দেশে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮২

দেশে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮২ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ৩৮২ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৩৭০ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে এ যাবত মোট ২৩ হাজার ৬৩৩ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। আজ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৯৯৯ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ১০৩ জনের মৃত্যু হয়।  

মালয়েশিয়ায় আরো বাংলাদেশির কাজের সুযোগ-বলেছেন প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ায় আরো বাংলাদেশির কাজের সুযোগ-বলেছেন প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার শ্রমবাজারে আরো অধিকসংখ্যক বাংলাদেশি কাজ করার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে আজ যৌথ সংবাদ সম্মেলনে এ আশা প্রকাশ করেন তিনি। এর আগে কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এরপর দুই দেশের মধ্যে ৫টি সমঝোতা স্মারক এবং ৩ টি সহযোগিতামূলক নোট বিনিময় স্বাক্ষর করা হয়। এর আগে গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ৩ দিনের মালয়েশিয়া সফরে যান। এদিকে, নতুন সরকারের জন্য আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষীক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।তিনি বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি নতুন সরকারের জন্য নির্বাচনের আয়োজন করবো। নির্বাচনের মাধ্যমে আমরা দেশকে স্বাভাবিকভাবে পরিচালনার পথে ফিরিয়ে আনতে পারবো। এজন্য আমাদের অনেক সহায়তা প্রয়োজন এবং আমরা মালয়েশিয়ার সহায়তা প্রত্যাশা করছি। বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় ড. ইউনুস গুরুত্বপূর্ণ ভূমিকা বলে মন্তব্য করেন মালয়শিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম।  

পাম অয়েলের দাম লিটারে কমলো ১৯ টাকা

পাম অয়েলের দাম লিটারে কমলো ১৯ টাকা আন্তর্জাতিক বাজারে দাম কমায় পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছে সরকার। আজ দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণসংক্রান্ত সভা শেষে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ কথা জানান। বাণিজ্য সচিব বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম না কমায় সয়াবিন তেলের দাম এই মুহূর্তে কমানো সম্ভব হয়নি। তবে লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে পাম অয়েলের দাম।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃ*ত্যু, হাসপাতালে ৪৩৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃ*ত্যু, হাসপাতালে ৪৩৪ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৪৩৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে রয়েছেন ৩০২ জন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে, যার মধ্যে ৫৯ জন পুরুষ এবং ৪৩ জন নারী। এদিকে, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৪ হাজার ৬১৭ জন। আক্রান্তদের মধ্যে ১৪ হাজার ৪৬২ জন পুরুষ এবং ১০ হাজার ১৫৫ জন নারী।

যুব দিবসে পুরস্কার পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

যুব দিবসে পুরস্কার পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান আগামী ১২ আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে বিগত এক বছর যুব কার্যক্রমে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠত্বের ভিত্তিতে জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে। এ বছর ব্যক্তি ও সংগঠন পর্যায়ে ২০টি পুরস্কার নির্ধারণ করা হয়েছে। আজ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. সাইফুজ্জামান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, দুটি ক্যাটাগরিতে মোট ২০টি পুরস্কার দেওয়া হবে। সফল আত্মকর্মী ক্যাটাগরিতে ১৪টি ও যুব সংগঠক ক্যাটাগরিতে ছয়টি পুরস্কার দেওয়া হবে। পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট, সনদপত্র দেওয়া হবে। এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের মতো বৈষম্য ও অন্যায়ের প্রতিরোধ যুদ্ধে বিজয়ী যুব সমাজকে যুব উন্নয়ন অধিদপ্তর আধুনিক বিজ্ঞানমনস্ক কারিগরি প্রশিক্ষণ, প্রশিক্ষণোত্তর আর্থিক ও উপকরণ সহায়তার মাধ্যমে মানবসম্পদে পরিণত করার মহান ব্রত নিয়ে বছরে প্রায় ২ লাখ যুব কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত হচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তর ১৮ থেকে ৩৫ বছরের যুবদের বিগত এক বছরে ২ লাখ ৭১ হাজার ৭১৯ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ৪ হাজার ৯৮৫ জন যুবকে (২ হাজার ৫৩৪ জন যুব ও ২ হাজার ৪৫১ জন যুবনারী) ৪৭ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকা যুব ঋণ দেওয়া হবে। সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে ট্রফিক পুলিশের সহযোগী হিসেবে কাজ করার জন্য ১ হাজার ৭৬ জন যুবকে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ঢাকাসহ বিভাগ, জেলা ও উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারুণ্যের উৎসব পালন করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের আত্মকর্মী, উদ্যোক্তা, প্রশিক্ষণার্থী ও স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মাধ্যমে ৬৪ জেলায় ৬৪টি খাল/জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর যুব শক্তিকে সম্পদে পরিণত করতে দেশের ৬৪টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, পরিবেশবান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন, মোবাইল ভ্যানের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন চলমান রয়েছে। বিগত ছয় মাসের মধ্যে শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মে না থাকা ৯ লাখ বেকার যুবকে আর্ন প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ১২ আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দিনের শুরুতে সকাল সাড়ে ৭টায় বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত হবে। যুব র‍্যালিটি জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসে শেষ হবে। সকাল ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে যুব দিবসের উদ্বোধন আলোচনা ও পুরস্কার দেওয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ ছাড়া সারাদেশের সব জেলা ও উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান, রক্তদান কর্মসূচি ইত্যাদি বাস্তবায়ন করা হবে।

ঢাকায় নতুন জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ

ঢাকায় নতুন জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন। আজ ঢাকার জার্মান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। জার্মান দূতাবাস জানায়, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে উভয়ই গণতন্ত্র ও মানবাধিকার, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি এবং উভয়ই জাতির কল্যাণে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সহযোগিতা জোরদারে আলোচনা করেছেন। ড. রুডিগার লোটজ এক বার্তায় বলেন, বাংলাদেশের হৃদয়ে রয়েছে আতিথেয়তা, বিশ্বাস, উদারতা ও অন্যদের প্রতি দৃঢ় অঙ্গীকার। বাংলাদেশি জনগণের চেতনা সত্যিই অনুপ্রেরণাদায়ক। পুনর্গঠনের এই সময়ের মধ্য দিয়ে আমি নিশ্চিত যে বাংলাদেশ তার বিশাল সম্ভাবনা অর্জন করতে পারবে। জার্মানি ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে; আমরা একসঙ্গে এই পথে হাঁটতে থাকব। রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ একজন অভিজ্ঞ জার্মান কূটনীতিক, যার এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও ল্যাটিন আমেরিকাজুড়ে বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক এবং বহুপাক্ষিক পদে তিন দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি করাচিতে কনসাল জেনারেল, দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া, সার্বিয়া ও আফগানিস্তানে ডেপুটি হেড অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তুরস্ক, কসোভো, মেক্সিকো, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে উচ্চপদস্থ দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রদূত লোটজ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে স্নাতকোত্তর ও ফ্রেই ইউনিভার্সিটি-বার্লিন থেকে আইনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

মালয়েশিয়া সফরে গেলেন প্রধান উপদেষ্টা

মালয়েশিয়া সফরে গেলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন। আজ দুপুর টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরে পাঁচটি সমঝোতা স্মারক সই ও তিনটি নোট বিনিময় হবে। তবে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে কর্মী নিয়োগ ও বিনিয়োগ প্রাধান্য পাবে। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়। এ সময় জানানো হয় ১১ থেকে ১৩ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর করবেন। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে কর্মী নিয়োগ ও বিনিয়োগ প্রাধান্য পাবে। মালয়েশিয়ায় কীভাবে আরও জনশক্তি বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। এ ছাড়া মালয়েশিয়ায় যে সব কোম্পানি আছে, কীভাবে তাদের বিনিয়োগ আনা যায় সেই চেষ্টা থাকবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেদেশে সফরে গেছেন। আগামীকাল ১২ আগস্ট পুত্রজায়ায় দুই দেশের সরকার প্রধান বৈঠক করবেন।

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে একশ এক জনের মৃত্যু হলো। এ ছাড়াও ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৬ জন, খুলনা বিভাগে ৫৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন, রংপুর বিভাগে সিটি করপোরেশনের বাইরে) ৭ জন ও রাজশাহী বিভাগে ৩৪ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৪০৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত ২২ হাজার ৭০৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১৮৩ জন, যার মধ্যে ১৪ হাজার ২০৩ জন পুরুষ ও নয় হাজার ৯৮০ জন নারী।

মঙ্গলবার বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট 

মঙ্গলবার বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট  ১০০০, ৫০ এবং ২০ টাকার নতুন নোটের পর এবার আগামী মঙ্গলবার থেকে বাজারে ১০০ টাকার নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের নতুন ডিজাইন ও সিরিজে সব মূল্যমানের নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। তার ধারাবাহিকতায়, ১০০০, ৫০ ও ২০ টাকার নোটের পর ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত করা ১০০ টাকার নতুন নোট এবার বাজারে প্রচলন করা হবে। আরও বলা হয়, আগামী ১২ আগস্ট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে দেশের অন্যান্য অফিস থেকে নতুন ১০০ টাকার নোট ইস্যু করা হবে বলে জানানো হয়েছে।

হারানো আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য শিগগীরই পুরস্কার ঘোষণা : স্বরাষ্ট্র উপদেষ্টা

হারানো আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য শিগগীরই পুরস্কার ঘোষণা : স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর হারানো আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য শিগগীরই পুরস্কার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান। উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর হারানো অস্ত্রগুলো উদ্ধার করতে আমরা একটি বিশেষ উদ্যোগ নিয়েছি। যারা আইনশৃঙ্খলা বাহিনীর হারানো অস্ত্রের সন্ধান দিতে পারবে, তাদেরকে পুরস্কৃত করা হবে। দ্রুত এ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হবে যা পরবর্তীসময়ে মিডিয়ায় জানিয়ে দেয়া হবে। তিনি এ সময় জানান, আইনশৃঙ্খলা বাহিনীর আনুমানিক ৭শ’ অস্ত্র উদ্ধার এখনো বাকি রয়েছে। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে উপদেষ্টা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। জাতি হিসেবে আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি।৷  আগে সমাজে কোন খারাপ কাজ ঘটলে লোকজন ঝাঁপিয়ে পড়তো সেটা প্রতিহত করার জন্য৷ কিন্তু আজকাল সেটা খুব কমে গেছে।৷ অপরাধ প্রতিহত করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরো বলেন, সবসময় সবজায়গায় তো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকেন না৷ সে সময় উপস্থিত জনতারই প্রাথমিকভাবে অপরাধ প্রতিরোধ বা প্রতিহত করা উচিত। উপদেষ্টা এসময় গাজীপুরের ঘটনায় জড়িতদের বেশিরভাগকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে বলে জানান। নিউমার্কেট থেকে ১১শ’ দেশীয় অস্ত্র উদ্ধার প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, এসব অস্ত্র যারা তৈরি করেন, তাদেরকে আরো সর্তক হতে হবে। তারা জানে- কারা এসব ব্যবহার করছে। যারা এগুলো করছে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা বাহিনীর নয়। এর সঙ্গে যুক্ত রয়েছে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বোপরি জনগণ। আশা করি, আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো। উপদেষ্টা এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য অস্ত্রসহ একজন বাড়তি আনসার সদস্য (গানম্যান) নিয়োজিত থাকার সিদ্ধান্তের কথা জানান। ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।