ডেঙ্গুতে ৬ জনের প্রাণহানি

ডেঙ্গুতে ৬ জনের প্রাণহানি এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪৯। বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ৭৮৮ জন এই রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৫২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩০ জন, বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, খুলনা বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৮৮ জন ও সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৮৭ হাজার ৭১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রাজশাহী পুঠিয়া থেকে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মাহিনকে গ্রেফতার করেছে র্যাব-৫

রাজশাহী পুঠিয়া থেকে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মাহিনকে গ্রেফতার করেছে র্যাব-৫ রাজশাহী জেলার পুঠিয়া থানার তারাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩৭৯ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মাহিন‘কে গ্রেফতার করেছে র্যাব-৫। আটক ব্যক্তি পুঠিয়া থানার তারাপুর গ্রামের বাদশার ছেলে। এসময় তার কাছ থেকে ১টি মাটরসাইকেল ও ১টি মোবাইল উদ্ধার করে। র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গতকাল বিকেলে তারাপুর এলাকায় ১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য মজুদ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত আসামির গতিবিধি পর্যবেক্ষন করে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মাহিনের নিকট থাকা শপিং ব্যাগ তল্লাশী করে মোট ৩৭৯ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। ধৃত আসামি এলাকার চিহ্নিত মাদক চক্রের সদস্য। সে দীর্ঘদিন যাবত নিজ পেশার আড়ালে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল। উক্ত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় একটি কয়েল কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। বুধবার (১৯ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ফিনিশ নামে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, আজ দুপুর পৌনে ১টার দিকে বাঘের বাজার এলাকা অবস্থিত কয়েল কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়ায় পুড়ো এলাকা কালো হয়ে গেছে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুইটি এবং পরে আরো সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, “বাঘের বাজার এলাকায় একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের কয়েকটি ইউনিট কাজ করছে।”
রায় ঘিরে কোনো অস্থিরতা নেই, বিজয় দিবসেও শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

রায় ঘিরে কোনো অস্থিরতা নেই, বিজয় দিবসেও শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই বলে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজয় দিবস উপলক্ষেও কোনো শঙ্কা নেই বলে জানান তিনি। বুধবার (১৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “শেখ হাসিনার রায়কে ঘিরেও কোনো রকম অস্থিরতা সৃষ্টি হয়নি। বিজয় দিবসে কোনো অস্থিরতার সম্ভাবনা নেই।”বিজয় দিবসের কর্মসূচিতে কোনো পরিবর্তন নেই জানিয়ে তিনি বলেন, “আগে যেভাবে সব কর্মসূচি হয়েছে, এবারও সেভাবে হবে। বরং আরো বেশি হবে। তবে গতবারের ন্যায় এবারও প্যারেড অনুষ্ঠিত হবে না।” গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গতকাল রাতে ডিবি পরিচয়ে সাংবাদিককে তুলে নিয়ে পরে ফেরত দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “এ বিষয়টা আমি প্রথম শুনলাম। অনুসন্ধান করার পর হয়তো আমি বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।”ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২০ রোগী

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২০ রোগী গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৩৪৩ জনের মৃত্যুর তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯২০ জন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৮৬ হাজার ৯২৪ জনে। মঙ্গলবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে এখন পর্যন্ত ৮৩ হাজার ৫৯৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৩২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৪৩ জনের। এর মধ্যে গত অক্টোবর মাসে মৃত্যু হয়েছে ৮০ জনের। এটিই চলতি বছরে এক মাসে সর্বোচ্চ মৃত্যু। এদিকে নভেম্বর মাসে এখন পর্যন্ত ৬৫ মৃত্যুর তথ্য জানাল স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারি মাসে তিনজনের মৃত্যু হয়েছে।
ভোটার দাঁড়ালো প্রায় ১২ কোটি ৭৭ লাখ

ভোটার দাঁড়ালো প্রায় ১২ কোটি ৭৭ লাখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটার দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ। মঙ্গলবার (১৮ নভেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে এই তথ্য জানান। তিনি বলেন, দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এবার ২০২৫ সালের ৩১ অক্টোবর যাদের ১৮ বছর পূর্ণ হয়েছে তারাও এ ভোটার তালিকাতে যুক্ত হয়েছেন। ফলে এসব তরুণ ভোটারও আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।
ঢাকায় ১০ মাসে ১৯৮ খুন: ডিএমপি

ঢাকায় ১০ মাসে ১৯৮ খুন: ডিএমপি চলতি বছরে গত ১০ মাসে ঢাকায় ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি আরো জানান, শুধু ঢাকায় প্রতি মাসে গড়ে প্রায় ২০টির মতো হত্যাকাণ্ড ঘটেছে। বেশিরভাগ ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে। পারিবারিক সহিংসতা, পূর্ব শত্রুতার জের, আধিপত্য বিস্তার এবং অজ্ঞাতনামা নবজাতকের লাশ উদ্ধারও মতো বিষয়ও আছে বলে তিনি জানান। সর্বশেষ গতকাল সোমবার ঢাকার মিরপুরে দোকানে ঢুকে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে (৪৭) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত ও অস্ত্রধারীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ে প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ বছরের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা, গত ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা, ও গত ৯ জুলাই ঢাকায় লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে ও বড় পাথরখণ্ড দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনা ছিল সবচেয়ে বেশি আলোচিত।
৩ নৌকা ও ৭৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্ট গার্ড

৩ নৌকা ও ৭৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্ট গার্ড বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের ৩টি নৌকাসহ ৭৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্ট গার্ড। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। আটক জেলেরা ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে (ইইজেড) অবৈধভাবে মাছ ধরছিল বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। খবরে বলা হয়েছে, গত ১৫ ও ১৬ নভেম্বর বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে আন্তর্জাতিক সামুদ্রিক সীমান্তরেখা এলাকা থেকে বাংলাদেশি এসব নৌকা ও জেলেদের আটক করে ভারতের কোস্টগার্ড। এ সময় বাংলাদেশের নৌকাগুলো ভারতের জলসীমায় মাছ ধরছিল বলে দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। আটক তিনটি নৌকা এবং জেলেদের পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে এবং নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার ( ১৮ নভেম্বর) সকাল ৬টার দিকে তারা বুরাক এয়ারলাইন্সের ফ্লাইট ইউজেড২২২-এর মাধ্যমে দেশে ফিরেছেন। এসব বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন বলে জানা যায়। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্বিষহ অভিজ্ঞতা সম্ভাব্য সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের প্রত্যেককে পথখরচা, কিছু খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। লিবিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার গানফুদা ডিটেনশন সেন্টারে উপস্থিত থেকে প্রত্যাবাসন কার্যক্রম তদারকি করেন এবং প্রত্যাবাসিতদের বিদায় জানান। অভিবাসীদের উদ্দেশে রাষ্ট্রদূত বলেন, ‘বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বৈধ ও নিরাপদ পথই একমাত্র সঠিক উপায়।’ তিনি প্রত্যেককে দেশে ফিরে প্রয়োজনীয় দক্ষতা অর্জন, সরকারি প্রশিক্ষণ গ্রহণ এবং বৈধ প্রক্রিয়া বিদেশ গমনের বিষয়ে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান। তিনি বলেন, ‘অবৈধ অভিবাসন শুধু ঝুঁকিপূর্ণই নয়, বরং ব্যক্তিগত, পারিবারিক ও জাতীয়ভাবে দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দেশে ফিরে শুধু চাকরির অপেক্ষায় না থেকে নিজেদের অভিজ্ঞতা ও শ্রমকে কাজে লাগিয়ে ছোট ও মাঝারি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে।
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০০৭

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০০৭ সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার সাতজন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৯ জনে এবং শনাক্ত রোগী বেড়ে ৮৬ হাজার চারজনে দাঁড়িয়েছে। সোমবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৫০ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৫ জন, ঢাকা বিভাগে ২৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪২ জন, খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ৪১, রংপুর বিভাগে পাঁচজন ও সিলেট বিভাগে তিনজন রয়েছেন। ২৪ ঘণ্টায় যে পাঁচজনের মারা গেছেন তাদের মধ্যে দুজনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এবং একজনের ময়মনসিংহ বিভাগে মৃত্যু হয়েছে। এই সময়ে এক হাজার ১৭০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৮২ হাজার ৬১২ জন। ২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।