সারাদেশে সাময়িকভাবে বন্ধ এনআইডি সেবা

সারাদেশে সাময়িকভাবে বন্ধ এনআইডি সেবা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম সারাদেশে সাময়িকভাবে বন্ধ রয়েছে। এনআইডি সার্ভারে প্রবেশের সময় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না আসায় এই সমস্যা দেখা দিয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি বলেন, আমাদের সার্ভারে লগইন করতে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওটিপি প্রয়োজন হয়। কিন্তু এখন সেই ওটিপি আসছে না। ফলে কর্মকর্তা-কর্মচারীরা সার্ভারে ঢুকতে পারছেন না, এনআইডি সেবাও বন্ধ রয়েছে। তিনি আরও জানান, এটি সার্ভারের সমস্যার কারণে নয়। ইসি এনআইডি কার্যক্রম পরিচালনার জন্য যে ওটিপি সেবা ব্যবহার করছে, সেই সেবাদাতা প্রতিষ্ঠানের সিস্টেমে ত্রুটি দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটি সমস্যার সমাধানে কাজ করছে। ওটিপি সংক্রান্ত ত্রুটি দূর হলেই সব কার্যক্রম আবারও চালু হবে।
বড় বিনিয়োগ পাওয়ার আশায় মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প

বড় বিনিয়োগ পাওয়ার আশায় মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড আজ ট্রাম্প সৌদি আরবে যাচ্ছেন। এই সফরে প্রেসিডেন্ট ট্রাম্প কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও যাবেন।হোয়াইট হাউস বলছে, মধ্যপ্রাচ্যে ট্রাম্পের এবারের সফর ঐতিহাসিক। এটি তার দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সির প্রথম কোনো সরকারি রাষ্ট্রীয় সফর। ট্রাম্পের এই সফরে যুক্তরাষ্ট্রের জন্য বড় অঙ্কের আর্থিক বিনিয়োগ নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি তিনি আঞ্চলিক ইস্যুতে কূটনৈতিক অগ্রগতি অর্জনের চেষ্টা করবেন, যার মধ্যে রয়েছে গাজায় যুদ্ধবিরতি এবং সৌদি আরব-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ সংক্রান্ত আলোচনা। সৌদি আরবে ট্রাম্পের লক্ষ্য হলো মার্কিন শিল্পখাতে এক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত করা। এই অঙ্ক সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আগের ঘোষিত ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতির তুলনায় অনেক বেশি। মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে তালিকায় রাখছেন না ট্রাম্প। অবশ্য এ সিদ্ধান্তে কিছু মহলে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সৌদি আরব থেকে আল জাজিরার প্রতিবেদক কিম্বারলি হ্যালকেট জানান, মঙ্গলবার সকালে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছালে ট্রাম্পকে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানানো হবে। ইস্তাম্বুলের জাইম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামি আল-আরিয়ান বলছেন, ট্রাম্প এই সফরের মাধ্যমে তিন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে আরও দৃঢ় করতে এবং তাদের কাছ থেকে অন্তত দুই ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত করতে চাচ্ছেন।
এনবিআর বিলুপ্তিতে কর্মকর্তাদের প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

এনবিআর বিলুপ্তিতে কর্মকর্তাদের প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এনবিআর বিলুপ্ত হয়ে দুটি বিভাগ গঠিত হলেও প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দুশ্চিন্তার কারণ নেই। সব দেশেই এমন আলাদা বিভাগ থাকে। এনবিআরের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেই করা হয়েছে। রাজস্ব আদায়ে এর প্রভাব পড়বে না। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, ‘রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না। এখন পর্যন্ত রাজস্ব আদায় গতবারের তুলনায় ২ শতাংশ বেশি হয়েছে। খুব হতাশাব্যাঞ্জক নয়, আমরা আরও প্রত্যাশা করছি। অন্তত গতবারের তুলনায় কম হবে না।’ আগামী বাজেট সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, ‘বাজেটে বড় ঘাটতি থাকবে না। প্রকল্প, এডিপি বাস্তবায়ন-এসব করা হবে বাস্তবতার ভিত্তিতে। ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করা হবে না। কিছুটা তো ঘাটতি থাকবে। সেটা পূরণ করতে আমরা আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে কথা বলেছি, সে ক্ষেত্রে আমরা মোটামুটি সফল’। সালেহউদ্দিন আহমেদ বলেন, বিশ্বের সব দেশেই রাজস্ব নীতি ও বাস্তবায়ন বিভাগ পৃথক। যারা নীতি প্রণয়ন করবেন, তাদের পেশাদার হতে হবে; অর্থাৎ দেশের জিডিপি, অর্থনীতি, পরিসংখ্যান-এসব বিষয়ে ধারণা থাকতে হবে। যারা নীতি প্রণয়ন করবেন, তারা আবার রাজস্ব সংগ্রহও করবেন, তা হতে পারে না।
ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে

ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে ঈদুল আজহা উপলক্ষে আগামী ২১ মে থেকে অনলাইনে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। তিনি বলেন, যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে বিজয় হলে ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভায় তিনি এসব তথ্য জানান। সচিব ফাহিমুল ইসলাম বলেন, আগামী ৭ জুনকে ঈদুল আজহার দিন ধরে ট্রেনের টিকিট অগ্রিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বরাবরের মতো এবার ঈদের আগে বিশেষ ব্যবস্থায় সাত দিনের ট্রেনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের এ ট্রেন যাত্রার টিকিট আগামী ২১ মে থেকে বিক্রি শুরু হবে। তিনি বলেন, আগামী ৩১ মে থেকে যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট দুপুর ২টায় বিক্রি শুরু হবে। তিনি আরও বলেন, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মের টিকিট বিক্রি হবে ২১ মে; ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে; ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে। সভা শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ প্রমুখ।
বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা আবহাওয়ার পূর্বাভাসে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে কয়েকদিনের অসহ্য তাপমাত্রা কমে আসবে। সোমবার (১২ মে) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ (সোমবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এছাড়া, খুলনা বিভাগের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এতে আরো বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোর জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগসহ রংপুর, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ময়মনসিংহ, জামালপুর এবং শেরপুর জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে ১৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য, আজ ভোর ৬ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে ৮৬ মিলিমিটার বা মিমি। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। ঢাকায় বাতাসের গতি পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৭ মিনিটে।
পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করুন

পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করুন পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১২ মে) ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসকদের প্রতি এ আহ্বান জানান তিনি। দেশে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে সিভিল সার্জন সম্মেলন। স্বাস্থ্য খাত সংস্কার উদ্যোগের অংশ হিসেবে জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের কাছে চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে জানবেন নীতিনির্ধারকেরা। জেলা সিভিল সার্জনদের নিয়ে দু’দিনব্যাপী সম্মেলন আজ শুরু হয়েছে। সম্মেলনে কার্য অধিবেশনগুলোতে স্বাস্থ্যসংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিবসহ সিনিয়র কর্মকর্তারা দিকনির্দেশনা দেবেন। প্রধান উপদেষ্টা সিভিল সার্জনদের উদ্দেশে বলেন, “আমাদের যতটুকু চিকিৎসা সরঞ্জাম বা সুযোগ-সুবিধা রয়েছে, এই পরিস্থিতির মধ্যে যদি আমরা পরিবর্তনের জন্য নিজের মন ঠিক করতে পারি তাহলে আমি নিশ্চিত, দেশে স্বাস্থ্যসেবার ২৫ শতাংশ উন্নতি হয়ে যাবে।” তিনি আরো বলেন, “সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনের মধ্য দিয়ে নতুন মানসিকতার উন্মোচন করছি এবং সেইসঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য খাতের নতুনভাবে পথচলা শুরু হলো।” অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বক্তব্য রাখেন। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি বছর ৬৪ জেলা প্রশাসকদের নিয়ে ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জেলার নানা বিষয় উঠে আসে। এবার সেই আদলে ৬৪ জেলার স্বাস্থ্য প্রশাসকদের নিয়ে প্রথমবার সিভিল সার্জন সম্মেলন হচ্ছে। সম্মেলনের আগে সেবার ক্ষেত্রে সমস্যা ও চ্যালেঞ্জগুলো পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। সিভিল সার্জনরা তাদের মতামত মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।
কোচিং বাণিজ্য বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার দাবি

কোচিং বাণিজ্য বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার দাবি কোচিং বাণিজ্য বন্ধ করার জন্য সরকারের কাছে মোবাইল কোর্ট পরিচালনার আহ্বান জানিয়েছেন অভিভাবক ঐক্য ফোরাম সভাপতি মো. জিয়াউল কবির দুলু। সোমবার (১২ মে) এক বিবৃতিতে তিনি বলেন, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশানুরূপ কোনো লেখাপড়া হয় না। কতিপয় শিক্ষক নৈতিকতা বিবর্জিত হয়ে শিক্ষার্থীদের পরীক্ষার খাতায় কম নম্বর দিয়ে, ফেল করানোর ভয়ভীতি প্রদর্শন করে শিক্ষার্থীদের নিজ কোচিং সেন্টারে যেতে বাধ্য করে এবং অভিভাবকরা উপায়হীন হয়ে সন্তানকে পরীক্ষায় ফলাফল ভালো করানোর জন্যই শিক্ষকের কোচিংয়ে পাঠাতে উৎসাহিত হয়। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধের জন্য হাইকোর্ট আমার দাখিল করা রিট মামলার আদেশের প্রেক্ষিতে ২০১২ সালে একটি নীতিমালা জারি করেন। ওই নীতিমালায় বলা হয়েছে, শিক্ষকরা নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদেরকে কোচিং বা প্রাইভেট পড়াতে পারবেন না। এজন্য একটি মনিটরিং কমিটিও গঠন করা হয়েছিল। গত ১৩ বছরে রাজধানী ঢাকায় বিভাগীয় কমিশনের দপ্তরে ওই মনিটরিং কমিটির মাত্র একটি সভা হয়েছিল। ঢাকা বিভাগের কমিশনার অফিসের কর্মকর্তারা আদৌ এ মনিটরিং কমিটির খোঁজ বর্তমানে জানেন না। এ সুযোগে কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ/প্রধান শিক্ষক ও গভর্নিং বডি/এডহক কমিটির চেয়ারম্যান ও সদস্যদেরকে মাসিক হারে চাঁদা দিয়ে ম্যানেজ করে কোচিং বাণিজ্য ও শিক্ষা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আরও বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি সম্প্রতি শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ করার নীতিমালাটি ওয়েবসাইটে সার্কুলার আকারে জারি করে শিক্ষকদের সতর্ক করে দিয়েছেন। কিন্তু এ লোক দেখানো বিজ্ঞপ্তি দিয়ে ঘুনে ধরা সমাজের কতিপয় নৈতিকতা বিবর্জিত শিক্ষককে এ অনৈতিক কোচিং ব্যবসা থেকে ফিরিয়ে আনা সম্ভব না। এজন্য প্রয়োজন মোবাইল কোর্ট পরিচালনা করে সারাদেশে সাড়াশি অভিযান চালানো। এর ফলেই মনে হয় কোচিং বাণিজ্য দমিয়ে রাখা সম্ভব। পাশাপাশি কোচিং বাণিজ্য বন্ধে আইন প্রণয়ন করেই শিক্ষকদের ক্লাসরুমে ফিরিয়ে আনতে হবে নতুবা শিক্ষাকে বা আগামী প্রজন্মকে রক্ষা করা সম্ভব নয়।
পিলখানা হত্যাকাণ্ড: বিডিআরের ৪০ জওয়ানের জামিন

পিলখানা হত্যাকাণ্ড: বিডিআরের ৪০ জওয়ানের জামিন পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে মামলায় ৪০ বিডিআর জওয়ানের জামিন দিয়েছেন আদালত। গত ৮ মে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক ইব্রাহিম মিয়া জামিনের এ আদেশ দেন। সোমবার (১২ মে) সংশ্লিষ্ট আদালতের চিফ প্রসিকিউটর আলহাজ বোরহান উদ্দিন জামিনের বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, গত ৮ মে জামিনের বিষয়ে শুনানি শেষ হয়। সন্ধ্যায় বিচারক জামিনের আদেশ দেন। আজ পূর্ণাঙ্গ আদেশ পাওয়া গেছে। দুই শতাধিক ব্যক্তি জামিনের আবেদন করেন। যাচাই-বাছাই শেষে আদালত সন্তুষ্ট হয়ে ৪০ জনের জামিন মঞ্জুর করেছেন। বাকি আসামিদের জামিন নামঞ্জুর করা হয়েছে। জামিন পাওয়া আসামিরা হলেন- রেজাউল করিম, শাজাহান, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, রেজাউল করিম, মো. শামীম, ওয়ালি উল্লাহ, হাবিবুর রহমান, তারিকুল ইসলাম, বনি আমিন চৌধুরী, মো. এ বারিক, ইমতিয়াজ আহমেদ নবীন, মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান, সিদ্দিকুর জামান জোয়ার্দার ওরফে লিটন, মো. এ মোনাফ, আকিদুল ইসলাম, খলিলুর রহমান, মিজানুর রহমান, কৌতুক কুমার সরকার, মো. সালাউদ্দিন, সোহরাব হোসেন, কামাল হোসেন, মো. ইশহাক, দারুল ইসলাম, শ্রী সুমন চক্রবর্তী, আবু সাঈদ, সেজান মাহমুদ, মো. সেলিম, বিধান কুমার সাহা, মাসুম হাসান, ফিরোজ মিয়া, শ্রী তাপস কুমার বিশ্বাস, রফিকুল ইসলাম, কামাল মিয়া, নূর-এ-আলম মিয়া, এনামুল হক, শফিকুল ইসলাম, রবিউল আলম এবং আল আমিন। এর আগে গত ১৯ জানুয়ারি ১৭৮ জন বিডিআর জওয়ানকে জামিন দেন একই আদালত। পরে গত ২৩ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তারা। জানা যায়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআর (বর্তমানে বিজিবি)-এর বিদ্রোহী জওয়ানরা সংস্থাটির সদরদপ্তর রাজধানীর পিলখানায় নারকীয় তাণ্ডব চালায়। তাদের হাতে প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ ব্যক্তি। এই বিদ্রোহের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ও সেনাবাহিনীর পক্ষ থেকে আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়। দুই কমিটির প্রতিবেদনে বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার সেনা আইনে করার সুপারিশ করা হলেও উচ্চ আদালতের মতামতের পর সরকার প্রচলিত আইনেই এর বিচার করে। বিডিআর বিদ্রোহের ঘটনায় দুটি ফৌজদারি মামলা করা হয়। এর একটি ছিল হত্যা মামলা আর অন্যটি বিস্ফোরক আইনের মামলা। খুনের মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর। এতে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। আর ২৭৮ জন খালাস পান। ২০১৭ সালের ২৭ নভেম্বর এই মামলায় হাইকোর্টের আপিলের রায়ও হয়ে যায়। অপরদিকে, বিস্ফোরক মামলায় ৮৩৪ জন আসামি রয়েছে। মামলাটি হত্যা মামলার সঙ্গে বিচার কাজ শুরু হয়েছিল ২০১০ সালে। কিন্তু মাঝপথে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করলেও বিস্ফোরক মামলার সাক্ষ্য উপস্থাপন করেনি। একপর্যায়ে বিস্ফোরক মামলার কার্যক্রম একপ্রকার স্থগিত করে দেয় রাষ্ট্রপক্ষ। যে কারণে মামলাটির বিচারকাজ শেষ হতে বিলম্ব হয়।
আজ বিশ্ব মা দিবস

আজ বিশ্ব মা দিবস আজ বিশ্ব মা দিবস। বিশ্বের প্রতিটি মায়ের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালবাসা প্রকাশের বিশেষ দিন আজ। যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে দিবসটির সূচনা হলেও বর্তমানে বাংলাদেশসহ প্রায় সারা বিশ্বেই তা নানা আয়োজনে পালিত হয়। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালন করা হয়। ১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা করে। এভাবেই শুরু হয় মা দিবসের যাত্রা। এ পৃথিবীর সবচেয়ে পবিত্র ও মধুর শব্দের নাম ‘মা’। কবির ভাষায়-‘মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই।’ মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর জন্য আলাদা করে কোন দিন বা দিবসের আসলে প্রয়োজন নেই। তবুও সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে মে মাসের দ্বিতীয় রোববার সন্তানরা তাদের মায়েদের গভীর শ্রদ্ধায় স¥রণ করছেন। কেননা সন্তান ও মায়ের মধ্যে যে সম্পর্ক, এত দৃঢ় আর কোনও সম্পর্ক এই পৃথিবীতে নেই। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী অনুষ্ঠান ও কর্মসূচি পালন করছে। বিশ্ব মা দিবসের ইতিহাস অনেক বছরের পুরোনো। মধ্যযুগে একটি প্রথা চালু ছিল, যারা যেখানে জন্মগ্রহণ করেছেন, কিন্তু কাজের জন্য সেখানে থেকে বিভিন্ন জায়গায় চলে গেছেন, তারা আবার তাদের বাড়িতে, মায়ের কাছে ও ছোটবেলার চার্চে ফেরত আসবেন। সেটা হবে খ্রিষ্টান ধর্মের উৎসব লেন্টের চতুর্থ রোববারে। ওই সময় ১০ বছর বয়স হতেই কাজের জন্য বাড়ির বাইরে চলে যাওয়াটা খুবই স্বাভাবিক ছিল। তাই, এটা ছিল সবাই মিলে পরিবারের সঙ্গে আবারও দেখা করার ও একসঙ্গে সময় কাটানোর একটা সুযোগ । এভাবে ব্রিটেনে এটা মায়ের রোববার হয়ে উঠে। কিন্তু, পরে লেন্টের তারিখ পরিবর্তিত হওয়ায় রোববারও আর নির্দিষ্ট থাকে না। আধুনিক যুগে মা দিবসের উৎপত্তি যুক্তরাষ্ট্রে। সেখানে প্রতি বছরের মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালিত হয়। যুক্তরাষ্ট্রের আনা জারভিস নামে এক নারী মায়েদের অনুপ্রাণিত করার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্য সচেতন করে তুলতে উদ্যোগী হয়েছিলেন। ১৯০৫ সালে আনা জারভিস মারা গেলে, তার মেয়ে আনা মারিয়া রিভস জারভিস মায়ের কাজকে স্মরণীয় করে রাখার জন্য সচেষ্ট হন। ওই বছরই তিনি তার সান ডে স্কুলে প্রথম এ দিনটিকে মা দিবস হিসেবে পালন করেন। ১৯০৭ সালের এক রোববার আনা মারিয়া স্কুলের বক্তব্যে মায়ের জন্য একটি দিবসের গুরুত্ব তুলে ধরেন। ১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা করে। এভাবেই শুরু হয় মা দিবসের যাত্রা। এরই ধারাবাহিকতায় আমেরিকার পাশাপাশি মা দিবস এখন বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, রাশিয়া ও জার্মানসহ শতাধিক দেশে মর্যাদার সঙ্গে পালিত হয়। ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসন এ দিনটাকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে প্রতি বছরের মে মাসের দ্বিতীয় রোববার বেশিরভাগ জায়গায় মা দিবসে সরকারি ছুটি ঘোষণা করা হয়। মা দিবসে সন্তানরা মাকে উপহার দেওয়ার পাশাপাশি তার সঙ্গে সময় কাটিয়ে ভালোবাসা প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের ফিড ভরে যায় মা ও সন্তানের ভালবাসাময় ছবি ও স্মৃতিচারণে। বিভিন্ন ফ্যাশন ও গিফট হাউসগুলো দিবসটি উপলক্ষ্যে নানা ধরনের উপহারের পসরা সাজিয়ে থাকে। এ ছাড়াও রেস্টুরেন্টগুলোতে থাকছে মা দিবস উপলক্ষ্যে নানা ধরনের অফার। মা দিবসের মূল বার্তা হলো- মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও স্নেহের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা।
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সোমবার তদন্ত রিপোর্ট দাখিল করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ দুপুরে এক ফেসবুক পোস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট আগামী সোমবার চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করবে আশা করছি। তদন্ত রির্পোট দাখিল হওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ‘ফরমাল চার্জ’ দাখিলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।