আগামী ৮ থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ

৮ থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ আগামী ৮ থেকে ১৪ এপ্রিল ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫’ পালন করবে সরকার। এ সময়ে জাটকা ধরা বন্ধ, অবৈধ জাল তৈরি, পাচার, অবৈধ পরিবহন ও মজুদদারি রোধে কাজ করবে সরকার। আজ দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ইলিশ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ সরকার কার্যকর কর্মপরিকল্পনা নিয়েছে। তারই ধারাবাহিকতায় জাটকা সংরক্ষণ সপ্তাহ ৮ থেকে ১৪ এপ্রিল পালন করা হবে। এবার জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে ‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’। জাটকা হচ্ছে ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের ছোট আকারের ইলিশ। এক কেজি ওজনের ইলিশ কমপক্ষে ৪০-৫০ সেন্টিমিটার এবং দুই কেজির অধিক হলে ৬০-৬২ সেন্টিমিটার হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহের মাধ্যমে জাটকাকে ইলিশে রূপান্তর করা হবে। উপদেষ্টা ফরিদা বলেন, বিগত ২০২৩-২৪ অর্থবছরে দেশে পাঁচ লাখ ২৯ হাজার টন ইলিশ উৎপাদন হয়েছে। দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় ১১ শতাংশ। দেশজ জিডিপিতে ইলিশের অবদান এক শতাংশের বেশি। বিশ্বের মোট উৎপাদিত ইলিশের প্রায় ৮০ শতাংশের বেশি আহরিত হয় এ দেশের নদ-নদী, মোহনা ও সাগর থেকে। ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষ স্থানে রয়েছে। ফরিদা আখতার বলেন, এ দেশের প্রায় ছয় লাখ লোক ইলিশ আহরণে সরাসরি নিয়োজিত এবং ২০-২৫ লাখ লোক ইলিশ পরিবহন, বিক্রি, জাল ও নৌকা তৈরি, বরফ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, রপ্তানি ইত্যাদি কাজে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত। তাই সম্পদের উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের হাতের নাগালে ইলিশ পৌঁছে দেওয়ার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে। উপদেষ্টা দেশবাসীর কাছে অনুরোধ জানিয়ে বলেন, জাটকা আহরণ, কেনাবেচা এবং খাওয়া থেকে বিরত থেকে জাতীয় মাছ ইলিশের উন্নয়নে এগিয়ে আসবেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’ সফল ও সার্থক হয়ে উঠবে এটাই আমার প্রত্যাশা। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার দেশের ইলিশসমৃদ্ধ ২০টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করা হবে। এ লক্ষ্যে সাত দিনব্যাপী কেন্দ্রীয় এবং মাঠপর্যায়ে অর্থাৎ জেলা ও উপজেলা পর্যায়ে উপযোগী কর্মসূচি পালিত হবে। এবার জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান ৮ এপ্রিল বরিশাল বিভাগের ইলিশসমৃদ্ধ অন্যতম জেলা বরিশালের সদর উপজেলার বেলস্ পার্কে অনুষ্ঠিত হবে এবং বরিশাল সদর উপজেলার ডিসি ঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে নৌ-র‍্যালি অনুষ্ঠিত হবে। এদিকে ইলিশ সম্পদ রক্ষা ও উন্নয়নে সরকার বর্তমানে যেসব কার্যক্রম নিয়েছে, সেগুলো: জাটকা ও মা ইলিশ রক্ষায় সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে সচেতনতামূলক প্রচার-প্রচারণার বিভিন্ন উদ্যোগ গ্রহণ, এর আওতায় প্রতিবছর জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করা হয়ে থাকে। ইলিশের বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় নির্ধারণ করে মা ইলিশ আহরণের নিষিদ্ধ সময় ২২ দিন করা হয়েছে। ইলিশের পোনা জাটকা যেন নিরাপদে বাড়তে পারে তাই ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত দেশব্যাপী জাটকা ধরা, পরিবহন, মজুদ, কেনা-বেচা নিষিদ্ধ করা হয়েছে। দেশের ইলিশসমৃদ্ধ প্রধান প্রধান নদ-নদীতে ছয়টি ইলিশ অভয়াশ্রম স্থাপন করা হয়েছে এবং এ অভয়াশ্রমে বছরের নির্দিষ্ট সময়ে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ রাখা হয়। মা ইলিশ এবং জাটকা আহরণ নিষিদ্ধকালে জেলেদের জীবনধারণের জন্য প্রতিবছর ভিজিএফ খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে এবং জাটকা আহরণে বিরত অতি দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাহিদামাফিক বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হচ্ছে। ইলিশসহ উপকূলীয় অন্যান্য মৎস্য প্রজাতি ও জলজ জীব রক্ষায় ২০১৯ সালে নিঝুম দ্বীপ ও তৎসংলগ্ন এলাকায় তিন হাজার ১৮৮ বর্গ কিলোমিটার আয়তনের সামুদ্রিক সংরক্ষিত অঞ্চল ঘোষণা করা হয়েছে। জেলে ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন এবং উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদের কাঙ্ক্ষিত উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মৎস্য অধিদপ্তরের মাধ্যমে ‘সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন যুগোপযোগী করার নিমিত্ত সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও উৎপাদন বাড়াতে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’ বাস্তবায়ন করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রাথমিক অবস্থায় দুটি দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে মোট ১১ হাজার টন ইলিশ রপ্তানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। ইলিশ সম্পদ উন্নয়নে সরকারের নানামুখী সমন্বিত কার্যক্রম বাস্তবায়নের ফলে ইলিশের উৎপাদন ক্রমান্বয়ে বেড়েই চলেছে। প্রতিবছর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, পুলিশ, র‍্যাব, নৌ-পুলিশ এবং মৎস্য অধিদপ্তরে সম্মিলিতভাবে আইন বাস্তবায়ন করা হয়। সরকার মৎস্য সংরক্ষণ আইনের সময়োপযোগী সংশোধন করেছে। জাটকাকে ইলিশে পরিণত করার জন্য এই নিষিদ্ধ সময়ে সাগরের উপকূলবর্তী এলাকাসহ সব নদ-নদী, মাছ ঘাট, মৎস্য আড়ত ও বাজারে অবিরত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জাটকা ও মা ইলিশ রক্ষায় চলমান কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করলে বছরজুড়ে ইলিশের প্রাপ্যতা নিশ্চিত করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। এবার বাজারে সরবরাহ বাড়লে দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশা করছি।

পহেলা বৈশাখে পান্তা-ইলিশ না খাওয়ার আহ্বান মৎস্য উপদেষ্টার

পহেলা বৈশাখে পান্তা-ইলিশ না খাওয়ার আহ্বান মৎস্য উপদেষ্টার এ বছর পহেলা বৈশাখে পান্তা-ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ দুপরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ আহ্বান জানান। জাটকা সংরক্ষণ সপ্তাহ -২০২৫ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপদেষ্টা চৈত্র সংক্রান্তি পালনের সঙ্গে পহেলা বৈশাখে বাতাসা, দই, চিড়া, মিষ্টি, ছাতুর সরবত, ভাত, শাক, সবজি ইত্যাদি খাওয়ার আহ্বান জানান। উপদেষ্টা ফরিদা আখতার বলেন, মানুষ পহেলা বৈশাখে ইলিশ খায় কেমন করে। এ সময় তো ইলিশ পাওয়ার কথা নয়। পহেলা বৈশাখে পান্তা-ইলিশ আমাদের সংস্কৃতির অংশ নয়। এটি আমি পরিষ্কার করতে চাই। তিনি বলেন, পহেলা বৈশাখে যারা ইলিশ খাবেন, তারা জাটকা-ই খাবেন। একই সঙ্গে তারা আইন লঙ্ঘন করবেন। কাজেই বাজারে পাওয়াটাও আইনের লঙ্ঘন হয়। এই সময়ে আমরা জোরালোভাবে জাটকা সংরক্ষণ বিষয়ে সচেতন করার জন্য আমরা বলেছি। তিনি আরও বলেন, ১৪ এপ্রিল পান্তার সঙ্গে ইলিশ খাওয়া হয়, সেটা যেন না খাওয়া হয়, সেই অনুরোধ করব। কারণ এ সময় ইলিশ নয়, জাটকা খাওয়া হয়। সেই হিসেবে জাটকা সংরক্ষণ করে ইলিশে রূপান্তর করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে এ বছর পান্তা-ইলিশ না খাওয়ারও আহ্বান জানাই। ফরিদা আখতার বলেন, যারা ঢাকায় থাকেন তারা পান্তা-ইলিশ চালু করেছেন। এটি আরোপিত সংস্কৃতি। বরং পহেলা বৈশাখের আগের দিন বাঙ্গালি সংস্কৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো চৈত্র সংক্রান্তি, সেখানে কোনো আমিষ খাওয়া হয় না। সেদিন ১৪ রকমের শাক খাওয়া হয়। আপনারা চৈত্র সংক্রান্তি পালন করবেন। পহেলা বৈশাখে বাতাসা খান, দই, চিড়া, মিষ্টি, ছাতুর সরবত খান, ভাত, শাক, সবজি খান, ইলিশ বাদে অন্য মাছ খান। তিনি বলেন, কোল্ড স্টোরেজ থেকে মজুত করা ইলিশ বাজারে আসার একটা সম্ভাবনা রয়েছে। আমরা চাই না সেটা বাজারে আসুক। পহেলা বৈশাখে পান্তার সঙ্গে ইলিশ না খেয়ে ভর্তা, পোড়া মরিচ খেতে পারেন। জেলেরা তাদের জীবন-জীবিকা ঝুঁকিতে রেখে মাছ ধরা বন্ধ রাখতে পারেন। তাহলে আমরা কেন একদিন ইলিশ খাওয়া বন্ধ করতে পারব না? ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আগে দুর্গাপূজা আসুক, তখন দেখা যাবে। আমাদের ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা ছিল। সেটি এখনো আছে। তবে আমরা প্রবাসী বাংলাদেশিদের জন্য কিছু ছাড় দিয়েছি। সেখানে নিদিষ্ট কিছু দেশে আছে যেখানে আমাদের বাংলাদেশিরা রয়েছে তাদের ইলিশ খাওয়ানোর জন্য এটি করা হয়েছে। বাংলাদেশে যখন ইলিশ ধরা বন্ধ থাকে, তখন ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে ইলিশ ধরে নিয়ে যায়, এ বিষয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে ফরিদা আখতার বলেন, এবার সেই সুযোগ নেই। আমরা বৈজ্ঞানিকভাবে সময়টা নির্ধারণ করেছি। ভারতও বৈজ্ঞানিকভাবে কিছু একটা করে। এখন আর সেই সুযোগ থাকবে না।

দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় এলো মার্চে

দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় এলো মার্চে একক মাসে হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় এলো সদ্য বিদায়ী মাস মার্চে। ঈদের আগের মাস মার্চে প্রবাসী আয় এলো ৩২৯ কোটি মার্কিন ডলার বা ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৪৭ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। একক মাস হিসেবে এত বেশি প্রবাসী আয় কখনো আসেনি। আজ এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: আরিফ হোসেন খান। মার্চ মাসে আসা প্রবাসী আয় আগের বছরের মার্চের তুলনায় ৬৪ দশমিক ৭০ শতাংশ বেশি। আগের বছরের মার্চ মাসে এসেছিল ১৯৯ কোটি ৭০ লাখ ডলার। আর আগের মাস ফেব্রুয়ারিতে এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ ৫০ হাজার ডলার। ঈদের আগের মাসে প্রবাসীরা দেশে স্বজনদের খরচের জন্য বেশি বেশি প্রবাসী আয় পাঠান। সেজন্য অন্য মাসের তুলনায় ঈদের মাসে প্রবাসী আয় বৃদ্ধি পায়। আগের যেকোনো ঈদের আগের মাসের চেয়ে বেশি প্রবাসী আয় এলো সদ্য বিদায়ী মাসে। এমনকি করোনা মহামারির সময়ও বেশি রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। করোনার সময়ের সেই আয়কেও পেছনে ফেলেছে মার্চের প্রবাসী আয়। চলতি অর্থবছরে বেশি প্রবাসী আয় আনে অক্টোবরে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ডলার; ২০২৩-২৪ অর্থবছর জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার এবং ২০২০-২১ অর্থবছরের জুলাই মাসে ২৫৯ কোটি ৮২ লাখ ১০ হাজার ডলার। বৈধপথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠাতে বেশ কিছু উদ্যোগ নেওয়ার ফলে বাড়তে থাকে প্রবাসী আয়। চলতি অর্থবছরের জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রবাসীরা যোগ দিয়ে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানো কমিয়ে দেয়। ৫ আগষ্ট শেখ হাসিনার পতন হলে প্রবাসীরা বৈধপথে রেমিট্যান্স পাঠানো বাড়িয়ে দেয়। এরপর প্রায় প্রতিমাসেই প্রবাসী আয় বাড়তে থাকে। সর্বশেষ ঈদের আগের মাস মার্চে সর্বোচ্চ প্রবাসী আয় আসে, একক মাস হিসেবে যা অতীতের সব রেকর্ড ভাঙল।

শুল্ক আরোপ: ৪৮ ঘণ্টার মধ্যে দুই চিঠি যাবে যুক্তরাষ্ট্রে

শুল্ক আরোপ: ৪৮ ঘণ্টার মধ্যে দুই চিঠি যাবে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের রিসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপের প্রেক্ষিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে দুটি চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি চিঠি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাছে এবং বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে একটি চিঠি ইউএসটিআরের কাছে পাঠানো হবে। আজ বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি। বৈঠকে চারজন উপদেষ্টা, একজন উচ্চ পর্যায়ের প্রতিনিধি, একজন স্পেশাল অ্যাম্বাসেডর, দশজনের মতো সচিব এবং বড় ব্যবসায়ীদের মধ্য থেকে চারজন প্রতিনিধি ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, প্রতিনিয়ত তাদের সঙ্গে আমরা কথা বলছি ইউএসএ অফিশিয়াল। সেটা ঢাকায় তাদের এমব্যাসি অফিসিয়াল, ওদিক দিয়ে ইউএসএ এর ইউএসটিআর। আমাদের যেটা সিদ্ধান্ত যে আমরা দুটি চিঠি দেব। দুটি চিঠি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যাবে। একটা চিঠি যাবে আমাদের প্রধান উপদেষ্টার তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। আর একটা চিঠি যাবে আমাদের বাণিজ্য উপদেষ্টা তরফ থেকে ইউএসটিআর’র কাছে। চিঠিতে কী লেখা থাকবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চিঠিতে কী কী থাকবে, কি ধরনের ল্যাঙ্গুয়েজ সেটা নিয়েই আজকে আলোচনা হয়েছে। আজকে চারজন উপদেষ্টা ছিলেন, একজন হাইলি রিপ্রেজেন্টার ছিলেন, একজন স্পেশাল অ্যাম্বাসেডর, আমাদের প্রায় দশজনের মতো সেক্রেটারি ছিলেন, যারা বড় ব্যবসায়ী তাদের মধ্য থেকে চারজন প্রতিনিধি ছিলেন। সবার সঙ্গে কথা হয়েছে, কথা হওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে – খুব দ্রুত ৪৮ ঘণ্টার মধ্যে দুটি চিঠি যাবে। তিনি বলেন, চিঠিতে যাই থাকুক সেটা আমাদের ব্যবসাবান্ধব হবে। আমাদের বাংলাদেশের ব্যবসার স্বার্থটা দেখা হবে। বাংলাদেশের সঙ্গে কম্পিটিটিভ যেসব কান্ট্রি আছে তাদের চেয়ে আমরা আরো ব্যবসাবান্ধব হব, এই চিঠিটা হবে। আরো বেশি ব্যবসাবান্ধব হবে, যাতে করে যুক্তরাষ্ট্র এবং আমাদের দুই পক্ষের জন্যই উইন উইন সিচুয়েশন হয় এবং আমাদের জন্য মার্কেট এক্সেসটা যেন আরো বাড়ে। শফিকুল আলম আরো বলেন, আমরা চাই যুক্তরাষ্ট্র পৃথিবীর লার্জেস্ট মার্কেট, সেখানে আমাদের আরো অনেক বিলিয়ন ডলার রপ্তানি করার সুযোগ আছে। যেটা আমাদের উপদেষ্টারা এবং ব্যবসায়ী নেতারা আজকে বললেন।

এপ্রিলে অপরিবর্তিত থাকছে এলপি গ্যাসের দাম

এপ্রিলে অপরিবর্তিত থাকছে এলপি গ্যাসের দাম ভোক্তা পর্যায়ে এপ্রিল মাসের জন্য এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। চলতি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। আজ নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা রবিবার সন্ধ্যা থেকে কার্যকর হবে। এছাড়া অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪৩ পয়সা থেকে ২ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত মার্চ মাসে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৮ টাকা থেকে ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। ফেব্রুয়ারিতে বাড়তি ছিল এলপি গ্যাসের দাম। মার্চ মাসের কমার পর এই মাসেই অপরিবর্তিত থাকলো। ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর জানুয়ারি মাসের শুরুতে সেই মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছিল এলপিজির দাম। তবে গত ১৪ জানুয়ারি এই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা পুনঃনির্ধারণ করা হয়। ২০২৪ সালে ৪ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। এক দফা ছিল অপরিবর্তিত। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর বাড়ানো হয়েছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। তবে দাম অপরিবর্তিত ছিল ডিসেম্বরে।

যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক নিয়ে বৈঠক শুরু

যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক নিয়ে বৈঠক শুরু বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে। এই শুল্ক নিয়ে অর্থ উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়েছে। আজ বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্ব বৈঠকে বাণিজ্য উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ কয়েকজন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতা উপস্থিত রয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউজ প্রকাশিত একটি তালিকায় দেখা যায়, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর বাংলাদেশের শুল্ক ৭৪ শতাংশ। আর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে। আগে বাংলাদেশি পণ্য গড়ে ১৫ দশমিক ৬২ শতাংশ শুল্ক দিয়ে মার্কিন বাজারে প্রবেশ করত।শুধু বাংলাদেশই নয়, বহু দেশেই যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করেছে। এশিয়ার অন্যান্য দেশগুলোও নতুন করে যুক্তরাষ্ট্রের শুল্কের মুখে পড়েছে। হোয়াইট হাউসের নথি অনুযায়ী, ভিয়েতনামের ওপর ৪৬ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। উচ্চ শুল্কের মুখে পড়া অন্যান্য দেশের মধ্যে রয়েছে জাপান (২৪ শতাংশ), দক্ষিণ কোরিয়া (২৫ শতাংশ), ভারত (২৬ শতাংশ), কম্বোডিয়া (৪৯ শতাংশ) ও তাইওয়ান (৩২ শতাংশ)। চীনের ওপর নতুন করে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

বৃষ্টির পরও ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

বৃষ্টির পরও ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ বিশ্বের বিভিন্ন দেশে বায়ুদূষণের মাত্রা যেন বেড়েই চলেছে। সেইসঙ্গে দিন দিন মেগাসিটি ঢাকার বাতাসও দূষিত হয়ে উঠছে। শনিবার রাতের বৃষ্টির পরও রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রায় কোন উন্নতি নেই। টানা কয়েক দিন ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ সকাল ৯টা নাগাদ আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৪৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৬ষ্ঠ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। একই সময়ে, ২৯১ স্কোর নিয়ে প্রথম স্থানে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি। এখানকার বাতাসের মান নাগরিকদের জন্যে ‘খুব অস্বাস্থ্যকর’।এছাড়াও একই তালিকায় ২২৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে নেপালের রাজধানী কাঠমান্ডু। তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তানের শহর লাহোরের স্কোর ২০১ এবং রাজধানী ঢাকা ১৪৭ স্কোর নিয়ে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বাতাসের গুণমান নির্ধারণের একিউআই স্কেল অনুযায়ী ০-৫০ ভালো, ৫১-১০০ মাঝারি, ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। বাংলাদেশের একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুসারে, বায়ু দূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী প্রতি বছর অন্তত ৭০ লাখ মানুষ মারা যায়।বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ুদূষণ নাগরিকদের জন্যে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। বাইরে বের হলে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের বাড়ির বাইরে কম বের হতে বলা হয়েছে। শহরে সবুজায়ন ও গাছপালা বৃদ্ধির মাধ্যমে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মানব পাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মানব পাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, মানব পাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে এবং এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আজ সকালে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সুরমা হলে মানব পাচার সংক্রান্ত বিমসটেক সাব-গ্রুপের তৃতীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানব পাচার সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহি করার জন্য শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সজাগ ও সক্রিয় রয়েছে। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পাচারের বিপদ সম্পর্কে সংশ্লিষ্টদের সচেতন করার করার জন্য বিভিন্ন জনসচেতনতামূলক প্রচারণা জোরদার করা হয়েছে। উপদেষ্টা বলেন, বাংলাদেশ মানব পাচার মোকাবেলায় জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, মানব পাচারের শিকার ভুক্তভোগীদের দক্ষতার সঙ্গে শনাক্তকরণ, তাদের চাহিদা মূল্যায়ন এবং উপযুক্ত পরিষেবা প্রদানকারীদের সঙ্গে সংযুক্ত করার জন্য একটি জাতীয় রেফারেল ব্যবস্থা (ওয়েব প্ল্যাটফর্মে হোস্ট করা)-সহ সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, মানব পাচারকারীদের বিচার দ্রুত করার জন্য নিবেদিত বিশেষ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছে এবং আমাদের জাতীয় কৌশলে সচেতনতামূলক প্রচারণাগুলোকে পদ্ধতিগতভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। উপরন্তু, আমরা বিমসটেক এবং অন্যান্য দেশের সঙ্গে এ বিষয়ে সহযোগিতা জোরদার করার জন্য আমাদের পারস্পরিক আইনি সহায়তা ব্যবস্থাকে প্রসারিত করেছি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে অন্যান্য বিমসটেক সদস্য রাষ্ট্রগুলো উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। এ বৈঠকে সেই পদক্ষেপ এবং অভিজ্ঞতাসমূহ বিনিময় করা হবে মর্মে আমি আশা করি। তিনি বলেন, পাচারকারীরা সরকারী উদ্যোগগুলিকে এড়িয়ে যাওয়ার জন্য ক্রমাগত নিত্য নতুন কৌশল গ্রহণ করে। তারা সংশ্লিষ্ট জনগোষ্ঠীর অর্থনৈতিক সংকট ও দারিদ্র্যকে কাজে লাগিয়ে ও প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে তাদের গোপন কার্যকলাপ এগিয়ে নেয়ার জন্য অভিবাসন রুটগুলোকে কাজে লাগাতে থাকে। এই অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি সম্মিলিত এবং কৌশলগত কর্মপদ্ধতি প্রয়োজন এবং সদস্য রাষ্ট্রগুলির মধ্যে গোয়েন্দা তথ্য ও সেরা অনুশীলন বিনিময়ের মাধ্যমে একটি প্ল্যাটফর্ম প্রদানে বিমসটেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি আরও বলেন, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সম্মিলিত প্রয়াস আমাদের পাচার বিরোধী কৌশলকে আরও শক্তিশালী করতে সক্ষম করবে। উপদেষ্টা আগামী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব বাংলাদেশকে অর্পণ করার জন্য এর সদস্য রাষ্ট্রগুলির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্ভুক্তিমূলক, কর্মমুখী এবং দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিয়ে বিমসটেককে পরিচালনা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তার সক্ষম এবং অনুপ্রেরণামূলক নেতৃত্বে আমরা আত্মবিশ্বাসী যে বিমসটেক আমাদের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং সম্পর্ক গভীরতর করার মাধ্যমে নতুন এক উচ্চতায় পৌঁছাবে। উপদেষ্টা আরও বলেন, এ বৈঠক মানব পাচার কৌশল নিয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং বিমসটেক অঞ্চল জুড়ে মানব পাচার রোধে আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার একটি উল্লেখযোগ্য সুযোগ প্রদান করেছে। তিনি বলেন, এ বৈঠকের ফলাফল শক্তিশালী নীতি তৈরি, এর কার্যকর প্রয়োগ এবং গভীর আঞ্চলিক সহযোগিতার জন্য অনুঘটক হিসেবে কাজ করবে। সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক ও আইসিটি অনুবিভাগের অতিরিক্ত সচিব এবং মানব পাচার সংক্রান্ত বিমসটেক সাব-গ্রুপের তৃতীয় সভার চেয়ারম্যান খন্দকার মো. মাহাবুবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিমসটেক সেক্রেটারিয়েট ঢাকার পরিচালক প্রশান্থ চান্দ্রান। সভায় বিমসটেকভুক্ত সাত সদস্য দেশের (বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান) মানব পাচার সংক্রান্ত সাব-গ্রুপের সংশ্লিষ্ট সদস্যগণ অংশগ্রহণ করেন।

সদ্য তোলা রঙিন ছবি না দিলে পদোন্নতি নয়

সদ্য তোলা রঙিন ছবি না দিলে পদোন্নতি নয় সদ্য তোলা রঙিন ছবি না দিলে পদোন্নতি দেওয়া হবে না বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলম স্বাক্ষরিত অতি জরুরি এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মচারী বাতায়নে (জিইএমএস) পিডিএস-এর ব্যক্তিগত তথ্য হালনাগাদকরণের ক্ষেত্রে অনূর্ধ্ব ছয় মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজনসহ সকল ব্যক্তিগত তথ্য নিজ দায়িত্বে জরুরি ভিত্তিতে হালনাগাদ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যে সকল কর্মকর্তা নতুন রঙিন ছবি সংযোজনসহ জিইএমএস-এ পিডিএস-এর তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হবেন, তাদের কেস পদোন্নতির জন্য বিবেচিত হবে না।

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ নীতির আওতায় বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে দেশটি। এই ইস্যুতে করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, শীর্ষ বিশেষজ্ঞ, উপদেষ্টা ও কর্মকর্তারা এই বৈঠকে যোগ দেন। বাংলাদেশ কার্যত মার্কিন পণ্যের ওপর ৭৪ শতাংশ শুল্ক আরোপ করে। সে হিসেবে ট্রাম্পের নতুন নীতির অংশ হিসেবে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ ‘ডিসকাউন্টেড রিসিপ্রোকাল ট্যারিফ’ ধার্য করা হয়।