৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশের ফল প্রকাশ

৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশের ফল প্রকাশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। আজ সচিবালয়ে এই পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে ষষ্ঠ নিয়োগ সুপারিশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। পরীক্ষায় মোট ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩ লাখ ৪৮ হাজার ৬৮০ জন এবং উত্তীর্ণ হয়েছেন ৮৩ হাজার ৮৬৫ জন। মৌখিক পরীক্ষায় অংশ নেন ৮১ হাজার ২০৯ জন, যাদের মধ্যে ৬০ হাজার ৬৩৪ জন উত্তীর্ণ হয়েছেন।
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সরকার। গতকাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধ্যাদেশে সই করেছেন। এর ফলে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না। সব প্রার্থীই হবেন স্বতন্ত্র অর্থাৎ নির্দলীয়। গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ আইন সংশোধন করে চারটি আলাদা অধ্যাদেশের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। পরে ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ করা হয়। ২০১৫ সালে আওয়ামী সরকারের সময়ে আইন সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে ভোটের বিধান চালু করা হয়। সে আইনের সংশোধনী এবার বাতিল করা হলো।
জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৪১৮ প্রাণ

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৪১৮ প্রাণ গত জুলাই মাসে দেশে ৪৪৩টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৮৫৬ জন। দুর্ঘটনাগুলোর মধ্যে ১৩১টি মোটরসাইকেল দুর্ঘটনা। এতে নিহত হয়েছেন ১০৯ জন। আজ গণমাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত জুলাইয়ে চারটি নৌ-দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। ২১টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। এ ছাড়া মোটরসাইকেল চালক ও আরোহী ১০৯ জন, বাসের যাত্রী ৪১ জন, ট্রাক-পিকআপ আরোহী ৩০ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুল্যান্স আরোহী ২০ জন, থ্রি-হুইলার যাত্রী (সিএনজি-অটোরিকশা-অটোভ্যান) ১০৮ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-পাখিভ্যান-মাহিন্দ্র) ১২ জন এবং বাইসাইকেল-রিকশা আরোহী ৬ জন নিহত হয়েছেন।
নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ

নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীতে ২৫ হাজার ৮৭১ জনকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ বাহিনীতে ১৫ হাজার ৮৫১ জন, বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ৪ হাজার ৪৬৯ জন ও আনসার ৫ হাজার ৫৫১ জন নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ফ্যায়ার সার্ভিসে ২০৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ

৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ চারদলীয় জোট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। রায়ে আবেদনকারী এসব উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বরখাস্তের পর থেকে প্রাপ্য বকেয়া বেতন ভাতা জ্যেষ্ঠতাসহ ফেরত দিতে বলা হয়েছে। এছাড়া এসব কর্মকর্তার বরখাস্ত থাকাকালীন সময়কে বিশেষ ছুটি হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে। আজ প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির দেয়া এই রায়ের ১৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছেন। এর আগে ২০২২ সালে আবেদনকারীদের আপিল খারিজ করে দেয়া রায় পুনর্বিবেচনা চেয়ে করা পৃথক আবেদনের ওপর শুনানি শেষে গত ২৫ ফেব্রুয়ারি আপিল বিভাগ তাদের চাকরিতে পুনর্বহালের রায় দেন।
বোরোতে ৪৯ টাকায় চাল ও ৩৬ টাকা দরে ধান সংগ্রহ

বোরোতে ৪৯ টাকায় চাল ও ৩৬ টাকা দরে ধান সংগ্রহ খাদ্য মন্ত্রণালয়ের ‘বোরো সংগ্রহ কর্মসূচির অধীনে’ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান ও চাল সংগ্রহ করা হয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ। কর্মসূচিতে ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রা ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টনের বেশি। এছাড়া সিদ্ধ চাল সংগ্রহ করা হয়েছে ১৪ লাখ ৬ হাজার ৫৩৩ মেট্রিক টন যা লক্ষ্যমাত্রা ১৪ লাখ মেট্রিক টনের তুলনায় বেশি। মন্ত্রণালয় এবার ধান ৩৬ টাকা কেজি দরে এবং চাল ৪৯ টাকা কেজি দরে কিনেছে। সরকার এবার আতপ চাল সংগ্রহ করেছে ৫১ হাজার ৩০৭ মেট্রিক টন যা লক্ষ্যমাত্রা ৫০ হাজার মেট্রিক টনের তুলনায় বেশি।
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন করেছেন। আজ রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, মৎস্যচাষী, উদ্যোক্তা ও গবেষকরা অংশ নেন। উদ্বোধনী ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, ‘মৎস্য খাতের অবদানের জন্য আমাদের প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে। প্রকৃতি-প্রতিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন একসময় বন্ধ হয়ে যাবে। ’ তিনি আরও বলেন, ‘পরিবেশবান্ধব চাষাবাদ ও তরুণ প্রজন্মের অংশগ্রহণে এ খাতকে সমৃদ্ধ করা সম্ভব। ’ অধ্যাপক ইউনূস মৎস্য খাতের অপার সম্ভাবনা বিশেষ করে গভীর সমুদ্রে মৎস্য আহরণের সুযোগকে কাজে লাগানোর ওপর বিশেষ গুরুত্ব দেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পুরস্কার বিজয়ীদের হাতে জাতীয় মৎস্য পদক-২০২৫ তুলে দেন। মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে দেশব্যাপী প্রদর্শনী, কর্মশালা ও আলোচনা সভার মাধ্যমে চাষাবাদে আধুনিক প্রযুক্তি, মাছের রক্ষণাবেক্ষণ এবং বাজারজাতকরণ সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে। এবারের মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য-‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, মৎস্য সপ্তাহের মূল লক্ষ্য প্রকৃতির সুরক্ষা, স্থানীয় উৎপাদন বাড়ানো, রপ্তানি সক্ষমতা বাড়ানো এবং দেশের পুষ্টি নিরাপত্তায় অবদান রাখা।
আগামী ২৪ আগস্ট থেকে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের শুনানি

আগামী ২৪ আগস্ট থেকে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের শুনানি আগামী ২৪ আগস্ট রোববার থেকে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। ২৪ আগস্ট কুমিল্লা অঞ্চলের ৬৮৩টি দাবি-আপত্তির শুনানি করা হবে। ২৫ আগস্ট খুলনা অঞ্চলের ৯৮টি, বরিশাল অঞ্চলের ৩৮১টি ও চট্টগ্রাম অঞ্চলের ২০টি দাবি আপত্তির শুনানি হবে। ২৬ আগস্ট ঢাকা অঞ্চলের ৩১৬টি দাবি-আপত্তির শুনানি হবে। ২৭ আগস্ট রংপুরের সাতটি, রাজশাহীর ২৩২টি, ময়মনসিংহের তিনটি, ফরিদপুরে ১৮টি ও সিলেট অঞ্চলের দুটি দাবি-আপত্তির শুনানি হবে। গত ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসনের সীমানা নিয়ে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়ে ইসিতে। এগুলোই নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয়। বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটির প্রস্তাব করা হয়। এ ছাড়া পরিবর্তন আনা হয় ৩৯টি আসনে। এগুলো হলো- পঞ্চগড় ১ ও ২; রংপুর ৩; সিরাজগঞ্জ ১ ও ২; সাতক্ষীরা ৩ ও ৪; শরিয়তপুর ২ ও ৩; ঢাকা ২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯; গাজীপুর ১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫; সিলেট ১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩; কুমিল্লা ১, ২, ১০ ও ১১; নোয়াখালী ১, ২, ৪ ও ৫; চট্টগ্রাম ৭ ও ৮ এবং বাগেরহাট ২ ও ৩ আসন। ইসির প্রকাশিত ওই খসড়ার তালিকার ওপর গত ১০ আগস্ট পর্যন্ত আপত্তি আহ্বানও করা হয়। আগে বাগেরহাট-১ মোল্লারহাট-ফকিরহাট-চিতালমারি; বাগেরহাট-২ বাগেরহাট সদর ও কচুয়া; বাগেরহাট-৩ রামপাল ও মোংলা, বাগেরহাট-৪ মোড়েলগঞ্জ ও শরণখোলা এই চারটি আসন ছিল বাগেরহাটে। খসড়ায় বাগেরহাট-১ আসনে কোনো পরিবর্তন আনা হয়নি। বাগেরহাট সদর, কচুয়া, রামপাল নিয়ে বাগেরহাট-২ আসন এবং মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা নিয়ে বাগেরহাট-৩ আসন প্রস্তাব করা হয়েছে। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেছেন, ৬৪ জেলার গড় ভোটার নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২০ হাজার ৫০০। এটা ধরে জেলায় একটি আসন বাড়ালে তা গাজীপুরে হবে। এ গড়ের কম বাগেরহাটে একটি কমালে সমতা চলে আসে। দুই জেলার আসনই অ্যাফেক্টেড হয়েছে। আর কোথাও ঝামেলা নেই। ৩৯টি আসনে অ্যাডজাস্টমেন্ট রয়েছে।
ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৬ জন

ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৬ জন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৬ জন ডেঙ্গু রোগী। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ৬০ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৬০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭ জন, খুলনায় ৪৭ জন, ময়মনসিংহে ৪ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, রংপুর ৫ জন এবং সিলেটে ৬ জন ডেঙ্গু রোগী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৪১১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ছাড়পত্র পেলেন ২৫ হাজার ১১ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবছরের ১লা জানুয়ারি থেকে ১৭ই আগস্ট পর্যন্ত সবমিলিয়ে ২৬ হাজার ২৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৫৯ শতাংশ এবং নারী ৪১ শতাংশ। দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০৫ জন।
আগামীকাল জাতীয় মৎস্য সপ্তাদের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

আগামীকাল জাতীয় মৎস্য সপ্তাদের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ থেকে ২৪ আগস্ট দেশব্যাপী উদ্যাপিত হবে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মৎস্য সপ্তাহ পালন করা হবে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এতে সভাপতিত্ব করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। উদ্বোধন অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৬ জন ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক ২০২৫ প্রদান করা হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জের পদক বিতরণ করা হবে। সারা দেশে সপ্তাহব্যাপী র্যালি, সেমিনার, প্রযুক্তি প্রদর্শন, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মতবিনিময় সভা, সমাপনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে থাকছে ১৮ আগস্ট বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর আনু্ষ্ঠানিক শুভ উদ্বোধন ও মৎস্য পদক বিতরণ অনুষ্ঠান। ১৯ আগস্ট সকাল সাড়ে ৮টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে সড়ক র্যালি, সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রযুক্তি প্রদর্শন ও ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা। ২০ আগস্ট সকাল ১০টায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এ মৎস্য অভয়াশ্রমের গুরুত্ব ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক সেমিনার। ২১ আগস্ট সকাল ১০টায় কারওয়ান বাজার মৎস্য আড়তে মৎস্য বিষয়ক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। ২২ আগস্ট সকাল ১০টায় চট্টগ্রামে মৎস্য ও মৎস্যপন্য রপ্তানি বৃদ্ধিতে সম্ভাবনা ও করণীয় শীর্ষক আলোচনা সভা। ২৩ আগস্ট সকাল ১০টায় মৎস্যভবনে মৎস্যজীবী, মৎস্যচাষী, জেলে এবং আড়ৎদারদের সাথে মতবিনিময় সভা ও ভ্রাম্যমাণ প্রচার প্রচারণা। ২৪ আগস্ট বিকেল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর সমাপ্তি হবে। জেলা ও উপজেলা পর্যায়ের কর্মসূচি হিসেবে থাকছে: প্রতিটি জেলা ও উপজেলায় র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, সফল মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার প্রদান, পোনা অবমুক্তকরণ, মতবিনিময় সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, নিরাপদ মাছ চাষ ক্যাম্পেইন, তরুণদের অংশগ্রহণে কর্মশালা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মৎস্যজীবীদের নিয়ে ক্রীড়া আয়োজনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। সপ্তাহের শেষ দিনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর সমাপ্তি হবে। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ সফলভাবে উদ্যাপনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল সংগঠন, মৎস্যজীবী, উদ্যোক্তা ও জনগণের সহযোগিতা কামনা করছে। ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণে ২২ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানসহ সকল কর্মসূচি স্থগিত করা হয়। এ ঘটনায় নিহতদের প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেছে।