দেশের সব সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা জারি

দেশের সব সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা জারি নিম্নচাপের কারণে সব সমুদ্রবন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। আজ এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলংকা উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় (৬.২° উত্তর অক্ষাংশ এবং ৮২.৪° পূর্ব দ্রাঘিমাংশ) নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২ হাজার ৬০ কিলোমিটার (কি.মি) দক্ষিণপশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২০০০ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৯৭৫ কি.মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৯৬০ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

পুলিশের ১৩৬ পরিদর্শকের বদলি

পুলিশের ১৩৬ পরিদর্শকের বদলি বাংলাদেশ পুলিশের পরিদর্শক (ইনস্পেক্টর) পদমর্যাদার ১৩৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি আওলাদ হোসেন স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। আজ বিষয়টি জানা গেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, পরিদর্শক পদমর্যাদার এই ১৩৬ কর্মকর্তাকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম রেঞ্জ ও মেট্রোপলিটনে বদলি করা হয়েছে। বদলি হওয়া পুলিশ সদস্যদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদানের কথাও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

মালয়েশিয়াসহ ৭ দেশের প্রবাসী ভোটার নিবন্ধন স্থগিত

মালয়েশিয়াসহ ৭ দেশের প্রবাসী ভোটার নিবন্ধন স্থগিত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়ায় ভোটাররা সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান না করায় বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ডাকযোগে ভোট প্রদান সম্পর্কিত নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আজ ইসি সচিবলায়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়ায় সম্মানিত ভোটারগণ সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান না করায় বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত- উল্লিখিত দেশগুলোতে ডাকযোগে ভোট প্রদান সম্পর্কিত নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান ব্যতীত ভোটারদের নিকট ডাকযোগে ব্যালট পেপার প্রেরণ করা সম্ভব নয়। পরবর্তী করণীয় সম্পর্কে শীঘ্রই অবহিত করা হবে।’ উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত মোট ৫৩ হাজার ৯৬ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন :প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল সাড়ে ৫১ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন :প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল সাড়ে ৫১ হাজার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য “পোস্টাল ভোট বিডি” অ্যাপে নিবন্ধন করেছেন সাড়ে ৫১ হাজারের বেশি প্রবাসী। আজ সকালে ইসির ওয়েব সাইট থেকে বিষয়টি জানা গেছে। গত ১৯ নভেম্বর বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের অ্যাপে নিবন্ধন শুরু হয়েছে। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। যে সব দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে- দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র প্রভৃতি। মোট নিবন্ধন করেছেন আজ সকাল ১০টা পর্যন্ত ৫১ হাজার ৭২২ প্রবাসী। এছাড়া বাংলাদেশে বসবাসরত ভোটাররা ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। এক্ষেত্রে ৫০ লাখ প্রবাসী ভোট টানার টার্গেট নিয়ে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি।

সারাদেশে একযোগে ১৫৮ ইউএনওকে বদলি

সারাদেশে একযোগে ১৫৮ ইউএনওকে বদলি দেশের ৮ বিভাগের ১৫৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একযোগে বদলি করেছে সরকার। গতকাল রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব কর্মকর্তা আগামী ৩০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন; অন্যথায় তিনি ৩০ নভেম্বর বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।এতে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তার দপ্তর/ কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে, গতকাল সন্ধ্যায় ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিয়েছে সরকার। তার আগে দুপুরে একযোগে ৬৪ জেলার এসপি পরিবর্তন করা হয়েছে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৫ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৬১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২২৯ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এর বাইরে ঢাকা বিভাগে ১২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, বরিশাল বিভাগে ৭৭ জন, খুলনা বিভাগে ৩৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৪ জন, রাজশাহী বিভাগে ২২ জন ও সিলেট বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৭৬ জনের মৃত্যু হয়েছিল সেপ্টেম্বর মাসে। তবে অক্টোবর মাসে এ সংখ্যা ছাড়িয়ে ৮০ জন হয়েছে। আর নভেম্বরে সেই সংখ্যা ছাড়িয়ে এ পর্যন্ত মারা গেছেন ৯২ জন। এছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুন মাসে ১৯ জন, জুলাই মাসে ৪১ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। এ বছর সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল সবচেয়ে বেশি, ১৫ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে অক্টোবরের হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২২৫২০ জন রোগী, যা সেপ্টেম্বর মাসকে ছাড়িয়ে যায়। আর নভেম্বরে এ পর্যন্ত ভর্তি হয়েছেন ২২ হাজার ৩৫৫ জন রোগী। এছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। । স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

লটারিতে ৬৪ জেলার এসপি রদবদল, তালিকায় দেখুন কে কোন জেলায়

লটারিতে ৬৪ জেলার এসপি রদবদল, তালিকায় দেখুন কে কোন জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়। প্রজ্ঞাপনে বলা হয় জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এসপি নির্বাচন করা হয়। লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ৬৩৩

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ৬৩৩ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে ৬৩৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে এযাবৎ ৮৮ হাজার ৯৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়।

গণভোট অধ‍্যাদেশ অনুমোদন

গণভোট অধ‍্যাদেশ অনুমোদন গণভোট অধ‍্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।বৈঠকে অংশ নেওয়া একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকের বিষয়ে বিকেল ৪টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রধান উপদেষ্টা গত ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে জানান, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট। এতে জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত চারটি প্রস্তাবের ওপর একটি প্রশ্নে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিতে হবে ভোটারদের। গণভোট ও নির্বাচন আয়োজন করার জন্য সম্প্রতি সরকার নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। গত ২২ নভেম্বর নির্বাচনবিষয়ক এক কর্মশালায় তিনি বলেছিলেন, এ সংক্রান্ত আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন।

সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত

সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে। এদিকে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের কাছে আরও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।