মার্কিন দূতের সঙ্গে বৈঠকে সিইসি, নিরাপত্তা জোরদার

মার্কিন দূতের সঙ্গে বৈঠকে সিইসি, নিরাপত্তা জোরদার মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। আজ দুপুর সোয়া দুইটার পরপর নির্বাচন ভবনের নিজ দপ্তরে সিইসি এ বৈঠকে বসেন। মার্কিন দূতের আগমনের উপলক্ষে যোহরের সময় থেকেই নির্বাচন ভবনে বাড়তি নিরাপত্তা জোরদার করে ইসি। মূল ফটকে বাইরে ব্যারিকেড বসানো হয়, বাড়ানো হয় তল্লাশিও। এছাড়া, ইসি সচিব আখতার আহমেদ নিজে নিচতলায় প্রবেশপথে দূত ট্রেসি অ্যান জ্যাকবসনকে অভ্যর্থনা জানান। তার নেতৃত্বে কর্মকর্তাদের একটি দল মার্কিন প্রতিনিধি দলকে উপরে সিইসির দপ্তরে নিয়ে আসেন। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এটাই ইসির সঙ্গে মার্কিন দূতাবাসের প্রথম বৈঠক।

ভিসা জালিয়াতিতে জড়িতদের আজীবন নিষিদ্ধ করবে যুক্তরাষ্ট্র

ভিসা জালিয়াতিতে জড়িতদের আজীবন নিষিদ্ধ করবে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা জালিয়াতিতে জড়িতদের আজীবনের জন্য সেদেশে প্রবেশ নিষিদ্ধ করা হবে। আজ ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়। এতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ ও অবৈধ অভিবাসন বন্ধ করবে। যারা ভিসা জালিয়াতিতে জড়িত, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে। একটি দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে, তাহলে সেটি আর জাতি হিসেবে টিকে থাকতে পারে না। যারা ভিসা জালিয়াতিতে অংশ নেয় বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনে ও আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে।

আগামীকাল ৭ রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আগামীকাল ৭ রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নির্বাচন, ঐকমত্য ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এরই ধারাবাহিকতায় আগামীকাল ৭ টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আগামীকাল বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে বলে সরকারপ্রধানের দপ্তর থেকে জানানো হয়েছে। এতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলেও জানানো হয়। এর আগে গতকাল রবিবার প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন। ধারাবাহিক এ সংলাপকে আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বৈঠক শেষে গতকাল রাতে বিফ্রিংয়ে এসে প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে তার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, নির্বাচন সেই সময়ের মধ্যে হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারো তার প্রতিশ্রুতি জানিয়েছেন।”

ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। এ সময় ৫৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৪৭৬ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ৮৬৮ জন। মারা গেছেন ১২২ জন।

পলিথিন পেলেই জব্দ হবে: হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টার

পলিথিন পেলেই জব্দ হবে: হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টার কারও কাছে পলিথিন পাওয়া গেলে তা জব্দ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ রাজধানীর কারওয়ান বাজারে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, একবার ব্যবহারযোগ্য পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধের বিষয়টি এখন থেকে নিয়মিত বাজার পরিদর্শনের মাধ্যমে কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, মাছ, মাংস কিংবা শাকসবজি-সবই পাটের ব্যাগে বহন করা সম্ভব। প্রায় সব সাইজের পাটের ব্যাগ সরকার ভর্তুকি দিয়ে কম দামে দিচ্ছে, শুধু বড় ব্যাগ ছাড়া। একটি ব্যাগ একবার কিনলে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত ব্যবহার করা সম্ভব। এতে পরিবেশ রক্ষা পাবে, ভবিষ্যৎ প্রজন্মও সুরক্ষিত থাকবে।

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন। আজ প্রকাশিত নির্বাচন কমিশনের ২০২৫ সালের সম্পূরক ভোটার তালিকায় এই তথ্য জানানো হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।

ভূমিসেবায় স্বচ্ছতা ও জনবান্ধব পরিবেশ অপরিহার্য

ভূমিসেবায় স্বচ্ছতা ও জনবান্ধব পরিবেশ অপরিহার্য ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, ভূমিসেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য। দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা প্রদানের মাধ্যমে নাগরিকদের সন্তুষ্টি বিধান করাই ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব। আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘সুশাসন ও নৈতিকতা সম্পর্কিত ধারণা এবং মূল্যবোধ শিক্ষার সাথে সুশাসনের সম্পর্ক’ বিষয়ক কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে তিনি এসব কথা জানান।

২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ২৯০

২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ২৯০ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৬৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫২২ জন। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৬৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় ৫২২ জনসহ মোট গ্রেপ্তার হয়েছেন এক হাজার ২৯০ জন। পুলিশের এ বিশেষ অভিযানে ওয়ান শুটারগান ৪টি, দুই নলা বন্দুক একটি, একনলা বন্দুক একটি, এলজি ৭টি, একনলা শটগান একটি, এয়ারগান একটি, পিস্তল ৪টি, কার্তুজ ১৯ রাউন্ড, খোসা ৩৫টি, লোহার চাপাতি একটি, ছুরি ৬টি, রামদা ৬টি ও সুইচ গিয়ার চাকু একটি উদ্ধার করা হয়।

প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবি, ২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশন

প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবি, ২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশন বেতন-ভাতা বৃদ্ধি ও পদোন্নতিসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশ থেকে সরকারকে আলটিমেটাম দিয়েছেন প্রাথমিকের শিক্ষকরা। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে দাবি না মেনে নিলে পরদিন ২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি করবেন সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ বিকেল ৪টার দিকে শহীদ মিনারে আয়োজিত মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের মোর্চা ‘সহকরী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এ মহাসমাবেশ আয়োজন করে। শিক্ষকদের দাবিগুলো হলো—প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে এন্ট্রি পদ সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা দেওয়া, শতভাগ শিক্ষককে পদোন্নতি এবং ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের দাবি মেনে না নিলে ২৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সহকারী শিক্ষক ঐক্য সংগঠন আমরণ অনশন শুরু করবে।

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৬৭ রোগী

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৬৭ রোগী গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৯৬ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০৮ জন এবং চট্টগ্রাম বিভগে ৭৯ জন, বরিশাল বিভাগে ৫৪ জন, রংপুর বিভাগে ২৭ ও ময়মনসিংহ ৩ জন। এডিস মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১১৮ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৬৭ জন পুরুষ ও ৫১ জন নারী। আর এ বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৩০ হাজার ৯০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।