২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশ

২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশ আগামী ২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনসমূহ এ কর্মসূচির আওতার বাইরে থাকবে। গতকাল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী, ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এই ব্ল্যাক-আউট পালন করা হবে।
২৬ মার্চ প্যারেড স্কয়ারে হবে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট

২৬ মার্চ প্যারেড স্কয়ারে হবে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে আগামী ২৬ মার্চ সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যারেড স্কয়ারের কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্যারেড স্কয়ারে প্রবেশ করতে হবে ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর ফটক দিয়ে।
বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট বাহরাইনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আজ মানামায় বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। দূতাবাসের বার্তায় বলা হয়, বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে গালফ এয়ারের মাধ্যমে বাহরাইন থেকে বাংলাদেশে যাওয়া এবং বাংলাদেশ থেকে বাহরাইনে আসার জন্য দুটি বিশেষ রিটার্ন ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। প্রথম ফ্লাইটটি আগামী ২৭ মার্চ বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা যাবে এবং একই দিনে ঢাকা থেকে দাম্মামে ফিরে আসবে। পরবর্তী ফ্লাইটটি আগামী ৩ এপ্রিল বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা যাবে এবং একই দিনে ঢাকা থেকে দাম্মামে ফিরে আসবে। এতে আরও বলা হয়, বিশেষ রিটার্ন ফ্লাইট দুটির মাধ্যমে যারা বাংলাদেশে যেতে আগ্রহী এবং বাংলাদেশ থেকে বাহরাইনে আসতে ইচ্ছুক, তাদের গুগল ফর্মে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ফ্লাইটের যাত্রীসংখ্যা পূর্ণ হওয়ার পর পরবর্তী নির্দেশনা প্রদান করা হবে।
বিদ্যুৎ সাশ্রয়ী হতে কর্মকর্তাদের যেসব নির্দেশ দিল ইসি

বিদ্যুৎ সাশ্রয়ী হতে কর্মকর্তাদের যেসব নির্দেশ দিল ইসি জ্বালানি সংকট মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ ইসি কর্মকর্তারা জানান, মাসিক সমন্বয় সভায় ইসি সচিব আখতার আহমেদ সচিবালয় ও মাঠপর্যায়ের সব কর্মকর্তাকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিসে ব্যবহৃত এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখতে হবে। পাশাপাশি জ্বালানি তেল সাশ্রয়ে প্রয়োজন ছাড়া সরকারি গাড়ির ব্যবহার পরিহার করতে বলা হয়েছে। সরকারের সাম্প্রতিক জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় উদ্যোগের অংশ হিসেবেই ইসি এ নির্দেশনা জারি করেছে।
২৫-২৬ মার্চ আলোকসজ্জা না করার সিদ্ধান্ত সরকারের

২৫-২৬ মার্চ আলোকসজ্জা না করার সিদ্ধান্ত সরকারের দেশে জ্বালানি সংকট এড়াতে ও সরকারি ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে এবারের স্বাধীনতা দিবসে সারা দেশে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ রাতে গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো আলোকসজ্জা করা যাবে না। এ ছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেও দেশব্যাপী আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত ৮ মার্চ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রবিবার

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রবিবার পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের উপলক্ষে টানা এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের প্রাথমিক থেকে শুরু করে উচ্চমাধ্যমিকের সব প্রতিষ্ঠান। প্রায় ৪০ দিনের লম্বা এই ছুটি শেষ হচ্ছে আগামী ২৬ মার্চ (বৃহস্পতিবার)। তবে পরপর দুইদিন শুক্রবার (২৭ মার্চ) ও শনিবার (২৮ মার্চ) সাপ্তাহিক ছুটি থাকায় শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে আগামী রবিবার (২৯ মার্চ) থেকে। সংশোধিত বার্ষিক ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে। সংশোধিত ছুটির তালিকায় পবিত্র রমজান ও ঈদের ছুটি শুরু হয় গত ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে এবং সেখানে আগামী ২৬ মার্চ পর্যন্ত বন্ধ রাখার কথা বলা হয়। এদিকে, গত ৮ মার্চ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ফলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ঈদের ছুটি এগিয়ে এনে পরদিন সোমবার (৯ মার্চ) থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। ঈদের ছুটি শেষে আগামী রবিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। গত ৯ মার্চ এক বিজ্ঞপ্তিতে ঢাবি প্রশাসন বলেছিল, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সোমবার (৯ মার্চ) থেকে ২৮ মার্চ (শনিবার) ঈদের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর প্রভাবে সিলেটসহ রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
ইরানে বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের, কমলো তেলের দাম

ইরানে বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের, কমলো তেলের দাম ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে। সোমবার (২৩ মার্চ) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ১৩ ডলার বা ১৩ দশমিক ৫ শতাংশ কমে ৮৫ দশমিক ২৮ ডলারে নেমে এসেছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর থেকে প্রণালিটি তারা প্রায় বন্ধ করে দিয়েছে। ফলে যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়েছে। কখনো কখনো তা যুদ্ধের আগের তুলনায় ৫০ শতাংশের বেশি বেড়েছে।
তিন বিভাগে বৃষ্টির আভাস

তিন বিভাগে বৃষ্টির আভাস দেশের তিন বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (২৩ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এতে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। এ ছাড়া ঢাকায় দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ভোর ৬টায় ঢাকায় আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। দ্বিতীয় দিনের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তৃতীয় দিনের পূর্বাভাস অনুযায়ী, বুধবার (২৫ মার্চ) সকাল ৯টা থেকে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৮ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুর ও শ্রীমঙ্গলে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বিশ্ববাজারে ৪ মাসের মধ্যে সোনার দামে সবচেয়ে বড় পতন

বিশ্ববাজারে ৪ মাসের মধ্যে সোনার দামে সবচেয়ে বড় পতন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ইতিমধ্যে বিশ্ববাজারে স্পষ্ট হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় পতন দেখা গেছে। এক দিনেই ২ শতাংশের বেশি কমে এটি প্রায় চার মাসের সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। সংঘাতের বিস্তার, মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ এবং বৈশ্বিক সুদের হার বাড়ার সম্ভাবনাই এই ধসের প্রধান কারণ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (২৩ মার্চ) স্পট গোল্ডের দাম ২ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩৭২ দশমিক ৮৬ ডলারে নেমে এসেছে। টানা নবম দিনের মতো এ ধাতুর দরপতন অব্যাহত রয়েছে। গত সপ্তাহেই স্বর্ণের দাম ১০ শতাংশের বেশি কমেছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে মূল্যস্ফীতির ঝুঁকি বেড়েছে। এর প্রেক্ষাপটে সুদের হার বাড়ানোর সম্ভাবনাও জোরালো হয়েছে। এ পদক্ষেপ সাধারণত সোনার মতো বিনিয়োগকে কম আকর্ষণীয় করে তোলে। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে, এমন কোনো হামলা হলে তারা উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করবে। একই প্রেক্ষাপটে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের ওপরে অবস্থান করছে, যা মূল্যস্ফীতির চাপ আরো বাড়াতে পারে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। বিশেষজ্ঞরা মনে করছেন, সুদের হার বৃদ্ধির সম্ভাবনা এবং চলমান ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলে সোনারবাজারে অস্থিরতা আরো বাড়তে পারে। অন্যদিকে, এই প্রভাব পড়েছে অন্যান্য ধাতুতেও। স্পট রুপার দাম ৩ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ৬১ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ২ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৬ দশমিক ৬৫ ডলার, আর প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৩৯৭ দশমিক ২৫ ডলারে নেমেছে।