তফসিল ঘিরে নির্বাচন ভবনে অতিরিক্ত নিরাপত্তা, কড়া নজরদারি

তফসিল ঘিরে নির্বাচন ভবনে অতিরিক্ত নিরাপত্তা, কড়া নজরদারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন এলাকায় আজ সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভবনের ভেতর ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রবেশপথে বসানো হয়েছে ব্যারিকেড। ভবনে ঢুকতে হচ্ছে তল্লাশি পেরিয়ে।নির্বাচন ভবনের মূল ফটক ও সংলগ্ন এলাকায় পুলিশের পাশাপাশি আনসার ও র্যাব সদস্যদের টহল বাড়ানো হয়েছে। আশপাশের সড়কগুলোতে সাধারণ মানুষের চলাচলেও আনা হয়েছে সীমাবদ্ধতা। রেকর্ড করা হয়েছে সিইসির ভাষণ| আজ সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন। আগের দিন বুধবারও পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছিল। দায়িত্বরত ডিএমপির এসআই (এডিসি) মাহবুবুল করিম বলেন, ‘‘তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। নির্বাচন ভবনে প্রবেশকারীদের পরিচয় যাচাইসহ প্রতিটি পয়েন্টে তল্লাশি করা হচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে, সে জন্যই এ ব্যবস্থা।’’ দায়িত্বরত ডিএমপির ইন্সপেক্টর মোহাম্মদ মাসুদ রহমতুল্লাহ জানান, নির্বাচন কমিশনের অনুষ্ঠান আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের মোতায়েন বেড়েছে। ভবনের চারপাশে টহল বাড়ানো হয়েছে এবং সন্দেহজনক যে কাউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল আজ সন্ধ্যায়

জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল আজ সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল আজ ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তারিখ জানাবেন প্রধান নির্বাচন কমিশনার – সিইসি এ এম এম নাসির উদ্দীন। ভাষণটি আগেই রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জমা দেওয়া হয়েছে। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ইসির সব প্রস্তুতি চূড়ান্ত। সিইসি আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা করবেন।
দুই উপদেষ্টার পদত্যাগ আজ-কালের মধ্যে

দুই উপদেষ্টার পদত্যাগ আজ-কালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মো. মাহফুজ আলম পদত্যাগ করছেন। আজ বা কালকের মধ্যে তারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে পারেন। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আজ বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার। আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। তাদের পদত্যাগের বিষয়টি নির্ভর করছে তফসিল ঘোষণার ওপর। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তারা প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র দেবেন। সেদিন থেকেই তাদের পদত্যাগ কার্যকর হবে। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সভায় দুই উপদেষ্টাকে পদত্যাগের জন্য বলা হয়েছে। তারা পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানায়। তবে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মন্তব্য করতে চাননি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার বিষয়ে জানতে চাইলে তার দপ্তরের ঘনিষ্ঠরা বলেন, পদত্যাগের বিষয়ে তাদের কিছু বলা হয়নি। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বিকেল ৩টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন ডাকা হলেও ধারণা করা হচ্ছে, তিনি পদত্যাগের বিষয় এবং কোন আসন থেকে নির্বাচন করবেন—সে বিষয়ে কথা বলবেন। মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে নির্বাচন করতে পারেন। বিএনপি–এনসিপি জোটগত কারণে এ আসন ছাড়তে পারে; ফলে তিনি বিএনপি বা এনসিপির প্রার্থী হিসেবে অংশ নিতে পারেন। অন্যদিকে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় বর্তমান অন্তর্বর্তী সরকার। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেন; মাহফুজ আলম দায়িত্ব নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের।
আগামী নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ : প্রধান উপদেষ্টা

আগামী নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ : প্রধান উপদেষ্টা আগামী জাতীয় নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি গণ-অভ্যুত্থান পরবর্তী আগামী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করেন। সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা দানকালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। সব জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাগণ এসময় অনলাইনে যুক্ত ছিলেন। প্রধান উপদেষ্টা ইউএনওদের উদ্দেশে বলেন, ‘ইতিহাস আমাদের নতুন করে একটি সুযোগ দিয়েছে। অন্য জেনারেশন এই সুযোগ পাবে না। এই সুযোগকে কাজে লাগাতে পারলে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারব, আর যদি না পারি তাহলে জাতি মুখ থুবড়ে পড়বে।’ প্রধান উপদেষ্টা বলেন, ‘এর আগেও আমরা নির্বাচন দেখেছি। বিগত আমলে যে নির্বাচনগুলো হয়েছে, যেকোনো সুস্থ মানুষ বলবে—এটা নির্বাচন নয়, প্রতারণা হয়েছে।’ তিনি বলেন, ‘আগামী নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়; বরং একটি ঐতিহাসিক দায়িত্ব। আমরা যদি ভালোভাবে এই দায়িত্বটি পালন করতে পারি, তাহলে আগামী নির্বাচনের দিনটি জনগণের জন্যও ঐতিহাসিক হবে।’ উপজেলা নির্বাহী অফিসারদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাহলেই সরকার তার দায়িত্বটি সফলভাবে পালন করতে সক্ষম হবে। আগামী নির্বাচন ও গণভোট দুটিই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য, আর গণভোট শত বছরের জন্য ‘ গণভোট সম্পর্কে তিনি বলেন, ‘এর মাধ্যমে আমরা বাংলাদেশটাকে স্থায়ীভাবে পাল্টে দিতে পারি। যে নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই, তার ভিতটা এর মাধ্যমে গড়তে পারি।’ সদ্য যোগদান করা ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের প্রধান দায়িত্ব হলো একটি শান্তিপূর্ণ ও আনন্দমুখর নির্বাচন আয়োজন করা।’ তিনি ইউএনওদের নিজ নিজ এলাকার সব পোলিং স্টেশন পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষ, এলাকাবাসী এবং সহকর্মীদের সঙ্গে আলোচনা করে একটি সুন্দর নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “ভোটারদের বোঝাতে হবে যে আপনারা মন ঠিক করে আসুন—‘হ্যাঁ’-তে দেবেন নাকি ‘না’-তে ভোট দেবেন—মন ঠিক করে আসুন।
ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছাড়াল

ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছাড়াল সারা দেশে গত ২৪ ঘন্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা চারশ ছাড়িয়ে দাঁড়িয়েছে ৪০১ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২১ জন। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৯৮ হাজার ৭০৫ জন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের দুইজন ঢাকা দক্ষিণ সিটি সরপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। অন্যজন বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে)। আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রোগী রয়েছেন। নতুন আক্রান্তেদের মধ্যে পুরুষ রোগী ৬১.৫ শতাংশ এবং নারী ৩৮.৫ শতাংশ। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫২৮ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে ছাড়পত্র পেলেন মোট ৯৬ হাজার ৭৬০ জন।
বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা

বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা তফসিল ঘোষণায় ভাষণের সবকিছু চূড়ান্ত বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে। বুধবার সন্ধ্যায় কিংবা ১১ ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে গণমাধ্যমে জানিয়েছেন ইসি রহমানেল মাসউদ। আজ মঙ্গলবার তিনি গণমাধ্যমকে বলেন, ‘আগামীকাল বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন।’ তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেয়া হবে বলেও জানান তিনি। তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ আগামীকাল বুধবার বিকেল ৪টার দিকে রেকর্ড করা হবে। এর আগে সিইসি অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে নিয়ে বুধবার দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাবেন। কমিশন সূত্র আরো জানায়, আগামীকাল বুধবার অথবা বৃহস্পতিবার জাতির উদ্দেশে সিইসির রেকর্ড করা ভাষণ সম্প্রচারের মাধ্যমে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। তবে অতীতে সিইসির ভাষণ রেকর্ডের দিনই তফসিল ঘোষণার নজির রয়েছে। এবারও তেমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ‘এরই মধ্যে বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে।’ ১০ ডিসেম্বর বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হবে। তবে কখন এই ভাষণ রেকর্ড করা হবে, সে তথ্য তিনি জানাননি। সূত্র জানায়, বিটিভি ও বাংলাদেশ বেতারকে দেওয়া চিঠিতে ভাষণ রেকর্ড করে তাৎক্ষণিকভাবে প্রচারের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
দেশের বাইরে যেতে চান না খালেদা জিয়া

দেশের বাইরে যেতে চান না খালেদা জিয়া শারীরিক অবস্থার সংকটাপন্ন থাকা সত্ত্বেও চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে অনীহা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও তিনি নিজ দেশেই চিকিৎসা সেবা অব্যাহত রাখার ইচ্ছাপোষণ করেছেন। গত ২৩ নভেম্বর রাতে অসুস্থ বোধ করলে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সিসিইউতে চিকিৎসাধীন আছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এমন অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জোর প্রস্তুতি নিচ্ছিল দল পরিবার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। পেশায় চিকিৎসক ডা. জুবাইদা মূলত শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই দেশে ফিরেছেন। বর্তমানে তিনি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক তদারকি করছেন। তবে বিএনপির ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ডা. জুবাইদা রহমানকে জানিয়েছেন, তার শাশুড়ি চিকিৎসার জন্য দেশ ছাড়তে চান না। তিনি এ দেশেই চিকিৎসা নিতে চান। সূত্রটি আরও জানায়, গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তির সময়েও তিনি স্বজন ও চিকিৎসকদের বলেছিলেন, তার শারীরিক অবস্থা খারাপ হলে যেন তাকে দেশের বাইরে নেওয়া না হয়। তিনি দেশের মাটিতেই থাকতে চান। অন্যদিকে, বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে মেডিকেল বোর্ডও তাকে এই মুহূর্তে বিদেশে স্থানান্তরের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। একাধিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা মনে করছেন, দীর্ঘ আকাশপথে ভ্রমণের মতো শারীরিক সক্ষমতা বর্তমানে সাবেক এ প্রধানমন্ত্রীর নেই। তাকে এ অবস্থায় দেশের বাইরে নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। ফলে একদিকে পরিবারের উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার চেষ্টা এবং অন্যদিকে বেগম জিয়ার ব্যক্তিগত অনিচ্ছা ও মেডিকেল বোর্ডের ঝুঁকি বিষয়ক সতর্কতা- সব মিলিয়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। আপাতত এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খালেদা জিয়ার পরিবার।
রাবিতে ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বেন ৬৮ জন

রাবিতে ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বেন ৬৮ জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা শেষ হয়েছে। এ বছর তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৭২ হাজার ৬২৫টি। বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৩ হাজার ৯৯৭টি, ফলে আসনপ্রতি লড়বেন ৬৮ ভর্তিচ্ছু। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, “গত ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে রাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছিল। আবেদন গ্রহণ করা হয়েছে ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন করার আর সুযোগ নেই।” এ বছর তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৭২ হাজার ৬২৫টি। ‘এ’ ইউনিটে (মানবিক বিভাগ) আবেদন জমা পড়েছে ১ লাখ ১১ হাজার ৫১৪টি। ‘বি’ ইউনিটে (বাণিজ্য বিভাগ) ৩০ হাজার ৮৮৬টি। তার মধ্যে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা আবেদন করেছে ১৮ হাজার ৪৫২ জন ও অ-বাণিজ্যদের সংখ্যা ১২ হাজার ৪৩৪ জন। ‘সি’ ইউনিটে (বিজ্ঞান বিভাগ) ১ লাখ ২৬ হাজার ২২৫টি। জানা গেছে, ‘এ’ ইউনিটে ১ হাজার ৮৯৭টি, ‘বি’ ইউনিটে আসন সংখ্যা ৫৬৪টি; তন্মেধ্যে বাণিজ্য শাখার জন্য ৩৭৫টি; বিজ্ঞান শাখার আসন সংখ্যা ১৫৮টি এবং মানবিক শাখার ৩১টি আসন হয়েছে। এছাড়া ‘সি’ ইউনিটে মোট আসন আসন সংখ্যা রয়েছে ১ হাজার ৫৩৬টি। যার মধ্যে বিজ্ঞান শাখার আসন সংখ্যা ১ হাজার ৪৯৬টি। এবারের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে। এছাড়া, এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
পরিবর্তন হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

পরিবর্তন হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজকের অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র সচিব মমতাজ আহমেদ। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘বেগম রোকেয়া কোনো কাজ সমাজকে বাদ দিয়ে করেননি। সব সময় সমাজকে নিয়েই করেছে। ১০০ বছর আগে রোকেয়া লিখেছে, নারী-কন্যাদের লেখাপড়া শেখাও যাতে সে অন্ন উপার্জন করতে পারে। সেখান থেকে আমরা শিখতে পারছি না কেন? আয়োজন করছি কিন্তু শিখতে পারছি না। আমাদের দৈনন্দিন পথে রোকেয়া সাথে থাকুক, তাহলেই অগ্রসর হতে পারব।’ নারীদের সামনে রেখেই নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘মেয়েরা গণ-অভ্যুত্থানে তাদের নেতৃত্ব দেখিয়েছে। আজকের নারীসমাজ গণ-অভ্যুত্থান-পরবর্তী নারী সমাজ। এটা ভিন্ন নারীসমাজ। তাদের হাত ধরেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। এই নারীসমাজ শুধু নারীদের নয়, সবাইকে উজ্জীবিত করবে। সে জন্যই নারীদের উঁচু স্তরে ধরে রাখা আমাদের জন্য দরকার। নারীদের সামনে রেখেই আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক।
বিশিষ্ট ৪ নারী পেলেন বেগম রোকেয়া পদক

বিশিষ্ট ৪ নারী পেলেন বেগম রোকেয়া পদক নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ চার বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে এই পদক তুলে দেন তিনি। পদকপ্রাপ্তরা হলেন—নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস ও নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ‘বেগম রোকেয়া দিবস -২০২৫’ নানা কর্মসূচির মাধ্যমে পালন করছে। নারী শিক্ষা ও অধিকার আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মবার্ষিকী ও ৯৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে দিবসটি পালন করা হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পদকপ্রাপ্তদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ‘আমি-ই রোকেয়া’ শিরোনামের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে নারীর শিক্ষা বিস্তার ও বাল্যবিবাহ প্রতিরোধে বেগম রোকেয়ার অবদান তুলে ধরা হয়। অনুষ্ঠানে নারীর অনুপ্রেরণায় বেগম রোকেয়ার ভূমিকা ও দেশের নারী ক্ষমতায়নের অগ্রযাত্রার বিভিন্ন দিক উপস্থাপন করা হয়। নারীর অধিকার প্রতিষ্ঠায় শিক্ষার গুরুত্বও এতে বিশেষভাবে তুলে ধরা হয়।