লিবিয়া থেকে ফিরলেন ৩৪৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন ৩৪৫ বাংলাদেশি লিবিয়ায় থেকে আরও ৩৪৫ বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরেছেন। তাদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। এ সময় অনেকেই বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। আজ বুরাক এয়ারের দুটি চার্টার্ড ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের মধ্যে অনেকেই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। অনেকেই বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিমানবন্দরে তাদের স্বাগত জানান এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রত্যাবাসীতদের অভিজ্ঞতা ভাগ করার আহ্বান জানান। এছাড়া আইওএম প্রত্যেককে পথ খরচ, কিছু খাদ্য ও প্রাথমিক চিকিৎসা সরবরাহ করেছে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করে যাচ্ছে

সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকতে অন্তর্বর্তী সরকারের আহ্বান

সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকতে অন্তর্বর্তী সরকারের আহ্বান সম্প্রতি সংগঠিত অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সব প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আজ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ আহ্বান জানিয়ে সরকার বলেছে, সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সব নাগরিককে আহ্বান জানানো হচ্ছে—কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সব প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকুন। দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি। যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে—এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হতে দিতে পারি না এবং দেব না। অন্তর্বর্তী সরকার আরো জানিয়েছে, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়; এগুলো একটি গুরুতর জাতীয় অঙ্গীকার।

ভোট দিতে অ্যাপে প্রবাসী নিবন্ধন ৫ লাখ ৬ হাজার

ভোট দিতে অ্যাপে প্রবাসী নিবন্ধন ৫ লাখ ৬ হাজার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন করেছেন ৫ লাখ ৬ হাজার ৬৭ জন প্রবাসী। এর মধ্যে ৪ লাখ ৭৫ হাজার ২৭১ জন পুরুষ এবং ৩০ হাজার ৭৯৪ জন নারী। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)। আজ সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত ইসির ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গেছে। এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এ ক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এ জন্য অ্যাপে নিবন্ধন করতে হবে। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

ভুয়া তথ্য ও গুজব ঠেকাতে এনসিএসএর বিশেষ সেল

ভুয়া তথ্য ও গুজব ঠেকাতে এনসিএসএর বিশেষ সেল ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার রোধে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত একটি বিশেষ সেল সক্রিয় করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি এনসিএসএ। অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য শনাক্ত, যাচাই-বাছাই এবং সত্যতা নিশ্চিত করার কাজ করবে এই সেল। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এনসিএসএ জানিয়েছে, বিশেষ সেলটি সার্বক্ষণিকভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে ভুয়া খবর, উসকানিমূলক তথ্য ও বিভ্রান্তি সৃষ্টিকারী কনটেন্ট দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের ইউজিসির দুই পদে নিয়োগ পরীক্ষা স্থগিত

আজকের ইউজিসির দুই পদে নিয়োগ পরীক্ষা স্থগিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহকারী পরিচালক/সহকারী সচিব পদে নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আজ বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এমসিকিউ টাইপের এই নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ, পরিচালক ড. শামসুল আরেফিন শুক্রবার সকালে এ তথ্য জানান। ইউজিসি জানায়, ১৫ পদে ৭ হাজার ৩৫১ জন প্রার্থী ছিল। নিয়োগ পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।

বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তার আশ্বাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তার আশ্বাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের জন্য আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচন উপলক্ষে সরকারের গৃহীত হালনাগাদ প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সভায় জানানো হয়, নির্বাচন ঘিরে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে বলেও কূটনীতিকদের অবহিত করা হয় এবং বিভিন্ন দেশকে পর্যবেক্ষক পাঠানোর আমন্ত্রণ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্রিফিংয়ে ঢাকাস্থ বিভিন্ন দেশের প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ২৪০

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ২৪০ সারাদেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪০ জন ডেঙ্গুরোগী। মারা যাওয়া ব্যক্তি ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪১০ জন এবং শনাক্ত রোগী বেড়ে ১ লাখ ১ হাজার ২৯৩ জনে দাঁড়িয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩২০ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৯ হাজার ৭৭২ জন।

গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন

গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়ে। এছাড়া বৈঠকে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন একটি দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রেস উইং। সেগুলো হলো-গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন। বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন এবং সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন একটি দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর গুম হওয়া ব্যক্তি অন্যূন ৫ বছর ধরে গুম থাকলে এবং জীবিত ফিরে না এলে ট্রাইব্যুন্যাল তাকে আনুষ্ঠানিকভাবে ‘ডিসাপিয়ার্ড’ বা ‘গুম’ ঘোষণা করতে পারবে। সরকার ‘গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল’-এর জন্য মানবাধিকার কমিশনের সুপারিশের প্রেক্ষিতে প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবে। ভুক্তভোগী বা অভিযোগকারীও ব্যক্তিগত উদ্যোগে ট্রাইব্যুনাল আইনজীবী নিয়োগ করতে পারবেন এবং গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা তার ওপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্য কমিশনের পুর্বানুমতি ব্যাতিরেকে গুম হওয়া ব্যক্তির সম্পত্তি ব্যবহার করতে পারবেন। এদিকে, বাংলাদেশ হাওড় ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সুনির্দিষ্ট দায়িত্ব, কর্তৃত্ব ও অধিক্ষেত্র সুস্পষ্টভাবে নির্ধারণ করা হবে। হাওর ও জলাভূমি এলাকার জীববৈচিত্র্য, পরিবেশ, প্রতিবেশ ও বাস্তুতন্ত্র সংরক্ষণের লক্ষ্যে সুরক্ষা অধ্যাদেশ জারির বিধান রাখা হয়েছে। পাশাপাশি, হাওর ও জলাভূমি এলাকার সুরক্ষা নিশ্চিত করতে সংরক্ষিত হাওর ও জলাভূমি এলাকা ঘোষণা করার বিধানও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া হাওর ও জলাভূমি এলাকায় নিষিদ্ধ কার্যক্রমের বিবরণ প্রদান, নিষিদ্ধ কার্যক্রম সংঘটিত হলে তা অপরাধ হিসেবে গণ্য করা এবং উক্ত অপরাধের জন্য আরোপনীয় দণ্ডের বিধান করা হয়েছে। হাওর ও জলাভূমি এলাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নির্ধারিত ব্যতিক্রম সাপেক্ষে অধিদপ্তরের মতামত গ্রহণের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। পাশাপাশি, প্রয়োজনীয় ক্ষেত্রে অন্যান্য কর্তৃপক্ষ/দপ্তর/সংস্থার সঙ্গে সমন্বয়, স্থানীয় অংশীজনদের সম্পৃক্ততা এবং সংরক্ষণ কার্যক্রমে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে বিধি, প্রবিধান ও নির্দেশিকা প্রণয়নের ক্ষমতা প্রদান করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন একটি দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। স্বাধীনতা-পরবর্তী সময় থেকেই সুইজারল্যান্ডের জেনেভাতে বাংলাদেশের পার্মানেন্ট মিশন রয়েছে। বার্নে বিশ্বের বেশিরভাগ দেশেরই দূতাবাস থাকা সত্ত্বেও বাংলাদেশের দূতাবাস না থাকায় জেনেভার পামার্নেন্ট মিশনেই এতদিন ধরে জাতিসংঘ ও দূতাবাসের কাজগুলো সম্পন্ন করা হচ্ছিল। সুইজারল্যান্ড বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ও কৌশলগত অংশীদার। এসব বিবেচনায় নিয়ে বার্নে বাংলাদেশ দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে একজন রাষ্ট্রদূত, ফার্স্ট সেক্রেটারি, কিছু কর্মকর্তা-কর্মচারি নিয়োগ দিয়ে দূতাবাসের কার্যক্রম শুরু হবে। এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৮২টি মিশন অফিস আছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে। হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার বিষয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান নিয়মিতভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করছেন, খোঁজখবর জানাচ্ছেন।বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল সিঙ্গাপুর পৌঁছেছেন। তিনি সরাসরি হাদির চিকিৎসার দেখভাল করছেন। এছাড়া এ বছর মহান বিজয় দিবস সুন্দর ও সুচারুভাবে উদযাপনের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়কে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা পরিষদ।

নির্বাচনী অনুসন্ধান কমিটিকে পুলিশি সহায়তা দেওয়ার নির্দেশ

নির্বাচনী অনুসন্ধান কমিটিকে পুলিশি সহায়তা দেওয়ার নির্দেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী অপরাধ তদন্ত ও সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনার জন্য বিচারকদের নিয়ে গঠিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে পুলিশি সহায়তার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির আইন শাখা থেকে নির্দেশনাটি ইতোমধ্যে সব বিভাগীয় কমিশনার ও পুলিশ সুপারদের পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি নির্বাচনী দায়িত্ব পালনকালে সার্বক্ষণিক নিরাপত্তার স্বার্থে কমিটির কর্মকর্তাদের সহিত পুলিশ বাহিনীর দু’জন অস্ত্রধারী সদস্যকে নিয়োগ করার জন্য সব পুলিশ কমিশনার/পুলিশ সুপারকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এছাড়া কমিটি কোনো অনুসন্ধান বা বিচারকার্য পরিচালনার জন্য কমিটির চাহিদা মতে প্রয়োজনীয় স্ট্রাইকিং ফোর্স মোতায়নের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১কক (২) মোতাবেক সংশ্লিষ্ট পুলিশ কমিশনার/পুলিশ সুপার/স্থানীয় থানার অফিসার ইনচার্জ/অন্য কোনো আইন প্রয়োগকারী সংস্থার কমান্ডার/ইনচার্জ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।তথ্য অধিদফতরের (পিআইডি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।