খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিভ্রান্তিকর কোনো তথ্য প্রচার না করার জন্য দলটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। চিকিৎসা–সংক্রান্ত সব আপডেট দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনের মাধ্যমে জানানো হবে। সোমবার (১ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপনের দায়িত্ব জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেনের ওপর ন্যস্ত করা হয়েছে। শায়রুল কবির খান আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যাচাইবিহীন, অযাচিত বা বিভ্রান্তিকর কোনো তথ্য প্রচার না করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। দলের পক্ষ থেকে চিকিৎসা–সংক্রান্ত সব আপডেট একমাত্র ডা. জাহিদ হোসেনের মাধ্যমেই জানানো হবে। খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইতেও আহ্বান জানান বিএনপির মিডিয়া সেলের এই সদস্য।
ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: প্রেস সচিব

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: প্রেস সচিব ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। সোমবার (১ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এ বার্তা দেন। প্রেস সচিব বলেন, জিল্লুর রহমান বলেছেন-তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা দেখছেন না। কিন্তু আমরা দেখি। বাংলাদেশ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের পথে রয়েছে। আমরা আশা করছি, নির্বাচন কমিশন খুব শিগগিরই তফসিল ঘোষণা করবে। তিনি আরও বলেন, জিল্লুর বিগত কয়েক মাস ধরে একই মন্তব্য করে চলেছেন এবং তিনি তা করতে স্বাধীন। কিন্তু আমরা প্রস্তুত নই—এমন দাবি করা বাস্তবতার অতিরঞ্জন। নির্বাচন প্রস্তুতি নিয়ে অন্তর্বর্তী সরকার সবসময়ই স্বচ্ছ থেকেছে। রেকর্ডসংখ্যক নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নির্বাচনকালে নজিরবিহীন সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। নতুন ডিসি-এসপি পোস্টিং সম্পন্ন হয়েছে, এগুলো নিয়ে কোনো প্রশ্নই ওঠেনি বা খুব কম উঠেছে। প্রেস সচিব বলেন, নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। বেশিরভাগ দল প্রার্থী ঘোষণা করেছে। সীমিত কিছু দলীয় অভ্যন্তরীণ ও আন্তঃদলীয় কোন্দল ছাড়া নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল আছে। জুলাই চার্টার গৃহীত হওয়ায় একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হয়েছে। একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটের জন্যও দলগুলো প্রস্তুতি নিচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, তাহলে কি জিল্লুর কালের কণ্ঠের প্রতিবেদনের ভিত্তিতে দাবি করছেন যে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচনের সম্ভাবনা নেই? আর কেন তিনি ইঙ্গিত করছেন যে আমরা ১৯৯৬ সালের ফেব্রুয়ারি, ২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের মতো পরিস্থিতির দিকে যাচ্ছি? মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত একটি দলকে নির্বাচনের বাইরে রাখা মানে নির্বাচন ‘অবিশ্বাসযোগ্য’-এ দাবি আমরা মানি না, দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষও মানেন না। তিনি আরও বলেন, আওয়ামী লীগকে নির্বাচন প্রক্রিয়ায় ফিরিয়ে আনার পক্ষে কেউ গুরুতরভাবে কথা বলছে না। দলের নেতাদের হাতে রক্ত লেগে আছে। কোনো সভ্য দেশই মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং বহু নির্বাচনে কারচুপির অভিযোগে অভিযুক্ত একটি দলকে সহজে নির্বাচনে ফেরাতে পারে না। তার ভাষায়, তাদের নেতৃত্ব এখনো রক্তের পিপাসায় উন্মত্ত। আমাদের আন্তর্জাতিক সহযোগীরাও মনে করেন- প্রকাশ্য ক্ষমাপ্রার্থনা ও মানবতাবিরোধী অপরাধের বিচার ছাড়া আওয়ামী লীগ আবার স্বাভাবিক রাজনীতিতে ফিরতে পারবে না। সাম্প্রতিক ঘটনাও দেখিয়েছে- বাসে আগুন দেওয়া কিংবা ককটেল নিক্ষেপের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড তারা এখনো রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করতে চায়। জিল্লুর রহমানের অবস্থান নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে তিনি একের পর এক মনোলগ ভিডিও তৈরি করছেন, যার বহু অংশ গুজবকে প্রশ্রয় দেয়, তথ্য দেওয়ার বদলে বিভ্রান্তি ছড়ায়। তিনি নাজমুল আহসান কলিমুল্লাহ ও গোলাম মাওলা রনির মতো ভুয়া তথ্যবাহকদেরও মঞ্চ করে দিয়েছেন। তিনি নিজেও ধীরে ধীরে সেই ভূমিকায় চলে যাচ্ছেন কি না-প্রশ্ন ওঠছে। পোস্টের শেষাংশে প্রেসসচিব লেখেন, মানুষ নিজের বিবেচনায় সিদ্ধান্ত নেবে-তারা বোকা নয়। দুটি বিষয় আমি নিঃসংকোচে বলতে পারি: আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এবং অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করবে, ইনশাআল্লাহ।
চলতি মাসে ডেঙ্গুতে ৯৯ জনের মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ

চলতি মাসে ডেঙ্গুতে ৯৯ জনের মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫জনের মৃত্যু হয়েছে। এ মাসে ৯৯ জনের মৃত্যু হয়েছে যা চলতি বছরের সর্বোচ্চ। এদিকে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩৬ জন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪০২ জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে এখন পর্যন্ত ৯২ হাজার ২৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল সিইসি

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল সিইসি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য হোপফুলি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। আজ রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে সংসদ ভোট ও গণভোটের মক ভোটিং পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় অন্য কমিশনাররা ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংসদ নির্বাচন ও গণভোট একইসঙ্গে হলে ভোটারদের লাইন দীর্ঘ হতে পারে। তাই সময় ব্যবস্থাপনা দেখে প্রয়োজন হলে কেন্দ্র ও বুথ বাড়ানো হবে বলে জানান সিইসি।
ইসির আনুষ্ঠানিক ঘোষণা : একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট

ইসির আনুষ্ঠানিক ঘোষণা : একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে সম্পন্ন করার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ উপলক্ষে কমিশনের পক্ষ থেকে আজ একটি বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে গণভোটে উপস্থাপিত প্রশ্ন, সংশ্লিষ্ট সনদ ও সংস্কারের বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটারদের সামনে উপস্থাপন করা হবে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫-সংক্রান্ত একটি নির্দিষ্ট প্রশ্ন। ভোটাররা ‘হ্যাঁ’ অথবা ‘না’-এই দু’টি বিকল্পের মধ্যে একটিকে বেছে নেবেন। গণভোটের প্রশ্নে বলা হবে- ‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন?” (হ্যাঁ/না)।
দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরো ৫৭২ জন

দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরো ৫৭২ জন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৫৭২ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। ফলে ডেঙ্গুতে মৃত্যু ৩৭৭ জনে স্থির রয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে ৯১ হাজার ২২২ জন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৯৩ হাজার ৭৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৭৭ জনের।
চলতি কর বছরে ২০ লাখেরও বেশি করদাতার ই-রিটার্ন দাখিল

চলতি কর বছরে ২০ লাখেরও বেশি করদাতার ই-রিটার্ন দাখিল চলতি ২০২৫-২৬ কর বছরের করদাতারা অনলাইনে রিটার্ন দাখিলে ইতিবাচকভাবে সাড়া দিয়েছে। এখন পর্যন্ত ২০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। আজ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরের ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন। করদাতারা ওয়েবসাইটের মাধ্যমে সহজে অনলাইনে রিটার্ন পূরণ করে নিমিষেই অনলাইনে দাখিল করতে পারছেন। জাতীয় রাজস্ব বোর্ড জানায়, এখন পর্যন্ত ২০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন।
ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন আইজিপি

ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন আইজিপি মরক্কোতে ইন্টারপোলের সাধারণ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ দেশে তার ফেরার বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। মরক্কোর মারাকেশে গত ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ইন্টারপোলের সদস্যভুক্ত ১৯৬ দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পুলিশ সদর দপ্তর বলেছে, সম্মেলনে বৈশ্বিক সাইবার প্রতারণা, মানবপাচার, আর্থিক জালিয়াতি ও আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় বাংলাদেশের অঙ্গীকার, সক্ষমতা ও অবস্থান তুলে ধরেন আইজিপি বাহারুল। সম্মেলনের শেষ দিনে ইন্টারপোলের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং ডেলিগেট পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে আজ তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী আজ সকাল ৮টায় ঢাকার স্কোর ছিল ২৪৭, যা বায়ুমানের দিক থেকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ৩০০ স্কোর রয়েছে মিসরের কায়রো। দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি ২৫৯ স্কোর। চতুর্থ থেকে ষষ্ঠ স্থানে রয়েছে উজবেকিস্তানের তাশখন্ত ২৪২, ভারতের কলকাতা ২২২ ও পাকিস্তানের লাহোর ২১৪।
লিবিয়া থেকে ১৭৫ বাংলাদেশি দেশে ফিরছেন আগামীকাল

লিবিয়া থেকে ১৭৫ বাংলাদেশি দেশে ফিরছেন আগামীকাল লিবিয়া থেকে আগামীকাল ১৭৫ বাংলাদেশি দেশে ফিরছেন। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ও আইওএম যৌথভাবে তাদের ফিরিয়ে আনছেন। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত ২৬ নভেম্বর ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূত ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আটক বাংলাদেশিদের উদ্দেশে বলেন, অনেক অভিবাসী অনিয়মিত পথে বিদেশে পাড়ি দিতে গিয়ে চরম ঝুঁকির মুখে পড়ে এবং মানবপাচারকারীদের কারণে দুঃসহ অভিজ্ঞতার শিকার হন। ইতোমধ্যে সবার প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হয়েছে এবং প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী ৩০ নভেম্বর আইওএম-এর সহায়তায় ১৭৫ জনকে দেশে ফেরত পাঠানো সম্ভব হবে।