সরকারি চাকরিতে কোটা পাচ্ছেন না ‘জুলাই যোদ্ধারা’: উপদেষ্টা

সরকারি চাকরিতে কোটা পাচ্ছেন না ‘জুলাই যোদ্ধারা’: উপদেষ্টা সরকার জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি এবং নিহতদের পরিবারের সদস্যদের জন্য সরকারি চাকরিতে কোনো ধরনের কোটা চালু করবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক। সোমবার (২১ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য সরকারের গৃহীত পুনর্বাসন কার্যক্রম বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের কোটা বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “না, কোনো কোটা থাকবে না। আমরা তাদের যোগ্যতা অনুযায়ী সুযোগ করে দেব।” তিনি বলেন, “পুনর্বাসন বলতে আমরা সরাসরি ফ্ল্যাট বা চাকরির কোটা বুঝি না। বরং, এটি প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা দিয়ে বাস্তবায়ন করা হবে। কেউ যদি হাঁস-মুরগি পালন করতে চান অথবা পশুপালন কিংবা ক্ষুদ্র ব্যবসা শুরু করতে চান, তাতেও সরকার সহায়তা দেবে।” জুলাই যোদ্ধাদের সরকারি সহায়তার পরিমাণ মুক্তিযোদ্ধাদের সমান হবে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ফারুক-ই-আজম বলেন, “মুক্তিযোদ্ধাদের সঙ্গে তুলনা টানা উচিত নয়। মুক্তিযোদ্ধারা মহান, তাদের অবদান অতুলনীয়।”২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের পুনর্বাসনের দাবি তুলেছে বিভিন্ন সংগঠন। এর পরিপ্রেক্ষিতেই সরকারের পক্ষ থেকে এ পুনর্বাসন কার্যক্রম ঘোষণা করা হলো।
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজনের লাশ উদ্ধার

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজনের লাশ উদ্ধার রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (২১ জুলাই) দুপুরে বাহিনীর সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বাংলানিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, বিমান দুর্ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ চলমান আছে। লিমা খানম বলেন, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট কাজ করছে। এদিকে, দুর্ঘটনাটির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর শিক্ষার্থী-অভিভাবকসহ আতঙ্কিত লোকজন ছোটাছুটি করছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলতি বছর সামরিক মহড়ায় অংশ নেবে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলতি বছর সামরিক মহড়ায় অংশ নেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে চলতি বছর তিনটি যৌথ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ। একইসঙ্গে একটি নতুন দক্ষতা সংযোজনের মাধ্যমে নিজেদের দীর্ঘদিনের অংশীদারিত্ব বজায় রাখবে উভয় পক্ষ, যা দুই দেশের অভিন্ন নিরাপত্তা লক্ষ্যকে আরও দৃঢ় করবে। এই প্রচেষ্টাগুলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ এবং এই অঞ্চলকে আরও শক্তিশালী ও নিরাপদ করে তুলবে। রোববার (২০ জুলাই) এক মিডিয়া নোটে এসব কথা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। মিডিয়া নোটে কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়েছে– টাইগার লাইটনিং মহড়া: টানা চতুর্থ বছরের মতো বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক টাইগার লাইটনিং মহড়া পরিচালনা করবে। বাস্তবধর্মী প্রশিক্ষণের মাধ্যমে সৈনিকরা সন্ত্রাসবিরোধী অভিযান, শান্তিরক্ষা, জঙ্গলে অভিযান, আহতদের চিকিৎসার জন্য দ্রুত সরিয়ে নেওয়া এবং তাৎক্ষণিক বিস্ফোরক ডিভাইস (আইইডি) প্রতিরোধের জন্য প্রস্তুতি অর্জন করবে। টাইগার শার্ক ২০২৫ মহড়া: টাইগার শার্ক (ফ্ল্যাশ বেঙ্গল সিরিজের অংশ) একটি যৌথ প্রশিক্ষণ মহড়া, যেখানে দুই দেশের বিশেষ বাহিনী যুদ্ধকৌশল অনুশীলন করে। ২০০৯ সাল থেকে চলমান এ মহড়ায় প্যাট্রোল বোট পরিচালনা এবং স্বল্পপাল্লার অস্ত্রের লক্ষ্যভেদে দক্ষতা অর্জনের অনুশীলন অন্তর্ভুক্ত থাকবে, যা বাংলাদেশ স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ এবং প্যারা কমান্ডো ব্রিগেডকে সংকট মোকাবিলায় আরও দক্ষ করে তুলবে। এই যৌথ মহড়ার বিশেষ আকর্ষণ হলো উভয় দেশের ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম। প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া: বাংলাদেশে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যাসিফিক অ্যাঞ্জেল। এই মহড়ায় আমাদের প্রতিরক্ষা সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক, আমাদের সি-১৩০ বহরকে তুলে ধরা হবে, যা দুর্যোগকালে আকাশপথে সরঞ্জাম সরবরাহ ও চলাচল সংক্রান্ত অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মহড়া অনুসন্ধান ও উদ্ধার (এসএআর) এবং অ্যারোমেডিকেল কার্যক্রমের ওপরও গুরুত্ব দেয়, যা মানবিক বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াবে। আরকিউ-২১ কর্মসূচি চালু: যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে একত্রে বাংলাদেশের জন্য একটি মানববিহীন আকাশযান ব্যবস্থা (ইউএএস) সক্ষমতা গড়ে তুলছে। বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত একটি রেজিমেন্ট নতুন আরকিউ-২১ ব্ল্যাকজ্যাক সিস্টেম পরিচালনা করবে। এই সম্মিলিত উদ্যোগ বাংলাদেশকে সমুদ্রসীমা পর্যবেক্ষণ, সীমান্ত নিরাপত্তা এবং শান্তিরক্ষা মিশন পরিচালনায় সক্ষম করে তুলবে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
সেনাসদর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

সেনাসদর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। তিনি আজ রোববার সেনা সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধান উপদেষ্টা শুরুতেই স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধা, বিশেষ করে সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর শহীদসহ সকল বীর সেনানীদের, যাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। এছাড়াও, তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে সকল আহত ও শহীদ সেনা সদস্যদের। একই সাথে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন ২০২৪ সালের জুলাই গণঅভ্যূত্থানে শহীদ ও আহত সকল ছাত্র জনতাকে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার ওপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। এছাড়া সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসারগণই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে তিনি মন্তব্য করেন। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে সকল অফিসার সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন সে সকল অফিসারকে পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা প্রদান করেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূস বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমানে সেনা সদস্যগণ বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য তাদের ওপর অর্পিত দায়িত্ব বেশ কিছু সময় ধরে পালন করে আসছেন। দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্যাগের জন্য তিনি সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারি এবং চীফ অব জেনারেল স্টাফ। নির্বাচনী পর্ষদ উদ্বোধন করায় সেনা প্রধান অধ্যাপক ইউনূসের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর উপস্থিত কর্মকর্তাগণের সাথে ফটোসেশনে অংশগ্রহণ এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।
সারাদেশে ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন, হাসপাতালে ভর্তি আরও ৪২৯

সারাদেশে ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন, হাসপাতালে ভর্তি আরও ৪২৯ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। রোববার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৬ জন, খুলনা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন এবং রংপুর বিভাগে ৬ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪১১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ৮৯৪ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১৭ হাজার ২১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬২ জনের।
সঠিক সময়ে নির্বাচন হবে বলেছেন প্রেস সচিব

সঠিক সময়ে নির্বাচন হবে বলেছেন প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে কোন ধরনের অনিশ্চয়তা নেই। নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো রাজনৈতিক দল অথবা কোন প্রতিদ্বন্দ্বীর কোন ধরনের আপত্তি থাকবে না এমন পরিবেশ করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ল অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান।শফিকুল আলম বলেন, ঠিক যে সমঢ বলা হয়েছে ঠিক সেই সময় নির্বাচন হবে। সুন্দর পরিবেশ ও শান্তিময় পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, অন্যান্য দেশে এসব বিষয়ে আলোচনা করতেই ২ থেকে ৪ বছর সময় লেগে যায়। সেখানে আমাদের রাজনৈতিক দলগুলো মত প্রকাশ করছে এতে করে খুব দ্রুত সময়ে মধ্যে অনেক বিষয়ে ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়েছে।
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন চুক্তি

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন চুক্তি ঢাকায় নতুন মিশন চালু করতে যাচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। এ লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করার তথ্য জানালো সরকার। এর আগে ওএইচসিএইচআর এর পক্ষ থেকে এ খবর জানানো হয়। গতকাল রাতে অন্তর্বর্তী সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এছাড়া, আজ দুপুরে প্রেস উইংয়ের ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রেক্ষিতে জবাবদিহিতা ও সংস্কারের প্রতি আমাদের প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আজ হাসপাতালে নতুন রোগী ১১৪

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আজ হাসপাতালে নতুন রোগী ১১৪ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজন প্রাণ হারিয়েছেন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৪ জন ডেঙ্গুরোগী। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ৬১ জন মারা গেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের ১৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৩৯৫ জন। এর মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ ও ৪১ দশমিক ৩ শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১০৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবৎ ১৫ হাজার ১১৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
নতুন দিগন্ত উন্মোচন করেছে ছাত্র-জনতার অভ্যুত্থান: আসিফ

নতুন দিগন্ত উন্মোচন করেছে ছাত্র-জনতার অভ্যুত্থান: আসিফ ছাত্র-জনতার গৌরবোজ্জ্বল জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান স্মরণে আয়োজিত প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই অভ্যুত্থান দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আজ সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে তিনি বলেন, অভ্যুত্থানের সেই মহান আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তরুণ প্রজন্মকে সেই চেতনায় উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই-যোদ্ধাসহ আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যদের অংশগ্রহণে প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়।
ঢাকায় বাতাসের মান ৬০ স্কোর নিয়ে ‘সহনীয়’

ঢাকায় বাতাসের মান ৬০ স্কোর নিয়ে ‘সহনীয়’ বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় ঢাকা ৩৯ নম্বর স্থানে রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ৬০ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে। আজ বেলা ১২টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা ১৭৬। এরপরেই রয়েছে উগান্ডার কাম্পালা ১৫৩, ইন্দোনেশিয়ার জাকার্তা ১৫৩, ব্রাজিলের সাও পাওলোর স্কোর ১৫১। এসব শহরের বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।