এনআইডি সংশোধন: ৪৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ কর্মকর্তাদের

এনআইডি সংশোধন: ৪৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ কর্মকর্তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে ভোগান্তি কমাতে ৪৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব আখতার আহমেদ সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা সকল পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন। এনআইডি পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, এনআইডি সংশোধনের আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে ভোটার হওয়ার জন্য আবেদন ফরমে উল্লেখিত তথ্যকে আদর্শ হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে।চলতি বছর ক্রাশ প্রোগ্রামের আওতায় প্রায় নয় লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি। তবে এখনো প্রায় তিন লাখ আবেদন ঝুলে রয়েছে।
পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক কমান্ডার মো. শোয়েব খান। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শেষে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালুর মাধ্যমে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দ্বার উন্মোচিত হলো।
বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আমিরাতের

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আমিরাতের আগামী বছরের জানুয়ারি মাস থেকে বাংলাদেশসহ মোট ৯টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই ৯ দেশের নাগরিকরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। সংযুক্ত আরব আমিরাতের অভিবাসন বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো—বাংলাদেশ, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো মহামারিকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটি। যদিও এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করেনি আমিরাত সরকার। তবে বর্তমানে এর মধ্যে কিছু দেশ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ও কর্মক্ষেত্রের ভিসার জন্য আবেদন করতে পারে। ২০২৬ সালের জানুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকর হলে এই আবেদনের সুযোগ আর থাকবে না ওই দেশগুলোর নাগরিকদের জন্য, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
২৪ ঘণ্টায় হাসপাতালে ২৪৮ ডেঙ্গু রোগী

২৪ ঘণ্টায় হাসপাতালে ২৪৮ ডেঙ্গু রোগী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৪০ হাজার ৭০৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর তথ্য পায়নি স্বাস্থ্য অধিদপ্তর। তাই চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৬৭ জনেই আছে। র মধ্যে ৮৬ জন পুরুষ ও ৮১ জন নারী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৮৭, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৩ জন, ঢাকা বিভাগে ৫২ জন, বরিশাল বিভাগে ৪৩ জন ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন ভর্তি হয়েছে।
আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তালিকায় ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ করা নতুন ভোটাররাও অন্তর্ভুক্ত থাকবেন। ইসি জানায়, খসড়া ভোটার তালিকা আগামী ১ নভেম্বর প্রকাশ করা হবে। এসময় আপত্তি ও সুপারিশ গ্রহণের পর ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সম্প্রতি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠানো এক চিঠিতে ইসি সচিবালয় উল্লেখ করেছে, খসড়া ভোটার তালিকা নিয়ে আপত্তি, দাবি ও সংশোধনের আবেদন থাকলে তা ১৭ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করা হবে। বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।
দেশের ৮ বিভাগীয় শহরে ৪৭তম বিসিএসের প্রিলি অনুষ্ঠিত

দেশের ৮ বিভাগীয় শহরে ৪৭তম বিসিএসের প্রিলি অনুষ্ঠিত ঢাকাসহ দেশের ৮ বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আজ সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষা শেষ হয় দুপুর ১২টায়। পরীক্ষায় এবার অংশ নিয়েছেন মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ চাকরিপ্রার্থী। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ৪৭তম বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৩ হাজার ৪৮৭টি পদ ক্যাডার এবং ২০১টি পদ নন-ক্যাডার। উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
সাইবার স্পেসে জুয়ার শাস্তি দু’ বছর কারাদন্ড, জরিমানা কোটি টাকা

সাইবার স্পেসে জুয়ার শাস্তি দু’ বছর কারাদন্ড, জরিমানা কোটি টাকা সাইবার স্পেসে জুয়া, জালিয়াতি ও প্রতারণার শাস্তি হবে ২ বছরের কারাদন্ড বা সর্বোচ্চ ১ কোটি টাকা জরিমানা বা উভয় দন্ড করা হয়েছে। আজ সরকারি তথ্যবিবরণীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এতে আরও জানানো হয়েছে, সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এর ২০ ধারা অনুযায়ী এই শাস্তির বিধান রয়েছে।
সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৪৯ জন

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৪৯ জন গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৮৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ২২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৬২৪ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৮৪৯ জনকে। এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে ১টি একনলা বন্দুক, ১ রাউন্ড কার্তুজ, ২টি দেশীয় তৈরি এলজি, ১টি কুড়াল, ১টি লোহার তৈরি মদা ও ১টি কার্তুজের খোসা।
স্কুল-কলেজের সভাপতির পদ নিয়ে নতুন নির্দেশনা

স্কুল-কলেজের সভাপতির পদ নিয়ে নতুন নির্দেশনা বেসরকারি স্কুল-কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সরকারি চাকরিজীবী ছাড়া আর কেউ হতে পারবেন না। নবম গ্রেড এবং এর ওপরের চাকরিতে থাকা বা অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এই দায়িত্ব পালন করবেন। ৩০ নভেম্বরের মধ্যে সব প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ১৮ নভেম্বর সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বাতিল করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানগুলোতে গঠন করা হয় অ্যাডহক কমিটি। এ অবস্থায় আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ১ ডিসেম্বর থেকে সব অ্যাডহক কমিটি বাতিল হয়ে যাবে। এদিকে পরিচালনা পর্ষদের নতুন প্রবিধানমালা করেছে মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, সভাপতি হতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। নবম গ্রেডের নিচে নয় এমন সরকারি কর্মকর্তা, পঞ্চম গ্রেডের নিচে নয়–এমন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সভাপতি হতে পারবেন। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক খন্দোকার এহসানুল কবির বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘বিদ্যমান নিয়মে একটি সংশোধন আনা হয়েছে। সরকারি কর্মকর্তা অথবা চাকরিরত অথবা অবসরে যাওয়া কর্মকর্তার কথা পলিসি লেভেল থেকে ঠিক করা হয়েছে। শুধু সভাপতি পদটির জন্য পরিবর্তন আনা হয়েছে। অন্য পদগুলো আগের মতোই আছে।’
আগামী ১৭ ই ডিসেম্বর থেকে শুরু হবে বইমেলা

আগামী ১৭ ই ডিসেম্বর থেকে শুরু হবে বইমেলা প্রতিবছর ফেব্রুয়ারি মাসে অমর একুশে বইমেলা আয়োজন করা হয়ে থাকে। কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের কারণে এবার ফেব্রুয়ারিতে বইমেলা হচ্ছে না। চলতি বছরের ডিসেম্বরের ১৭ তারিখ থেকে অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হবে বলে জানিয়েছে বাংলা একাডেমী। যা চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত। আজ বইমেলার তারিখ নির্ধারণী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলা একাডেমী। এতে বলা হয়, অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভায় অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচন ও রমজানের কারণে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ আগামী ১৭ই ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ই জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এতে আরও বলা হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এই সভার সভাপতিত্ব করেন। এতে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ একাডেমির সচিব, পরিচালক এবং পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।