স্বল্পআয়ের তরুণদের কর্মসংস্থানে বাংলাদেশকে ১৫০.৭৫ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

স্বল্পআয়ের তরুণদের কর্মসংস্থানে বাংলাদেশকে ১৫০.৭৫ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের স্বল্পআয়ের তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বাংলাদেশকে ১৫০ দশমিক ৭৫ মিলিয়ন মার্কিন ডলার অতিরিক্ত অর্থায়ন অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এই সহায়তায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে নারী এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর ওপর। বিশ্বব্যাংকের ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)’ প্রকল্পের আওতায় এই অর্থায়নের মাধ্যমে সারা দেশে আরও প্রায় ১ লাখ ৭৬ হাজার তরুণের জন্য কর্মসংস্থান ও আয়বর্ধক সুযোগ সৃষ্টি হবে। এর আগে প্রকল্পটির মাধ্যমে ২ লাখ ৩৩ হাজার মানুষ উপকৃত হয়েছেন। বিশ্বব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পে অংশগ্রহণকারীরা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিসশিপ), উদ্যোক্তা উন্নয়ন, ক্ষুদ্রঋণসহ একটি সমন্বিত সেবা প্যাকেজ পাবেন। এসব উদ্যোগের মাধ্যমে তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তারা কর্মসংস্থান ও ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন বাধা অতিক্রম করতে সক্ষম হবেন। প্রকল্পটির আওতায় নারীর ক্ষমতায়নে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে মানসম্মত ও সাশ্রয়ী শিশুযত্ন (চাইল্ডকেয়ার) সেবার সুযোগ সৃষ্টি এবং জলবায়ু সহনশীল জীবিকাভিত্তিক কার্যক্রম চালু করা। এতে করে জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষিত হবে। বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিষয়ক ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক গেইল মার্টিন বলেন, ‘একটি ভালো চাকরি একটি জীবন, একটি পরিবার ও একটি সমাজকে বদলে দিতে পারে। কিন্তু প্রতি বছর শ্রমবাজারে প্রবেশ করা বহু বাংলাদেশি তরুণ কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।’ তিনি আরও বলেন, এই অতিরিক্ত অর্থায়ন স্বল্পআয়ের পরিবারের তরুণদের জন্য বাজারভিত্তিক দক্ষতা ও প্রশিক্ষণের সুযোগ বাড়াবে। বিশ্বব্যাংকের সিনিয়র সামাজিক সুরক্ষা অর্থনীতিবিদ ও প্রকল্পের টিম লিডার আনিকা রহমান বলেন, ‘রেইজ প্রকল্প প্রমাণ করেছে যে লক্ষ্যভিত্তিক সহায়তা তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে।’ তিনি জানান, নতুন অর্থায়নের মাধ্যমে ক্ষুদ্রঋণ সম্প্রসারণ এবং শিশুযত্নের মতো উদ্ভাবনী উদ্যোগ আরও জোরদার করা হবে। এই অর্থায়নের ফলে প্রকল্পটির কার্যক্রম শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও সম্প্রসারিত হবে। নারীদের জন্য ঘরভিত্তিক শিশুযত্ন সেবার একটি পাইলট কর্মসূচি চালু করা হবে, যার আওতায় প্রশিক্ষণ ও প্রারম্ভিক অনুদান দেওয়া হবে। এতে নারী শ্রমশক্তির অংশগ্রহণ বাড়বে এবং পরিচর্যা খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। উল্লেখ্য, ২০২১ সালে যাত্রা শুরুর পর থেকে রেইজ প্রকল্প কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ৫০ হাজারের বেশি ক্ষুদ্র উদ্যোক্তাকে সহায়তা দিয়েছে। পাশাপাশি ২ লাখ ৫০ হাজারের বেশি প্রত্যাবর্তনকারী প্রবাসী ও ১ লাখ ২২ হাজারের বেশি উপকারভোগীকে অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক সেবা প্রদান করেছে, যাদের ৫৫ শতাংশ নারী। এই অতিরিক্ত অর্থায়নের ফলে রেইজ প্রকল্পে বিশ্বব্যাংকের মোট সহায়তার পরিমাণ দাঁড়াল ৩৫০ দশমিক ৭৫ মিলিয়ন মার্কিন ডলারে।

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, সাধারণ ক্যাডারের ১ হাজার ৩৬৭ জন এবং সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের ৭৩৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌখিক পরীক্ষার বিস্তারিত তারিখ ও সময়সূচি কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd)-এ পাওয়া যাবে। এতে আরও উল্লেখ করা হয়, যুক্তিসংগত কারণে প্রয়োজন হলে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো অংশ সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে। আজ বুধবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

১০ম গ্রেডে উন্নীত হলেন প্রাথমিকের প্রধান শিক্ষকেরা

১০ম গ্রেডে উন্নীত হলেন প্রাথমিকের প্রধান শিক্ষকেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদ্যমান বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয় থেকে আজ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদ্যমান বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বর্তমান গ্রেড-১১ (স্কেল: ১২৫০০/-৩০২৩০/-) থেকে ১০ম গ্রেড (স্কেল: ১৬০০০-৩৮৬৪০/-) (গেজেটেড কর্মকর্তা)-এ উন্নীত করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে উল্লেখ করে এতে বলা হয়, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে। এদিকে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণে সরকার এ মঞ্জুরি জ্ঞাপন করেছে। সব প্রধান শিক্ষককে ১০ম গ্রেডে উন্নীতকরণে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সরকারি আদেশ জারির তারিখ থেকে ১৮ মাসের মধ্যে প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের হেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচার্স (বিটিপিটি) প্রশিক্ষণ শেষ করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। গৃহীত উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত এবং তাদের সামাজিক মর্যাদা সুসংহত করবে। ফলে তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও সৃজনশীল ও উদ্দীপ্ত ভূমিকা পালন করবেন। এতে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও গতিশীল শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হবে।

সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে গেজেট প্রকাশ

সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে গেজেট প্রকাশ  আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা সোমবার (২২ ডিসেম্বর) অধ্যাদেশটি জারি করে। এতে বলা হয়, সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪ সংশোধনের লক্ষ্যে এ অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। এ অধ্যাদেশের নাম হবে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’। এটি অবিলম্বে কার্যকর হবে। এতে বলা হয়, ২০২৪ সালের ১১নং অধ্যাদেশের পূর্ণাঙ্গ শিরোনাম সংশোধন করা হয়েছে। সংশোধনের মাধ্যমে পূর্ণাঙ্গ শিরোনাম, প্রস্তাবনা, ধারা ১-এর উপ-ধারা (১) এবং ধারা ৩-এর দফা (গ) থেকে ‘আধা-স্বায়ত্তশাসিত’ শব্দটি ও সংশ্লিষ্ট চিহ্নসমূহ বিলুপ্ত করা হয়েছে। এ ছাড়া, ২০২৪ সালের ১১ নম্বর অধ্যাদেশে নতুন ধারা ৩ক সংযোজন করা হয়েছে। এতে আরো বলা হয়, ধারা ৩-এ যা কিছুই থাকুক না কেন, যেসব সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থার নিজ নিজ নিয়োগ বিধিমালা বা ক্ষেত্রমত প্রবিধানমালায় কোনো পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বছরের বেশি নির্ধারিত রয়েছে, এমন সব ক্ষেত্রে ওই নির্ধারিত বয়সসীমা অপরিবর্তিত ও বহাল থাকবে।

নির্বাচন সুষ্ঠু করতে পূর্ণ সক্ষমতা রয়েছে পুলিশের : আইজিপি

নির্বাচন সুষ্ঠু করতে পূর্ণ সক্ষমতা রয়েছে পুলিশের : আইজিপি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর করার মতো পূর্ণ সক্ষমতা বাংলাদেশ পুলিশের রয়েছে।  আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬ উপলক্ষে  রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে বলেও উল্লেখ করেন পুলিশের এই মহাপরিদর্শক। আইজিপি বলেন, জুলাই-পরবর্তী সময়ে বাস্তব কারণেই আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে নানা প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। তবে আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছি। নির্বাচনের আগে এই পর্যায়ে এসে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাদের বাহিনী যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে। তুচ্ছ ঘটনায় রাস্তা বা মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির বিষয়ে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়ে পুলিশ প্রধান বলেন, সমাজের বিভিন্ন অংশে ছোটখাটো ইস্যুতে রাস্তা ও হাইওয়ে অবরোধ করে অস্থিরতা সৃষ্টির যে প্রবণতা দেখা যাচ্ছে, তা বন্ধ করার সময় এসেছে। সব জায়গায় শৃঙ্খলা বা অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারলে নির্বাচন কমিশনকে (ইসি) সর্বাত্মক সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়বে। ইসির পদক্ষেপের প্রশংসা করে আইজিপি বলেন, ইলেক্টরাল ইনকোয়ারি কমিটিকে সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) মাধ্যমে তাৎক্ষণিকভাবে অপরাধের বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছে, যা অত্যন্ত সময়োপযোগী। এ ছাড়া ম্যাজিস্ট্রেটরা প্রয়োজনে পুলিশের পাশাপাশি যেকোনো আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবেন, এমন প্রবিধান রাখায় আমি কমিশনকে ধন্যবাদ জানাই। এসময় পুলিশ প্রশাসনের মাঠ পর্যায়ের রদবদল নিয়ে ইসির কাছে স্পষ্টীকরণ চান আইজিপি। তিনি বলেন, এসপি বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলির বিষয়ে কমিশনের নির্দেশনা থাকে। তবে কনস্টেবল বা সাব-ইন্সপেক্টরের মতো সর্বনিম্ন পদেও রদবদলের ক্ষেত্রে কমিশনের পূর্বানুমতি প্রয়োজন কি না, সে বিষয়ে স্পষ্ট নির্দেশিকা প্রয়োজন। আইজিপি বাহারুল আলম প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, পুলিশ তার সর্বশক্তি ও সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এবারের নির্বাচন সফল ও শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর। দেশবাসী ও নির্বাচন কমিশন আমাদের ওপর পূর্ণ আস্থা রাখতে পারেন। আজ মঙ্গলবার সকাল থেকে গণভোট ও নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভায় উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আরও উপস্থিত আছেন নির্বাচন কমিশনার – আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ জামালী আর নেই

টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ জামালী আর নেই বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হাসান জামালী সোমবার রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। জামালী প্রথম পর্যায়ে ১৯৮৬ সাল থেকে ১৯৯০ এবং দ্বিতীয় পর্যায়ে ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। টেনিসের উন্নয়ন ও সংগঠনের প্রাতিষ্ঠানিক বিকাশে জামালীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ব্যক্তিগত জীবনে তিনি পাওয়ার জেনারেশন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেছিলেন। তিনি বাংলাদেশ ডেভিস কাপ দলের খেলোয়াড় ও সাবেক জাতীয় চ্যাম্পিয়ন প্রয়াত শোভন জামালীর পিতা। মৃত্যুকালে স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন জামালী। মঙ্গলবার উত্তরা জামে মসজিদে নামাজে জানাজা শেষে আজিমপুর পুরাতন গোরস্থানে তাকে সমাহিত করা হবে। বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি, কার্যনির্বাহী কমিটি ও উপ-কমিটিসমূহের সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং দেশের সমগ্র টেনিস পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

একনেকে ২২ প্রকল্প অনুমোদন, সম্প্রসারণ হবে ইস্টার্ন রিফাইনারি

একনেকে ২২ প্রকল্প অনুমোদন, সম্প্রসারণ হবে ইস্টার্ন রিফাইনারি ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণসহ ২২ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩০ হাজার ৪৮২ কোটি ৪৯ লাখ টাকা, বৈদেশিক ঋণ ১ হাজার ৬৮৯ কোটি ৬১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪ হাজার ২৪৭ কোটি ৫৬ লাখ টাকা ব্যয় করা হবে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনুস। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ১৪টি, সংশোধিত প্রকল্প ৫টি ও মেয়াদ বৃদ্ধি প্রকল্প ৩টি। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ অন্য উপদেষ্টারা এতে উপস্থিত ছিলেন। একনেক সভায় অনুমোদিত ২২টি প্রকল্প হচ্ছে- কর্ণফুলী টানেল (আনোয়ারা) থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন। দিনাজপুর সড়ক বিভাগাধীন হিলি (স্থলবন্দর)-ডুগডুগি ঘোড়াঘাট জাতীয় মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণসহ ৩টি গুরুত্বপূর্ণ সড়কের বিদ্যমান সরু/জরাজীর্ণ কালভার্টসমূহ পুনঃনির্মাণ এবং বাজার অংশে রিজিডপেভমেন্ট ও ড্রেন নির্মাণ। ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প: সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয়পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ। এছাড়া নারায়ণগঞ্জস্থ আলীগঞ্জে সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য ৮টি ১৫ তলা ভবনে ৬৭২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ। ঢাকা ওয়াসা প্রশিক্ষণ এবং গবেষণা একাডেমি স্থাপন। সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ। জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন। পটুয়াখালী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন। সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প। মোংলা কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের (কমফ্লোট ওয়েস্ট) অবকাঠামো উন্নয়ন। সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশনের অবকাঠামোগত উন্নয়ন এবং দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনঃনির্মাণ কোনাবাড়ি, গাজীপুর প্রকল্প। একনেক সভায় পরিকল্পনা উপদেষ্টা ৫০ কোটি টাকার কম বয়ে সংবলিত ১০টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অরহিত করেন।

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা বিক্ষোভকারীদের

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা বিক্ষোভকারীদের ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ব্যাপক বিক্ষোভ চলছে। এমনকি পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগোনোর চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। তাদের আটকানোর চেষ্টা করছেন পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন’ এবং ‘ময়মনসিংহে দিপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে’ বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা চালিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার কলকাতার পাশাপাশি দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দল। এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তেজনা ছিল দিল্লিতে। বাংলাদেশের হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ঘেরা হয় হাইকমিশন চত্বর। অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। তবে দুপর গড়াতেই হাইকমিশনের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিপুল সংখ্যাক বিক্ষোভকারী জড়ো হয়েছেন সেখানে। এ সময় অনেককে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দেখা যায়। এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান জানিয়েছে, নয়াদিল্লিতে বিক্ষোভের ঘটনার জেরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আজ মঙ্গলবার তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “কূটনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিকল্পিত সহিংসতা বা ভয় দেখানোর এই ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছে বাংলাদেশ, যা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাকেই বিপন্ন করে না বরং পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষুণ্ন করে।” বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যে, তারা এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করুক, এই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করুক এবং ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করুক।” এর আগে গতকাল সোমবার কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ও শিলিগুড়িতে ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ করে বেশ কয়েকটি সংগঠন। এর পরিপ্রেক্ষিতে শিলিগুড়ি ও আগরতলায় ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একইদিন ভিসা সেবা সাময়িক বন্ধ ঘোষণা করে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ফটকে নোটিশ টানানো হয়। গত ২০ ডিসেম্বরও দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে একদল লোক বিক্ষোভ করেছিল ।

১ লাখ ২৪ হাজার প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট প্রেরণ ইসির

১ লাখ ২৪ হাজার প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট প্রেরণ ইসির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ১ লাখ ২৪ হাজার ৩০০ প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ, গতকাল এবং গত শুক্র ও শনিবার মোট ১৬টি দেশের ১ লাখ ২৪ হাজার ৩০০ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রবাসী ভোটার নিবন্ধনের বিষয়ে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান। তিনি বলেন, গত শুক্রবার সন্ধ্যা থেকে প্রবাসী বাংলাদেশি ভোটারদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে ইসি। প্রতীক বরাদ্দ সম্পন্ন হলে অ্যাপ-এর মাধ্যমে অথবা নির্বাচন কমিশনের ওয়েব সাইট হতে ভোটারগণ অবগত হবেন।

গানম্যান পাচ্ছেন ২০ জন, আবেদন করছেন যারা

গানম্যান পাচ্ছেন ২০ জন, আবেদন করছেন যারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডের পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিতে থাকা ২০ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেওয়া হয়েছে গানম্যান। এ তালিকায় এনসিপির শীর্ষ নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তি ও বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এখন পর্যন্ত ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে। শুধু রাজনৈতিক ব্যক্তিরা গানম্যান পাচ্ছেন কি না—এমন প্রশ্নে তিনি কারো তথ্য দেননি। ডিজিএফআই, এনএসআই, এসবিসহ গোয়েন্দা সংস্থাগুলো যারা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন তাদের একটি তালিকা করেছে। তাদের মধ্যে অনেককে গানম্যান দেওয়া হয়েছে, তবে অনেকে গানম্যান নিতে চাননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সূত্র জানিয়েছে, এই তালিকায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খানও গানম্যান পাচ্ছেন বলে দলটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন রাজনীতিক ও সংসদ-সদস্য প্রার্থী গানম্যান ও অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন। তাদের মধ্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের জন্য সার্বক্ষণিক গানম্যান ও বাসভবনের নিরাপত্তার জন্য সশস্ত্র পুলিশ সদস্য চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। নিরাপত্তা চাওয়া হয়েছে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহম্মেদ সেখ প্রমুখের জন্যও।