নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের প্রশিক্ষণ শুরু আগামীকাল

নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের প্রশিক্ষণ শুরু আগামীকাল আসন্ন সংসদ নির্বাচনের পেশাদারীত্বের সঙ্গে দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে আগামীকাল বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে সকালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে এই কর্মসূচির আওতায় দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে।

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৬৪

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৬৪ গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৩৬৪ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয় চলতি বছরে এখন পর্যন্ত ১৩২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৭২ জন পুরুষ ও ৬০ জন নারী। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৩ হাজার ৮৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 পুলিশের অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১ হাজার ৮৬৬

পুলিশের অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১ হাজার ৮৬৬ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৮৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৩২০ জন। এছাড়া অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলাকালে ১টি বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চলমান থাকবে।

ঢাকার বায়ুমান আজ সহনীয়

ঢাকার বায়ুমান আজ সহনীয় ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছে। বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, আজ বেলা ১১টার রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৭৪, যা সহনীয় বাতাসের নির্দেশক। আজ দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৪তম। বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা। শহরটির বায়ুমান ১৩৩, যা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো যথাক্রমে উগান্ডার কাম্পালা, ইন্দোনেশিয়ার জাকার্তা, কাতারের দোহা এবং উজবেকিস্তানের তাসখন্দ। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১২৯, ১২২, ১১৬ ও ১১০।  

ঈদ-ই-মিলাদুন্নবী শান্তিপূর্ণ উদযাপনে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা

ঈদ-ই-মিলাদুন্নবী শান্তিপূর্ণ উদযাপনে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে সরকার সারাদেশে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আগামীকাল দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীর মত প্রধান শহরগুলিতে সুষ্ঠু ও নিরাপদে জামাত ও শোভাযাত্রা নিশ্চিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। বিশেষত বৃহৎ মসজিদ ও ধর্মীয় স্থানে, যেখানে বড় সমাবেশের সম্ভাবনা রয়েছে সেখানে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে কার্যকর জনসমাগম ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। এদিকে, মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ আজকের এ দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় এবং কল্যাণ নিশ্চিত করতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক বাণীতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

নির্বাচন উপলক্ষে ‘বিশেষ প্রশিক্ষণ’ পাবে দেড় লাখ পুলিশ

নির্বাচন উপলক্ষে ‘বিশেষ প্রশিক্ষণ’ পাবে দেড় লাখ পুলিশ আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। আজ সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে আমরা দেড় লাখ বা তারও বেশি পুলিশ সদস্যকে প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণ দেয়া হবে। পুলিশ সদর দপ্তরের মানবসম্পদ (এইচআর) উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়া উদ্দিন আশা করেছেন, আসন্ন নির্বাচন দেশের ইতিহাসে ‘মাইলফলক’ হয়ে থাকবে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও অতিরিক্ত আইজিপি (এইচআর)-এর নেতৃত্বে তৈরি প্রশিক্ষণ কোর্সটি ‘দারুণ’ বলে মন্তব্য করেন তিনি।

দুর্যোগ কবলিত আফগানিস্তানে জরুরি ত্রাণ পাঠাল বাংলাদেশ

দুর্যোগ কবলিত আফগানিস্তানে জরুরি ত্রাণ পাঠাল বাংলাদেশ ভূমিকম্পের ফলে দুর্যোগ কবলিত আফগানিস্তানের জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা পাঠানো হয়েছে। আজ সকালে বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে এ ত্রাণ পাঠানো হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীত বস্ত্র, তাঁবু, খাবার পানি ও ওষুধ। আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ আগস্ট স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ২ হাজার ২০৫ জন নিহত, ৩ হাজার ৬৪০ জন আহত ও ৮ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বন্ধুপ্রতিম দেশের এই দুর্যোগে বাংলাদেশ গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন আরো ৩০ বাংলাদেশি

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন আরো ৩০ বাংলাদেশি উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে গিয়ে দেশে ফেরত আসতে হচ্ছে বাংলাদেশিদের। অবৈধভাবে অবস্থানের অভিযোগে দেশটি থেকে এ দফায় ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। গতকাল গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী ফ্লাইট অবতরণ করে। ফেরত আসা অভিবাসীদের মধ্যে ২৯ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। দেশে ফেরত আসাদের কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসনবিরোধী অভিযান আরো জোরদার হওয়ার পর থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। এর আগে ৩ ধাপে ১৮৭ জন বাংলাদেশি ফিরেছেন বলে জানা গেছে।

সারাদেশে ডেঙ্গুতে ৩ জনের মৃ*ত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৩

সারাদেশে ডেঙ্গুতে ৩ জনের মৃ*ত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৩ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় সারাদেশে ৩৬৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৪০১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের এ যাবত ৩১ হাজার ৬৩১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৩০৯ জন। এর মধ্যে ৫৯ দশমিক আট শতাংশ পুরুষ ও ৪০ দশমিক দুই শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে ১৩০ জনের মৃত্যু হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

মানবতাবিরোধী মামলায় চার্জশিট হওয়া ব্যক্তি নির্বাচন করতে পারবে না

মানবতাবিরোধী মামলায় চার্জশিট হওয়া ব্যক্তি নির্বাচন করতে পারবে না মানবতাবিরোধী মামলায় চার্জশিট গঠন হওয়া কোনো ব্যক্তি নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, এমনকি তারা সরকারি কোনো পদেও থাকতে পারবে না। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে এসব কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, আরেকটা বড় ডিসিশন ছিল, আইসিটি মামলায় যারা মানবতা বিরোধী অভিযুক্ত হবেন তারা আর কোনো ইলেকশন করতে পারবেন না। অধ্যাদেশটির মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৯৭ এ নতুন সেকশন ২০সি যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের মানে আইসিটি লয়ের সেকশন ৯১ এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফরমাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠা সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠ হওয়ার অধিষ্ঠিত হওয়ার অযোগ্য হবে।