নির্বাচনকালীন এনআইডি সেবা অব্যাহত রাখার নির্দেশ ইসির

নির্বাচনকালীন এনআইডি সেবা অব্যাহত রাখার নির্দেশ ইসির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান সেবা অব্যাহত রাখবে নির্বাচন কমিশন (ইসি)। তবে সংশোধন বন্ধ থাকবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) ইসি কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।  সংস্থাটির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী এ সংক্রান্ত নির্দেশনাটি ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদেরও পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে ডাটাবেইজে অন্তর্ভুক্ত ২৩ নভেম্বর পর্যন্ত নিবন্ধিত ভোটারযোগ্য নাগরিককে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন। এছাড়া দেশের অভ্যন্তরে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির লক্ষ্যে আবেদনকারী যোগ্য নাগরিকদের নিবন্ধন কার্যক্রম পূর্বের ন্যায় রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক চালু থাকবে। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে সকল প্রকার সংশোধন ও আবাসস্থল পরিবর্তন অথবা অন্যবিধ কারণে ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ রাখার জন্যও নির্দেশনা প্রদান করেছে ইসি।

উৎপাদনকারী নয়, জীবনরক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণ করবে সরকার

উৎপাদনকারী নয়, জীবনরক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণ করবে সরকার ওষুধ কোম্পানিগুলোর হাতে নয়, দেশের নাগরিকদের জীবনরক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। গত ২৫ আগস্ট বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি প্রকাশ করা হয়েছে। ২৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ জানান, আইনের বিধান অনুসারে ১৯৯৩ সালের ১৮ সেপ্টেম্বর ৭৩৯টি ওষুধের মূল্য নির্ধারণ করে গেজেট প্রকাশ করে সরকার। পরে সীমিত করে ১১৭টি ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা রেখে ১৯৯৪ সালের ২৬ ফেব্রুয়ারি সার্কুলার ইস্যু করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওষুধ যেহেতু জীবনধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকারণে মূল্যবৃদ্ধির সঙ্গে নাগরিকদের বেঁচে থাকার অধিকার সম্পর্কিত। তাই সার্কুলারের বৈধতা চ্যালেঞ্জ করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে ২০১৮ সালে হাইকোর্টে রিট করা হয়। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৮ সালের ৩১ জুলাই হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি নিয়ে রুল নিষ্পত্তি করে ২৫ আগস্ট নির্দেশনাসহ রায় দেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। ওষুধ প্রস্তুতকারক মালিক সমিতির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির। আইনজীবী মনজিল মোরসেদ বলেন, আদালত রুলটি নিষ্পত্তি করে কতিপয় নির্দেশনা দিয়েছেন। যার মধ্যে অন্যতম হলো, বাংলাদেশের নাগরিকদের জীবনরক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে থাকবে এবং ওষুধ কোম্পানিগুলো কর্তৃক জীবনরক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা থাকবে না। আদালত রায়ে ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশের বিধান, যা বর্তমানে ২০২৩ সালের ওষুধ ও কসমেটিকস আইনের সুনির্দিষ্ট বিধান অনুসারে সরকার কর্তৃক গঠিত কমিটির মাধ্যমে মূল্য নির্ধারণের বিষয়ও উল্লেখ করেছেন।  মনজিল মোরসেদ আরও বলেন, এই রায়ের মাধ্যমে মানুষের জীবনরক্ষাকারী ওষুধের মূল্য যখন-তখন ইচ্ছেমাফিক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারণের সুযোগ থাকছে না।

ভূমিকম্প নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি

ভূমিকম্প নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি ভূমিকম্পে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর। রবিবার (২৩ নভেম্বর) প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. তারেক আনোয়ার জাহেদী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, ২১ নভেম্বর-২০২৫ এ সংগঠিত ভূমিকম্পে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় তার জেলার ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের ক্ষয়ক্ষতির তথ্যসহ সচিত্র প্রতিবেদন সংযুক্ত ছক মোতাবেক জরুরি ভিত্তিতে সোমবারের (২৪ নভেম্বর) মধ্যে স্বাক্ষরিত স্ক্যানকপি ও সফটকপি (Excel-Nikosh Font) ইমেইলে ([email protected]) প্রেরণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য আহ্বান করা হয়েছে। নির্ধারিত ছক অনুযায়ী আগামী ২৭ নভেম্বরের মধ্যে হার্ড ও সফট কপি নির্ধারিত ইমেইলে পাঠাতে হবে। ছকে জেলা-উপজেলার নাম, ক্ষতিগ্রস্ত কক্ষের সংখ্যা, ক্ষয়ক্ষতির পরিমাণ, বিবরণ ইত্যাদি তথ্য প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টদের দেয়ার জন্য বলা হয়েছে। চিঠিতে জানানো হয়েছে, বিগত ২১ নভেম্বর বাংলাদেশের বিভিন্ন জেলায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ছিলো ঢাকার কাছাকাছি নরসিংদী জেলায়। বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানা যায় যে, দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন অবস্থায়, বিভাগের আওতাধীন সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তথ্য সংযুক্ত ছক মোতাবেক আগামী ২৭ নভেম্বরের মধ্যে হার্ড ও সফট কপি (Nikos ফন্ট এক্সেল শিটে) পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন-এর ইমেইলে ([email protected]) পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০৫

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০৫ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৫ জন নতুন রোগী। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৩ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন রয়েছেন।     ২৪ ঘণ্টায় ৮১৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৮৮ হাজার ২৫৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ২৪ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯০ হাজার ৯৬৯ জন। এর মধ্যে ৬২ দশমিক তিন শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক সাত শতাংশ নারী রয়েছেন।        গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ৩৬৬ জনের মৃত্যু হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম

সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার বিকাল ৪টা থেকে এই কার্যক্রম বন্ধ রাখা হবে। ইসি সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কাজ শুরু হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম। আজ সোমবার তিনি গণমাধ্যমে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ বিকাল ৪টার পর থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধনের কার্যক্রম বন্ধ থাকবে। ইসি সূত্র জানায়, ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং তালিকা প্রিন্টের কার্যক্রম শুরু হবে। এজন্য সাময়িকভাবে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ থাকতে পারে। তবে দ্রুতই এনআইডি সংশোধন কার্যক্রম চালু করা হবে।

আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এই সহযোগিতা কামনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। এ সময় শার্লি বচওয়ে আশ্বস্ত করে বলেন, কমনওয়েলথ বাংলাদেশকে নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী উত্তরণ প্রক্রিয়ায় পূর্ণ সহায়তা প্রদান করবে। তিনি বলেন, কমনওয়েলথের ৫৬টি দেশ; যার মধ্যে জি–৭ ও জি–২০-এর সদস্যরাও রয়েছে। এর মাধ্যমে একে অপরকে সহায়তা করার অনেক সুযোগ রয়েছে। কমনওয়েলথ মহাসচিব জানান, তিনি দেশের প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করেছেন।  তিনি বলেন, আমি বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে খুবই আশাবাদী। কমনওয়েলথ ভোটের আগে বেশ কয়েকটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। দুই নেতা তারুণ্যের ক্ষমতায়ন, উদ্যোক্তা উন্নয়ন, আরও সামাজিক ব্যবসা সৃষ্টি এবং বেকারত্ব, কার্বন নিঃসরণ ও বৈষম্য কমানোর লক্ষ্যে ‘তিন-শূন্য’ তত্ত্ব বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা করেছেন।

দাশপুকুর এলাকায় র‌্যাবের অভিযানে মাদক ও নগদ টাকাসহ আটক ৬

দাশপুকুর এলাকায় র‌্যাবের অভিযানে মাদক ও নগদ টাকাসহ আটক ৬ রাজশাহী মহানগরীর দাশপুকুর এলাকায় র‌্যাবের অভিযানে গাঁজা, ইয়াবা, নেশাজাতীয় ট্যাবলেট ও নগদ টাকাসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা সকলে রাজশাহী জেলা ও বিভাগের বিভিন্ন এলাকার বাসিন্দা। আজ র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন দাশপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১ কেজি ৯৯০ গ্রাম গাঁজা, ১১ পিস ইয়াবা, ৫পিস নেশাকারক ট্যাবলেট ও নগদ প্রায় ১৬ হাজার টাকা জব্দ করা হয়। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয় প্রেসবিজ্ঞপ্তিতে।

ভূমিকম্প সতর্কতা অ্যাপের বিষয়ে ভাবছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভূমিকম্প সতর্কতা অ্যাপের বিষয়ে ভাবছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা  বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি বাড়লেও আগাম সতর্কতার জন্য কোনো ব্যবস্থা এখনো নেই, উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অনেক দেশ ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে সতর্ক সংকেত পাঠাতে সক্ষম অ্যাপ ব্যবহার করছে। বাংলাদেশেও এমন অ্যাপ চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে সরকার। রবিবার (২৩ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ভূমিকম্পের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড অমান্য করার প্রবণতা বড় বিপদের কারণ হতে পারে। জলাশয় ভরাট করে ভবন তুলছি। খোলা মাঠ হারিয়ে যাচ্ছে। বড় ভূমিকম্প হলে মানুষের দাঁড়ানোর জায়গাটুকুও থাকবে না। রাজউকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এ বিষয়ে আরো কঠোর হতে হবে। ফায়ার সার্ভিসের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ভূমিকম্পের মাত্রা অনুযায়ী পরিস্থিতি ভিন্ন হয়। সেদিনের ঘটনায় তারা দ্রুত সাড়া দিয়েছে। তবে, বড় কিছু হলে তখনই বোঝা যাবে, প্রস্তুতি কতটা যথেষ্ট। আল্লাহ না করুন, তেমন কিছু যেন না হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলায় অবনতির শঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগে আইনশৃঙ্খলায় অবনতির শঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের আগে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো আশঙ্কা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (২৩ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ভালো হচ্ছে। নির্বাচন ঘনিয়ে এলে রাজনৈতিক দলগুলোর মিছিল-বিক্ষোভ ও সভা-সমাবেশ স্বাভাবিকভাবেই বাড়বে। তবে, পরিস্থিতি অবনতির কোনো আশঙ্কা আমরা দেখছি না। তিনি দাবি করেন, দায়িত্ব নেওয়ার সময় দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ততটা অনুকূলে ছিল না। গত দেড় বছরে বিভিন্ন উদ্যোগের ফলে তা এখন অনেকটাই উন্নতির পথে। নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্য প্রসঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে, একজন নিরাপত্তা বিশ্লেষকের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওই বিশ্লেষক কে, তার যোগ্যতা কী, আমি জানি না। এখন অনেকেই বিভিন্ন বিষয়ে বিশ্লেষক পরিচয় দেন। যাদের সম্পর্কে পরিষ্কার ধারণা নেই, তাদের মন্তব্য নিয়ে আমি কিছু বলতে চাই না।  সম্প্রতি রাতের বেলা এক সাংবাদিককে গোয়েন্দা পুলিশের তুলে নেওয়ার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঘটনাটি নিয়ে সাংবাদিকসমাজের মধ্যেও আলোচনা হয়েছে। তিনি যে কাজটি করছিলেন, সেটি সাংবাদিকতার দায়িত্বের মধ্যে ছিল না, এ ধরনের তথ্যও এসেছে। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে দুইজন বরিশাল বিভাগের বাসিন্দা। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৫৯৩ জন রোগী। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২১১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৮ জন ও খুলনা বিভাগে ২৯ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন। এদিকে গত একদিনে সারা দেশে ৬২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮৬ হাজার ৩৩১ জন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৮৯ হাজার ৪৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৫৬ জনের। প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।