৃত পানি সংগ্রহকে কেন্দ্র „করে নারীদের ঝগড়ার জেরে প্রতিপক্ষের গাছের ডালের আঘাতে এক জেলে নিহত হয়েছেন। তিনি ওই মহল্লার মৃত আখতার মুন্সির ছেলে নাসির উদ্দিন বাসু। এ ঘটনায় প্রাথমিকভাবে ৩ নারীসহ ৭ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। নিহতের পরিবার, মহল্লাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর ১টার দিকে মহল্লার জন্য স্থাপিত পৌর পানি সরবরাহ কলে পানি সংগ্রহ করছিল ওই মহল্লার এরশাদের ছেলে অটোচালক বাবুর স্ত্রী নুরী। একই সময় পানি সংগ্রহে আসা নিহত বাসুর শ্যালিকা লাইলির সাথে তার মারামরি হয়। নিহত বাসু ওই মারামারি থামিয়ে বাড়ি চলে আসেন। পরে নুরী তার পিতার বাড়িতে খবর দিলে তার স্বজনরা এসে বাড়ির পাশেই বাসুর উপর চড়াও হলে ঘাড়ে ডালের আঘতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বাসু। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর পুলিশ বাবু, তাঁর স্ত্রী নুরী, তাঁর মা খোদেজা, তার শ্মাশুড়ি সহ ৪ জনকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়। এছাড়া ঘটনার পর পুলিশ হাসপাতাল থেকেও নুরুীর ৩ স্বজনকে আটক করে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ। র‌্যাব ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৪ বছর সশ্রম কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৪ বছর সশ্রম কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ২টি ওয়ান শুট্যারগান বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে অস্ত্র আইনে দায়েরকৃত একটি মামলায় এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে বিশেষ ট্রাইবুনাল। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক হ্যায়দার আলী খোন্দকার একমাত্র আসামীর উপস্থিতিতে সাজা ঘোষণা করেন। দন্ডিত যুবক রাজশাহীর তানোর উপজেলার ময়েনপুর এলাকার আব্দুল মালেকের ছেলে নয়ন আলী । মামলার নথি ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ বলেন, ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ মরিচাডাঙ্গা এলাকায় র‌্যাব-৫ ব্যাটালিয়ন রাজশাহীর অভিযানে ২টি ওয়ান শুট্যার গান সহ আটক হন ময়েন। এ ঘটনায় পরের দিন ১৭ সেপ্টেম্বর একমাত্র ময়েনকে আসামী করে গোমস্তাপুর থানায় মামলা করেন র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) শ্রীকান্ত বিশ্বাস। ২০২৩ সালের ১৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ও গোমস্তাপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আলমগীর ক্িরর একমাত্র ময়েনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১০ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে ট্রাইবুনাল মঙ্গলবার ময়েন আলীকে দোষী সাব্যস্ত করে ১৪ বছর কারাদন্ডের আদেশ দেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড.জাকির হোসেন।

নাচোলে শেষ হলো ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

নাচোলে শেষ হলো ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে নাচোল উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। আজ নাচোল সরকারি কলেজের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন— জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহাদাত হোসেন মাসুদ। তিনি একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সকল কর্মকর্তাকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার গোলাম রাব্বানী সরদারের সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন— পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সেনাবাহিনীর নাচোল ক্যাম্প কমান্ডার মেজর আসিক, জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) হাসান তারেক। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা নির্বাচন অফিসার দুলাল হোসেন এবং নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী। প্রশিক্ষণ কর্মশালায় মোট ৪৬০ জন ভোটগ্রহণ কর্মকর্তা অংশগ্রহণ করেন। ৫টি পৃথক হলরুমে ৫ জন দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধানে তাদের প্রশিক্ষণ দেয়া হয়। এতে প্রিজাইডিং অফিসার ৬০ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২৭০ জন এবং পোলিং অফিসার হিসেবে ১৩০ জন অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে বক্তারা নির্বাচনের পবিত্রতা রক্ষা এবং ভোটারদের আস্থার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর আইনানুগ ব্যবস্থা ও নিরপেক্ষ ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ক্লিন এনার্জি দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন

ক্লিন এনার্জি দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ‘ক্লিন এনার্জি : টেকসই ভবিষ্যৎ’— এই স্লোগানে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুততর রূপান্তরসহ দুর্নীতিমুক্ত ও টেকসইজ্বালানি ব্যবস্থা প্রতিষ্ঠার চাহিদা জোরদারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁপাইনবাবগঞ্জ আজ এই কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য দেন— সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা, সহসভাপতি আসরাফুল আম্বিয়া সাগর, সদস্য মজিবুর রহমান ও এনামুল হক, ইয়েস সদস্য আব্দুল্লাহ মজুমদার, ব্র্যাক জেলা সমন্বয়ক মোমেনা খাতুনসহ অন্যরা। দিবসটি উপলক্ষে টিআইবি’র বিভিন্ন দাবি সংবলিত ধারণাপত্র পাঠ করেন সনাক সহসভাপতি উম্মে সালমা হ্যাপি। মানববন্ধন সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর শফিকুল ইসলাম। মানববন্ধন থেকে রাজনৈতিক দলসমূহকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ক্রমান্বয়ে বন্ধ করা এবং জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বৃদ্ধি ও অঙ্গীকার, জ্বালানি এবং বিদ্যুৎ প্রকল্পের জন্য পরিবেশ ছাড়পত্র প্রদান এবং দূষণ ও পরিবেশ-বিষয়ক তদারকিতে স্বচ্ছ ও যথাযথ-প্রক্রিয়া অনুসরণ করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।  

চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ’র ৫০ সাংবাদিকের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ’র ৫০ সাংবাদিকের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাজশাহীতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সাংবাদিকদের নিয়ে ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। রবিবার (২৫ জানুয়ারী) বিকেলে রাজশাহী সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে ২৪ ও ২৫ জানুয়ারী ২ দিনব্যাপী প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য (শিক্ষা) প্রফেসর মোহাঃ ফরিদ উদ্দিন খান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে একটি সুখী, সমৃদ্ধ, দূর্নীতিমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়তে সাংবাদিকদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে)’র সভাপতি মুহা.আব্দুল আওয়াল। প্রশিক্ষনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকত। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ৫০জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীর হাতে সনদপত্র তুলে দেন অতিথিগন। দু’দিনে প্রশিক্ষন প্রদান করেন নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ শারমীন রিনভী ও এটিএন বাংলার চীফ রিপোর্টার একরামুল হক সায়েম।

শিবগঞ্জে নেশাজাতীয় ট্যালট ও সিরাপ জব্দ করেছে বিজিবি

শিবগঞ্জে নেশাজাতীয় ট্যালট ও সিরাপ জব্দ করেছে বিজিবি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের একটি আমবাগানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ করেছে বিজিবি।  রবিবার ভোরে এগুলো জব্দ করা হয়। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানায়, বাগিচাপাড়ায় আমবাগানে নেশাজাতীয় ট্যালেট ও সিরাপ মজুত করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। জায়গাটি সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের ভেতরে। আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান চালায়। অভিযানে ৩ হাজার ৪৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট টেনসিউইন ও ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ জব্দ করতে সক্ষম হয়। তবে চোরাকারবারিরা পালিয়ে যায়। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

নাচোলে শিক্ষক রইশুদ্দীনেক অবসরজনিত সংবর্ধনা

নাচোলে শিক্ষক রইশুদ্দীনেক অবসরজনিত সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সিনিয়র সহকারী শিক্ষক মোহা. রইশুদ্দীন অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার এই সংবর্ধনার আয়োজন করে বিদ্যালয়টি। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম, বাশিস নাচোল উপজেলা শাখার সভাপতি ও গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজামুল হক, রাকাব সোনাইচন্ডী শাখার ব্যবস্থাপক ওয়াহুদুজামান ও শিক্ষানুরাগী মাহবুবুল আলম। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী কল্যাণ ফান্ডের পক্ষ থেকে সঞ্চয়কৃত ১ লাখ ৭১ হাজার টাকার চেক তার হাতে তুলে দেওয়া হয়। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে কর্মস্থল ত্যাগ করেন রইশুদ্দীন। মোহা. রইশুদ্দীন ২০১১ সালের ১৩ জানুয়ারি সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ে গণিত বিষয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ১৯৮৯ সালের ১ জুন থেকে রাধানগর এএনসি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন এবং ২০১০ সাল পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন। দীর্ঘ প্রায় ৩৭ বছরের শিক্ষকতা জীবনে তিনি হাজারো শিক্ষার্থীকে গাণিতিক শিক্ষায় শিক্ষিত করেছেন। উপজেলার কসবা ইউনিয়নের সব্দলপুর গ্রামের এই কৃতী সন্তান শৈশব থেকেই মেধাবী ছিলেন। ১৯৭৫ সালে সোনাইচন্ডী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণীতে বৃত্তি লাভ করেন। এরপর ১৯৮১ সালে সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৮৪ সালে আদিনা ফজলুল হক সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। ১৯৮৬ সালে রহনপুর ইউসুফ আলী কলেজ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। পারিবারিক জীবনে তিনি তিন কন্যা সন্তানের জনক। তার জ্যেষ্ঠ কন্যা রাজশাহী কলেজ থেকে এবং মেজ কন্যা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি (অনার্স-মাস্টার্স) সম্পন্ন করেছেন। ছোট কন্যা বর্তমানে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে অধ্যয়নরত।

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মাঠে থাকবে ১৫ প্লাটুন বিজিবি ব্যবহার হবে বডি-ওর্ন ক্যামেরা

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মাঠে থাকবে ১৫ প্লাটুন বিজিবি ব্যবহার হবে বডি-ওর্ন ক্যামেরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১ ফেব্রুয়ারি থেকে চাঁপাইনবাবগঞ্জে জোরেশোরে মাঠে নামবে বিজিবি। জেলার ৩টি সংসদীয় আসনের ৫টি উপজেলায় ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি মোতায়েন থাকবে বিজিবির বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াড ইউনিটও। রবিবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এই তথ্য জানান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫৩ বিজিবির প্রস্তুতি তুলে ধরতে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ৫৩ বিজিবির সদর দপ্তরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে কাজী মুস্তাফিজুর রহমান জানান, চাঁপাইনবাগঞ্জ-১ আসনে শিবগঞ্জ উপজেলায় ৩ প্লাটুন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের অধীন ভোলাহাট উপজেলায় ৪ প্লাটুন, নাচোলে ২ প্লাটুন ও গোমস্তাপুর উপজেলায় ২ প্লাটুনসহ মোট ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে অর্থাৎ সদর উপজেলায় ১ প্লাটুন রিজার্ভসহ ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করবে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। এই দুটি ব্যাটালিয়নের মোট ১৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। পাশাপাশি নাটোর জেলার ৭টি উপজেলায় ৫৩ বিজিবির ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। কাজী মুস্তাফিজুর রহমান আরো বলেন— এছাড়া সারাদেশের সবগুলো আসনেই ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। মোতায়েন থাকবে বিজিবির বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াড ইউনিট। নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‌্যাপিড অ্যাকশন টিম (র‌্যাট) এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স কিউআরএফ সর্বদা প্রস্তুত থাকবে, যারা মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম। বিজিবির এই কর্মকর্তা আরো বলেন— বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে। তিনি আরো বলেন— নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে বিজিবি। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। এ বাহিনীটি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়। ভোটাররা যেন নিরাপদ, শান্তিতে ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন; এ লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন সচতেনতামূলক ও উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে ভোটারদের অংশগ্রহণ আরো উৎসাহিত হয়। কাজী মুস্তাফিজুর রহমান বলেন— এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। এ প্রেক্ষিতে নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার কিছু বিওপিতে জনবল বৃদ্ধি করে বডি-ওর্ন ক্যামেরা, নাইট ভিশন গগলস্ ও বাইনোকুলারের মাধ্যমে টহল তৎপরতা ও সীমান্ত নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং চাঁপাইনবাবগঞ্জ সদর ও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় স্থায়ী ও অস্থায়ী ১৯টি চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

গোমস্তাপুরে থানা পুলিশের সচেতনামূলক সভা

গোমস্তাপুরে থানা পুলিশের সচেতনামূলক সভা গোমস্তাপুর থানা পুলিশের আয়োজনে স্থানীয় ব্যক্তিদের নিয়ে সচেতনামূলক আলোচনাসভায় অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর মোড়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদসহ অন্যান্য অপকর্ম প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া রহনপুর-আড্ডা সড়কসহ উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে রাতের বেলা বেশ কয়েকটি ডাকাতি ও ছিনতাই ঘটনাসহ মাদকদ্রব্য বিক্রি ও সেবনের পরিপেক্ষিতে স্থানীয় জনসাধারণের সঙ্গে সতর্কমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে গোমস্তাপুর থানা পুলিশ। সচেতনামূলক সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক। বক্তব্য দেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, গোমস্তাপুর উপজেলার দায়িত্বরত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট শারার , উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাবেক পুলিশ কর্মকর্তা ইসমাইল হোসেন, রহনপুর ইউপি সদস্য খলিলুর রহমানসহ স্থানীয় ব্যক্তিরা। এ সময় স্থানীয় লোকজন আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন প্রশ্ন করেন। সেনাবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট শারার বলেন, আপনারা একত্রিত থাকেন। একত্রিত হয়ে কাজ করলে অপরাধীরা কোন কিছুই করতে পারবে না। ভয় না করে অপরাধীদের ধরিয়ে দেবার চেষ্টার করুন। সেনাবাহিনী সড়কে টহল দিয়ে পাহাড়া অব্যাহত রাখবে বলে তিনি জানান। অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক বলেন, রাতের বেলা রহনপুর-আড্ডা, আড্ডা- বড়দাদপুর পর্যন্ত গোমস্তাপুর থানা পুলিশের টহল জোরদার রয়েছে । পুলিশ সদস্য সীমিত, যানবাহনের সমস্যা রয়েছে। একটু এগিয়ে গেলে পেছনেই গাছ ফেলে সেটা করছে। পুলিশ চেষ্টা করছে অপরাধীদের ধরতে। তবে আপনাদের সহযোগীতার প্রয়োজন। যখন সড়কে এই কাজটি করে তখন আপনারা আমাদেরকে জানাবেন। আপনাদের সহযোগীতা নিয়ে তাদেরকে আটক করা সহজ হবে। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে বলছি পুলিশ যদি দায়িত্বে অবহেলা ও অপকর্মে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সন্দেহজনক লোকজনের কার্যকলাপে সতর্ক থাকাসহ এলাকায় নিরাপত্তা জোরদারের পরামর্শ দেওয়া হয়। যাতে পুলিশ ও জনতা সম্বলিত প্রচেষ্টায় বিভিন্ন অপরাধ দমন করা সহজ হবে।