১৫ ফেব্রুয়ারির মধ্যেই সংসদ নির্বাচন- বলেছেন শফিকুল আলম

১৫ ফেব্রুয়ারির মধ্যেই সংসদ নির্বাচন- বলেছেন শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম জোর দিয়ে বলেছেন, আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং‘এটাকে পেছানোর মতো কোনো শক্তি নেই। এছাড়া গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানিয়েছেন। আজ সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, যেকোনো সিদ্ধান্ত নেয়া হোক না কেন, জাতীয় নির্বাচন সময়মতোই হবে।
আরও ৩১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো লিবিয়া

আরও ৩১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো লিবিয়া অবৈধ ও অনিয়মিতভাবে লিবিয়ায় বসবাস করা এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরও ৩১০ জন বাংলাদেশিকে লিবিয়ার সরকার আজ দেশে ফেরত পাঠিয়েছে। এই ফেরত আসা অভিবাসীদের মধ্যে কয়েকজন অসুস্থ এবং অপহরণের শিকার হয়ে উদ্ধার পরবর্তীতে দেশে ফিরেছেন। সকাল ৮টয় তাঁদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই নিয়ে একই প্রক্রিয়ায় চলতি অক্টোবর মাসে ৩টি ফ্লাইটে মোট ৯২৮ জন বাংলাদেশি দেশে ফিরলেন। এই ফিরে আসা অভিবাসীদের বেশিরভাগই অবৈধভাবে সেখানে বসবাস করতেন। দূতাবাস জানিয়েছে, আজকের চার্টার ফ্লাইটে দুজন নারীসহ দেশটির মিসরাতা শহরের ২১১ জন এবং ত্রিপলির ৯৯ জন অভিবাসী দেশে ফিরেছেন। বর্তমানে ত্রিপলী ও বেনগাজীতে আরও কিছু বাংলাদেশি আটক রয়েছেন, তাদেরও দ্রুত দেশে পাঠাতে দূতাবাস কাজ করছে।
মাদ্রাসার ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ২ নভেম্বর

মাদ্রাসার ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ২ নভেম্বর আগামী ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে মাদ্রাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম। বৃত্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ফরম পূরণ করতে পারবে। তবে নির্ধারিত সময় শেষে কোনোভাবেই ফরম গ্রহণ করা হবে না। গতকাল বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে জানানো হয়, বোর্ড অনুমোদিত দাখিল, আলিম, ফাযিল ও কামিল মাদ্রাসায় অধ্যয়নরত ৮ম শ্রেণির সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতিটি পরীক্ষার্থীর জন্য বোর্ড ফি বাবদ ৪০০ টাকা অনলাইনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুকূলে জমা দিতে হবে এবং কেন্দ্র ফি বাবদ ২০০ টাকা সংশ্লিষ্ট মাদ্রাসায় জমা দিতে হবে।
রাজশাহীর পুঠিয়ায় র্যাব-৫ এর অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর পুঠিয়ায় র্যাব-৫ এর অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীর পুঠিয়ায় র্যাব-৫ এর অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিড়ালদহ মাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১টি পিকআপ, ২ টি মোবাইলসহ সীমকার্ড ও নগদ ২ হাজার ৫০০ টাকা পরিবহনের সময় শেখ ফয়সাল মিয়া ও আলম নামে ২জনকে গ্রেফতার করা হয়। র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫ এর আভিযানিক দল, ঐ ২ জন মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে রাজশাহী অভিমুখে আসছে এমন তথ্যের ভিত্তিতে তাদরে গতিবিধি পর্যবেক্ষন করে, নাটোর- রাজশাহী মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে ০২ জনকে অভিনব কায়দায় বহন করা উল্লেখিত আলামতসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধওে আন্ত:জেলা মাদক চক্রের সদস্য এবং রাজশাহী মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় পুঠিয়া থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁর ব্যবসায়ী অপহরণ: মূলহোতা শাহাজান গ্রেফতার, ভিকটিম উদ্ধার

নওগাঁর ব্যবসায়ী অপহরণ: মূলহোতা শাহাজান গ্রেফতার, ভিকটিম উদ্ধার নওগাঁর ব্যবসায়ী আলমগীর হোসেনকে অপহরণের ঘটনায় ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা মো. শাহাজান কে গ্রেফতার করেছে র্যাব-৫। একই সঙ্গে অপহৃত আলমগীর হোসেন কে ঢাকা জেলার সাভারের নতুনপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। র্যাব-৫ এর পেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গতরাত ১টা ৩৫ মিনিটে র্যাব-৫ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে শাহাজানকে গ্রেফতার ও ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। শাহাজানের বাড়ি ভোলার লালমোহন উপজেলার চর কচুপিয়া গ্রামে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ব্যবসায়ী আলমগীর হোসেন ঢাকায় আত্মীয়ের বাসায় যাওয়ার পথে নওগাঁ বাসস্ট্যান্ড থেকে নিখোঁজ হন। পরে অজ্ঞাত ব্যক্তিরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে প্রাণে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় আলমগীরের ছেলে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করেন। এঘটনায় গ্রেফতার আসামিকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জমি নিয়ে বিরোধে চাঞ্চল্যকর মোস্তফা শেখ হত্যা মামলার ২ নম্বর আসামি রফিক শেখ গ্রেপ্তার

জমি নিয়ে বিরোধে চাঞ্চল্যকর মোস্তফা শেখ হত্যা মামলার ২ নম্বর আসামি রফিক শেখ গ্রেপ্তার রাজশাহীর আলোচিত মোস্তফা শেখ হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি রফিক শেখকে সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব-৫ রাজশাহী ও র্যাব-৬ সাতক্ষীরা। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর ১২টা ৫৫ মিনিটে শ্যামনগর উপজেলার শংকরকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২১ অক্টোবর দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার বাসাদিয়াড় গ্রামে মোস্তফা শেখকে লোহার হাসুয়া ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হামলায় নিহতের পরিবারের আরও কয়েকজন আহত হন। এ ঘটনায় মোস্তফা শেখের ছেলে ওমর ফারুক বাদী হয়ে চারঘাট থানায় ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে এই মামলায় রহমত উল্লাহ ও দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে। র্যাব জানায়, রফিক শেখকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য রাজশাহীর চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
বন্যপ্রাণী রক্ষায় প্রতিটি জেলায় স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গঠন করা হবে

বন্যপ্রাণী রক্ষায় প্রতিটি জেলায় স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গঠন করা হবে: পরিবেশ ও বন উপদেষ্টা দেশের প্রতিটি জেলায় বন বিভাগকে সহায়তার জন্য স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস উপলক্ষে বন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, এতে প্রাণী উদ্ধার ও সুরক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তিনি বন্যপ্রাণী সংরক্ষণে স্বতঃস্ফূর্তভাবে কাজ করা সকলকে ধন্যবাদ জানান। রিজওয়ানা হাসান বলেন, “মানুষ ও বন্যপ্রাণীর মঙ্গল একসূত্রে গাঁথা। আমরা যদি প্রাণীদের বাঁচাই, প্রকৃতি আমাদেরও বাঁচাবে।” তিনি আরও বলেন, “ডলফিন নদীর সুস্থতার প্রতীক। যেখানে ডলফিন টিকে থাকে, সেখানে নদীও টিকে থাকে—আর নদী টিকে থাকলেই মানুষ বাঁচে।” তিনি উল্লেখ করেন, “বন্যপ্রাণী রক্ষায় শুধু আইন নয়, মনস্তাত্ত্বিক ও আচরণগত পরিবর্তনও জরুরি। যদি মানুষ নিরীহ প্রাণীর প্রতি নিষ্ঠুর হয়, তা সমাজের মূল্যবোধের অবক্ষয়ের প্রতিফলন।” অনুষ্ঠানে প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী সভাপতিত্ব করেন। এ সময় ড. মো. জাহাঙ্গীর আলম, ড. ইশতিয়াক সোবহা, মো. ছানাউল্যা পাটওয়ারী ও মো. রেজাউল করিম চৌধুরী বক্তব্য দেন। অনুষ্ঠানে ‘গাঙ্গেয় ডলফিন সংরক্ষণ হ্যান্ডবুক’-এর মোড়ক উন্মোচন ও ডলফিন বিষয়ক প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।
বনলতা এক্সপ্রেসে বিপুল বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

বনলতা এক্সপ্রেসে বিপুল বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে যৌথবাহিনী। রোববার (২৬ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেসে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের যৌথ টিম ট্রেনটির একটি নির্দিষ্ট বগি তল্লাশি চালায়। অভিযানে আটটি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, ২ দশমিক ৩৯ কেজি গানপাউডার এবং ২ দশমিক ২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে সেনাবাহিনী সর্বদা জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জা শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগের ক্রমবর্ধমান গুরুত্ব, প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। জেনারেল মির্জা বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, যোগাযোগ ও বিনিয়োগ বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি জানান, করাচি ও চট্টগ্রামের মধ্যে দুইমুখী নৌপথ ইতোমধ্যে চালু হয়েছে এবং অদূর ভবিষ্যতে ঢাকা-করাচি আকাশপথও চালু হবে। দুই পক্ষই মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ভুয়া তথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করার প্রবণতা নিয়েও মতবিনিময় হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে, যা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই বিপদের মোকাবিলায় বৈশ্বিকভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।” সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।
বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে আইএমএফের প্রশংসা

বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে আইএমএফের প্রশংসা বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আইএমএফ-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপ-পরিচালক থমাস হেলব্লিং বলেছেন, ‘রিজার্ভের সঞ্চয়কে আইএমএফ-সমর্থিত কর্মসূচির কেন্দ্রীয় লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়, বিশেষ করে যেহেতু দেশটি এখনো পেমেন্ট ভারসাম্যের চাপের সম্মুখীন হচ্ছে। গতকাল শুক্রবার হংকংয়ে আয়োজিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পেমেন্ট ভারসাম্যের দুর্বলতা হ্রাস করতে রিজার্ভ বৃদ্ধির লক্ষ্য গুরুত্বপূর্ণ। তিনি রিজার্ভ সঞ্চয়ে বাংলাদেশ ব্যাংকের এই সাফল্যকে বিশেষভাবে স্বাগত জানান। তিনি আরও জানান, ৫.৫ বিলিয়ন ডলার ঋণের শর্তাবলীর পঞ্চম পর্যালোচনার জন্য আইএমএফের একটি মিশন এ মাসেই বাংলাদেশ সফর করবে। তিনি বলেন, ‘তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে এবং ফলাফল কী হয় তা এখনও দেখার বিষয়। মিশনটি মাঠপর্যায়ে কাজ করবে।’ তবে, এই পদক্ষেপগুলো বাংলাদেশ ব্যাংকের ঘোষিত বিনিময় হার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা- সেটিও আইএমএফ মূল্যায়ন করবে। আইএমএফের হিসাব পদ্ধতি অনুযায়ী, চলতি বছরের ১৬ অক্টোবর বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৭.৩৫ বিলিয়ন ডলার। যা গত বছর ছিল ১৯.৯৩ বিলিয়ন ডলার।