আগামী বৃহস্পতিবার মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

আগামী বৃহস্পতিবার মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক আগামী বৃহস্পতিবার চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি বিবৃতি (এমপিএস) ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। এদিন, ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই এমপিএস ঘোষণা করবেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সময় গভর্নর বর্তমান মুদ্রানীতির আওতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করতে বর্তমান এমপিএস এর ফলাফল সম্পর্কে অবহিত করবেন।
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী ২০ হাজার ছাড়াল; গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও ৩৯৩ জন

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী ২০ হাজার ছাড়াল; গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও ৩৯৩ জন সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। চলতি বছরের ২৯ জুলাই পর্যন্ত মোট ২০ হাজার ৩১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও ৩৯৩ জন। একই সময়ে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তিকৃত রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০১ জন, চট্টগ্রামে ৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৬ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ৬০ জন, খুলনায় ২৬ জন, রাজশাহীতে ৩৮ জন, রংপুরে ৫ জন এবং ময়মনসিংহে ১ জন রয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩৬৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ১৮ হাজার ৯৫১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৩ শতাংশ নারী।গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে ২০২৫ সালে ডেঙ্গুতে মোট ৭৯ জনের মৃত্যু হলো। উল্লেখ্য, ২০২৪ সালে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
২ কার্গো এলএনজি কিনবে সরকার

২ কার্গো এলএনজি কিনবে সরকার দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিভিন্ন উৎস থেকে ২ কার্গো এলএনজি ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন করেছে সরকার। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৯তম সভায় আজ এ অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থ উপদেষ্টা বলেন , আজ ক্রয় কমিটির সভায় এলএনজি এবং সার সংগ্রহের প্রস্তাব এই অনুমোদন দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে পেট্রোবাংলা সিঙ্গাপুরের মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতির মাধ্যমে স্পট মার্কেট থেকে ৫০২ কোটি ৯৪ লাখ টাকায় এক কার্গো এলএনজি সংগ্রহ করবে। যার প্রতি একক এলএনজির দাম পড়বে ১১ দশমিক ৯৭ মার্কিন ডলার। পেট্রোবাংলা দক্ষিণ কোরিয়ার মেসার্স পসকো ইন্টারন্যাশনাল কর্পোরেশন থেকে প্রায় ৪৮৬ কোটি ৪২ লাখ টাকায় এক কার্গো এলএনজি কিনবে। যার প্রতি একক এলএনজির দাম পড়বে ১১ দশমিক ৯৫ মার্কিন ডলার। এছাড়াও, সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের ২টি, সেতু বিভাগের ১টি, স্থানীয় সরকার বিভাগের ১টি এবং আইসিটি বিভাগের ১টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
৬ বছর পর ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ সেপ্টেম্বর

৬ বছর পর ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ সেপ্টেম্বর ছয় বছরের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। আজ বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন। তিনি বলেন, আগামী ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। ওইদিন ভোটগ্রহণের পরপরই ভোট গণনা করা হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১১ আগস্ট। মনোনয়নপত্র বিতরণ শুরু ১২-১৮ আগস্ট। মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ১৯ আগস্ট বেলা ৩টা। মনোনয়নপত্র বাছাই ২০ আগস্ট। প্রার্থীদের তালিকা প্রকাশ ২১ আগস্ট।মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৫ আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৬ আগস্ট। ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর। ফলাফল প্রকাশ ৯ সেপ্টেম্বর ভোট গণনার পর। ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র প্রথমবারের মতো হলের বাইরে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।বিশ্ববিদ্যালয়ের ৬টি নিরপেক্ষ স্থানে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। ভোটকেন্দ্রগুলো হলো- >> কার্জন হল কেন্দ্র (পরীক্ষার হল) : এখানে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল এবং ফজলুল হক হলের শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। >> শারীরিক শিক্ষা কেন্দ্র : জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। >> ছাত্র-শিক্ষক কেন্দ্র : রোকেয়া হল, শামসুন নাহার হল এবং কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন। >> ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র : বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন। >> সিনেট ভবন কেন্দ্র (এলামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং রুম) : স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল এবং বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। >> উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র : সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল এবং কবি জসীমউদ্দীন হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন।
থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতিতে স্বাগত জানাল বাংলাদেশ

থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতিতে স্বাগত জানাল বাংলাদেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতিতে স্বাগত জানায়। বিবৃতিতে বলা হয়েছে, কোনো শর্ত ছাড়া থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় বাংলাদেশ স্বাগত জানায়। সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনার মধ্যস্থতার জন্য আসিয়ান চেয়ার মালয়েশিয়ার প্রশংসা করছে বাংলাদেশ। এ ছাড়া এ যুদ্ধবিরতিতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার অন্যান্য যেসব বন্ধুদের ভূমিকা রয়েছে তাদেরও প্রশংসা করছে বাংলাদেশ। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ আশাবাদী যে, থাইল্যান্ড ও কম্বোডিয়া উভয়ই সংলাপ এবং কূটনীতির মাধ্যমে অসামান্য সীমান্ত নির্ধারণের নিষ্পত্তি অব্যাহত রাখবে এবং সীমান্তে উভয়পক্ষের জীবন-জীবিকা নির্বাহের জন্য আক্রান্ত সীমান্ত অঞ্চলগুলোতে শান্ত-স্থিতিশীলতা বজায় রেখে প্রাথমিক পুনরুদ্ধারের কাজ করবে। উল্লেখ্য, শত বছরের বেশি পুরোনো সীমান্ত বিরোধের জেরে গত বৃহস্পতিবার শুরু হয় থাইল্যান্ড ও কম্বোডিয়া সংঘাত। সংঘাত চলাকালে থাইল্যান্ড ও কম্বোডিয়ায় নিহত হয়েছেন অন্তত ৩৬ জন।
প্রাথমিকের প্রধান শিক্ষকের ৩৪ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ

প্রাথমিকের প্রধান শিক্ষকের ৩৪ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে এই পদগুলো শূন্য থাকায় প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। এ সমস্যা নিরসনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অনুমোদিত প্রধান শিক্ষকের পদ রয়েছে ৬৫ হাজার ৫০২টি। বর্তমানে প্রধান শিক্ষক হিসেবে ৩১ হাজার ৩৯৬ জন কর্মরত আছেন। শূন্য পদ রয়েছে ৩৪ হাজার ১০৬টি। শূন্য পদসমূহের মধ্যে সরাসরি নিয়োগযোগ্য পদ ২ হাজার ৬৪৭টি। সরাসরি নিয়োগযোগ্য পদগুলোর ১০ শতাংশ পদ সংরক্ষণ করে অবশিষ্ট ২ হাজার ৩৮২টি পদে স্বতন্ত্রভাবে সরাসরি নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ে চাহিদা পাঠানো হয়েছে। সরাসরি নিয়োগযোগ্য প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের জন্য শিগগিরই বাংলাদেশ কর্মকমিশন থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ ছাড়া জাতীয়করণকৃত শিক্ষকদের গ্রেডেশন সংক্রান্ত ৭৩/২০২৩ নম্বর সিভিল আপিল মামলা নিষ্পত্তি হওয়া মাত্র সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতিযোগ্য ৩১ হাজার ৪৫৯টি পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। এই নিয়োগ সম্পন্ন হলে প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবলের ঘাটতি পূরণ হবে। পাশাপাশি বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম আরো উন্নত ও গতিশীল হবে। সরকারের এই পদক্ষেপের ফলে প্রাথমিক শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হবে বলে সরকার প্রত্যাশা করছে।
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৪

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৪ সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই পুরুষ। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩১২ জনই ঢাকার বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৭৮ জন, যাদের মধ্যে ৪৩ জন পুরুষ ও ৩৫ জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯২৩ জন, যার মধ্যে ১১ হাজার ৬৮০ জন পুরুষ ও ৮ হাজার ২৪৩ জন নারী।
রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৫ সেপ্টেম্বর

রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তফসিল ঘোষণা করেন রাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক। নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ জুলাই আচরণবিধি প্রকাশ, ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৭ ও ১০-১২ আগস্ট ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৭-১৯ আগস্ট মনোয়নপত্র বিতরণ, ২১ ও ২৪-২৫ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ২৭-২৮ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ৩১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ১৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
১ আগস্ট থেকে কার্যকর মার্কিন শুল্ক, চুক্তি অধরা বাংলাদেশের

১ আগস্ট থেকে কার্যকর মার্কিন শুল্ক, চুক্তি অধরা বাংলাদেশের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন শুল্ক নীতিমালা আগামী ১ আগস্ট থেকেই কার্যকর হচ্ছে। হাতে মাত্র তিন দিন বাকি থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক স্থানীয় সময় গতকাল ‘ফক্স নিউজ সানডে’ অনুষ্ঠানে জানান, বাণিজ্য অংশীদারদের ওপর শুল্ক আরোপের জন্য নির্ধারিত সময়সীমা চূড়ান্ত, এবং তা আর বাড়ানো হবে না। তবে, শুল্ক কার্যকর হওয়ার পরও আলোচনার সুযোগ থাকবে বলে জানান তিনি। ইতিমধ্যে যুক্তরাজ্য, জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। সর্বশেষ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও একটি চুক্তির ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে বিশ্বের বেশিরভাগ দেশ এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।
২৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৩.৬ শতাংশ বৃদ্ধি

২৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৩.৬ শতাংশ বৃদ্ধি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, জুলাই মাসের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৩ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৯৯ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ে, দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৫৭২ মিলিয়ন ডলার। প্রবাসী বাংলাদেশিরা ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে প্রাপ্ত সর্বোচ্চ পরিমাণ। আগের অর্থবছরে (অর্থবছর ২০২৩-২৪) প্রাপ্ত ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলারের তুলনায় রেমিট্যান্স ২৬ দশমিক ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।