ডিসি সম্মেলন শুরু আগামী  ৩ মে

ডিসি সম্মেলন শুরু আগামী  ৩ মে আগামী ৩ থেকে ৬ মে পর্যন্ত চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি স্মারক জারি করে সব সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। স্মারকে সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। স্মারকে বলা হয়েছে, আগামী ৩ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন অধিবেশনে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা অংশ নেবেন এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।

ভিজিটর ভিসা ব্যবহার নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

ভিজিটর ভিসা ব্যবহার নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবহার করে বিদেশে শিশু দত্তক নেয়ার বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, এই প্রক্রিয়া অনুসরণের ফলে গুরুতর আইনি ও অভিবাসন সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। আজ ভিসা সংক্রান্ত এক বিশেষ বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মার্কিন দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, বি১/বি২ ভিজিটর ভিসা মূলত পর্যটন বা স্বল্পমেয়াদি ব্যবসায়িক ভ্রমণের জন্য। এই ভিসা ব্যবহার করে দত্তক নেয়ার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা প্রতিষ্ঠিত আইনগত পথকে এড়িয়ে যাওয়ার শামিল। এর ফলে কয়েকটি স্তরে আইন লঙ্ঘনের ঝুঁকি থাকে। জেনেশুনে আইনি প্রক্রিয়া এড়িয়ে বি১/বি২ ভিসার জন্য আবেদন করলে তা ভিসা জালিয়াতি হিসেবে গণ্য হতে পারে।

চলতি বছর ৪ হাজার ৬৫৩টি স্থানীয় সরকারের নির্বাচন করবে ইসি

চলতি বছর ৪ হাজার ৬৫৩টি স্থানীয় সরকারের নির্বাচন করবে ইসি   চলতি বছর ৪ হাজার ৬৫৩টি স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন উপযোগী হবে। ফলে এ বছরই নির্বাচনগুলো করতে হবে নির্বাচন কমিশনকে (ইসি)। আজ ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন। তারা বলছেন, দেশের ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদের মধ্যে এ বছর নির্বাচন উপযোগী হবে ৩ হাজার ৭৫৫টি। আগামী বছরে আরও ৩৪৯টি। এ ছাড়া ভেঙে দেওয়া ৩৩০ পৌরসভা, ৪৯৫ উপজেলা, ১২টি সিটি করপোরেশন ও ৬১ জেলা পরিষদ এখনই নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে। কর্মকর্তারা বলছেন, নির্বাচন উপযোগী হলেও তা সরকারের ওপর নির্ভর করবে কখন ভোট হবে। কেননা, স্থানীয় সরকার ভোটগুলোর সিদ্ধান্ত সরকার নিয়ে থাকে। কমিশন কেবল ভোটের আয়োজন করে। তবে এরই মধ্যে ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি নির্বাচন করতে ইসিতে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এজন্য সব নির্বাচনের প্রস্তুতি রাখছে ভোট আয়োজনকারী সংস্থাটি। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন কমিশনের কোনো অবসর নাই। সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও অনেক স্থানীয় নির্বাচন আছে তা আয়োজন করতে হয়। সারা বছর ধরে নির্বাচন হবে। ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হবে। তিনি আরও বলেন, দলীয় প্রতীক নাকি নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে তার জন্য সংসদের প্রথম অধিবেশনের জন্য অপেক্ষা করছি। আইন অনুযায়ী ভালো নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত থাকবে।

মধ্যপ্রাচ্যের আজও ২৬টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের আজও ২৬টি ফ্লাইট বাতিল মধ‍্যপ্রাচ‍্য পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রোববার (৭ মার্চ) ২৬টিসহ গত নয় দিনে শাহজালাল বিমানবন্দরের বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র ঢাকা পোস্টকে জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি ও ৭ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়। রোববার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েতের ২টি, জাজিরার (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, ইউএই) ৬টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনসের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, ফ্লাইদুবাইয়ে (সংযুক্ত আরব আমিরাত) ২টি, এবং সৌদিয়া এয়ারলাইনসের (রিয়াদ) ২টি সহ মোট ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত সর্বমোট বাতিল করা ফ্লাইট ৩০০টি।

শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা

শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা (মরোণত্তর) পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন তার নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’ দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অন্যান্য বছরের মতো এবারও পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত করা হয়েছে। তারা হলেন- . গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ খালেদা জিয়া . অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নুরুন নাহার আক্তার . শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোছা. ববিতা খাতুন . সফল জননী নুরবানু কবীর . নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবনসংগ্রামে জয়ী নারী মোছা. শমলা বেগম এবং . সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী মোছা. আফরোজা ইয়াসমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি তার বক্তব্যে বলেন, ‘শত অত্যাচারে বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই পুরস্কার প্রথা দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে সহায়ক হিসেবে বিবেচিত। বিশেষ করে এমন ধরনের স্বীকৃতি নারীর সংগ্রাম, নেতৃত্ব ও অবদানের গল্পকে দেশের জনসাধারণের সামনে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরো জোরদারের প্রত্যাশা বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক

আরো জোরদারের প্রত্যাশা বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক রবিবার সচিবালয়ে সেতুমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত । বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার (৮ মার্চ) সচিবালয়ে সেতুমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণের বিপুল সমর্থনে গঠিত বর্তমান সরকারের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভবিষ্যতেও এ সম্পর্ককে আরও এগিয়ে নিতে তারা আগ্রহী।” বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি খাত, বন্দর ব্যবস্থাপনা এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সহযোগিতার সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেন। তিনি জানান, পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে এসব খাতে সুইজারল্যান্ড সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী এবং প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। এ সময় সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশ উন্নয়ন ও অবকাঠামো খাতে দ্রুত এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আশা প্রকাশ করেন, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি স্থানান্তর, বন্দর ব্যবস্থাপনা এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ ও সুইজারল্যান্ড যৌথভাবে কাজ করবে। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক আরো সুদৃঢ় করতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৫৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (৮ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। একটি প্রজ্ঞাপনে ৪০ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে নামের পাশে উল্লেখিত পদে বদলি থাকবে। আরেকটি প্রজ্ঞাপনে ১৩ জন অতিরিক্ত পুলিশ সুপারকে জেলার বিভিন্ন সার্কেলে বদলি করা হয়েছে।

মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু সীমিতভাবে

মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু সীমিতভাবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও ধীরে ধীরে কিছু রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হচ্ছে বলে জানা গেছে। বিশেষ করে ওমান ও সৌদি আরবগামী ফ্লাইটগুলো নিয়মিত পরিচালিত হচ্ছে। তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়ে। এর ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী বহু ফ্লাইট বাতিল করতে হয় বিভিন্ন এয়ারলাইন্সকে। বিমানবন্দর সূত্রে জানা গেছে- ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ আরও ২০টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৮টি। ৭ মার্চ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি এবং এমিরেটস এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট। তবে সংকটের মধ্যেও সীমিত পরিসরে মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী- গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ওমানের মাসকাট, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতগামী মোট ২১৪টি ফ্লাইট পরিচালিত হয়েছে এবং হচ্ছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ৬টি, ১ মার্চ ২০টি, ২ মার্চ ১৮টি, ৩ মার্চ ২২টি, ৪ মার্চ ৩৫টি, ৫ মার্চ ৩৮টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ রয়েছে ৪১টি ফ্লাইট। বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও ধীরে ধীরে কিছু রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হচ্ছে। বিশেষ করে ওমান ও সৌদি আরবগামী ফ্লাইটগুলো নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ধাপে ধাপে সংযুক্ত আরব আমিরাতের কিছু রুটেও ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ওয়েবসাইটে রেকর্ড হিট ঈদযাত্রায় ট্রেনের টিকিট বিক্রিতে চাপ

ওয়েবসাইটে রেকর্ড হিট ঈদযাত্রায় ট্রেনের টিকিট বিক্রিতে চাপ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ রেলওয়ে ৩ মার্চ থেকে শুরু করেছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। এর ধারাবাহিকতায় শনিবার (৭ মার্চ) বিক্রি হলো ১৭ মার্চের টিকিট। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে। সব টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে। সূত্রে জানা গেছে, শনিবার টিকিট বিক্রির প্রথম ঘন্টায় ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে যাত্রীদের বিপুল চাপ লক্ষ্য করা গেছে। সকাল ৮টা থেকে ৮.৩০টার মধ্যে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট কাটতে ওয়েবসাইটে প্রায় ১ কোটি ৩০ লাখ হিট রেকর্ড করা হয়। রেলওয়ে সূত্রে জানা গেছে, ১৭ মার্চের জন্য ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি ট্রেনে মোট ৩১ হাজার ২৫৫টি আসন রয়েছে। সকাল ১০টার মধ্যে এর মধ্যে ১৪ হাজার ৬৮৬টি আসন বিক্রি হয়ে গেছে। ঢাকা-রাজশাহী, ঢাকা-পঞ্চগড়, ঢাকা-চিলাহাটি, ঢাকা-বেনাপোল, ঢাকা-দিনাজপুর, ঢাকা-রংপুর, ঢাকা-কুড়িগ্রাম ও ঢাকা-খুলনা রুটের ট্রেনে তখন **কোনো আসন অবশিষ্ট ছিল না। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অন্যান্য দিনের তুলনায় শনিবারের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। একসঙ্গে বিপুলসংখ্যক যাত্রী টিকিট কাটার চেষ্টা করায় ওয়েবসাইট ও অ্যাপে চাপ তৈরি হয়েছে। তারা ধারণা করছেন, আজ ও আগামীকাল টিকিটের চাহিদা সর্বোচ্চ থাকবে। টিকিট না পেয়ে অনেক যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন। আতিকুল ইসলাম নামে এক যাত্রী লিখেছেন, সকাল ৮টায় ওয়েবসাইটে প্রবেশ করেও টিকিট কাটতে পারিনি। বুকিং হয়ে গিয়েছিল। রেলওয়ে জানিয়েছে, ঈদ উপলক্ষে যাত্রার আগের সাত দিনের ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি করা হচ্ছে। সেই অনুযায়ী ১। ৭ মার্চ বিক্রি হলো ১৭ মার্চের টিকিট; ২। ৮ মার্চ বিক্রি হবে ১৮ মার্চের টিকিট; ৩। ৯ মার্চ বিক্রি হবে ১৯ মার্চের টিকিট। পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শনিবার দুপুর ২টা থেকে শুরু হবে।

বেঁধে দেওয়া হয়েছে যানবাহনে তেল নেওয়ার সীমা

বেঁধে দেওয়া হয়েছে যানবাহনে তেল নেওয়ার সীমা মধ্যপ্রাচ্য চলমান যুদ্ধের কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে। এতে দেশেও জ্বালানি তেলের সংকট তৈরির আশঙ্কা তৈরি হয়েছে। মানুষ আতঙ্কিত হয়ে ফিলিং স্টেশনে ভিড় করছে এবং প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছেন। এজন্য ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আজ বিপিসির এক নির্দেশনায় বলা হয়েছে, একটি মোটরসাইকেলে দিনে ২ লিটার পেট্রল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে ১০ লিটার তেল। এসইউভি বা জিপ ও মাইক্রোবাস দিনে পাবে ২০ থেকে ২৫ লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারবে ৭০ থেকে ৮০ লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান বা কনটেইনার ট্রাক দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল নিতে পারবে। এদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনও সংকট নেই। পর্যাপ্ত মজুত রয়েছে। তাই অযথা উদ্বিগ্ন হয়ে কেউ যেন তেল মজুত না করেন। আজ পরীবাগের পেট্রোল পাম্প পরিদর্শন শেষে এসব কথা বলেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।