বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে আইএমএফের প্রশংসা

বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে আইএমএফের প্রশংসা বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আইএমএফ-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপ-পরিচালক থমাস হেলব্লিং বলেছেন, ‘রিজার্ভের সঞ্চয়কে আইএমএফ-সমর্থিত কর্মসূচির কেন্দ্রীয় লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়, বিশেষ করে যেহেতু দেশটি এখনো পেমেন্ট ভারসাম্যের চাপের সম্মুখীন হচ্ছে। গতকাল শুক্রবার হংকংয়ে আয়োজিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পেমেন্ট ভারসাম্যের দুর্বলতা হ্রাস করতে রিজার্ভ বৃদ্ধির লক্ষ্য গুরুত্বপূর্ণ। তিনি রিজার্ভ সঞ্চয়ে বাংলাদেশ ব্যাংকের এই সাফল্যকে বিশেষভাবে স্বাগত জানান। তিনি আরও জানান, ৫.৫ বিলিয়ন ডলার ঋণের শর্তাবলীর পঞ্চম পর্যালোচনার জন্য আইএমএফের একটি মিশন এ মাসেই বাংলাদেশ সফর করবে। তিনি বলেন, ‘তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে এবং ফলাফল কী হয় তা এখনও দেখার বিষয়। মিশনটি মাঠপর্যায়ে কাজ করবে।’ তবে, এই পদক্ষেপগুলো বাংলাদেশ ব্যাংকের ঘোষিত বিনিময় হার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা- সেটিও আইএমএফ মূল্যায়ন করবে। আইএমএফের হিসাব পদ্ধতি অনুযায়ী, চলতি বছরের ১৬ অক্টোবর বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৭.৩৫ বিলিয়ন ডলার। যা গত বছর ছিল ১৯.৯৩ বিলিয়ন ডলার।
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরো ৬৫৯

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরো ৬৫৯ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরো ৬৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে ৬১ হাজার ৩৯৩ জন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৬৪ হাজার ২৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৫৯ জনের।
ন্যায় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে বলেছেন প্রধান বিচারপতি

ন্যায় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে বলেছেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয়, ন্যায় ব্যর্থ হলে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে। আইন কেবল নিয়মের সমষ্টি নয়, এটি জাতির নৈতিক বিবেকের প্রতিফলন। যখন রাষ্ট্র নাগরিকদের মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়, তাদের কণ্ঠরোধ করে, তখন ন্যায়ের জন্য লড়াই করা নৈতিকভাবে অপরিহার্য। আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আইন বিভাগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান বিচারপতি তার বক্তব্যে মানবাধিকার, ন্যায়বিচার, বিচার বিভাগের স্বাধীনতা এবং প্রযুক্তিনির্ভর আধুনিক বিচারব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ, মধ্য রাত থেকে ইলিশ ধরা শুরু

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ, মধ্য রাত থেকে ইলিশ ধরা শুরু ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হবে আজ রাত ১২টায়।নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে হাজারো জেলে। এর আগে গত ৪ অক্টোবর থেকে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এবার আশ্বিনী পূর্ণিমার আগের ৪ দিন এবং অমাবস্যার পরের ৩ দিনকে অন্তর্ভুক্ত করে মোট ২২ দিন মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান চলে। বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠান এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা, বিশেষ করে মৎস্যজীবীদের মতামত অনুযায়ী এই সময়সীমা নির্ধারণ করা হয়। প্রজনন মৌসুমের পূর্ণিমা ও অমাবস্যা উভয় সময়ই ডিম পাড়ার জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় দুটি পর্যায় অন্তর্ভুক্ত করে সর্বোচ্চ প্রজনন নিশ্চিত করা হয়।
বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ টিম

বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ টিম স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকা-ের ঘটনা তদন্তে ৪টি দেশের বিশেষজ্ঞ টিম আনা হচ্ছে। তারা এসে তদন্ত করে দেখবেন এখানে কোনো অব্যবস্থাপনা ছিল কিনা। আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা করেছে। ফায়ার ব্রিগেডের ইউনিটগুলোও ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আসে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারণ ওই জায়গায় খাদ্যপণ্য বেশি ছিল, কেমিক্যাল নয়।
জি টু জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে গম আমদানি শুরু

জি টু জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে গম আমদানি শুরু বাংলাদেশ প্রথমবারের মতো জি টু জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি শুরু করছে। বাংলাদেশের খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ)-এর মধ্যে চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে এমভি নোরস স্ট্রিড জাহাজটি আজ চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে পৌঁছায়। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশে চিকিৎসাধীন ২ হাজার ৯০১ ডেঙ্গু রোগী

দেশে চিকিৎসাধীন ২ হাজার ৯০১ ডেঙ্গু রোগী গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তাই চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ২৫৯ জনই আছে। এদিকে মৃত্যু না থাকলেও গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬৮ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে ৬৩ হাজার ৬৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ৬০ হাজার ৭৩৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২৯০১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। গতকাল সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।
লিবিয়া থেকে ফিরলেন আরো ৩০৯ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন আরো ৩০৯ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরেছেন আরো ৩০৯ বাংলাদেশি। আজ সকাল সাড়ে ৯টার দিকে তাদের বহনকারী বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ত্রিপলিতে বাংলাদেশ দূতাবাস জানায়, লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সহায়তা ও দূতাবাসের তত্ত্বাবধানে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করা এসব প্রবাসীকে গতকাল দেশে পাঠানো হয়। এর আগে গত ৯ অক্টোবর প্রথম দফায় ৩০৯ জন দেশে ফিরেন। প্রত্যাবাসিত বাংলাদেশিরা এর আগে স্বেচ্ছায় দেশে ফেরার জন্য দূতাবাসে আবেদন করেছিলেন। পরবর্তীকালে দূতাবাস লিবিয়া সরকারের সহযোগিতায় তাদের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে বহির্গমন ছাড়পত্র সংগ্রহসহ সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে।
ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর দখল বিল পাসে তীব্র নিন্দা

ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর দখল বিল পাসে তীব্র নিন্দা ইসরায়েলি পার্লামেন্ট দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপের প্রস্তাবিত একটি বিলকে প্রাথমিক অনুমোদন দিয়েছে। এই পদক্ষেপ কার্যত ফিলিস্তিনি ভূখ- সংযুক্তির সমতুল্য, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। বিতর্কিত এ বিল পাস হওয়ায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া তীব্র হয়েছে। বিভিন্ন দেশের মতো এই পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে অধিকৃত পশ্চিম তীরের ওপর ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেওয়ার লক্ষ্যে তেল আবিবের প্রচেষ্টার তীব্র নিন্দা জানানো হয়।
ছুটির দিনে অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

ছুটির দিনে অস্বাস্থ্যকর ঢাকার বাতাস বায়ুদূষণে বিশ্বের ১২৭ শহরের তালিকায় শীর্ষ ৯ নম্বরে উঠে এসেছে ঢাকা। ছুটির দিনে আজ সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়। আজ আইকিউএয়ার সূচকে সবার ওপরে আছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মানের স্কোর ৩৬২। পাশাপাশি তালিকার শীর্ষ ২ ও ৩ নম্বরে অবস্থান করছে যথাক্রমে প্রতিবেশী ভারতের দিল্লি ও কলকাতা। এরমধ্যে দিল্লির স্কোর ২০৩ ও ১৭১ স্কোর কলকাতার। এদিকে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ ৯ নম্বরে ১৫৫ স্কোর নিয়ে আছে রাজধানী ঢাকা।