ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা তৈরির কাজ শুরু

ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা তৈরির কাজ শুরু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরির কাজ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। মাঠপর্যায়ের কর্মকর্তাদের ৩০ অক্টোবরের মধ্যে তথ্য সংগ্রহ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে সংস্থাটি। আজ ইসির উপ-সচিব মনির হোসেনের স্বাক্ষরে জারি করা চিঠি দেশের সব জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পৌঁছেছে। চিঠিতে বলা হয়েছে, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের জন্য প্রয়োজনীয় প্যানেল তৈরি করতে হবে। এজন্য সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর শ্রেণিভিত্তিক তালিকা সংগ্রহ করতে হবে। ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।
দেশে ৩ টাকা কমলো এলপি গ্যাসের দাম

দেশে ৩ টাকা কমলো এলপি গ্যাসের দাম ভোক্তা পর্যায়ে আরেক দফা কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, এর আগে গত ৩ আগস্ট সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় আগস্ট মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। একইসঙ্গে অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। চলতি মাসে ভোক্তা পর্যায়ে ১৩ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
৩ মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের নির্দেশ

৩ মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের নির্দেশ অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাসংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ রায় দেওয়া হয়। এছাড়া আগামী ৩ মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠন করার নির্দেশ দেয়া হয়েছে। হাইকোর্টের রায়ে বলা হয়, অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও বদলিসহ সকল দায়িত্ব সুপ্রিমকোর্টের হাতে ন্যস্ত থাকবে। এছাড়া ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের নির্দেশ দেওয়ায় হয় হাইকোর্টের আদেশে। মামলার নথি থেকে জানা যায়, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ এবং ২০১৭ সালের জুডিশিয়াল সার্ভিস বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করে এবং বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে গত বছরের ২৫ আগস্ট সুপ্রিম কোর্টের সাত আইনজীবী রিট করেন।
শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থার সমাধান হবে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থার সমাধান হবে: শিক্ষা উপদেষ্টা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অচলাবস্থা চলছে শিগগিরই সেই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনাকাক্সিক্ষত ঘটনার ফলে শিক্ষা ব্যাহত হচ্ছে। তবে সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান হবে। চলমান সমস্যাগুলো দ্রুততম সময়ে সমাধান করা হবে এবং এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান উপদেষ্টা।
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আগামীকাল

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আগামীকাল সেপ্টেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আগামীকাল। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে। আজ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই দিন বিকেল ৩টায় এক মাসের জন্য নতুন দাম ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকোর ঘোষিত সেপ্টেম্বর মাসের সিপি মূল্য অনুযায়ী, দেশের বাজারে ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতে ব্যবহৃত এলপিজির মূল্য সমন্বয় করা হবে। এর আগে, সর্বশেষ গত ৩ আগস্ট এলপি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। একই দিনে ঘোষণা আসবে অটোগ্যাসের নতুন দামেরও। ৩ আগস্ট সর্বশেষ সমন্বয়ের সময় অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে প্রতিলিটার ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল (মূসকসহ)।
ডেঙ্গুতে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ৫৫২

ডেঙ্গুতে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ৫৫২ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৫৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এটি একদিনে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। তবে স্বস্তির বিষয়—এই সময়ে কোনো মৃত্যু ঘটেনি। সোমবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ২৮ জন, আর মৃত্যুর সংখ্যা ১২২। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৪ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রোগী ভর্তি রয়েছেন। এর আগের দিন, রোববার ৫৬৮ জন আক্রান্ত এবং ৪ জনের মৃত্যু হয়েছিল, যা ছিল চলতি বছরের একদিনে সর্বোচ্চ আক্রান্তের দিন।
আগস্টে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার

আগস্টে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার সদ্য বিদায়ী আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্স। আজ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত আগস্টে দেশে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২২২ কোটি ৪০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৮ দশমিক ৯০ শতাংশ। এছাড়া গত ৩১ আগস্ট এক দিনে প্রবাসীরা দেশে ১৯ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে আগস্ট পর্যন্ত দেশে এসেছে ৪৯০ কোটি ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৮ দশমিক ৪০ শতাংশ। উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
জাতীয় সংসদ নির্বাচনে কমছে ভোট কক্ষের সংখ্যা

জাতীয় সংসদ নির্বাচনে কমছে ভোট কক্ষের সংখ্যা জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের নীতিমালা সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটকক্ষের সংখ্যা কমছে। আজ ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহের সই করা সংশোধিত নীতিমালা থেকে এই তথ্য জানা গেছে। সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, পূর্বের নিয়ম অনুযায়ী ৩ হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র এবং ৫০০ জন পুরুষ ভোটার ও ৪০০ জন নারী ভোটারের জন্য একটি কক্ষ নির্ধারণের বিধান ছিল। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ এ নিয়ে সাংবাদিকদের বলেছেন, নতুন সংশোধনী অনুযায়ী, সাধারণভাবে তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র এবং ৬০০ জন পুরুষ ভোটার ও ৫০০ জন নারী ভোটারের জন্য একটি ভোটকক্ষ নির্ধারণ করতে হবে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ এ নিয়ে সাংবাদিকদের বলেছেন, প্রতিটি ভোটকেন্দ্রে বুথের সংখ্যা পুনর্নির্ধারণ করার মাধ্যমে ইতোমধ্যে প্রায় ৪৯ হাজার বুথ কমানো সম্ভব হচ্ছে। সঙ্গে সঙ্গে প্রায় দেড় লক্ষ নির্বাচন কর্মকর্তার প্রয়োজনও কমছে। শুধু একটি সিদ্ধান্তের মাধ্যমে এত বড় অঙ্কের ব্যয় সাশ্রয় হচ্ছে। ভবিষ্যতেও প্রতিটি ধাপে এই মিতব্যয়িতা নিশ্চিত করতে হবে।
হাইকোর্টের আদেশ স্থগিত, এই মুহূর্তে ডাকসু নির্বাচন পরিচালনায় বাধা নেই

হাইকোর্টের আদেশ স্থগিত, এই মুহূর্তে ডাকসু নির্বাচন পরিচালনায় বাধা নেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রক্রিয়া স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিভিল মিসলিনিয়াস পিটিশন-সিএমপি (হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন) দাখিল করা পর্যন্ত এ স্থগিতাদেশ দিয়েছেন চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির জানান, একটি রিট করে রুল নেওয়া হয়েছে এবং নির্বাচন স্থগিত করা হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা এ বিষয়ের গুরুত্ব বিবেচনা করে চেম্বার জজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করি। এ আবেদন নিয়ে চেম্বার জজ হাইকোর্ট বিভাগের আদেশ সিএমপি ফাইল বা শুনানির আগ পযন্ত স্থগিতাদেশ দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বাধা থাকল না। প্রচারণাও চালানো যাবে। আগামীকাল সকালে অফিস খুললেই সিএমপি দায়ের করব। আশা করি আগামীকাল শুনানি হবে। এর আগে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ নির্বাচন প্রক্রিয়া ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে রুলসহ আদেশ দেন। আদেশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির জানান, অনেক প্রস্তুতি শেষ হয়ে গেছে। ২৬ তারিখে ফাইনাল প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। তারপর পাঁচ দিন চলে গেছে। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন প্রক্রিয়া যদি স্থগিত থাকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, তাহলে ছাত্রদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হতে পারে। ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ৪৭১। গত ২৬ আগস্ট প্রকাশিত চূড়ান্ত চূড়ান্ত তালিকা অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সদস্য পদে। এবার মোট ২১৭ জন প্রার্থী সদস্য পদে লড়বেন। সবমিলিয়ে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ৪৭১ জন প্রার্থী।
ডাকসু নির্বাচন স্থগিত

ডাকসু নির্বাচন স্থগিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত ঘোষণা করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এ নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।