চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে এক কেজি নয়শ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় রিপন আলী নামে এক যুবককে যাবজ্জীবন কারদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মিজানুর রহমান একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত রিপন আলী চাঁপাইনবাবগঞ্জ শহরের ১৫ নং ওয়ার্ডের নতুন ইসলামপুর মিয়াপাড়া মহল্লার আব্দুল গফুরের ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) আব্দুল ওয়াদুদ বলেন, ২০২১ সালের ৭ অক্টোবর বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলার মোড় নামক স্থানে সড়কের উপর র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প অভিযান চালায়। অভিযানে ১ কেজি ৯০০ গ্রাম হেরোইনসহ আটক হন রিপন। এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় রিপনকে একমাত্র আসামী করে মামলা করেন র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন। ২০২১ সালের ১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ওবাইদুল হক একমাত্র রিপনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৮ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত রিপন আলীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন।

বাল্যবিয়ে ও শিশুর প্রতি সংহিসতা বন্ধে ওরিয়েন্টশ

বাল্যবিয়ে ও শিশুর প্রতি সংহিসতা বন্ধে ওরিয়েন্টশন চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সংহিসতা বন্ধে স্থানীয় অংশীজনদের ওরিয়েন্টশন ও প্রশিক্ষণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় আয়োজিত ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন স্থানীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্য ও সমাজকর্মী, শিশু ও যুব সমাজের প্রতিনিধি ও ধর্মীয় নেতারা। সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন আলহাজ¦ আব্দুস সামাদ কলেজের সহকারী অধ্যাপক ও সাবেক পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার এ.বি.এম.জি.কিবরিয়া, সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চের প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল, আব্দুর রহিমসহ অন্যরা। বক্তারা বাল্যবিয়ে ও শিশুর প্রতি সংহিসতা বন্ধে সচেতনতামূলক কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জানান।

গোদাগাড়ীতে কৃষক মাঠ দিবস : বিনা ছোলা-৬’র গড় ফলন প্রতি বিঘায় সাড়ে ৫ মণ

গোদাগাড়ীতে কৃষক মাঠ দিবস : বিনা ছোলা-৬’র গড় ফলন প্রতি বিঘায় সাড়ে ৫ মণ রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ পরামাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ছোলার জাত বিনা ছোলা-৬’র প্রচার ও সম্প্রসারণ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের আইহাই ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর সহযোগিতায় বিনা উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ এই মাঠ দিবসের আয়োজন করে। বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিনা’র মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ। বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. আজাদুল হকের সভাপতিত্বে এবং চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মোস্তাক আহাম্মাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পিএসও এবং প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, বিনা’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. বাবুল আকতার,  ঢাকা বিআরসি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. আহমেদ নুমেরী আশফাকুল হক, রাজশাহী হটিকালচার সেন্টারের এডিডি সাবিনা বেগম, গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ, গোদাগাড়ী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. গোলাম আযম। মাঠ দিবসের আলোচনা সভায় স্থানীয় কৃষকরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বর্তমানে গোদাগাড়ী উপজেলাসহ বরেন্দ্র অঞ্চলের পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে ধানের চাষাবাদ কমিয়ে পানি সাশ্রয়ী ফসল, ছোলা, মসুর, গম, সরিষা, আলু, ভুট্টাসহ বিভিন্ন উন্নত জাতের ফসল চাষাবাদের পরামর্শ দেন। মাঠ দিবসে জানানো হয়, বিনা ছোলা-৬ জাতের বৈশিষ্ট্য হচ্ছে এর জীবনকাল ১২২-১২৬ দিন, বীজের দানা বড়, উজ্জ্বল বর্ণ, বীজ বপনের উপযুক্ত সময় ১৫ অক্টোবর হতে ১৫ নভেম্বর (কার্তিক মাস), রোগপ্রতিরোধী অতি খরাপ্রবণ এলাকায় চাষাবাদ করা যায় এবং গড় ফলন পাওয়া যায় প্রতি বিঘায় ৫ থেকে সাড়ে ৫ মণ। এই জাতটি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল, গোমস্তাপুর, রাজশাজীর গোদাগাড়ীসহ খরাপ্রবণ এলাকায় চাষাবাদ করে কৃষকরা লাভবান হচ্ছে বলে জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে নেশা’র ইনজেকশনসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে নেশা’র ইনজেকশনসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ শহরে র‌্যাবের অভিযানে ১৬ পিস নেশাজাতীয় নিষিদ্ধ বুপ্রেনরফিন ইনজেনসহ রফিক নামে এক ব্যাক্তি আটক হয়েছে। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। র‌্যাব জানায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের ১৫ নং ওয়ার্ডেও বালুবাগান মহল্লায় অভিযান চালিয়ে রফিককে আটক করা হয়। আজ সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক সরবরাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব পরিকল্পনা মোতাবেক গোপনে অবস্থান নিয়ে অভিযানটি চালানো হয়। মামলা দিয়ে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জে গ্রামআদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সাথে সভা অনুষ্ঠিত 

চাঁপাইনবাবগঞ্জে গ্রামআদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সাথে সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে গ্রামআদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জল কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন- জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, সহকারী পরিচালক আবু মাসুদ খান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান, জেলা তথ্য অফিসার রূপকুমার বর্মন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মুখতার আলী, সিসিডিবি’র চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার নাইমা ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোমেনা খাতুন, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিমসহ অন্যরা। সমন্বয় সভায় প্রধান অতিথি অংশীজনদের নিজ নিজ অবস্থান ও প্রতিষ্ঠান থেকে গ্রামআদালত কার্যক্রম বিষয়ে আরো জনসচেতনতা বাড়ানোর জন্য তাগিদ দেন।

রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএমের উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। সভায় উপস্থিত ছিলেন- জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন, উপজেলা প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা অফিসার মো. মাহমুদুজ্জামান, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার মোসা. মারুফা রহমান, চেম্বার অব কমার্সের পরিচালক মো. শহীদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. আমিনুল ইসলাম, সহকারী উপজেলা কৃষি অফিসার মো. এরশাদ আলী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি কর্ণেলিউস মুরমু। আরো উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সদস্য সচিব ও স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, সহকারী স্টেশন ম্যানেজার মো. রেজাউল করিম, প্রযোজক (অনুষ্ঠান ও খবর) নয়ন আলী ও সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) উম্মে আয়েশা সিদ্দিকা। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছমিনা খাতুন বলেন, আমি যতটুকু দেখেছি, রেডিও মহানন্দা বিভিন্ন বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে ভালো কাজ করছে। আপনারা এই ধরনের ভালো কাজগুলো অব্যহত রাখুন। এসময় তিনি ক্ষুদ্র নারী ও শিশুদের শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও মানবপাচার প্রতিরোধ, মাদকের কুফল, বাল্যবিয়ে বন্ধসহ অন্যান্য বিষয়ে অনুষ্ঠান নির্মাণের ওপর গুরুত্বারোপ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত ব্যাংক পিএলসির ৩৪তম এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন সদর দপ্তরের ২নং গেটে বুথের উদ্বোধন করেন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান। এসময় উপস্থিত ছিলেন- সীমান্ত ব্যাংক পিএলসি রাজশাহী শাখা ব্যবস্থাপক ওয়াহেদুল বারী, সহকারী সম্পর্ক স্থাপনকারী ব্যবস্থাপক মির্জা রাকিব হাসান। সীমান্ত ব্যাংক বিজিবি ওয়েলফেয়ার দ্বারা পরিচালিত বাণ্যিজিক একটি ব্যাংক। ভবিষ্যতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলায় এই শাখার কার্যক্রম শুরু হবে বলে জানান সীমান্ত ব্যাংক পিএলসি রাজশাহী শাখার ব্যবস্থাপক ওয়াহেদুল বারী।

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণ সম্পর্কিত জেলা টাস্কফোর্স কমিটির এক সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সভা সঞ্চালনা করেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মীর আল মনসুর শোয়াইব। তিনি জানান প্রতিদিনই টাস্কফোর্সের অভিযান চলছে। অভিযান চালানোর ফলে জেলাশহরের শান্তিমোড় এলাকার রেস্টুরেন্টগুলোর উন্নতি হলেও বিশ্বরোড মোড়ের দোকানগুলোর এখনো উন্নতি হয়নি। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। সভায় নিত্যপণ্যের মূল্য সম্পর্কিত তথ্য তুলে ধরেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মোমিনুল হক। তিনি জানান, দেশের অন্য জেলার তুলনায় চাঁপাইনবাবগঞ্জের বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম কম এবং সহনীয় পর্যায়ে আছে। জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফজলে এলাহি তার বক্তব্যে জানান, তিনি এই জেলায় অতিরিক্ত দায়িত্ব পালনকালে ইতোমধ্যে গোমস্তাপুর ও শিবগঞ্জে বাজার তদারকি করেছেন। অন্যদের মধ্যে আলোচনা করেন- চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম, জেলা ক্যাবের সেক্রেটারি আব্দুর রহিম, জেলা মৎস্য সমিতির সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খাদ্যদ্রব্যের দাম সহনীয় পর্যায়ে থাকার জন্য জেলার ব্যবসায়ীদের ধন্যবাদ জানান। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকতেখারুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাররশিয়ায় র‌্যাবের অভিযানে হেরোইনসহ একজন গ্রেপ্তার

বাররশিয়ায় র‌্যাবের অভিযানে হেরোইনসহ একজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বাররশিয়া এলাকা থেকে ১০২ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর পশ্চিমপাড়ার মঞ্জুর রহমানের ছেলে জিয়ারুল ইসলাম (৩৫)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চর বাররশিয়া হায়াত মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে বহনের সময় ১০২ গ্রাম হেরোইনসহ জিয়ারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিয়ারুল ইসলামকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বল র‌্যাব জানিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় আব্দুল আলিম (২৬) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত। সোমবার দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই আদেশ দেন। দণ্ডিত আলিম জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর মুচড়াপাড়ার মোস্তফার ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ৬ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুরে কাশিপুর সড়কে অভিযান চালায় র‌্যাব। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আব্দুল আলিমকে ১ কেজি ৯৫০ গ্রাম হেরোইনসহ আটক করে র‌্যাব। ঘটনার পর দিন র‌্যাবের এসআই মো. আকরামুল হক বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গোমস্তাপুর থানার তৎকালীন অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস তদন্ত শেষে আলিমকে অভিযুক্ত করে ২০২১ সালের ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে আদালত এই দণ্ড প্রদান করেন।