নতুন বেতন কমিশন গঠন করল সরকার

নতুন বেতন কমিশন গঠন করল সরকার জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করেছে সরকার। আজ উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ নতুন বেতন কমিশন গঠন হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করেছে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান এই বেতন কমিশনের প্রধান হবেন। বেতন কমিশন ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে।
এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা এইচএসসির স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৭ ও ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে। বুধবার (২৩ জুলাই) শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।পরিবর্তিত সূচি অনুযায়ী, ২২ জুলাইয়ের পরীক্ষা ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট নেওয়া হবে। এ ছাড়া বন্যা পরিস্থিতির কারণে ১০ জুলাই কুমিল্লা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো ১২ আগস্ট নেওয়া হবে। অন্যদিকে গোপালগঞ্জে সংঘর্ষে ঘটনায় ১৭ জুলাই শুধু গোপালগঞ্জ জেলায় স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে ১৪ আগস্ট। এদিকে লিখিত পরীক্ষার তারিখ পিছিয়ে যাওয়ায় ব্যবহারিক পরীক্ষাও পেছানো হয়েছে। প্রকাশিত সংশোধিত সময়সূচি অনুযায়ী, ২১ আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে, যা চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, হাসপাতালে ভর্তি ৩১৯

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, হাসপাতালে ভর্তি ৩১৯ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (২৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশালে। এ জেলায় নতুন করে ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৯০ জন, ঢাকা বিভাগে ৫৯ জন (সিটি করপোরেশন বাদে), চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৩৪৫ জন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত: শিক্ষা উপদেষ্টা

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত: শিক্ষা উপদেষ্টা আগামী ২৪ জুলাই বৃহস্পতিবার যে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। আজ দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন। এর আগে আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। আজকের ২২ জুলাই ও ২৪ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এদিকে, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটিই যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার। দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
কারিগরি বোর্ডের ২৩ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিত

কারিগরি বোর্ডের ২৩ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী ২৩ ও ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড শিক্ষাক্রমসহ সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হলো। স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। অন্যান্য দিনের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
চিরনিদ্রায় শায়িত হলেন পাইলট তৌকির

চিরনিদ্রায় শায়িত হলেন পাইলট তৌকির রাজধানীর উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে। আজ বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে জানাজা শেষে পাশেই সপুরা কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা থেকে শুরু করে হাজার হাজার মানুষ। এ ছাড়া পাইলট তৌকিরকে একনজর দেখতে তাদের ভাড়া বাড়ি, কবরস্থান এবং জেলা স্টেডিয়ামে শত শত নারীরা ভিড় করেন। এর আগে আজ দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে বিমানবাহিনীর হেলিকপ্টারে তার মরদেহ রাজশাহী ক্যান্টনমেন্টে আনা হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে ৩টা ২০ মিনিটে ক্যান্টনমেন্টের পাশেই নগরের উপশহরের ৩ নম্বর সেক্টরে একটি অ্যাম্বুল্যান্সে করে ভাড়া বাসায় তার মরদেহ নিয়ে যান সেনা ও বিমানবাহিনীর কর্মকর্তারা। এ সময় শত শত উৎসব মানুষ বাড়ির সামনে ভিড় করে। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বাড়ি থেকে তার মরদহ জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে মরদেহ দাফন করা হয় সপুরা কবরস্থানে। গতকাল দুপুরে রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত হন স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগর। একই সঙ্গে ওই স্কুলের অনেক শিক্ষার্থীর হতাহতের ঘটনা ঘটে। সাগরের বাবা তহুরুল ইসলাম একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। তবে প্রায় ২৫ বছর ধরে তিনি রাজশাহী শহরে বসবাস করেন। তৌকির রাজশাহীর নিউ গভ. ল্যাবরেটরি স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে পাবনা ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তি হন। তিনি ওই কলেজের ৩৪তম ব্যাচের ছাত্র ছিলেন। ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক পাস করে তিনি যোগ দেন বাংলাদেশ বিমানবাহিনীতে।
শিক্ষা সচিবকে অপসারণ

শিক্ষা সচিবকে অপসারণ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষ হতাহতের পরও এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বিলম্বে জানানোর কারণে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সারা দেশে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে অপসারণ করা হয়েছে। আজ বিকেলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ফেসবুকে লিখেছেন, “মাইলস্টোন ট্রাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠিত হচ্ছে । শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোন দাবি মানতে সরকার দায়বদ্ধ।” মাহফুজ আলম জনপ্রশাসন-বিষয়ক কমিটির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু, এ সিদ্ধান্ত এসেছে সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে। প্রথমে ফেসবুকে পরীক্ষা স্থগিতের তথ্য জানান অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টার মাহফুজ আলম। এরপর মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরীক্ষা স্থগিতের কথা জানান। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিও পরীক্ষা স্থগিতের তথ্য জানায়। অনেক শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পর স্থগিতের তথ্য জানতে পারেন। ফলে, তারা গভীর রাতে ও বিলম্বে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানোর কারণে ক্ষুব্ধ হয়েছেন।
বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১, চিকিৎসাধীন ১৬৫

বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১, চিকিৎসাধীন ১৬৫ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে (আজ দুপুর ১২টা পর্যন্ত)। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় ৩১ জন মারা গেছেন। এছাড়া, বিভিন্ন হাসপাতালে ১৬৫ জন ভর্তি আছে। আইএসপিআর আরও জানায়, কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন আহত, নিহত নেই। বার্ন ইনস্টিটিউটে রয়েছে ৪৬ জন আহত এবং ১০ জন নিহত। ঢাকা মেডিকেলে ভর্তি আছে ৩ জন আহত এবং ১ জন নিহত। ঢাকার সিএমএইচে রয়েছে ২৮ জন আহত এবং ১৬ জন নিহত। লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরায় ভর্তি আছে ১৩ জন আহত এবং ২ জন নিহত। উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন ৬০ জন আহত এবং ১ জন নিহত। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে রয়েছে ১ জন আহত, নিহত নেই। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ১ জন আহত, নিহত নেই। ইউনাইটেড হাসপাতালে আছেন ২ জন আহত এবং ১ জন নিহত এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছেন ৩ জন আহত, নিহত নেই।
২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৪

২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৪ গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিন জন মারা গেছেন এবং একই সময়ে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৪৪ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৯ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই জন রয়েছেন। ২৪ ঘণ্টায় ৪০২ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ১৬ হাজার ৬২৯ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ২২ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৮ হাজার ২৬ জন। এর মধ্যে ৫৮ দশমিক সাত শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক তিন শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ৬৫ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় মৃত তিন জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে একলাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
উত্তরায় স্কুলে বিমান বিধ্বস্ত, ১৯ জনের মৃত্যু

উত্তরায় স্কুলে বিমান বিধ্বস্ত, ১৯ জনের মৃত্যু ঢাকার উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি। সোমবার (২১ জুলাই) ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট ও ৬ অ্যাম্বুলেন্স কাজ করছে। এদিন দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। এরপরই সেটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের ওপর বিধ্বস্ত হয়। বিমানটি মাইলস্টোন স্কুলের হায়দার হল নামের একটি ভবনের ক্যানটিনের ছাদে গিয়ে আছড়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস। এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনার খবরে স্বজনদের অনেকেই ঘটনাস্থলে ছুটে গেছেন। তাদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। অনেকে প্রিয় মুখটির সন্ধানে এদিক-ওদিক হন্যে হয়ে ছুটছেন। অনেকে কান্নায় ভেঙে পড়েছেন। বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর: ০১৯৪৯-০৪৩৬৯৭। ভয়াবহ এ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। ওইদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।