বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টা

বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে আজ সূর্যোদয়ের সময় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। প্রথমে সকাল ৬টা ৩৩ মিনিটে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর কিছুক্ষণ পর সকাল ৬টা ৫৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। ১৬ ডিসেম্বর প্রত্যুষে ঢাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন শুরু হয়। দিবসটি উপলক্ষে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনে জাতীয় পতাকা উত্তোলন এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে। ঢাকা এবং দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলো জাতীয় পতাকাসহ ব্যানার, ফেস্টুন এবং রঙিন পতাকা দিয়ে সাজানো হয়েছে।
মঙ্গলবার ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

মঙ্গলবার ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে আগামীকাল মঙ্গলবার ৪০ মিনিট মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারা জাম্প অনুষ্ঠিত হবে। প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে আগামী ১৬ ডিসেম্বর দুপুর ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে। যাত্রীদের যাত্রীসেবা দেওয়ার ক্ষেত্রে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
পোস্টাল ভোটে আগ্রহ প্রবাসীদের, নিবন্ধন ৪ লাখ ছাড়াল

পোস্টাল ভোটে আগ্রহ প্রবাসীদের, নিবন্ধন ৪ লাখ ছাড়াল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন ৪ লাখ ৫ হাজার ৪৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ৩ লাখ ৭৯ হাজার ৪০৭ জন এবং নারী ২৬ হাজার ৩১ জন। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় ইসির ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। নিবন্ধিত প্রবাসী ভোটারদের সংশ্লিষ্ট ঠিকানায় ব্যালট পেপার পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ৯ ডিসেম্বর এ কার্যক্রম শুরু হয়। এবারই প্রথমবারের মতো আইটি-সমর্থিত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে ইসি। এ ব্যবস্থায় প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও ভোট দিতে পারবেন। এজন্য নির্ধারিত অ্যাপে নিবন্ধন করা বাধ্যতামূলক। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম চলছে। ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধন সম্পন্নকারীদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট প্রদান শেষে নির্ধারিত ফিরতি খামে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে উড়ল এয়ার অ্যাম্বুলেন্স

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে উড়ল এয়ার অ্যাম্বুলেন্স সন্ত্রাসীদের গুলিতে আহত ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরে উদ্দেশে রওনা দিয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ইনকিলাব মঞ্চ জানায়, পাশে থাকাার জন্য ওসমান হাদির দুই ভাইও সিঙ্গাপুর গেছেন। এর আগে, সোমবার বেলা পৌনে ১টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদিকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দেয়। সেখানে থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয় হাদিকে। গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার পর ঢাকার মতিঝিল এলাকায় গণসংযোগ করে ফেরার পথে তার ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। হাদি তখন অটো রিকশায় ছিলেন। ওই অবস্থা চলন্ত মোটরসাইকেল থেকে মুখঢাকা এক অস্ত্রধারী তার ওপর হামলা চালায়। হাদির ওপর হামলার ঘটনা রবিবার গভীর রাতে রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়েছে। পুলিশ বলেছে, হাদির পরিবারের সম্মতি নিয়ে এই মামলা করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। অবশ্য গুলি চালানোর জন্য মূল অভিযুক্ত ও তাকে বহনকারী মোটরসাইকেলের চালককে এখনো গ্রেপ্তার করা যায়নি। সোমবার রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি পালন করছে।
ভারতীয় হাইকমিশনারকে তলব করে উদ্বেগ প্রকাশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

ভারতীয় হাইকমিশনারকে তলব করে উদ্বেগ প্রকাশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারতীয় হাইকমিশনারকে তলব করে পলাতক শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য ও আসন্ন নির্বাচন ঘিরে বাংলাদেশ সরকারের উদ্বেগের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, ভারতে অবস্থানরত পলাতকরা বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত। ভারত সরকারকে এসব ফ্যাসিবাদী সন্ত্রাসীর অপরাধমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। এছাড়া, শরীফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া রোধে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। সেইসাথে, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বানও জানানো হয়।
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি আজ সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান । এ সময় ঘড়ির কাঁটায় সময় সকাল ৭টা ২২ মিনিট। পুষ্পস্তবক অর্পণের পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে প্রধান উপদেষ্টা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি তিনি আহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এর আগে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
জাতীয় সংসদ নির্বাচনে শীর্ষ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেবে পুলিশ

জাতীয় সংসদ নির্বাচনে শীর্ষ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেবে পুলিশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর শীর্ষ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। অনেকে হুমকি পেয়েছেন। হাদির ঘটনার পর শীর্ষস্থানীয় জুলাই যোদ্ধাদের নিরাপত্তার ব্যবস্থা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম। তিনি বলেছেন, হাজার হাজার জুলাই যোদ্ধার নিরাপত্তা ব্যক্তি পর্যায়ে বা আলাদা করে নিশ্চিত করা প্রায় অসম্ভব। তবে, হাদির মতো যারা নিরাপত্তা ঝুঁকিতে আছেন অথবা গান পয়েন্টে আছেন, তাদের নিরাপত্তা জোরদারের ব্যবস্থা করা হচ্ছে।
নির্বাচনী দায়িত্বে ও সরকারি চাকরিজীবীদের নিবন্ধনের সুযোগ ২৫ ডিসেম্বর পর্যন্ত

নির্বাচনী দায়িত্বে ও সরকারি চাকরিজীবীদের নিবন্ধনের সুযোগ ২৫ ডিসেম্বর পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ ভোট প্রদানের জন্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণকে ইন কান্ট্রি পোস্টাল ভোটের (আইসিপিভি) মাধ্যমে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বার্তায় এ কথা বলা হয়েছে। ইসির বার্তায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীগণ, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী, আইনি হেফাজতে থাকা ভোটারগণকে ইন কান্ট্রি পোস্টাল ভোটের (আইসিপিভি) মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ ভোট প্রদানের জন্য আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
এমবিবিএস-বিডিএসের ভর্তি পরীক্ষায় পাস ৬৬.৫৭ শতাংশ

এমবিবিএস-বিডিএসের ভর্তি পরীক্ষায় পাস ৬৬.৫৭ শতাংশ সরকারি ও বেসরকারি এমবিবিএস ও বিডিএস কোর্সে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৫৭ শতাংশ। ভর্তি পরীক্ষায় মোট পাস করেছেন ৮১ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন, যা মোট পাসের ৩৮ দশমিক ১৩ শতাংশ। আর নারী পরীক্ষার্থী পাস করেছেন ৫০ হাজার ৫১৪ জন, যা ৬১ দশমিক ৮৭ শতাংশ। আজ বিকেলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন বলেন, ‘স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটএবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট হতে পরীক্ষার ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।’ স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের ভর্তি পরীক্ষার ফলাফল অংশে এমবিবিএস-বিডিএসের ২০২৫-২৬ ভর্তি ফলাফল বা ‘লিংকে ক্লিক করে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। ভর্তিচ্ছুরা এটি ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবেন। মেধাতালিকা ওয়েবসাইটে পিডিএফ আকারেও প্রকাশ করা হয়েছে। এর আগে, গত শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন পরীক্ষার্থী।
জুলাই যোদ্ধাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা, প্রার্থীরা চাইলে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের অনুমতি

জুলাই যোদ্ধাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা, প্রার্থীরা চাইলে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের অনুমতি জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এমন তথ্য জানান। উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এদিকে, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচনের প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি দেয়া হবে। যারা অস্ত্র জমা দিয়েছেন তাদের অস্ত্রও ফেরত দেয়া হবে। আজ সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে ওসমান হাদিকে হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তাতারের নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জড়িতদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না। হাদির ওপর হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস। এ ধরনের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। এ সময় হাদির ওপর হামলায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।