শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কিছু গণমাধ্যমকে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এই সতর্কবার্তা জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, এই ধরনের কার্যকলাপ সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর আওতায় গুরুতর লঙ্ঘন। শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজ সরকারের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ফৌজদারি অপরাধে দ-িত এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার অডিও প্রচার করা আইনত নিষিদ্ধ। এর আগে, গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক এই স্বৈরাচারের ঘৃণামূলক বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেছিল।

২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসেব চেয়েছে ইসি

২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসেব চেয়েছে ইসি আগামী ২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসেব দিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে মাঠ কার্যালয়ের গোডাউন খালি করতেও বলা হয়েছে। ইসি সচিব আখতার আহমেদ ইতোমধ্যে নির্দেশনাটি সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, ব্যবহার উপযোগী ব্যালট বাক্সের হালনাগাদ হিসেব আগামী ২৫ আগস্টের মধ্যে নির্বাচন পরিচালনা-১ অধিশাখায় প্রেরণ করতে হবে। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের মালামাল সুষ্ঠুভাবে সংরক্ষণের জন্য গোডাউনে পর্যাপ্ত জায়গা খালি রাখতে মালামাল স্থানান্তরের জন্য প্রয়োজনীয় বরাদ্দের চাহিদাও পাঠাতে বলেছে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেনাকাটা শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে সব উপকরণ কেনা শেষ করতে চায় কমিশন।

লিবিয়া থেকে দেশে ফিরতে আগ্রহীদের জন্য নতুন নির্দেশনা 

লিবিয়া থেকে দেশে ফিরতে আগ্রহীদের জন্য নতুন নির্দেশনা লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, দেশটি থেকে বাংলাদেশিদের স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে গতকাল ১৭৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। ফের নতুন করে লিবিয়ায় আটক থাকা বাংলাদেশিদের দেশে ফেরার জন্য কাজ শুরু করেছে দূতাবাস। গতকাল দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে ফিরতে আবেদনকারী অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে দূতাবাস লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় ও যোগাযোগ রক্ষা করছে। এই ধারাবাহিক প্রচেষ্টার ফলে ত্রিপলী, মিসরাতা ও বেনগাজি থেকে তালিকাভুক্ত আবেদনকারীদের ধাপে ধাপে নিরাপদে দেশে ফেরত পাঠানো সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। এ প্রেক্ষিতে, ত্রিপলী থেকে নিবন্ধিত আবেদনকারীদের পাসপোর্ট/আউটপাস ২৪ থেকে ২৬ আগস্টের মধ্যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী দূতাবাসে জমা নেওয়া হবে। পরবর্তীতে দূতাবাস লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাদের বহির্গমন ভিসা (খুরুজ নিহায়ী) শেষ করবে এবং প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় সকল যোগাযোগ অব্যাহত রাখবে।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ঢাকা আসছেন আগামীকাল 

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ঢাকা আসছেন আগামীকাল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ২ দিনের সফরে ঢাকা আসছেন আগামীকাল। আগামীকাল দুপুরে বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এ সময় তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম ও পূর্ব) ড. নজরুল ইসলাম। অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও নাগরিক সমাজের কয়েকজন সদস্যের সঙ্গে আলাদা বৈঠক করবেন তিনি। পরদিন সকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইসহাক দার এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আলোচনায় দুই দেশের মধ্যে ৬-৭টি চুক্তি ও সমঝোতা সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের গেজেট প্রকাশ

জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের গেজেট প্রকাশ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ-২০২৫ এর বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গেজেট অনুযায়ী, স্বীকৃত শহীদ পরিবারের সদস্যরা এককালীন ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন। এছাড়া, আহতদের তিন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে অতি গুরুতর আহতরা এককালীন ৫ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা। গুরুতর আহতরা এককালীন ৩ লাখ টাকা ও মাসিক ১৫ হাজার টাকা এব    ং আহতরা এককালীন ১ লাখ টাকা ও মাসিক ১০ হাজার টাকা পাবেন। এতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন কার্যক্রম তদারকির জন্য কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হবে। কেন্দ্রীয় কমিটির সভাপতি হবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বা উপদেষ্টা। জেলা কমিটির সভাপতি হবেন জেলা প্রশাসক এবং উপজেলা কমিটির সভাপতি হবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। উল্লেখ্য, সরকার গত ১৭ জুন ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ জারি করে। এতে গণঅভ্যুত্থানে নিহতদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

এনবিআরকে দুই ভাগ: অধ্যাদেশের সংশোধনী উপদেষ্টা পরিষদে পাস 

এনবিআরকে দুই ভাগ: অধ্যাদেশের সংশোধনী উপদেষ্টা পরিষদে পাস  জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুই ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনী উপদেষ্টা পরিষদে পাস হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, এনবিআরের দুটি নতুন ইউনিটের প্রধান বাছাই করা হবে যোগ্যতা, অভিজ্ঞতা ও ন্যায্যতার ভিত্তিতে। প্রয়োজন হলে যেকোনো ক্যাডার থেকেই নিয়োগ দেওয়া হবে। এটি আজকের বৈঠকে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। লিখিত বক্তব্যে প্রেস সচিব আরও জানান, সরকারের রাজস্ব আহরণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব আহরণ ব্যবস্থাপনাকে আলাদা করতে চলতি বছরের ১২ মে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থা অধ্যাদেশ ২০২৫’ জারি করা হয়। অধ্যাদেশ জারির পর এর কয়েকটি ধারা নিয়ে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা হয়। ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল করতে গত ২৯ জুন উপদেষ্টা পরিষদ একটি  কমিটি গঠন করে। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ, এনবিআর সদস্য, বিসিএস ট্যাক্সেশন ও কাস্টমস ক্যাডার প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং সংস্কারুসংক্রান্ত পরামর্শ কমিটির সদস্যরা অন্তর্ভুক্ত ছিলেন। উপদেষ্টা পরিষদ গঠিত কমিটি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, বিসিএস ট্যাক্সেশন, এক্সাইজ এন্ড ভ্যাট ও শুল্ক ক্যাডার অ্যাসোসিয়েশন, জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার সংক্রান্ত পরামর্শ কমিটির সদস্য এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং মাঠ কয়েকটি আয়কর কাস্টমস ও ভ্যাট অফিস পরিদর্শন করেন। মতবিনিময় শেষে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫ এর কতিপয়ধারা সংশোধন ও সংযোজনের বিষয়ে উপদেষ্টা পরিষদ কমিটি কর্তৃক সুপারিশ করা হয়। প্রাপ্ত সুপারিশ সমূহ বিবেচনায় নিয়ে অর্থ উপদেষ্টার নির্দেশের আলোকে অধ্যাদেশ সংশোধনীর চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহরকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণা

জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণা জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় গণহত্যার বিচারের দাবি এবং জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে  আগামী তিন মাসের মধ্যে এটিকে ‘জুলাই রেভুলেশন-২০২৪’ হিসেবে গেজেট নোটিফিকেশন জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করে। আইনজীবী মো. তানভীর আহমেদ জানিয়েছেন, আদালত জানতে চেয়েছেন, কেন জুলাই–আগস্ট গণ-অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা করা হবে না। এ ছাড়াও ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা ও জ্ঞান আহরণের জন্য প্রতিবেদনটি কেন সংরক্ষণ করা হবে না—তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে। মূলত, এই রুলের ওপর রায় ঘোষণার নির্ধারিত দিন ছিল ৩ আগস্ট। তবে রাষ্ট্রপক্ষের সময় চাওয়ায় আজ আদালত রায় দেন। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ গত বছরের ১৩ আগস্ট হাইকোর্টে রিট করেন। রিটে ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখা এবং জুলাই–আগস্ট গণহত্যায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনার দাবি জানানো হয়।  প্রাথমিক শুনানি শেষে গত ১৫ আগস্ট হাইকোর্ট রুল দেন, যেখানে জানতে চাওয়া হয়, কেন দেশের নিরীহ মানুষ হত্যার ঘটনায় দায়ীদের বিচারের জন্য নির্দেশ দেওয়া হবে না। উল্লেখ্য, ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করেছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান দল। প্রতিবেদনে গুরুতর আহত ও অনেক বিক্ষোভকারীর সঙ্গে কথা বলা হয়েছে। প্রতিবেদনটি গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয় এবং চলতি মাসে রিট আবেদনকারীর সম্পূরক আবেদনে যুক্ত করা হয়েছে।

সারাদেশে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

সারাদেশে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৫ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩১১ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৮২ জন। ডেঙ্গুতে মারা যাওয়া ৫ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন এবং রাজশাহী বিভাগে মারা গেছে ২ জন।

আজ পবিত্র আখেরি চাহার শোম্বা

আজ পবিত্র আখেরি চাহার শোম্বা আজ পবিত্র আখেরি চাহার শোম্বা। হিজরি সনের সফর মাসের শেষ বুধবারটি মুসলিম বিশ্বে স্মরণ করা হয় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রোগমুক্তির দিন হিসেবে। ‘আখেরি চাহার শোম্বা’ ফারসি শব্দগুচ্ছ, যার অর্থ- শেষ বুধবার। নবুয়তের ২৩তম বছর তথা ১১ হিজরির সফর মাসে দীর্ঘদিনের অসুস্থতার পর ঠিক এই দিনেই কিছুটা সুস্থতা লাভ করেছিলেন মহানবী (সা.)। তিনি শেষবারের মতো গোসল করে মসজিদে গিয়ে নামাজের ইমামতিও করেন। এ সময় তাঁর সুস্থতার খবরে সাহাবিরা খুশি হয়ে দান-সদকা করেন, পশু কোরবানি দেন এবং দাস মুক্ত করেন। তাদের এই আদর্শ অনুসরণে মুসলমানরা প্রতিবছর এ দিনটিতে দোয়া, ইবাদত-বন্দেগি, দান ও সদকার মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন। যদিও ইসলামী শরিয়তে এ দিনকে ঘিরে কোনো নির্দিষ্ট ইবাদতের বিধান নেই, তবু দিনটির ইতিহাস ও তাৎপর্য স্মরণে অনেকেই নেক আমলে অংশ নেন। আখেরি চাহার শোম্বা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বিশেষ কর্মসূচির আয়োজন করেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দিনব্যাপী দোয়া-মাহফিল, কোরআন খতম ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশেও দিনটি বিভিন্নভাবে স্মরণ করা হয়, বিশেষত দোয়া ও ইবাদতের মধ্য দিয়ে। দিনটির মূল শিক্ষা রোগমুক্তির জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, নেক আমলের প্রতি আগ্রহ এবং নবীজির (সা.) জীবন থেকে শিক্ষা গ্রহণ।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৫৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৫৬ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। একই সময়ে সারাদেশে ৩৫৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চার জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাত জন রয়েছেন। ২৪ ঘণ্টায় কোন ৩৩৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ২৬ হাজার ৬৪ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৪৭১ জন। এর মধ্যে ৫৯ দশমিক এক শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক নয় শতাংশ নারী রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ১০৫ জনের মৃত্যু হয়। মৃত একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।