একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত ১২টি প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত প্রকল্পগুলোর সম্পূর্ণ ব্যয় সরকারের নিজস্ব তহবিল থেকে সংস্থান করা হবে। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। পরিকল্পনা কমিশন জানায়, অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৮টি, সংশোধিত প্রকল্প ২টি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে ২টি।

জানুয়ারির মধ্যেই আবু সাঈদ হত্যার বিচার শেষ-প্রসিকিউশন

জানুয়ারির মধ্যেই আবু সাঈদ হত্যার বিচার শেষ-প্রসিকিউশন জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার আগামী জানুয়ারি মাসের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রসিকিউশন। আজ দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর মিজানুল ইসলাম এই আশা ব্যক্ত করেন। মিজানুল ইসলাম বলেন, এ মামলায় বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে আজ ১২ নম্বর সাক্ষীর সাক্ষ্য শেষ হয়েছে। আর ৩০-৩৫ জনের জবানবন্দি নিয়েই আমরা সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করবো। তবে নির্বাচনের আগে-পরে কখন রায় হবে, তা বলার এখতিয়ার আমাদের কারও নেই। আমরা আশা করছি জানুয়ারি মাসের মধ্যেই আমরা বিচার সম্পন্ন করতে পারবো। সাক্ষী উপস্থিত না হওয়ায় বেশ কয়েকবার সাক্ষ্যগ্রহণ পেছানো হলো; এ প্রশ্নের জবাবে প্রসিকিউটর বলেন, আমাদের প্রসিকিউশন থেকে একজন সাক্ষীর অসুস্থতার কথা একদিন বলা হয়েছিল। কিন্তু বাকি বিষয়টা তথা মামলা পরিচালনার ক্ষেত্রে আমাদের নীতিগত সিদ্ধান্তে চলতে হয়। এ ছাড়া অন্য দুটো মামলার তদন্তে ব্যস্ত ছিলেন তদন্ত কর্মকর্তা (আইও)। আমিও ব্যক্তিগতভাবে একটু কাজে গিয়েছিলাম। বিভিন্ন কারণে হওয়া এমনটি খুব বড় ধরনের কিছু ত্রুটি বা সমস্যা নয়। এটি স্বাভাবিক প্রক্রিয়া। এক্ষেত্রে প্রসিকিউশন মামলা বিলম্ব করছে বা বিলম্বিত হচ্ছে এ ধরনের কোনো চিন্তা করার কারণ নেই। দ্রুততম সময়ের মধ্যেই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হবে। এদিন আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে ১২ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খান। তিনিই আবু সাঈদকে আহত অবস্থায় তুলে নিয়ে হাসপাতালে পাঠানোর জন্য রিকশায় তুলে দিয়েছিলের। এ ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দায়ী করেন তিনি। একইসঙ্গে পুলিশ কর্মকর্তা, এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়সহ বেরোবির কয়েকজন শিক্ষক-কর্মচারীর নাম বলেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তা-নীরবতা ও গাফিলতির কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে দাবি করেন এই সাক্ষী। আজ বেলা সাড়ে ১১টায় ট্রাইব্যুনালের বিচারকাজ শুরু হয়। এরপর তার জবানবন্দি রেকর্ড করেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। সাক্ষ্যগ্রহণ শেষে তার জেরা চলমান রয়েছে। বিরতি শেষে দুপুর আড়াইটার পর শুরু হবে। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এসময় সঙ্গে ছিলেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, মঈনুল করিম, সহিদুল ইসলামসহ অন্যরা। এর আগে, গত ৪ নভেম্বর এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা ছিল।

দাম না কমলে চলতি সপ্তাহে পেঁয়াজের আমদানি : বাণিজ্য উপদেষ্টা

দাম না কমলে চলতি সপ্তাহে পেঁয়াজের আমদানি : বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত পর্যায়ে না কমলে আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে। আজ রোববার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেঁয়াজের বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। কোনো সংকট নেই-যথেষ্ট মজুত রয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে। ফলে আগামী চার পাঁচ দিনের মধ্যে বাজার স্বাভাবিক না হলে আমরা আমদানির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত দেব। তিনি বলেন, ইতোমধ্যে পেঁয়াজ আমদানির জন্য ২ হাজার ৮০০ টি আবেদন পড়েছে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে বাজারের মূল্য সহনীয় পর্যায়ে না আসলে আমদানি অনুমোদন ইস্যু করা হবে।

আগামী ২০ নভেম্বর থেকে সারা দেশে আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু

আগামী ২০ নভেম্বর থেকে সারা দেশে আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু সরকার আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৬ লাখ টন সেদ্ধ চাল, ৫০ হাজার টন আতপ চাল এবং ৫০ হাজার টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। প্রতি কেজি সেদ্ধ চালের সংগ্রহ মূল্য ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় এবছর আমন মৌসুমের ধান চালের সংগ্রহ মূল্য বৃদ্ধি করা হয়েছে। আগামী ২০ নভেম্বর থেকে সারা দেশে আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু হয়ে এ অভিযান ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ পর্যন্ত চলবে। আজ মন্ত্রীপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি) এর সভাপতি ড. সালেহউদ্দিন আহমেদ, উপদেষ্টা, অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাপতিত্বে এ সিদ্ধান্ত হয়। সভায় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারসহ এফপিএমসি’র সদস্যগণ উপস্থিত ছিলেন।

পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা

পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী নির্বাচিত সরকার নেবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। আজ রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। দেশের সার্বিক দিকের অগ্রগতি ভালো জানিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি কমেছে, কিন্তু বাসা ভাড়া ও পরিবহন ব্যয় বেড়েছে। আমরা চেষ্টা করছি পণ্যের দাম সহনীয় মাত্রায় আনতে। তবে, সার্বিকভাবে পণ্যের দাম স্বাভাবিক আছে। চালের দামও সহনীয় রয়েছে। আইএমএফ-এর ঋণের কিস্তি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ-এর সঙ্গে কথা চলছে কিস্তি নিয়ে। আমাদের কাছে যেসব তথ্য আছে, তা আগামী সরকারের কাছে প্যাকেজ আকারে দেওয়া হবে।

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর। তাই নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি বা শঙ্কার কারণ নেই। আজ সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ড. আসিফ বলেন, জাতীয় নির্বাচনে বিলম্ব করার কোনো কারণ নেই। এটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

রাজশাহীতে প্রেমিক হত্যাকাণ্ডের মূলহোতা র‌্যাবের হাতে গ্রেফতার

রাজশাহীতে প্রেমিক হত্যাকাণ্ডের মূলহোতা র‌্যাবের হাতে গ্রেফতার রাজশাহীর গোদাগাড়ীতে ‘প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে কিশোর খুন’ মামলার মূলহোতা ও এজাহারনামীয় ১নং আসামি রতন আলী কে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গতকাল দুপুরে রাজশাহী মহানগরীর বেলপুকুর বাইপাস মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেসবুকে প্রেমের সূত্র ধরে ১৪ বছরের এক নাবালিকার সাথে দেখা করতে গিয়ে গত ২০ অক্টোবর কিশোর শিহাব শেখকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একদল সন্ত্রাসী। চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর শিহাব মারা যায়। ঘটনাটি দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় শিহাবের পিতা বাদী হয়ে গোদাগাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। গতকাল তথ্যপ্রযুক্তির সহায়তায় রতনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-৫। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, ঠেকানোর সাধ্য কারও নেই

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, ঠেকানোর সাধ্য কারও নেই বর্তমান সরকারই নির্বাচনী সরকার হিসেবে কাজ করবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, যা ঠেকানোর সাধ্য কারও নেই। আজ সকালে নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে সব ধরনের নির্বাচনীয় প্রস্তুতি নিচ্ছে। যারা এখনও নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে এবং নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে তারা স্বৈরাচারের দোসর।

মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর

মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামানকে ঘিরে নির্বাচন বিষয়ক নানারকম মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এই আহ্বান জানানো হয়েছে। ফেসবুক বার্তায় জানানো হয়, ইদানিং পরিলক্ষিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান’কে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।’ বিভিন্ন ফেসবুক ফটোকার্ডে প্রচার করা হচ্ছে যে, ‘সারা বাংলাদেশে একইদিনে নির্বাচন না দিয়ে ৮ দিন ৮ বিভাগে নির্বাচন করার সুপারিশ করেছে সেনাপ্রধান।’ এসকল ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে এর আগেও ১৯ জুন বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪৮৮

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪৮৮ গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮৮ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭২ হাজার ৯৬৬ জন।